
স্রষ্টার প্রেম, মানবিকতা, সৌন্দর্য ও আত্মিক অনুভূতি হৃদয়ে ধারণ এবং পারস্পরিক সম্প্রীতি ও বিশ্বভ্রাতৃত্বের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে এক মনোজ্ঞ ‘চ্যারিটি গজল সন্ধ্যা’।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ধানমন্ডির সোবহানবাগের গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে এ সুধী ও চ্যারিটি অনুষ্ঠানের আয়োজন করে ‘আহ্ছানউল্লাহ সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটি’।
অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদের সুযোগ্য সন্তান বরেণ্য শিল্পী হুমায়রা বশির ও রাজা বশির গজল পরিবেশন করেন। তাদের সুরেলা ও মায়াবী পরিবেশনা উপস্থিত অতিথিদের মধ্যে এক আবেগঘন ও হৃদয়স্পর্শী আবহ তৈরি করে।
আয়োজকরা জানান, সংগীতের মাধ্যমে স্রষ্টার প্রতি প্রেম, মানবিক মূল্যবোধ ও আত্মিক চেতনা জাগ্রত করা এবং মানুষের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
মহান শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও মানবতাবাদী খানবাহাদুর আহ্ছানউল্লাহ (রহ.)-এর জীবনদর্শন ও মানবকল্যাণের আদর্শকে ধারণ করে সর্বজনীন মানবতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে ‘আহ্ছানউল্লাহ সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটি’। এই গজল সন্ধ্যার আয়োজনটি মূলত সেই মহান আদর্শকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি অনন্য প্রয়াস।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সুমধুর গজল উপভোগের পাশাপাশি মানবিক মূল্যবোধ, আত্মিক উন্নয়ন ও সর্বজনীন ভ্রাতৃত্বের গুরুত্ব নিয়ে মতবিনিময়ের সুযোগ পান।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের মাঝে শান্তি, সম্প্রীতি ও মানবতার চেতনা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল একটি শান্তিপূর্ণ ও মানবিক বিশ্ব গড়ে তোলা সম্ভব বলে দৃঢ় বিশ্বাস আয়োজকদের।
অনলাইন ডেস্ক 























