বগুড়ায় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগীয় জিসাসের সভাপতি আরমান হোসেনের সভাপতিত্বে এবং বগুড়া জেলা জিসাসের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিনুর রশীদ শাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল আজিজ। এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা জিসাসের সভাপতি আনোয়ার হোসেন আপেল, মহানগর জিসাসের সভাপতি সুলতান আহম্মেদ তুহিন, সাধারণ সম্পাদক মাসুদ সরকার কনকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জিসাসের নবগঠিত বগুড়া জেলা ও মহানগর কমিটির সদস্যরা বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে সুস্থ সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দিতে কাজ করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘নতুন কুঁড়ি’র মাধ্যমে শিশুদের সাংস্কৃতিক বিকাশের পথ উন্মোচন করেছিলেন এবং বেগম খালেদা জিয়া সবসময় সাংস্কৃতিক কর্মীদের মূল্যায়ন করেছেন। বর্তমান সময়ে বগুড়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানও সাংস্কৃতিক কর্মীদের নানাভাবে সহযোগিতা করে যাচ্ছেন বলে বক্তারা উল্লেখ করেন।

Leave a Reply