জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ৩১) তিন দিনের সরকারি সফর শেষ করে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট তুরস্কের আন্তালিয়া বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়। আন্তালিয়া বিমানবন্দরে তাকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জ্যেষ্ঠ রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলুর বরাতে জানা গেছে, ইস্তাম্বুল বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইটে ঢাকার পথে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর। সফরসঙ্গীদের নিয়ে শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ভোর ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সূচি রয়েছে।
গত ১০ নভেম্বর (মঙ্গলবার) জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন করেন।
সম্মেলনের মূল কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রী বাংলাদেশ প্যাভিলিয়ন এবং গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব দেশীয় পাটজাত পণ্যের প্রদর্শনীও পরিদর্শন করেন। তাঁর এ সফর প্রধানত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি, জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব বহন করে।

Leave a Reply