দুর্গম উপকূলীয় জনপদ খুলনার দাকোপ উপজেলা আজ এক উৎসবমুখর ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার সকালে দাকোপের নলিয়ানে এক সংক্ষিপ্ত সফরে এসে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং স্থানীয় উন্নয়ন সম্ভাবনাগুলো খতিয়ে দেখেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজ সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে করে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনের উদ্দেশে রওনা হন। এ সময় নলিয়ান বাজার মোড়ে অপেক্ষমাণ শত শত সাধারণ মানুষ তাঁকে একনজর দেখতে ভিড় করেন। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছা জানান এবং অনেকের সঙ্গে করমর্দন করেন। পরে সকাল ১০টা ৪৮ মিনিটে তিনি জলপথে মোংলার উদ্দেশে রওনা হন।
নদীভাঙন, সুপেয় পানির তীব্র সংকট, দুর্বল যোগাযোগব্যবস্থা ও নানা অবকাঠামোগত সীমাবদ্ধতায় জর্জরিত এই উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ঘোচানোর বড় এক উপলক্ষ হিসেবে এই সফরকে দেখছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রীর এই আগমনকে তাঁরা দক্ষিণাঞ্চলের ভাগ্য বদল ও সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচনের বড় সুযোগ বলে মনে করছেন।
প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতসহ সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পুরো এলাকায় নেওয়া হয়েছিল নজিরবিহীন ও কঠোর নিরাপত্তাব্যবস্থা। পুলিশ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), নৌবাহিনী এবং কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় কড়া নজরদারিতে ছিলেন। এমনকি অবতরণের পূর্বে ডগ স্কোয়াড দিয়েও পুরো মাঠ তল্লাশি করা হয়।
এর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নলিয়ান বাজারের পশ্চিম প্রান্তের পাকা সড়ক থেকে কোস্টগার্ড কার্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে ইট বিছানোর কাজ সম্পন্ন করে। এছাড়া নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রস্তুত করা হয়েছিল বিশেষ হেলিপ্যাড।
সফরসূচি অনুযায়ী, সকালে হেলিকপ্টারে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও সংলগ্ন এলাকা পরিদর্শনের পর নলিয়ানে অবতরণ করেন প্রধানমন্ত্রী। নলিয়ান থেকে নৌপথে মোংলা নৌঘাঁটিতে পৌঁছানোর পর তাঁর মোংলা বন্দর জেটি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
পাশাপাশি সুন্দরবন এলাকায় সম্ভাব্য ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের স্থান পরিদর্শন নিয়েও রয়েছে বিশেষ আলোচনা। মোংলা বন্দর সম্প্রসারণ, নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং এলএনজি টার্মিনাল নির্মাণের মতো মেগা উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানে বিপ্লব ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

Leave a Reply