ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণের দাবি ও ভিডিও ভাইরাল: পুলিশের অস্বীকার, ‘ট্রাকের চাকা বিস্ফোরণ’

ভৈরব (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ভৈরব থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের একটি খবর ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে জানিয়েছে, ঘটনাটি ককটেল বিস্ফোরণ নয়, বরং একটি ট্রাকের চাকা ফেটে যাওয়ার শব্দ ছিল।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ভৈরব থানা এলাকার মহাসড়কে এই ঘটনা ঘটে।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর ‘মোহাম্মদ তামিম’ নামের একটি ফেসবুক আইডি থেকে ২১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়— “অবৈধ মামলার প্রতিবাদে ভৈরব থানার সামনে ককটেল উপহার দিলেন ‘রয়েল রিয়াদ’ ভাই। জয় বাংলা!” ভিডিওতে একটি বিকট শব্দের পর ‘ভৈরব থানার সামনে বোমা বিস্ফোরণ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ রাজনৈতিক স্লোগানও শুনতে পাওয়া যায়।

ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শী দ্বীন ইসলাম মুঠোফোনে জানান, তিনি হাসপাতালে রোগী দেখতে যাচ্ছিলেন। সে সময় তাঁর চোখের সামনেই একটি চলন্ত মোটরসাইকেল থেকে থানার মূল ফটকসংলগ্ন মহাসড়কে ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শব্দ শুনে থানা ভবন থেকেও কয়েকজন পুলিশ সদস্য বাইরে বের হয়ে আসেন।

ককটেল বিস্ফোরণ ও স্লোগান দেওয়ার অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান। তিনি জানান, থানার সামনে এ ধরনের কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। একটি বিকট শব্দ হয়েছিল, যা মূলত একটি চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণের শব্দ। সেই শব্দকেই কেন্দ্র করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *