পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, আহত ২

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বুড়াগৌড়ঙ্গ নদীতে অবৈধ জাল অপসারণের সময় জেলেদের আকস্মিক হামলায় এক পুলিশ সদস্য ও এক স্পিডবোট চালক গুরুতর আহত হয়েছেন।

গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রতনদী-তালতলী ইউনিয়ন সংলগ্ন বুড়াগৌড়ঙ্গ নদীতে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—পুলিশ সদস্য মো. জসিম উদ্দিন এবং স্পিডবোট চালক মো. শাহজালাল। তাদেরকে তাৎক্ষণিকভাবে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, গলাচিপার পানপট্টি লঞ্চঘাট থেকে আগুনমুখা, তেঁতুলিয়া ও বুড়াগৌড়ঙ্গ নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল থেকে অভিযান শুরু করে যৌথ দল। সন্ধ্যা নাগাদ রতনদী-তালতলী এলাকায় বুড়াগৌড়ঙ্গ নদীতে দুটি অবৈধ জাল দেখতে পেয়ে অভিযানকারীরা তা ট্রলার ও স্পিডবোটে তুলে নেওয়ার কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিক সেই মুহূর্তে দক্ষিণ দিক থেকে একটি দ্রুতগামী ট্রলার অতর্কিত এসে স্পিডবোটের চালককে বৈঠা দিয়ে আঘাত করার চেষ্টা চালায়। এ সময় পাশে থাকা পুলিশ সদস্য মো. জসিম উদ্দিন সাহসিকতার সঙ্গে খালি হাতে বৈঠাটি ঠেকানোর চেষ্টা করলে দুজনেই গুরুতর আঘাত পান। সন্ধ্যার অন্ধকারের সুযোগ নিয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, “বুড়াগৌড়ঙ্গ নদীতে ১০-১২ জন জেলের একটি দল লুকিয়ে অবৈধভাবে মা ইলিশ শিকার করছিল। আমরা জালগুলো উদ্ধারের সময় হঠাৎ বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রলার এসে হামলা চালায়। সন্ধ্যার সময় হওয়ায় তাৎক্ষণিকভাবে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।”

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, “জেলেদের হামলায় আহত পুলিশ সদস্য ও চালককে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *