বাজিতপুরে সরকারি খালের পাড়ের রাস্তা দখলের অভিযোগ, দুর্ভোগে শতাধিক পরিবার

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শুভারামপুর গ্রামে সরকারি সিলম খালি খালের পাড়ের রেকর্ডভুক্ত চলাচলের রাস্তা দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তা দখল হয়ে থাকায় শতাধিক হিন্দু ও মুসলিম পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। সংকীর্ণ বিকল্প পথ ব্যবহার করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি মরদেহ দাফন কিংবা সনাতন ধর্মাবলম্বীদের সৎকারের জন্য বহন করতেও চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, মৃত একমত আলীর পরিবার ও মো. জালাল মিয়া সরকারি সিলম খালি খালের বিভিন্ন অংশ দখল করে রাখায় খালের পাড়ের রেকর্ডভুক্ত চলাচলের রাস্তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এলাকাবাসী নিজেদের ব্যক্তিগত জমি থেকে কিছু অংশ ছেড়ে দিয়ে একটি সরু পথ তৈরি করে যাতায়াত করছেন। তবে পথটি এতটাই সংকীর্ণ যে স্বাভাবিকভাবে মানুষ চলাচল করাও কঠিন হয়ে পড়েছে।

এলাকাবাসী জানান, সম্প্রতি ওই সরু পথের পাশ ঘেঁষেও পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। এতে বিকল্প পথটিও আরও সংকুচিত হয়ে পড়ছে। তাদের ভাষ্য, কোনো ব্যক্তি মারা গেলে মরদেহ বহনের জন্য অনেক সময় অন্যের বাড়ির ওপর দিয়ে যেতে বাধ্য হতে হয়, যা দীর্ঘদিনের জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের মতে, সরকারি সিলম খালি খালটি সিলিমের কান্দি খালের সঙ্গে সংযুক্ত। খালের পাড়ের রেকর্ডভুক্ত চলাচলের রাস্তা দ্রুত দখলমুক্ত করা হলে এলাকাবাসীর বহু বছরের ভোগান্তির অবসান হবে।

দিঘীরপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক মিয়া বলেন, “অভিযোগের বিষয়টি আমার জানা আছে। সরকারি সিলম খালি খালের পাড়ে রেকর্ডভুক্ত চলাচলের রাস্তা রয়েছে। সেটি উদ্ধার করা গেলে এলাকাবাসীর চলাচলের দীর্ঘদিনের সমস্যা দূর হবে।”

অভিযোগের বিষয়ে মো. জালাল মিয়া বলেন, “সরকারি খালের পাড়ে যদি রেকর্ডভুক্ত কোনো রাস্তা থাকে, তাহলে সেটি কেউ দখল করে রাখতে পারে না।”

অভিযোগে নাম আসা মৃত একমত আলীর স্ত্রী আছিয়া বেগম বলেন, “যদি সরকারি খাস জায়গা হয়ে থাকে এবং আমরা দখল করে থাকি, তাহলে প্রয়োজন হলে জায়গাটি ছেড়ে দেব।”

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে স্থানীয়রা সরকারি সিলম খালি খালের পাড়ের রেকর্ডভুক্ত রাস্তা দ্রুত উদ্ধার করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *