Blog

  • মুক্তিযুদ্ধ বা জুলাই চেতনা—কোনোটি নিয়েই ব্যবসা করা চলবে না: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

    মুক্তিযুদ্ধ বা জুলাই চেতনা—কোনোটি নিয়েই ব্যবসা করা চলবে না: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

    আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে, তেমনি আরেকটি দল ‘জুলাই চেতনা’ নিয়ে ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি স্পষ্ট করে বলেছেন, সরকার বা তাদের দল কোনো বিষয় নিয়েই ব্যবসা করতে চায় না। বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়ার পাশাপাশি জুলাইয়ের চেতনাকে ভিত্তি করেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

    সোমবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে নিজস্ব তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ধর্মমন্ত্রী বলেন, ‘তারেক রহমান পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যার যার সম্মান তাকে দিতে হবে। জুলাই চেতনাকে ভিত্তি করে আমাদের এগিয়ে যেতে হবে। একই সঙ্গে যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদেরও যথাযথ সম্মান জানাতে হবে।’ তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিশ্রম ও জনকল্যাণমুখী পদক্ষেপের প্রশংসা করে মন্ত্রী বলেন, তিনি দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেন। দেশের অসহায় ও দরিদ্র মানুষের কথা ভেবেই তিনি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর ব্যবস্থা করেছেন। এছাড়া ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান এবং ষড়যন্ত্র থেকে তাঁকে হেফাজত করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

    মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন ও সদস্যসচিব মোল্লা মুজিবুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শারমিন ফাতেমা।

  • চীন ও ওমানের বিশাল অর্থনৈতিক সমঝোতা: সই হলো মুদ্রা বিনিময়সহ ৩৭ চুক্তি

    চীন ও ওমানের বিশাল অর্থনৈতিক সমঝোতা: সই হলো মুদ্রা বিনিময়সহ ৩৭ চুক্তি

    মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে চীন ও ওমান। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের বেইজিং সফরকালে দুই দেশ একটি ঐতিহাসিক মুদ্রা বিনিময় চুক্তি এবং কৌশলগত বিনিয়োগ ও সহযোগিতার ৩৭টি নতুন নথিতে স্বাক্ষর করেছে।

    সোমবার (২ নভেম্বর) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ওমানের সুলতান হাইথাম বিন তারিকের উপস্থিতিতে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। ওমান নিউজ এজেন্সি (ওএনএ) এই তথ্য নিশ্চিত করেছে।

    এই সহযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে পিপলস ব্যাংক অব চায়না এবং সেন্ট্রাল ব্যাংক অব ওমানের মধ্যে স্বাক্ষরিত মুদ্রা বিনিময় চুক্তি। যদিও এই চুক্তির সুনির্দিষ্ট আর্থিক পরিমাণ বা মেয়াদ প্রকাশ করা হয়নি, তবে বিশ্লেষকরা এটিকে দুই দেশের আর্থিক ও প্রযুক্তিগত একীকরণ গভীর করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। এছাড়া উভয় দেশ কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা এবং সিকিউরিটিজ ও ফিউচার মার্কেটের নিয়ন্ত্রক সমন্বয়ে কাজ করতে সম্মত হয়েছে।

    বেইজিংয়ে অনুষ্ঠিত ‘ওমান-চীন ফোরাম’-এর সাইডলাইনে ওমান ইনভেস্টমেন্ট অথরিটি (ওআইএ) চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ২৩টি বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর করেছে। একই সঙ্গে অর্থনৈতিক ও প্রযুক্তিগত খাতে আরও ১৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসব চুক্তির প্রধান ক্ষেত্রগুলো হলো:

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তি

    সবুজ উন্নয়ন ও নবায়নযোগ্য শক্তি বিনিয়োগ

    শিল্প সরবরাহ শৃঙ্খল (Supply Chain)

    বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন

    চিরাচরিত বাণিজ্যের বাইরেও দুই দেশের সহযোগিতা এখন মহাকাশ বিজ্ঞান পর্যন্ত বিস্তৃত হয়েছে। চুক্তির আওতায় মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার এবং চীনের ‘বেইদৌ’ স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের প্রয়োগ নিয়ে কাজ করবে উভয় দেশ।

    এছাড়া কৃষি কূটনীতির অংশ হিসেবে ওমান থেকে চীনে শুকনো খেজুর রপ্তানির জন্য কোয়ারেন্টাইন, পরিদর্শন ও স্বাস্থ্যগত মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে। এর পাশাপাশি পরিবেশ সুরক্ষা, ঐতিহাসিক আর্কাইভ ব্যবস্থাপনা এবং গণমাধ্যম ও তথ্য বিনিময়ের ক্ষেত্রেও উভয় দেশ একযোগে কাজ করতে সম্মত হয়েছে।

    বিশ্লেষকদের মতে, সুলতান হাইথামের এই রাষ্ট্রীয় সফর ওমান ও চীনের মধ্যকার দীর্ঘমেয়াদী অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল, যা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

  • ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি-পুত্র মিন্টু ফের দুই দিনের রিমান্ডে

    ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি-পুত্র মিন্টু ফের দুই দিনের রিমান্ডে

    নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় সংসদ সদস্যের ছেলে ও যুবদল থেকে বহিষ্কৃত নেতা নুরুজ্জামান মিন্টুকে দ্বিতীয় দফায় আবারও দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

    সোমবার (২ নভেম্বর) সকালে গুরুদাসপুর আমলী আদালতের বিচারক মাহমুদুল হাসান রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা মিন্টুর ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এই আদেশ দেন। বর্তমানে তিনি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন।

    গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হন ছাত্রদল নেতা শাকিল ইসলাম (৩২)। পরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে তিনি মারা যান।

    এ ঘটনায় নিহতের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে ১৯ অক্টোবর থানায় মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডে সম্পৃক্ততার সন্দেহে ২৬ অক্টোবর রাতে এমপি আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। প্রথম দফা রিমান্ড শেষে গত শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

    এদিকে প্রথম দফায় মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার ভোরে আলামিন হোসেন ও আনিসুর রহমান নামে আরও দুইজনকে গ্রেপ্তার করে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে জেলা ডিবি পুলিশ তদন্ত করছে।

    শাকিল হত্যার ঘটনায় জনরোষের মুখে পড়েন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজ। এর মধ্যে গত বুধবার এমপির একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে তীব্র অসন্তোষ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    এই পরিস্থিতি মোকাবিলায় এবং এমপি আবদুল আজিজের নৈতিক স্খলন ও তার ছেলের মামলার বিষয়ে করণীয় ঠিক করতে দীর্ঘ আট ঘণ্টা বৈঠক করে জেলা বিএনপি। সভা শেষে দলীয় গঠনতন্ত্রের বাধ্যবাধকতার কারণে জেলা কমিটির এখতিয়ার না থাকায় এমপি আজিজের বিরুদ্ধে সরাসরি কোনো সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে পুরো বিষয়টি কেন্দ্রীয় বিএনপির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    গত বৃহস্পতিবার বিকেলে নিহত শাকিলের গুরুদাসপুরের বাড়িতে গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব। এ সময় তারা অপরাধী যেই হোক না কেন, তার সঠিক বিচার নিশ্চিত করার কঠোর প্রতিশ্রুতি দেন।

  • দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত দেড় হাজারের বেশি

    দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত দেড় হাজারের বেশি

    দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪৮ জন।

    সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া এই সময়ে সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ৪৯২ জন রোগী শনাক্ত হয়েছেন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৬ জনের।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে ১০৫ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গে মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে।

    ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৬ হাজার ১৬৮ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন। একই সময়ে সারা দেশে মোট ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে, যার মধ্যে ২৩ হাজার ৯৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

  • টেকনাফে সাগরে অভিযান: পাচারকালে সাড়ে ৩৭ টন সিমেন্ট ও ১২ পাচারকারী আটক

    টেকনাফে সাগরে অভিযান: পাচারকালে সাড়ে ৩৭ টন সিমেন্ট ও ১২ পাচারকারী আটক

    কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্রে অভিযান চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত সন্দেহে ১২ জন পাচারকারী এবং একটি বোটও আটক করা হয়।

    সোমবার (২ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

    কোস্ট গার্ড জানায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করেন।

    পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৩৭ হাজার ৫০০ কেজি (সাড়ে ৩৭ টন) সিমেন্ট উদ্ধার করা হয়, যা অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

    অভিযানে আটক ১২ জন পাচারকারী, জব্দকৃত সিমেন্ট ও বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। দেশের সীমান্ত ও সমুদ্র এলাকায় চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • চট্টগ্রাম গণপূর্তের প্রকৌশলী মেহেদী হাসানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার ঘুষ লেনদেনের অভিযোগ!

    চট্টগ্রাম গণপূর্তের প্রকৌশলী মেহেদী হাসানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার ঘুষ লেনদেনের অভিযোগ!

    চট্টগ্রাম গণপূর্ত অধিদপ্তরের বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসানকে কেন্দ্র করে আবারও উসকে উঠেছে গুরুতর অনিয়ম ও ঘুষ লেনদেনের বিতর্ক। এবার তাঁর বিরুদ্ধে উঠেছে প্রায় ৫০ লাখ টাকার ঘুষ আদান-প্রদান এবং দেশের অন্যতম শীর্ষ ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই) কে অনৈতিক সুবিধা দেওয়ার মারাত্মক অভিযোগ। চট্টগ্রাম করভবন নির্মাণসহ প্রায় ৪০০ কোটি টাকার সরকারি মেগা প্রকল্পে ঠিকাদারি স্বার্থরক্ষা এবং দাপ্তরিক প্রভাব খাটানোর এই অভিযোগ প্রশাসনিক ও সরকারি ঠিকাদারি অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।

    দাপ্তরিক রেকর্ড বলছে, ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. মেহেদী হাসান। তবে তাঁর এই পদায়নের শুরু থেকেই ছিল নানা গুঞ্জন।

    সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নগরীর আগ্রাবাদে নির্মাণাধীন প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ের অতিগুরুত্বপূর্ণ ‘চট্টগ্রাম করভবন’ প্রকল্পটিকে কেন্দ্র করেই মেহেদী হাসানকে এই নির্দিষ্ট পদে বসাতে কলকাঠি নেড়েছে একটি স্বার্থান্বেষী মহল। প্রশাসনিক পদায়ন সংক্রান্ত ফাইল, নোটশিট এবং তদবিরের নেপথ্যে কোনো প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠানের হাত ছিল।

    অভিযোগ উঠেছে, পদে বসার পর থেকেই পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং সরকারি ক্রয়বিধি তোয়াক্কা না করে বিশেষ একটি ঠিকাদারি গোষ্ঠীকে একচ্ছত্র সুবিধা দিয়ে আসছেন এই প্রকৌশলী। কোন প্রক্রিয়ায় দরপত্র মূল্যায়ন করা হয়েছে, মেগা প্রকল্পগুলোর কার্যাদেশ প্রদান ও সরকারি বিল অনুমোদনে নিয়মনীতি কতটা মানা হয়েছে তা নিয়ে এখন খোদ গণপূর্তের ভেতরেই অসন্তোষ দানা বাঁধছে।

    সাম্প্রতিক অনুসন্ধানে আসা সবচেয়ে বিস্ফোরক তথ্যটি হলো ৫০ লাখ টাকার এক অনুমেয় ঘুষ লেনদেন।

    অভিযোগ রয়েছে, এনডিই’র বিরুদ্ধে অতীতে ওঠা নানা অনিয়ম, জালিয়াতি ও জটিলতা মন্ত্রণালয় পর্যায়ে ধামাচাপা দিতে এবং উচ্চপর্যায়ের তদবির চালাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন প্রকৌশলী মেহেদী হাসান। এই রফা-দফার অংশ হিসেবেই হস্তান্তরিত হয় ৫০ লাখ টাকার একটি বড় তহবিল।

    তবে এই বিশাল অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগের সুনির্দিষ্ট ব্যাংকিং ট্রেইল, অর্থের চূড়ান্ত গতিপথ কিংবা গোপন বৈঠকের উপযুক্ত প্রমাণের জন্য এখন দুর্নীতি দমন কমিশন (দুদক) বা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

    মেহেদী হাসানের এই কথিত যোগসাজশে নাম আসা ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই-কে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়। ইতিপূর্বে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে ভুয়া ও জাল নথিপত্র ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত বা নিষিদ্ধ করেছিল কর্তৃপক্ষ। তবে কৌশলে উচ্চ আদালতের স্থগিতাদেশ এনে তারা সরকারি কাজ বাগিয়ে নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখে। ২০২৪ সালেও সওজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে উচ্চপর্যায়ে চাপ সৃষ্টির অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে।

    অভিযোগ রয়েছে, সওজে ধাক্কা খাওয়ার পর এবার চট্টগ্রাম গণপূর্তের বিশাল বাজেটের প্রকল্পগুলোকে নিশানা করেছে এই চক্রটি। আর সেখানে ‘সহায়ক’ ভূমিকা পালন করছেন নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান।

    প্রকৌশলী মেহেদী হাসানের ব্যক্তিগত ও পারিবারিক পরিচিতির প্রভাব এবং সরকারি নথিতে নজিরবিহীন অনিয়মের এই অভিযোগ চট্টগ্রাম গণপূর্তের ভাবমূর্তি বড় ধরনের সংকটে ফেলেছে। একতরফা সুবিধা বন্টন, পিপিআর লঙ্ঘন এবং ৫০ লাখ টাকার লেনদেন।

    এই বিষয়ে জানতে নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান ও ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই-র বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

  • মধ্যপ্রাচ্যের সংঘাতে টালমাটাল বিশ্ব জ্বালানি বাজার: পাঁচ গুণ বেড়েছে তেল পরিবহনের ভাড়া

    মধ্যপ্রাচ্যের সংঘাতে টালমাটাল বিশ্ব জ্বালানি বাজার: পাঁচ গুণ বেড়েছে তেল পরিবহনের ভাড়া

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কেন্দ্র করে ইরানের সঙ্গে চলমান সংঘাতের রেশ কাটছে না বৈশ্বিক জ্বালানি বাজারে। যুদ্ধ শুরুর দীর্ঘ আট মাস পরও স্বাভাবিক হয়নি তেলের সরবরাহ ও আন্তর্জাতিক বাজারদর। এই যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে বিশ্বজুড়ে অপরিশোধিত তেল পরিবহনের খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

    জাহাজভাড়া: এক বছর আগেও যেখানে প্রতি ব্যারেল তেল পরিবহনে গড়ে ৩ ডলার খরচ হতো, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২০ ডলারে। অর্থাৎ পরিবহন ব্যয় বেড়েছে প্রায় ৫৬৭ শতাংশ।

    বিভিন্ন রুটের ভাড়া: গত অক্টোবর মাসে মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন গন্তব্যে তেল পাঠাতে ব্যারেলপ্রতি ২১ থেকে ৩৭ ডলার পর্যন্ত ভাড়া গুনতে হয়েছে। এর মধ্যে পারস্য উপসাগর থেকে এশিয়াগামী রুটে খরচ সবচেয়ে বেশি—ব্যারেলপ্রতি ৩৭ ডলারের বেশি। এছাড়া সিঙ্গাপুরে ৩৬ ডলার এবং যুক্তরাষ্ট্রে ২৬ ডলার পর্যন্ত ভাড়া পড়ছে।

    বীমা খরচ: বুলগেরিয়ার কৃষ্ণসাগরীয় অঞ্চলে তেলবাহী জাহাজের বীমা ব্যয় ১২ গুণের বেশি বেড়েছে। আগে যেখানে একটি জাহাজের বীমা করতে দুই লাখ ডলার লাগত, এখন সেখানে ব্যয় হচ্ছে ২৫ লাখ ডলার।

    সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামেও বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। যুদ্ধ শুরুর আগে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৭২ থেকে ৭৩ ডলারের মধ্যে থাকলেও, বর্তমানে তা ১১২ ডলার ছাড়িয়ে গেছে। অর্থাৎ যুদ্ধ শুরুর আগের তুলনায় তেলের দাম বেড়েছে প্রায় ৫৪ শতাংশ। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআইয়ের দাম গত এক বছরে ৭০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

    হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় এবং ট্যাংকারে হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় পণ্য পরিবহনে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগছে। ফলে সমুদ্রে জাহাজ আটকে থাকায় নতুন চালানের জন্য দেখা দিয়েছে তীব্র জাহাজ সংকট। শুধু অপরিশোধিত তেল নয়, এর পাশাপাশি ডিজেল, পেট্রোল ও জেট ফুয়েলের বাজারেও চরম অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে ডিজেলের সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধি বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির ওপর নতুন করে চাপ সৃষ্টি করছে।

  • আমেরিকায় বাড়ি-সম্পদ আর হুন্ডিতে পাচার: মুন্সীগঞ্জ ভূমি রেজিস্ট্রারের দুর্নীতির ইতিকথা

    আমেরিকায় বাড়ি-সম্পদ আর হুন্ডিতে পাচার: মুন্সীগঞ্জ ভূমি রেজিস্ট্রারের দুর্নীতির ইতিকথা

    মুন্সীগঞ্জ জেলা ভূমি রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খান ২০০৪ সালে সাব-রেজিস্ট্রার হিসেবে প্রধান নিবন্ধন অফিস ঢাকায় যোগদান করেন। যোগদানের পর থেকে দেশের বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে একটা কৌশল অবলম্বন করেন ঘুষ-দুর্নীতি চালাবেন না বলে, কিন্তু ভেতরে ভেতরে সবই চালাতেন তিনি।

    ২০০৪ থেকে ২০০৬ সাল বিএনপি হয়ে ছিলেন, ওয়ান-ইলেভেনের পর ২০০৯ সালে তিনি আওয়ামীপন্থি হয়ে খোলস বদলে আওয়ামী লীগের মন্ত্রী আনিসুল হকের সঙ্গে সখ্য গড়ে তোলেন। নারায়ণগঞ্জের ফতুল্লার সাব-রেজিস্ট্রার থেকে বদলি হয়ে ২০১৯ সালে গুলশানের মতো গুরুত্বপূর্ণ সার্কেলে যোগদান করেন। কথিত আছে, ঢাকার মোহাম্মদপুর, গুলশান, তেজগাঁওয়ে বদলি হতে কোটি টাকা লেনদেন হয়। পাশাপাশি সরকারি দলের এবং মন্ত্রীর আস্থাভাজন হন।

    নগদ অর্থ, দলীয় ঘনিষ্ঠতা এবং আস্থাভাজন হওয়াÑ সবই তার ছিল। তিনি অবৈধ অর্থ ও ফ্যাসিস্ট সরকারের মদতে ওই সব সার্কেলের পদে বসতে পেরেছিলেন এবং একই পদে ২৯ জুলাই ২০১৯ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত দায়িত্ব পালন করেন। গুলশান সার্কেলে থাকাকালীন তিনি হাজার কোটি টাকার মালিক হয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিআরএসএ) সাংগঠনিক সম্পাদক ও পরে সিনিয়র সহসভাপতি পদের দায়িত্বে আছেন।

    তিনি নিজ দুর্নীতি ধামাচাপা দিতে নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের আজীবন সদস্য হয়েছেন। অন্যান্য দুর্নীতিবাজ অফিসারের সঙ্গে তাল মিলিয়ে বহুল আলোচিত রমজান খান তার পরিবারের সদস্যদের বসবাসের জন্য বাংলাদেশের চেয়ে আমেরিকাকেই বেশি পছন্দ করেন।

    অনুসন্ধান ও তথ্যসূত্র অনুযায়ী, রমজান খান কোনো দাপ্তরিক প্রয়োজনীয়তা ছাড়াই গত ১৫ জুন আমেরিকার নিউইয়র্কে ৩০ দিনের সফরে যান। সরকারি চিঠি মোতাবেক তার সরকারি এনওসিতে উল্লেখ রয়েছে চিকিৎসা ও আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাবেন অর্থাৎ, পরিবারের সঙ্গে সময় কাটাবেন। যদিও তিনি আমেরিকায় নিজ বাড়িঘর ও সম্পদসহ পরিবার নিয়ে বসবাস করেন। দেশে অর্জিত ঘুষের টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে অবস্থানরত পরিবারের কাছে পাঠান।

    মুন্সীগঞ্জ জেলা ভূমি রেজিস্ট্রার অফিসের একাধিক কর্মকর্তা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন আজমপুর গ্রামের আজ্জম খান ও আছিয়া খাতুন দম্পতির সন্তান রমজান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস জীবনে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় হওয়ায় খুব সহজেই মন্ত্রীর ঘনিষ্ঠ হতে পেরেছিলেন। বর্তমানে তিনি বিএনপির ছত্রছায়ায় নিজেকে বিএনপি ঘরানার প্রমাণ করছেন। টাকার বিনিময়ে বিএনপির দুর্নীতিবাজ কিছু নেতার সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। ফ্যাসিস্ট সরকারের এত ঘনিষ্ঠ হওয়ার পরেও তিনি তিরস্কারের বদলে পদোন্নতি পেয়ে জেলা রেজিস্ট্রার মুন্সীগঞ্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। রমজানের সহকর্মীদের দাবিÑ গোয়েন্দা সংস্থা, দুদক ও ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের মাধ্যমে সঠিক তদন্ত করলে ঘুষ-দুর্নীতি ও অপকর্মের সব তথ্য বেরিয়ে আসবে।

    অভিযোগের বিষয়ে জানতে মোহাম্মদ রমজানের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিক ফোন দিলেও তিনি সাড়া দেননি। খুদেবার্তা পাঠিয়ে বক্তব্য জানতে চাইলেও উত্তর পাওয়া যায়নি।

  • গাইবান্ধায় দাঁড়িয়ে থাকা অটোভ্যানে ট্রাকের ধাক্কা: নিহত ১, আহত ২

    গাইবান্ধায় দাঁড়িয়ে থাকা অটোভ্যানে ট্রাকের ধাক্কা: নিহত ১, আহত ২

    গাইবান্ধার সুন্দরগঞ্জে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যানে মালবোঝাই ট্রাকের সজোরে ধাক্কায় এনামুল হক (৪০) নামের এক পানশ্রমিক নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় অটোভ্যানচালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

    সোমবার (২ নভেম্বর) সকালে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কের বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট (কামরাঙ্গার তল) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহত এনামুল হক রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকার মৃত সোলেমানের ছেলে। আহতরা হলেন—একই এলাকার মোন্তাজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২) এবং আব্দুস ছাত্তারের ছেলে ভ্যানচালক আব্দুল হামিদ (৪১)।

    সোমবার সকাল ৯টার দিকে তিন পানশ্রমিক একটি পানের বরজে কাজের উদ্দেশ্যে ওই এলাকায় আসেন। এসময় সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কের পাশে তাদের বহনকারী অটোভ্যানটি দাঁড়ালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মালবোঝাই ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি থেকে রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান শ্রমিক এনামুল হক।

    স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক আব্দুল হামিদ ও আনোয়ার হোসেনকে উদ্ধার করেন এবং উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে আনোয়ার হোসেনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

    ইমাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, নিহত এনামুল হকের মরদেহ তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং আহত দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটিকে পীরগাছা থানা পুলিশ আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • পেছনের দরজা দিয়ে দেশে ফেরার চেষ্টা করলে প্রতিহত করা হবে: সিলেটে রুহুল কবির রিজভী

    পেছনের দরজা দিয়ে দেশে ফেরার চেষ্টা করলে প্রতিহত করা হবে: সিলেটে রুহুল কবির রিজভী

    দেশকে অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পরাজিত শক্তি শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। তবে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী ইতোমধ্যে গ্রেপ্তার হলেও, কেউ যদি চোরাপথে বা পেছনের দরজা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করেন—তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই অপকর্মের সাথে অন্য কেউ জড়িত কি না, তাও গভীরভাবে খতিয়ে দেখতে হবে।

    সোমবার (আজ) বিকেলে সিলেটে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মাত্র আট মাসের একটি সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে এসব তৎপরতা চালানো হচ্ছে উল্লেখ করে রিজভী আরও বলেন, সংসদে আলোচনা না করে যারা লংমার্চের ডাক দিচ্ছেন, তারা এসব অস্থিতিশীলতায় ইন্ধন জোগাচ্ছেন না—এমনটি সাধারণ মানুষ বিশ্বাস করবে না।

    আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, দলীয় প্রতীকে নির্বাচন না হলেও দলীয় শৃঙ্খলা বজায় রাখতে জেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।