Blog

  • রঙের বদল আর ক্ষমতার ছাতা: মুন্সিগঞ্জ জেলা রেজিস্ট্রার রমজান খানের উত্থান ও অনিয়মের মহোৎসব

    রঙের বদল আর ক্ষমতার ছাতা: মুন্সিগঞ্জ জেলা রেজিস্ট্রার রমজান খানের উত্থান ও অনিয়মের মহোৎসব

    “সরকার আসে, সরকার যায়, কিন্তু আমলারা বহাল তবিয়তে থেকে যায়”—বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনের চিরন্তন এই প্রবাদের বাস্তব রূপ যেন মুন্সিগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. রমজান খান। রাজনৈতিক ক্ষমতার পটপরিবর্তন কিংবা বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান—কোনো কিছুতেই থিতু হয়নি এই সুবিধাভোগী কর্মকর্তার দুর্নীতির চাকা। সাবেক আওয়ামী সরকারের আমলের ঘনিষ্ঠ সহযোগী থেকে রাতারাতি খোলস পাল্টে বর্তমান প্রশাসনের ছায়ায় জায়গা করে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

    অনুসন্ধানে জানা যায়, পতিত সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের নিজ উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাড়ি হওয়ার সুবাদে বিগত ১৫ বছর ক্ষমতার চূড়ায় ছিলেন রমজান খান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডিনারে অংশ নেওয়ার মতো বিরল সুযোগ পান তিনি, যা প্রশাসনের নীতিনির্ধারক মহলে তাঁর সুদূরপ্রসারী প্রভাব ও আস্থার বিষয়টি স্পষ্ট করে। ২০০৪ সালে সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদানের আগে তাঁর বিরুদ্ধে জেল পুলিশ থাকাকালীন বন্দি নির্যাতনের মতো গুরুতর অভিযোগ থাকলেও, সাব-রেজিস্ট্রার হওয়ার পর তাঁর ভাগ্যের মোড় ঘুরে যায়। নরসিংদী সদর, ফতুল্লা, গুলশান ও সিরাজদিখানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মস্থলে দায়িত্ব পালনকালে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তিনি অবৈধ সম্পদের পাহাড় গড়েন বলে অভিযোগ রয়েছে।

    ছাত্রজীবনে ছাত্রলীগের কর্মী থেকে শুরু করে আওয়ামী আমলের কট্টর ক্যাডার—সব পরিচয় পাশ কাটিয়ে ৫ আগস্টের পর ভোল পাল্টে নিজেকে বিএনপির ‘খাস লোক’ হিসেবে জাহির করতে শুরু করেন রমজান খান। অভিযোগ রয়েছে, বিএনপির শীর্ষ পর্যায়ের আইনবিষয়ক নেতৃত্বের ছত্রছায়ায় তিনি বর্তমানে শুধু নিজেকেই রক্ষা করেননি, বরং এলাকার বহু আওয়ামী পন্থী নেতাকর্মীকে বিএনপিতে পুনর্বাসিত করার নেপথ্য কারিগর হিসেবে কাজ করেছেন। এই অদৃশ্য রাজনৈতিক শক্তির জোরেই নিয়মবহির্ভূতভাবে জেলা রেজিস্ট্রার পদে পদোন্নতি বাগিয়ে নেন তিনি।

    বর্তমানে আইন মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে জোট বেঁধে তিনি ব্রসা (BRSA) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদের আড়ালে এক শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করছেন। চট্টগ্রাম সদর, গুলশান, কেরানীগঞ্জ, গাজীপুর ও কক্সবাজারসহ বিগত এক বছরে দেড় শতাধিক সাব-রেজিস্ট্রারকে বদলি করে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

    অভিযোগে প্রকাশ, নীলফামারীর জলঢাকার সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লাকে চট্টগ্রাম বা রূপগঞ্জে দেওয়ার নাম করে ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করার পাশাপাশি সীতাকুণ্ডে বদলি এবং পরে টাকা নিয়ে সেই আদেশ বাতিল করার মতো প্রতারণার ঘটনাও ঘটিয়েছেন তিনি। আইন মন্ত্রণালয়ের বিতর্কিত যুগ্ম সচিব বিকাশ কুমার সাহার ডান হাত হিসেবে পরিচিত রমজান খানের গুলশানের গ্লোরিয়া জিন্স ক্যাফেতে বসা নিয়মিত আসর থেকেই পরিচালিত হতো এই বদলি বাণিজ্যের গোপন কার্যক্রম।

    রমজান খানের অবৈধ আয়ের সাম্রাজ্য দেশ ছাড়িয়ে বিদেশেও বিস্তৃত। তাঁর শ্যালকের মাধ্যমে দুবাই, লন্ডন ও মালয়েশিয়ায় প্রায় অর্ধডজন বাড়ি এবং গুলশানে নামে-বেনামে ৩০টি ফ্ল্যাট ও প্লটের বুকিং রয়েছে বলে জানা যায়। এছাড়া আখাউড়ায় শত শত একর জমি এবং দেশজুড়ে প্রায় ৩০ জন ব্যক্তিগত দালাল ও প্রতিনিধির একটি শক্তিশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন তিনি।

    বর্তমানে গুঞ্জন রয়েছে যে, মুন্সিগঞ্জ থেকে ঢাকা জেলার তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে ঢাকা জেলা রেজিস্ট্রার হিসেবে পদায়ন নেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন রমজান খান। তিনি ঢাকায় আসলে রাজধানীর ২২টি সাব-রেজিস্ট্রি অফিস দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।

    গত বছর মে মাসে আইন উপদেষ্টা বরাবর তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগ দিয়েও এখনো দৃশ্যমান কোনো বিচার না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৈষম্যহীন নতুন বাংলাদেশে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা এমন সুযোগসন্ধানী ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও সচেতন মহল।

  • নওগাঁয় বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

    নওগাঁয় বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

    নওগাঁয় স্বাধীনতাবিরোধী ধর্মান্ধ গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে প্রায় এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং স্বাধীনতাবিরোধী চক্রান্তের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুজ্জামান নান্টু, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়ালীউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, সমাজসেবক জাহিদ রব্বানি, জেলা প্রেসক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম, সাবেক সভাপতি কায়েস উদ্দিন, হাতেখড়ির পরিচালক মাগফিরুল ইসলাম বিদ্যুৎ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সাব্বির আহমেদ প্রমুখ।

    বীর মুক্তিযোদ্ধারা বলেন, যাঁদের রক্তের বিনিময়ে আজ আমরা জাতীয় পতাকা পেয়েছি, তাঁদেরই লাঞ্ছিত ও অবজ্ঞা করা হয়েছে। যাঁদের ত্যাগে স্বাধীনতা এসেছে, সেই জাতির সূর্যসন্তানেরা আজ অবহেলিত। কবর খননের পর তা ভরাট করে দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের আজ রাস্তায় নামতে হয়েছে।

    মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধাদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সিরাজুল ইসলামসহ বক্তারা স্বাধীনতাবিরোধী ধর্মান্ধ গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

  • কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত উপজেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

    কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত উপজেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

    কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাককে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ (সোমবার) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    গ্রেফতার আব্দুর রাজ্জাক ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার মৃত রিয়াজুল ইসলামের ছেলে।

    ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • বগুড়ায় চারমাথা থেকে রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় চারমাথা থেকে রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক চারমাথা থেকে নুরানী মোড় হয়ে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত অংশটি চার লেনে উন্নীত করার মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে নিতে স্থানীয় অংশীজনদের নিয়ে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভাটি আয়োজন করা হয়।

    জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি তার বক্তব্যে বলেন, আধুনিক ও উন্নত বগুড়া গড়তে এই চার লেন সড়ক প্রকল্পটি অত্যন্ত সময়োপযোগী। প্রকল্পটি বাস্তবায়নে জনদুর্ভোগ কমিয়ে কীভাবে দ্রুত কাজ শেষ করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

    সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আনোয়ারুল আলম, নির্বাহী প্রকৌশলী রাশেদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদল।

    সভায় বক্তারা সড়কটি চার লেনে রূপান্তরের বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সরকারি দপ্তর, ব্যবসায়ী সম্প্রদায়, পরিবহন শ্রমিক এবং স্থানীয় নাগরিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

    উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও জাহিদুল ইসলাম হেলাল, সাংবাদিক নেতা মমিনুর রশীদ শাইন, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল ও সাধারণ সম্পাদক সামসুজ্জামানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

  • প্রবাসে আনিসুরের মৃত্যু, মরদেহের অপেক্ষায় দুই সন্তান

    প্রবাসে আনিসুরের মৃত্যু, মরদেহের অপেক্ষায় দুই সন্তান

    তাইওয়ানে মারা গেছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মো. আনিসুর রহমান(৫২)। নিউ তাইপেই সিটির একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে তাঁর মরদেহ।

    অন্যদিকে, দেশে বাবার মরদেহের অপেক্ষায় দিন কাটছে দুই সন্তানের। স্বামীকে শেষ বারের মতো দেখতে চান স্ত্রী শিলা আক্তার ও। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে আনিসুরের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারছে না পরিবার। এ অবস্থায় সরকারের জরুরি সহযোগিতা চেয়েছেন স্বজনেরা।

    নিহত আনিসুরের ভাই আজিজুর রহমান জানান, গত ৩১ অক্টোবর সকালে অসুস্থ হয়ে পড়লে আনিসুর রহমানকে নিউ তাইপেই সিটির ফু জেন ক্যাথলিক ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের হিমঘরে সংরক্ষিত রয়েছে।

    চলতি বছরের ২২ জুন জীবিকার সন্ধানে ট্যুরিস্ট ভিসায় তাইওয়ানে যান আনিসুর।সেখানে অবস্থানকালে তাঁর আকস্মিক মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে। স্বজন হারানোর বেদনার পাশাপাশি মরদেহ দেশে ফিরিয়ে আনার অনিশ্চয়তায় দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

    আনিসুরের স্ত্রী শিলা আক্তারের দুই সন্তানের মধ্যে মেয়ে জুম্মী রহমান এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ছেলে জারিফ ষষ্ঠ শ্রেণিতে পড়ে। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই তাঁর মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছে তারা।

    স্বামীর মরদেহ দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ অনার্স
    কল্যাণ বোর্ডের সহযোগিতা চেয়ে সোমবার (২ নভেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন শিলা আক্তার।

    এদিকে আনিসুরের বড় ভাই নাজমুল হক, মেজ ভাই আজিজুর রহমান ও ছোট ভাই আফজাল ও সরকারের সহযোগিতা কামনা করেছেন। তাঁরা বলেন, নিজেদের উদ্যোগে বিদেশ থেকে ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনার মতো আর্থিক সামর্থ্য তাঁদের নেই। সরকারের সহযোগিতা না পেলে ভাইয়ের মুখ শেষবারের মতো দেখার সুযোগ থেকেও বঞ্চিত হতে পারেন তাঁরা।

    আবেদনে শিলা আক্তার উল্লেখ করেছেন, তাইওয়ানে অবস্থানরতঃ আনিসুরের ঘনিষ্ঠ বন্ধু ইয়াং জিয়ান-কাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তাঁর মৃত্যু ও মরদেহ সংরক্ষণের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। মরদেহ দেশে পৌঁছালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন।

    মৃত আনিসুর রহমানের পাসপোর্ট নম্বর বি০০৩৭৩৩৪৭। তাঁর বাবার নাম আবুল বাসার মুন্সী এবং মায়ের নাম ফিরোজা বেগম।

    প্রিয়জনের মরদেহ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো দেখার সুযোগ পেতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর দ্রুত ও মানবিক সহযোগিতা কামনা করেছেন শোকাহত স্ত্রী, সন্তান ও স্বজনেরা।

  • শুধু জিপিএ-৫ বা সনদ অর্জন নয়, শিক্ষাব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও গবেষণাভিত্তিক করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    শুধু জিপিএ-৫ বা সনদ অর্জন নয়, শিক্ষাব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও গবেষণাভিত্তিক করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    আগামী দিনের বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শুধু সনদ বা জিপিএ-৫ অর্জন করলেই একটি জাতি উন্নত হয় না; বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনী ও গবেষণাভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে হবে।

    সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূজা ছুটির কারণে এ বছর ২০ অক্টোবরের পরিবর্তে ২ নভেম্বর এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য শুধু চাকরিমুখী শিক্ষা বা কর্মসংস্থান তৈরি করা নয়। বরং বিশ্ববিদ্যালয়গুলোকে মুক্তবুদ্ধির চর্চা ও উন্মুক্ত চিন্তার বিকাশ ঘটিয়ে গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। শিক্ষার পরিমাণের চেয়ে গুণগত পরিবর্তনের ওপর জোর দিয়ে তিনি জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাসের পর সবাইকে বিশ্ববিদ্যালয়মুখী না করে, দেশের চাহিদা অনুযায়ী কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার সুযোগ বাড়াতে হবে।

    তৈরি পোশাকের পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিল্পের বিকল্প নেই
    দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে কেবল তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীলতা কমানোর তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, উন্নত বিশ্ব থেকে যেসব শিল্প অন্য দেশে স্থানান্তরিত হচ্ছে, সেগুলোর সুফল পেতে দক্ষ জনশক্তি গড়ে তোলা জরুরি। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করে আগামী ৫০ থেকে ১০০ বছরের সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদদী্নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারদলীয় চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি, সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিনসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষার্থীরা।

    এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ক্যাম্পাসে একটি আনন্দ র‍্যালি বের হয়, যা রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। এছাড়া দিনব্যাপী শিল্পকর্ম, চিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল এবং সন্ধ্যার আকর্ষণ হিসেবে নগর বাউল জেমসের পরিবেশনায় মনোজ্ঞ কনসার্টের আয়োজন করা হয়।

  • চক্রান্তকারীরা গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করছে: নরসিংদীতে খায়রুল কবির খোকন

    চক্রান্তকারীরা গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করছে: নরসিংদীতে খায়রুল কবির খোকন

    দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এবং সরকারের সফলতা ম্লান করতে একটি অপশক্তি लगातार ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেন, বৈদেশিক আয়ের প্রধান উৎস পোশাক শিল্প খাতকে অস্থিতিশীল করতে শ্রমিকদের উসকে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন কারখানায় অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কাজ চালানো হচ্ছে।

    সোমবার (২ নভেম্বর) দুপুরে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    খায়রুল কবির খোকন অভিযোগ করে বলেন, নিষিদ্ধ সংগঠনের ফ্যাসিস্ট দোসর ও দালালরা প্রতিবেশী দেশের ইন্ধনে দেশে নতুন করে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে। পাশাপাশি অতীতে জান্নাতের টিকিট বিক্রির কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা ধর্ম ব্যবসায়ীরাও এখন সাবেক ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। অবান্তর বা অহেতুক ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে কোনো লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন।

    বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে অতিথি হিসেবে খায়রুল কবির খোকন ও অন্যান্যরা কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

    উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান মাহবুবুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি এবং জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ অনেকে।

  • ১৪ শিক্ষকের ১ শিক্ষার্থী, তাও ফেল!

    ১৪ শিক্ষকের ১ শিক্ষার্থী, তাও ফেল!

    গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার দুর্বাশুর আদর্শ স্কুল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ। শিক্ষক আছেন ১৪ জন। আর কলেজ থেকে এ বছর মাত্র ১জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু সেই শিক্ষার্থীও ফেল করেছেন।

    শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ঢাকা বোর্ডে শূন্য পাসের তালিকায় উঠেছে কলেজটি।

    কলেজ সূত্রে জানাজায়, ২৫-২৬ সেশনে ১ জন শিক্ষার্থী ভর্তি করা হলেও এবার এইচএসসি পরীক্ষায় মাত্র ১জন অংশগ্রহণ করেছিলেন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সেই শিক্ষার্থীও ফেল করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

    ওই গ্রামের বলরাম ওঝা, নির্মল বিশ্বাস, শুভেন্দু সরকার বলন, প্রতিষ্ঠানটির এমন করুণ অবস্থার জন্য পরিচালনা পর্ষদ ও প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষকরা দায়ী। এখানে শিক্ষার্থীরা ভর্তি হতে চায় না। কারণ এ প্রতিষ্ঠানে শিক্ষা বান্ধব পরিবেশ নেই। এভাবে কোন প্রতিষ্ঠান চলতে পারে না। তাই কলেজ শাখা বন্ধ করে দেওয়াই ভালো।

    জানাযায়, দুর্বাশুর আদর্শ স্কুল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। স্কুলের ১৪ জন শিক্ষকই এমপিও ভুক্ত হয়েছেন। নিয়মিত বেতন ভাতা পান। পরে ২০০৯ সালে কলেজ শাখা চালু করা হয়। কলেজটিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে স্কুলের ১৪ জন শিক্ষক দিয়ে কলেজের শিক্ষার্থীদের পাঠদান করিয়ে আসছেন। এবারের এইচএসসি পরীক্ষায় শুধু মাত্র মানবিক বিভাগ থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।বাকি ২ বিভাগে কোনো শিক্ষার্থী ভর্তি ছিল না।

    এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ স্বর্ণা রানী বিশ্বাস বলেন, ‘কলেজটি গ্রাম এলাকায় হওয়ায় ছাত্র তেমন পাওয়া যায় না। এজন্য শিক্ষকরাও কলেজে আসেন না। শিক্ষার্থী ভর্তির ব্যাপারেও তাদের

  • গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

    গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

    গোপালগঞ্জ
    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
    জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার মানবিক পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ বিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব তারেক সুলতান জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য এম এ আলম সেলিম ও সিকদার শহিদুল ইসলাম লেনিন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদস্য সচিব মো. ফজলুল কবির দারা এবং গোপালগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম।
    সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় দিবসটির ইতিহাস, জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম, গণতান্ত্রিক চেতনা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।
    বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং ইতিহাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
    সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, শৃঙ্খলা বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দিবসটির কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
    সভায় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা এবং দিবসটি মর্যাদাপূর্ণভাবে উদযাপনে সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এবারের আয়োজন আমরা সকলে মিলে করবো! দীর্ঘ ১৭ বছর এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন হয়নি!

  • মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ বক্সের সামনে ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম

    মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ বক্সের সামনে ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম

    শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে আলোচনার মধ্যে বর্তমানে রাজধানীর মিরপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম। সোমবার (২ নভেম্বর) মিরপুর-১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

    ডিএমপির এই কর্মকর্তা জানান, গতকাল রবিবার শ্রমিক মজুরি বোর্ড গঠনের খবর গণমাধ্যমে প্রচার হওয়ার পর থেকেই পরিস্থিতি শান্ত হতে শুরু করে। আজ শ্রমিকরা রাস্তায় না আসায় এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং যান চলাচলও নির্বিঘ্ন আছে।

    আন্দোলনের নামে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত পুলিশ সদস্য ও টহল দল মোতায়েন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা এবং রাস্তার শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বাবস্থায় সতর্ক অবস্থানে রয়েছে।”

    ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে মহিদুল ইসলাম জানান, আশপাশের কিছু পোশাক কারখানা কর্তৃপক্ষ নিজস্ব সিদ্ধান্তে ছুটি ঘোষণা করায় দোকানপাট বা প্রতিষ্ঠানগুলোতে এর প্রভাব পড়েছে; তবে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি।

    গতকালের ভাঙচুর ও সহিংসতার বিষয়ে তিনি জানান, মিরপুর-১২ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় পুলিশি অভিযানে মিরপুর বিভাগ থেকে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    আটককৃতদের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে স্পষ্ট করে তিনি বলেন, “রাজনৈতিক পরিচয়ের চেয়ে অপরাধকেই বড় করে দেখা হচ্ছে। যারা আইন অমান্য করে রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় বা ব্যক্তিগত সম্পদের ক্ষতি করার চেষ্টা করেছেন, তাদের প্রত্যেককে অপরাধী হিসেবে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”