Blog

  • ভোট শেষ, তাই এবার পূজামণ্ডপে দেখা মেলেনি জামায়াত নেতাদের: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ভোট শেষ, তাই এবার পূজামণ্ডপে দেখা মেলেনি জামায়াত নেতাদের: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    বগুড়ার মোকামতলা উপজেলায় ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবসৃষ্ট স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
    বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। জনগণ তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। নির্বাচনে বিশৃঙ্খলা করলে দলীয় পরিচয় বিবেচনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
    প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুসহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, জনগণের সমর্থনে গ্রামাঞ্চলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।
    জামায়াতে ইসলামীর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, “গত পূজায় যেভাবে ঢাকের তালে নাচলেন, এবার কেন গেলেন না? ভোটের মৌসুম শেষ হয়ে গেছে। তাঁরা মৌসুমি রাজনীতিবিদ।” এ ছাড়া আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি জনগণের কাছে গিয়ে তাঁদের কথা শুনবে এবং পাশে থাকবে।
    সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানিক, সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেলসহ স্থানীয় নেতারা। পরে প্রতিমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি ও ময়লা পরিবহনের গার্বেজ ভ্যানের উদ্বোধন করেন।

  • কর্পোরেট চাকরি ও সিনেমায় ব্যস্ততা: অভিনয় নিয়ে কী ভাবছেন সাদিয়া জাহান প্রভা?

    কর্পোরেট চাকরি ও সিনেমায় ব্যস্ততা: অভিনয় নিয়ে কী ভাবছেন সাদিয়া জাহান প্রভা?

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে বড়পর্দার কাজ ও কর্পোরেট ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পরিচালক ঝুমুর আসমা জুঁইয়ের ‘দুই পয়সার মানুষ’ এবং সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমায় কাজ করছেন তিনি। ছবিগুলোর শুটিং এখনো পুরোপুরি শেষ না হলেও চলতি বছরের মধ্যেই এর বাকি কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

    মডেলিং ও অভিনয়ে একসময় নিয়মিত মুখ থাকলেও বর্তমানে অভিনয়কে জীবনের দ্বিতীয় পছন্দ বা ‘সেকেন্ড অপশন’ হিসেবে রাখছেন প্রভা। বছর দেড়েক হলো একটি কর্পোরেট কোম্পানিতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা শুরু করেছেন তিনি; আর এখন এটিই তার মূল ব্যস্ততা।

    অভিনয় থেকে খানিকটা দূরে সরে যাওয়ার কারণ প্রসঙ্গে প্রভা জানান, অভিনয়ে নিয়মিত হওয়া নিয়ে তার কোনো তাড়া নেই। তবে ভালো গল্প, ভিন্নধর্মী চরিত্র এবং উপযুক্ত সম্মান ও পারিশ্রমিক পেলে তিনি বেছে বেছে কাজ চালিয়ে যাবেন।

  • সুনামগঞ্জ সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, তিন বাংলাদেশি আটক

    সুনামগঞ্জ সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, তিন বাংলাদেশি আটক

    সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির আওতাধীন আরমান ছড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন—যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার মো. আবুল হোসেন (৪২), শার্শা উপজেলার বেনাপোল এলাকার ফাতেমা (১৮) এবং স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য দোয়ারাবাজারের ইসলামপুর গ্রামের মো. আমির (১৬/১৭)।

    ২৮ বিজিবি সূত্র জানায়, আটক আবুল হোসেন ও ফাতেমার ভারতে আত্মীযস্বজন রয়েছেন। তাদের অবৈধভাবে সীমান্ত পার করে দেওয়ার জন্য আর্থিক চুক্তিতে রাজি হয়েছিল স্থানীয় পাচারকারী চক্র। ঘটনার রাতে তাদের ভারতীয় দালাদের হাতে তুলে দেওয়ার জন্য সীমান্ত অতিক্রমের চেষ্টা করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঁশতলা বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করেন।

    অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য দুই সদস্য দোয়ারাবাজারের অনিক মিয়া (২৪) ও আলাউদ্দিন (৫৪) পালিয়ে যেতে সক্ষম হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপার ও মানবপাচারের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক আসামিদের ধরতে পুলিশ ও বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

  • সিলেট সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: পৌনে এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

    সিলেট সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: পৌনে এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

    সীমান্তে কঠোর নজরদারি ও চোরাচালানবিরোধী তৎপরতার অংশ হিসেবে সিলেটে পৃথক অভিযান চালিয়ে প্রায় পৌনে এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিজিবির ১৯ ও ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এই অভিযান পরিচালনা করে।

    বিজিবি সূত্র জানায়, সিলেট সীমান্তের কালাসাদেক, প্রতাপপুর, দমদমিয়া, সোনারহাট, বিছনাকান্দি, নোয়াকোট, সংগ্রাম, লালাখাল, সোনারখেওড় ও সুরইঘাট সীমান্ত ফাঁড়ির সদস্যরা বিভিন্ন পয়েন্টে আকস্মিক অভিযান চালান।

    অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় গরু, ফল, কম্বল, প্রসাধনসামগ্রী, সবজি, চিনি, চকলেট, বাসমতী চাল, আলু, জুস, দুধ, বিছানার চাদর, ফুচকা, মধু, বিস্কুট, বিড়ি, চা-পাতা, মোটরসাইকেল এবং মদ জব্দ করা হয়। এ ছাড়াও বাংলাদেশ থেকে ভারতে পাচারের প্রাক্কালে বেশ কিছু লেডিস সোয়েটার উদ্ধার করা হয়।

    এ বিষয়ে বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, জব্দ করা ভারতীয় পণ্যের বিষয়ে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক দ্রুত দৃশ্যমান করতে কাজ চলছে: মুখ্য সচিব

    সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক দ্রুত দৃশ্যমান করতে কাজ চলছে: মুখ্য সচিব

    ঝিমিয়ে পড়া সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই এর দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে এবং আগামী দুই বছরের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কের অংশীজনদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    মুখ্য সচিব বলেন, দীর্ঘদিন ধরে স্থবির থাকা এই প্রকল্পটি বাস্তবায়নে বর্তমান সরকার আন্তরিক। নির্বাচনের আগে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক দ্রুত দৃশ্যমান করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারই অংশ হিসেবে আজ মাঠপর্যায়ে তৎপরতা শুরু হয়েছে। এর আগে তিনি শিল্প পার্কের সার্বিক কার্যক্রম, সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

    সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ। সভা শেষে মুখ্য সচিব শিল্প পার্ক চত্বরে একটি বৃক্ষরোপণ করেন।

    উল্লেখ্য, ২০১২ সালে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের কাজ শুরু হলেও বিভিন্ন জটিলতার কারণে তা এতদিন বাস্তবায়িত হয়নি। বর্তমান উদ্যোগের ফলে দ্রুত এর সুফল পাবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা।

  • আসামে বনভূমি উচ্ছেদ অভিযান: দুই দিনে ৫৪৭ পরিবার উচ্ছেদ, ক্ষতিগ্রস্তদের দাবি পুনর্বাসনের ইতিহাস

    আসামে বনভূমি উচ্ছেদ অভিযান: দুই দিনে ৫৪৭ পরিবার উচ্ছেদ, ক্ষতিগ্রস্তদের দাবি পুনর্বাসনের ইতিহাস

    ভারতের আসাম রাজ্যে সংরক্ষিত বনাঞ্চল উদ্ধারের নামে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। গত ১৭ ও ১৮ অক্টোবর নগাঁও, গোলাঘাট ও হোজাই জেলায় চালানো এই অভিযানে মোট ৫৪৭টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে বলে সরকারি কর্মকর্তা ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এর মধ্যে শুধু ১৭ তারিখেই তিন জেলায় উচ্ছেদ করা হয় ৫৪৭টি পরিবারকে—যার মধ্যে নগাঁওতে ৩৩৬টি, হোজাইয়ে ১৫২টি এবং গোলাঘাটে ৫৯টি পরিবার রয়েছে। উচ্ছেদ হওয়া এসব মানুষের বেশির ভাগই বাংলাভাষী মুসলিম।

    প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব পরিবার দীর্ঘদিন ধরে অবৈধভাবে বনভূমি দখল করে বসবাস করছিল। তবে উল্টো চিত্র তুলে ধরেছেন ক্ষতিগ্রস্তরা। লুতুমারি এলাকার ৪৪ বছর বয়সী বাসিন্দা আবদুন নূরের ভাষ্যমতে, তাঁরা জোর করে জমি দখল করেননি; বরং ১৯৭৪ সালে সরকারই তাঁদের সেখানে পুনর্বাসিত করেছিল। তিনি জানান, ভূমিহীন পূর্বপুরুষদের জন্য সরকার প্রতি পরিবারকে চার বিঘা করে জমি বরাদ্দ দিয়েছিল। আদালতের দ্বারস্থ হয়েও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ করেন তিনি। এছাড়া উচ্ছেদ অভিযানে ৫০ বছরের পুরোনো মসজিদসহ ১০টির বেশি মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানান নূর।

    ক্ষতিগ্রস্তদের দাবি এবং ঐতিহাসিক প্রেক্ষাপট সামনে এনে গত জুনে ‘অল ইন্ডিয়া ইউনিয়ন অব ফরেস্ট ওয়ার্কিং পিপলস’ আসাম সরকারকে এই উচ্ছেদ বন্ধের আহ্বান জানিয়েছিল। সংগঠনটির যুক্তি অনুযায়ী, লুতুমারি লংজাপ সংরক্ষিত বনাঞ্চলের কন্দর্প লংজাপ, পদুমনি, হাতিজুর এবং ৯ নম্বর খেরোনি—এই চার গ্রামের বাসিন্দারা সাধারণ দখলদার নন। ব্রিটিশ আমলে চালু হওয়া ‘টংগিয়া’ বন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় তাঁদের সেখানে বসতি গড়ে দেওয়া হয়েছিল। উনিশ শতকের মাঝামাঝি সময়ে চালু হওয়া এই পদ্ধতিতে বনকর্মীরা বন বিভাগের কাজের পাশাপাশি গাছের সঙ্গে খাদ্যশস্য চাষ করার সুযোগ পেতেন।

    ‘দ্য স্ক্রল’-এর তথ্যানুযায়ী, আসামে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) গত এক দশকের শাসনামলে সরকারি ও বনভূমি থেকে প্রায় ১৯ হাজার পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। রাজ্য সরকারের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তথ্য বিশ্লেষণ করে এই হিসাব প্রস্তুত করা হয়েছে, যেখানে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর বড় একটি অংশই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ভুক্ত।

  • টেস্টে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক: ১৪৯ বছরের খরা কাটিয়ে প্রথম বাঁহাতি পেসার হিসেবে ৪৫০ উইকেটের ক্লাবে

    টেস্টে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক: ১৪৯ বছরের খরা কাটিয়ে প্রথম বাঁহাতি পেসার হিসেবে ৪৫০ উইকেটের ক্লাবে

    ক্রিকেট ইতিহাসের পাতায় নতুন এক স্বর্ণালী অধ্যায় যোগ করলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। দীর্ঘ ১৪৯ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৪৫০ উইকেটের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন এই ৩৬ বছর বয়সী গতিতারকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেবেখা টেস্টের তৃতীয় দিনে উইয়ান মুল্ডারের উইকেটটি তুলে নিয়ে এই ঐতিহাসিক কীর্তি গড়েন তিনি।

    যে রেকর্ড ভাঙলেন স্টার্ক
    প্রথম বাঁহাতি বোলার: টেস্ট ক্রিকেটে এর আগে কোনো বাঁহাতি বোলার ৪৫০ উইকেট শিকার করতে পারেননি। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের ৪১৪ এবং শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের রয়েছে ৪৩৩টি উইকেট। তাদের ছাপিয়ে এই চূড়ায় এখন এককভাবে অবস্থান করছেন স্টার্ক।

    দ্রুততম বলের রেকর্ড: শুধু উইকেট সংখ্যাই নয়, বলের হিসেবেও স্বদেশী কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাকে পেছনে ফেলেছেন তিনি। ৪৫০ উইকেটের মাইলফলকে পৌঁছাতে স্টার্কের লেগেছে ২০ হাজার ৫৭৭ বল, যেখানে ম্যাকগ্রার খরচ হয়েছিল ২৩ হাজার ৪৭৪ বল। অর্থাৎ প্রায় ২ হাজার ৮৯৭ বল কম খেলে এই রেকর্ড গড়লেন তিনি।

    অস্ট্রেলিয়ার চতুর্থ বোলার: শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা এবং নাথান লায়নের পর চতুর্থ অস্ট্রেলীয় বোলার হিসেবে টেস্টে ৪৫০ বা তার বেশি উইকেট নেওয়ার গৌরব অর্জন করলেন স্টার্ক।

  • বন্ধ মিল-কারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অঙ্গীকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

    বন্ধ মিল-কারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অঙ্গীকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

    দেশের বন্ধ থাকা বস্ত্রকল, পাটকল ও টেক্সটাইল মিলগুলো পুনরায় চালুর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব কমানোর ওপর বিশেষ জোর দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেছেন, এসব শিল্পকারখানাকে উৎপাদনমুখী করতে কাজ করছে সরকার, যা নির্বাচনী অঙ্গীকারের একটি বড় অংশ।

    বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের আমিন জুট মিলস লি. পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

    পরিদর্শনকালে আমিন জুট মিলসকে কীভাবে লাভজনক ও উৎপাদনমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কারখানাগুলোকে শুধু অবকাঠামোগত স্থাপনা হিসেবে না দেখে উৎপাদন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

    তিনি আরও বলেন, যথাযথ পরিকল্পনা এবং বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে আমিন জুট মিলসসহ দেশের অন্যান্য বন্ধ কারখানাগুলোর সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। এটি বাস্তবায়িত হলে একদিকে যেমন শিল্পায়ন ত্বরান্বিত হবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতির বিকাশ ও জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে।

    এ সময় সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমিন জুট মিলসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • ৭৫ বছর বয়সেও বক্স অফিসে ঝড় তুলছেন রজনীকান্ত, ৬০০ কোটির দোরগোড়ায় ‘জেলার ২’

    ৭৫ বছর বয়সেও বক্স অফিসে ঝড় তুলছেন রজনীকান্ত, ৬০০ কোটির দোরগোড়ায় ‘জেলার ২’

    ভারতীয় সিনেমার মেগাস্টার রজনীকান্তের ম্যাজিক যেন থামার নামই নিচ্ছে না। ৭৫ বছর বয়সেও যে বক্স অফিসে রাজত্ব করা যায়, তা আরও একবার প্রমাণ করলেন ‘থালাইভা’। নেলসন দিলীপকুমারের পরিচালনায় মুক্তি পাওয়া তার নতুন অ্যাকশন-ড্রামা সিনেমা ‘জেলার ২’ মুক্তির পর থেকেই অভাবনীয় সাফল্যে এগিয়ে চলেছে।

    বক্স অফিসে দুর্দান্ত গতি
    সাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ষষ্ঠ দিনে এসে সোমবারের তুলনায় ছবিটির আয় প্রায় ৭.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ২০ অক্টোবর একা ভারতেই ছবিটি ৪৫.৫৫ কোটি রুপি আয় করে। এর ফলে দেশের বাজারে ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩৩৭ কোটি রুপিতে। অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ২০৪ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘জেলার ২’-এর মোট আয় এখন ৫৪১ কোটি রুপি ছুঁয়েছে এবং খুব দ্রুতই এটি ঐতিহাসিক ৬০০ কোটির মাইলফলক স্পর্শ করতে চলেছে।

    দর্শকদের মাঝে তুমুল উন্মাদনা
    অবসরপ্রাপ্ত জেল কর্মকর্তা টাইগার মুথুভেল পান্ডিয়ানের চরিত্রে রজনীকান্তের মারকাটারি স্টাইল ও অনবদ্য অভিনয় দর্শকদের সিনেমা হলে টেনে আনছে। আগের সিনেমা ‘কুলি’ মিশ্র প্রতিক্রিয়া পেলেও, ‘জেলার ২’ সব খরা কাটিয়ে বক্স অফিসে নতুন ইতিহাস গড়ছে।

    তারকাবহুল উপস্থিতি
    রজনীকান্ত ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন একঝাক জনপ্রিয় তারকা। তাদের মধ্যে রাম্যা কৃষ্ণন, মোহনলাল, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, হৃত্বিক রোশন, জ্যাকি শ্রফ এবং বিজয় সেথুপথির মতো তারকারা দর্শকদের বাড়তি উন্মাদনা জোগাচ্ছেন।

  • ভারতে চিকিৎসার জন্য যাওয়া হলো না আ.লীগ নেতা কামাল আহমদের, তামাবিল সীমান্ত থেকে গ্রেপ্তার

    ভারতে চিকিৎসার জন্য যাওয়া হলো না আ.লীগ নেতা কামাল আহমদের, তামাবিল সীমান্ত থেকে গ্রেপ্তার

    পাসপোর্ট ব্লক থাকায় চিকিৎসার জন্য ভারতে যেতে পারেননি সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল আহমদ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট যাচাইয়ের সময় বিষয়টি ধরা পড়ার পর তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

    পরিবার সূত্রে জানা গেছে, কামাল আহমদ দীর্ঘদিন ধরে লিভারের সংক্রমণসহ নানা জটিল রোগে ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বৈধ ভিসা নিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছান তিনি। তবে ইমিগ্রেশন পুলিশ তাঁর পাসপোর্ট যাচাই করতে গিয়ে দেখেন সেটি ‘ব্লক’ করা রয়েছে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তাঁকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

    এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় জালালাবাদ থানায় গ্রেপ্তার হয়ে কিছু দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছিলেন এই নেতা।

    এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, গত মাসে জৈন্তাপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।