Blog

  • পদ্মা পানি শোধনাগার প্রকল্প: ১,৫৬২ কোটি টাকার দুর্নীতি ও সিন্ডিকেটের নেপথ্য কাহিনী

    পদ্মা পানি শোধনাগার প্রকল্প: ১,৫৬২ কোটি টাকার দুর্নীতি ও সিন্ডিকেটের নেপথ্য কাহিনী

    ঢাকা ওয়াসা ও চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের পরস্পরবিরোধী স্বার্থের বলি হয়েছে পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার প্রকল্প। নিম্নমানের পাইপ ব্যবহার, সরবরাহ লাইন নির্মাণ না করা এবং দৈনিক ৪৫ কোটি লিটার পানি নিশ্চিত না করেই ঠিকাদারকে জামানতসহ চূড়ান্ত বিল পরিশোধের নজিরবিহীন তথ্য মিলেছে।

    এই জালিয়াতি ও অপচয়ের ফলে ওয়াসা ও সরকারের মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৫৬২ কোটি টাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা ও ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানসহ একটি সিন্ডিকেটের মাধ্যমে ভয়াবহ এই দুর্নীতি হয়েছে বলে উঠে এসেছে অনুসন্ধানে।

    অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, অনিয়ম-দুর্নীতির কেন্দ্রে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, ওয়াসার সাবেক এমডি প্রকৌশলী তাকসিম এ খান, প্রকল্প পরিচালক মো. রফিকুল ইসলাম এবং চীনা ঠিকাদারের বাংলাদেশ প্রতিনিধি ও পরামর্শক আজিজুল আকিল ডেভিড। তাঁদের যোগসাজশে কারিগরি আপত্তি উপেক্ষা ও নিম্নমানের পাইপ ব্যবহার করে ঠিকাদারকে সুবিধা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে পদ্মা থেকে পানি এনে মুন্সীগঞ্জের যশলদিয়ায় শোধন করে ঢাকায় সরবরাহের প্রকল্পটি করা হয়। কিন্তু সামঞ্জস্যপূর্ণ সরবরাহব্যবস্থা গড়ে ওঠেনি। পরীক্ষামূলক চালুতে পাইপ ফাটলেও ঠিকাদার চূড়ান্ত বিল ও জামানত তুলে নিয়েছেন।

    প্রায় চার হাজার কোটি টাকার প্রকল্পে দুই হাজার কোটি টাকার পাইপ কেনায় ৫০০ কোটি টাকা লোপাটের তথ্য দিয়েছেন সংশ্লিষ্টরা। ওয়ারেন্টির ত্রুটি ওয়াসার অর্থে সংশোধনের পরও ঠিকাদার ৩৬০ কোটি টাকার জামানত তুলে নেন। প্রায় ৫০০ কোটি টাকায় প্রয়োজনীয় সরবরাহ লাইন করা সম্ভব হলেও তা হয়নি।

    ওয়াসার দেওয়া গড় উৎপাদন অনুযায়ী দৈনিক ঘাটতি ২০ কোটি লিটার বা প্রায় ৪৪ শতাংশ। ২০১৯ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ২৪ অক্টোবর পর্যন্ত ২ হাজার ৭০৩ দিনে ঘাটতি ৫৪ হাজার ৬০ কোটি লিটার। এর ৯০ শতাংশ আবাসিক ও ১০ শতাংশ বাণিজ্যিক খাতে বিক্রি হতো ধরে ২০২৪ সালের জুলাই থেকে হাজার লিটারে যথাক্রমে ১৬ টাকা ৭০ পয়সা ও ৪৬ টাকা ২০ পয়সা দরে সম্ভাব্য বিক্রয়মূল্য প্রায় ১ হাজার ৬২ কোটি টাকা। পাইপ কেনায় লোপাটের হিসাবসহ অঙ্কটি ১ হাজার ৫৬২ কোটি টাকা। এটি সম্ভাব্য বিক্রয়মূল্য ও আত্মসাতের তথ্যের সমষ্টি; নিরীক্ষিত নিট ক্ষতি নয়।

    সংশ্লিষ্টদের তথ্যমতে, অর্থ লোপাটে নির্মাণের মান বিসর্জন দেওয়া হয়। বিগত ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তদন্তের দাবি উঠলেও কার্যকর ব্যবস্থা হয়নি। জুলাই অভ্যুত্থানের পর তাকসিম পলাতক। রফিকুল পদে বহাল থেকে সম্প্রতি অবসরে গেছেন। সূত্র জানায়, অর্থের বিনিময়ে পদে টিকে থাকা ও দুদকের তদন্ত থামানোর মূল কারিগর ছিলেন তিনি। পরিবারের অন্যরা ভারতের মুর্শিদাবাদে থাকেন। দুর্নীতির অর্থের অংশ সেখানে বিনিয়োগ করেছেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    ডেভিড বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি। সংশ্লিষ্টরা জানান, বুয়েটে ড্রপআউট হলেও নিজেকে প্রকৌশল বিশেষজ্ঞ ও বুয়েট অ্যালামনাই পরিচয় দেন। একসময় ছোট ঠিকাদার ছিলেন। ভাড়া বাসায় জীবন চালাতে হিমশিম খেতেন। ওয়াসায় ‘দুই টাকার ঠিকাদার’ পরিচিতি পাওয়া ডেভিড তাকসিমচক্রের সহায়তায় বড় ব্যবসায়ী হন। এখন গুলশানে ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকেন। ১১৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের ইউনিক হাইটসে কোম্পানির চার হাজার বর্গফুটের নিজস্ব অফিস করেছেন।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান সরকারের সময়ও বিভিন্ন ব্যক্তিকে অর্থ দিয়ে ব্যবসা চালাচ্ছেন ডেভিড। আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এই ব্যবসায়ী এখন বিএনপির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। সূত্রের ভাষ্য, তাকসিম, রফিকুল ও ডেভিডের মালয়েশিয়ায় সেকেন্ড হোম রয়েছে। সেখানে দুর্নীতির অর্থ বিনিয়োগ করেছেন। শেখ রেহানার বিরুদ্ধেও লন্ডনে অর্থ পাচারের তথ্য দিয়েছেন তাঁরা।

    ২০১৪ সালের ৯ অক্টোবর প্রকল্প পরিচালক প্রকৌশলী এমএ রশীদ সিদ্দিকী ‘কে-৯ ডাকটাইল’ পাইপ পাঠাতে আপত্তি জানিয়ে ঠিকাদারকে চিঠি দেন। ওই রাতেই তাকসিম ই-মেইলে অসন্তোষ জানান। অনুলিপি দেন উপপ্রকল্প পরিচালক রফিকুল ও ডেভিডকে। পরে রশীদকে সরিয়ে রফিকুলকে দায়িত্ব দেওয়া হয়।

    সংশ্লিষ্টরা জানান, কম দাম ও কম পুরুত্বের পাইপ কেনা আড়াল করতে রশীদকে বাদ দিয়ে অনুগত প্রকৌশলীদের চীনে পরিদর্শনে পাঠানো হয়। দেশে এনে বুয়েটে পরীক্ষার বাধ্যবাধকতাও মানা হয়নি।

    রশীদ সিদ্দিকী বলেন, নিম্নমানের পাইপ গ্রহণে অস্বীকৃতি জানানোয় তাঁকে সরানো হয়। পরে দুদক বুয়েটের মাধ্যমে পরীক্ষার উদ্যোগ নিলেও তা হয়নি। ক্ষমতার অপব্যবহার করে নিম্নমানের পাইপে প্রকল্প বাস্তবায়নের খেসারত দিচ্ছে নগরবাসী ও ওয়াসা।

    পূর্ণ সক্ষমতা যাচাইয়ে পাঁচটি পাম্প একসঙ্গে চালালে ইনটেক ও শোধনাগারের মধ্যবর্তী সঞ্চালন লাইনের দুটি স্থানে পাইপ ফেটে যায়। সড়ক ভেদ করে পানি ওঠে। ভবনের দেওয়ালও ভেঙে পড়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরে সংস্কার হলেও আর পাঁচ পাম্প একসঙ্গে চালিয়ে সক্ষমতা পরীক্ষা করা হয়নি।

    এদিকে ‘আনরিফাইন্ড সয়েল সিমেন্ট কলাম’ করার প্রস্তাব দেন প্রকল্প পরিচালক। ডেনমার্কের পরামর্শক প্রতিষ্ঠান গ্রন্টমিজের টিম লিডার ও কন্ট্রাক্ট স্পেশালিস্ট বোদো গোপাট আন্তর্জাতিক মানের নয় জানিয়ে তা প্রত্যাখ্যান করেন।

    সংশ্লিষ্টদের ভাষ্য, এর প্রতিবাদে তাকসিম উত্তেজিত হন। পরে প্রতিষ্ঠান বিশেষজ্ঞকে ফিরিয়ে নেয়। এরপর তাকসিম, রফিকুল ও ডেভিড নিজেদের মতো প্রকল্প বাস্তবায়ন করেন।

    জানা গেছে, রফিকুলের স্ত্রী ও ডেভিড ন্যাশনাল ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট লিমিটেডে যুক্ত ছিলেন। প্রতিষ্ঠানটিতে বুয়েট ছাত্রলীগ নেতা ও নৌকা প্রতীকের সাবেক সংসদ-সদস্য প্রকৌশলী মো. আব্দুস সবুরসহ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত প্রকৌশলীরাও ছিলেন। প্রতিষ্ঠানটি ওয়াসার সায়েদাবাদ প্রকল্প-২-এর ল্যান্ড ফিলিংসহ বিভিন্ন কাজ করে। সংশ্লিষ্টদের তথ্যমতে, ডেভিডকে চীনা ঠিকাদারের পরামর্শক নিয়োগ দিতে রফিকুল চাপ দেন।

    ডেভিড বলেন, ‘সরকার এ বিষয়ে তদন্ত করছে, করুক। তদন্তে যে বা যারা দোষী সাব্যস্ত হবে, তাদের শাস্তি হোক। এটা নিয়ে আপনার কাছে ব্যাখ্যা দিতে হবে কেন?’ এ বিষয়ে আর কথা বলতে চাননি তিনি।

    নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ওয়াসার কর্মকর্তা, প্রকৌশলী, ঠিকাদার ও সরকারের ঊর্ধ্বতনদের অসাধু চক্র শত শত কোটি টাকার দুর্নীতি করেছে। গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়ীদের শাস্তির ব্যবস্থা করেনি। বর্তমান সরকারেরও তেমন উদ্যোগ নেই। পদায়নে এখনো দুর্নীতিবাজরা এগিয়ে থাকছে। এটি রাষ্ট্রীয় ব্যর্থতা। দায়ীদের শাস্তি ও প্রকল্পের সেবা নিশ্চিত করতে হবে। সুফল না মিললেও বিদেশি ঋণের কিস্তি সরকারকে শোধ করতে হচ্ছে।

    ওয়াসা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফা বলেন, শুষ্ক মৌসুমের পানির সংকট সামলাতে বোর্ড বারবার সরবরাহ লাইনের প্রকল্প নিতে বলেছিল। অর্থ থাকলেও তাকসিম পরামর্শ নেননি। এতে নির্মাণমান নিয়ে সন্দেহ তৈরি হয়। কারিগরি নিরীক্ষা প্রয়োজন হলেও তখন সম্ভব হয়নি।

    সংশ্লিষ্টরা জানান, নেটওয়ার্ক তৈরির পরও নির্ধারিত পানি দিতে না পারলে নির্মাণের অনিয়ম প্রকাশ পাবে। এ কারণে তাকসিম বাধা দেন। এ বিষয়ে অভিমত জানতে তাঁর ব্যক্তিগত নম্বরে কল ও এসএমএস করেও সাড়া মেলেনি। গণ-অভ্যুত্থানের পর পলাতক অবস্থায় তিনি ই-মেইলে পদত্যাগ করেন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ নেই।

    স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিগত সরকারের প্রকল্পে অনিয়ম-দুর্নীতি ও লুটপাট হয়েছে। মন্ত্রণালয়ের কমিটি তদন্ত করেছে। প্রতিবেদন দুদকে পাঠানো হয়েছে। দুদক বিস্তারিত তদন্ত করলে অনিয়ম বেরিয়ে আসবে। তখন দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকার কোনো দুর্নীতিবাজকে ছাড় দেবে না।

  • বগুড়া এসপি অফিসে টিএ বিল জালিয়াতি: ২৭ পুলিশ সদস্য টাকা ফেরত দিলেও দেড় কোটি টাকা বকেয়া

    বগুড়া এসপি অফিসে টিএ বিল জালিয়াতি: ২৭ পুলিশ সদস্য টাকা ফেরত দিলেও দেড় কোটি টাকা বকেয়া

    বগুড়া জেলা পুলিশের (এসপি অফিস) আলোচিত টিএ বিল আত্মসাতের (ভ্রমণ ভাতা) বিল-ভাউচার জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। টিএ বিল আত্মসাতের অভিযোগে জড়িত ৩১ জন পুলিশ সদস্যের মধ্যে ২৭ জন এরই মধ্যে দেড় কোটির বেশি টাকা ফেরত দিয়েছে। তবে বাকি আরো ০৪ জন পুলিশ সদস্য ও হিসাবরক্ষণ অফিসের অডিটর ফিরোজ আলমের কাছে এখনো প্রায় দেড় কোটি টাকা পাওনা রয়ে গেছে। তারা এখনো ওই বকেয়া টাকা ফেরত দেননি।

    উক্ত ঘটনায় হিসাবরক্ষণ অফিসের ০৫ জনের সংশ্লিষ্টতা শনাক্ত করেছে মহা-হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের তদন্ত কমিটি। তাদের মধ্যে অডিটর ফিরোজ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও দায়িত্ব অবহেলার অভিযোগে অপর ০৪ জন কর্মচারীকে কৈফিয়ত তলব করা হয়েছে।

    এতে গত এক বছর ধরে জালিয়াতি আত্মসাতের অভিযোগে টাকা ফেরত দিয়েছে, এমন কয়েক জন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, চাকরি বাঁচানোর তাগিদে তারা অর্থ আত্মসাতের টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে। তাদের দাবি, ব্যাংক হিসাবে পাঠানো টাকা তুলে এর বড় অংশ হিসাবরক্ষণ অফিসের অডিটর ফিরোজ আলম ও পুলিশ অফিসের হিসাব সহকারী রাজিবুল ইসলামকে দিতে হয়েছে।

    তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যে, এক বছর ধরে পুলিশ অফিস ও হিসাবরক্ষণ অফিসের একটি চক্র পুলিশ সুপারের (এসপি) কম্পিউটার আইডি ব্যবহার করে পুলিশ সদস্যদের টিএ বিল-ভাউচার জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে আসছিল। গত ১৯শে আগস্ট সকালে বিষয়টি পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের নজরে আসে। এরপর পুলিশ অফিসের হিসাব সহকারী রাজিবুল ইসলাম ও হিসাবরক্ষণ অফিসের অডিটর ফিরোজ আলমকে সন্দেহ ভাজন হিসাবে রেখে ২৬শে আগস্ট ০৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। তদন্ত কমিটির কাছে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা রাজিবুল ইসলাম ও ফিরোজ আলমের সম্পৃক্ততার কথা জানিয়েছে বলে জানা যায়।

    এদিকে অডিটর ফিরোজ আলমকে বগুড়া থেকে প্রত্যাহার করে রাজশাহী বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়। একই সঙ্গে মহা-হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের চিফ অ্যাকাউন্টস অফিসার মামুন উল মান্নানের নেতৃত্বে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা বগুড়ায় এসে বিষয়টি তদন্ত করেন।

    অপরদিকে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও জেলা পুলিশ কর্তৃক গঠন করা ০৪ সদস্যের তদন্ত কমিটির প্রধান আসাদুজ্জামান বলেন যে, তদন্তের অংশ হিসাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের ব্যাংক হিসাব যাচাই-বাছাই করেও অস্বাভাবিক অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। আত্মসাত করা সরকারি অর্থ আদায়ের কৌশল হিসাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের টাকা ফেরত দেয়ার সুযোগ দেয়া হয়েছে। ইতিমধ্যে মধ্যে ২৭ জন পর্যায় ক্রমে দেড় কোটি টাকার বেশি ফেরত দিয়েছে। তিনি আরও বলেন, পুলিশ অফিসের হিসাব সহকারী রাজিবুল ইসলামসহ ০৪ জন পুলিশ সদস্য টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে।

    এ বিষয়ে বগুড়া জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আছাদুজ্জামান সরকার বলেন যে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অডিটর ফিরোজ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও দায়িত্ব অবহেলার কারণে হিসাবরক্ষণ অফিসের আরও ০৪ কর্মচারীকে কৈফিয়ত তলব করা হয়েছে। তিনি আরও বলেন যে, সরকারি অর্থ আত্মসাতের সঙ্গে অডিটর ফিরোজ আলম একাই জড়িত। তবে তিনি এখনো আত্মসাৎ করা টাকা ফেরত দেয়নি। অপর ০৪ কর্মচারীর বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগে কৈফিয়ত তলব করা হয়েছে বলে জানান তিনি।

  • দেশত্যাগের নোটিশ থেকে সাময়িক স্বস্তি পেলেন অভিনেতা ইমরান খান, দেবেন শর্তহীন ক্ষমা

    দেশত্যাগের নোটিশ থেকে সাময়িক স্বস্তি পেলেন অভিনেতা ইমরান খান, দেবেন শর্তহীন ক্ষমা

    বলিউড অভিনেতা ইমরান খান ভারত ছাড়ার নির্দেশ থেকে আপাতত সাময়িক স্বস্তি পেয়েছেন। ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভে অংশগ্রহণের জেরে তার বিরুদ্ধে দেশত্যাগের যে আদেশ জারি হয়েছিল, তার ওপর আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের কোনো আন্দোলন বা প্রতিবাদে অংশ নেবেন না—এমন একটি লিখিত মুচলেকা ও ‘শর্তহীন ক্ষমা’ প্রার্থনা করতে আদালতে সম্মত হয়েছেন এই অভিনেতা।

    শুনানি চলাকালীন আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে, ইমরান খান একজন মার্কিন নাগরিক এবং তার কাছে ‘ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া’ (ওসিআই) কার্ড রয়েছে। এই ধরনের কার্ডধারীরা দেশের মর্জির ওপর নির্ভরশীল এবং তারা জন্মসূত্রে ভারতীয় নাগরিকদের মতো সমকক্ষ রাজনৈতিক অধিকার দাবি করতে পারেন না।

    গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের কাছে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এক তরুণ নেতৃত্বাধীন বিক্ষോভ অনুষ্ঠিত হয়। ওই বিক্ষোভে অংশগ্রহণের কারণে পুলিশ ইমরান খানকে সাময়িকভাবে আটক করে।

    পরে বিজেপি নেতা কিরিট সোমাইয়া পুলিশের কাছে অভিযোগ করেন যে, একজন বিদেশি নাগরিক হয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে অভিবাসন আইন লঙ্ঘন করেছেন ইমরান। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে এবং গত ১৪ অক্টোবর ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬’ অনুযায়ী খানকে ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়।

    দেশ ছাড়ার আদেশের পাশাপাশি এফআরআরও থেকে একটি কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। নাগরিকত্ব আইন, ১৯৫৫-এর ৭ডি(ই) ধারায় জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জনস্বার্থের কারণ দেখিয়ে তার ওসিআই নিবন্ধন কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়।

    পরবর্তীতে এফআরআরও-এর এই নোটিশকে স্বেচ্ছাচারী, অসাংবিধানিক ও অসামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে হাইকোর্টের শরণাপন্ন হন ইমরান খান। আগামী ৭ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

  • গুলিশাখালীতে জেলেদের মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ

    গুলিশাখালীতে জেলেদের মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ

    বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে ইলিশ সম্পদ রক্ষায় সরকারের বরাদ্দ করা মানবিক সহায়তার চাল বিতরণ না করে আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. রাজিবুল ইসলামের বিরুদ্ধে। এ ছাড়া চাল দেওয়ার বিনিময়ে জেলেদের কাছ থেকে জনপ্রতি ৩০ টাকা করে আদায়ের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। রোববার (১ নভেম্বর) জেলেরা এসব অভিযোগ করেন।

    জেলেদের অভিযোগ, টাকা না দেওয়ায় অনেককে চাল না দিয়ে ফিরিয়ে দিয়েছেন ওই কর্মকর্তা। এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

    জানা গেছে, ইলিশ সম্পদ রক্ষায় সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের প্রত্যেককে ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আমতলী উপজেলায় সাত হাজার নিবন্ধিত জেলের জন্য এ চাল বরাদ্দ করা হয়।

    অভিযোগ রয়েছে, গুলিশাখালী ইউনিয়নের এক হাজার ৮৫০ জন জেলের জন্য বরাদ্দ করা ৪৬ দশমিক ২৫ মেট্রিক টন চালের একটি অংশ বিতরণ না করে আত্মসাৎ করেছেন প্রশাসনিক কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম। চাল ইউনিয়ন পরিষদে বিতরণের কথা থাকলেও তিনি তা না করে আমতলী উপজেলা খাদ্যগুদামে বিতরণের ব্যবস্থা করেন।

    জেলে রাকিব ও সোহাগের অভিযোগ, চাল পরিবহন বা ভাড়া বাবদ তাদের কাছ থেকে জনপ্রতি ৩০ টাকা করে আদায় করেছেন প্রশাসনিক কর্মকর্তা।

    খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার ইউনিয়নের তিনটি ওয়ার্ডের সাত শতাধিক জেলের জন্য ১৮ মেট্রিক টন চাল খাদ্যগুদাম থেকে ছাড় করিয়ে নেন রাজিবুল ইসলাম। পরে ওই চাল বিতরণে অনিয়ম করা হয় বলে অভিযোগ উঠেছে।

    গত বৃহস্পতিবার ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ছয় শতাধিক জেলেকে চাল দেওয়ার জন্য আমতলী উপজেলা খাদ্যগুদামে ডেকে নেওয়া হয়। জেলেরা সেখানে উপস্থিত হলেও অল্পসংখ্যক মানুষের মধ্যে চাল বিতরণ করা হয়। তালিকায় নাম না থাকার অজুহাতে কয়েক শ জেলেকে চাল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ডালাচারা গ্রামের জেলে জাকির হাওলাদার ও মোকলেস চৌকিদার।

    তাদের দাবি, প্রশাসনিক কর্মকর্তা খাদ্যগুদাম থেকে কাগজে-কলমে ১০ মেট্রিক টন চাল ছাড় করিয়ে নিলেও তা জেলেদের মধ্যে বিতরণ করেননি। বিতরণ তালিকায় থাকা স্বাক্ষর ও আঙুলের ছাপ যাচাই করলেই চাল আত্মসাতের বিষয়টি বেরিয়ে আসবে।

    ডালাচারা গ্রামের জেলে জাকির হাওলাদার ও মোকলেস চৌকিদার বলেন, ইউনিয়নের ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের শতাধিক নিবন্ধিত জেলেকে তালিকায় নাম নেই বলে চাল না দিয়ে ফিরিয়ে দিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

    খেকুয়ানী গ্রামের জেলে মোস্তফা হাওলাদার বলেন, ‘আমার জেলে নিবন্ধন কার্ড থাকলেও তালিকায় নাম নেই বলে প্রশাসনিক কর্মকর্তা আমাকে চাল দেননি।’

    আমতলী খাদ্যগুদামে চাল বিতরণের কাজে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, গুলিশাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ৩৬ মেট্রিক টন চাল ছাড় করিয়ে নিয়েছেন। বাকি চাল তিনি নেননি।

    তবে টাকা নেওয়া ও চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম। তিনি বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সব জেলের মধ্যে সঠিকভাবে চাল বিতরণ করা হয়েছে।’

    আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী ও গুলিশাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ইদ্রিস আলী বলেন, প্রশাসনিক কর্মকর্তা মো. রাজিবুল ইসলামের অনিয়মের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, গুলিশাখালী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • এলপিজির দাম বাড়াল বিইআরসি: ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম ২০৬০ টাকা

    এলপিজির দাম বাড়াল বিইআরসি: ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম ২০৬০ টাকা

    দেশের বাজারে আবারও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। আন্তর্জাতিক বাজারদর বৃদ্ধি এবং বিভিন্ন স্তরের কমিশন ও চার্জ বাড়ানোর কারণ দেখিয়ে ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই দাম ছিল ১৮৩৭ টাকা।

    সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই দাম ঘোষণা করে। আজ রাত ৮টার পর থেকেই নতুন এই দর কার্যকর হবে।

    বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতির পাশাপাশি আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোয় এলপিজির দাম সমন্বয় করতে হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী—

    আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ (পরিবহন খরচসহ) ১২ কেজি সিলিন্ডারে ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১.৭৬ টাকা করা হয়েছে।

    ডিলারদের কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

    খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছে।

    একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯১.৯৫ টাকা, যা এতদিন ছিল ৮৪.৬২ টাকা।

    এদিকে সরকারিভাবে নতুন দাম নির্ধারণ করা হলেও সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে তীব্র হতাশা। অভিযোগ রয়েছে, গত মাসেই ২৫২ টাকা বাড়িয়ে ১৮৩৭ টাকা নির্ধারণ করা হলেও খোদ রাজধানীতেই গ্যাস বিক্রি হচ্ছিল ২২০০ থেকে ২৩০০ টাকায়। অর্থাৎ, সরকারি দামের চেয়ে অতিরিক্ত দামে কিনতে বাধ্য হচ্ছিলেন সাধারণ ভোক্তারা।

    উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই এলপিজির বাজারে অস্থিরতা শুরু হয়। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আমদানিকারক ও ব্যবসায়ীরা সরবরাহ কমিয়ে দেওয়ায় ১৫৮৫ টাকার এলপিজি কোথাও কোথাও ২২০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হতে দেখা যায়। নতুন এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ভোক্তাদের ওপর চাপ আরও বাড়ল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

  • যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য: আগামী ৫ থেকে ৭ নভেম্বর ঢাকায় বসছে ৩০তম ‘ইউএস ট্রেড শো’

    যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য: আগামী ৫ থেকে ৭ নভেম্বর ঢাকায় বসছে ৩০তম ‘ইউএস ট্রেড শো’

    আগামী সাড়ে চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসার সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম)। এই লক্ষ্য বাস্তবায়নে আগামী ৫ থেকে ৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ৩০তম ‘ইউএস ট্রেড শো’।

    সোমবার (২ নভেম্বর) রাজধানী ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যামচ্যাম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল।

    সংবাদ সম্মেলনে অ্যামচ্যাম সভাপতি জানান, গত ১৫ বছরে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে। বর্তমান সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী সাড়ে চার থেকে পাঁচ বছরে সমপরিমাণ অর্থাৎ আরও ৫ বিলিয়ন ডলার নতুন বিনিয়োগ আনার বিশাল সম্ভাবনা দেখছে সংগঠনটি।

    বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে জ্বালানি নিরাপত্তাকে সবচেয়ে বড় শর্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে অ্যামচ্যাম। খুব দ্রুতই সরকারের কাছ থেকে একটি সুনির্দিষ্ট জ্বালানি রোডম্যাপ পাওয়ার আশা করা হচ্ছে। এছাড়া এবারের প্রদর্শনীতে জ্বালানি খাত নিয়ে একটি বিশেষ সেমিনারও অনুষ্ঠিত হবে।

    সব খাতে অন্ধভাবে নজর না দিয়ে যেসব ক্ষেত্রে মার্কিন প্রযুক্তি ও উদ্ভাবনের সর্বোচ্চ ব্যবহার এবং স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজনের (व্যালু অ্যাডিশন) সুযোগ রয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দিচ্ছে অ্যামচ্যাম।

    এবারের ট্রেড শোতে বিভিন্ন দেশের অ্যামচ্যাম প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলাদেশে এখনো কার্যক্রম শুরু করেনি—এমন বেশ কিছু নতুন প্রতিষ্ঠানের বিনিয়োগকারীও থাকবেন। নতুন ১০ থেকে ১২টি মার্কিন কোম্পানিকে দেশের বাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে পারাকে এবারের আয়োজনের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছে আয়োজকরা।

    প্রতিষ্ঠান ও বুথ: মেলায় ৩৬টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এবং ৭টি স্টার্টআপ অংশ নিচ্ছে। মোট বুথের সংখ্যা ৬৩টি।

    অংশগ্রহণকারী ব্র্যান্ড: ক্যাটারপিলার, শেভরন, এক্সন মবিল, মেটলাইফ, সিটি গ্রুপ, মাস্টারকার্ড, ভিসা, কোলগেট-পামোলিভ, ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল, পেপসিকো, কস্টকো, পিপিজি, ইউপিএস ও কারগিলসহ নামী মার্কিন ব্রান্ডগুলো এতে প্রতিনিধিত্ব করছে।

    বিশেষ জোন: বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক সেবা, ভোগ্যপণ্য, উৎপাদন ও লজিস্টিকস, শিক্ষা এবং কৃষিভিত্তিক ব্যবসার জন্য আলাদা জোন থাকছে। পাশাপাশি থাকবে স্টার্টআপ জোন, কার্নিভাল জোন এবং অ্যামচ্যামের ৩০ বছরের ইতিহাস নিয়ে হেরিটেজ কর্নার।

    সেমিনার: তিন দিনে বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতি, নারী নেতৃত্ব, সিলেক্ট ইউএসএ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক নিয়ে মোট ছয়টি বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে।

    প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সর্বসাধারণ ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

    ১৯৯২ সালে অ্যামচ্যামের উদ্যোগে বাংলাদেশে ‘ইউএস ট্রেড শো’ যাত্রা শুরু করে। মাঝে প্রায় আড়াই বছরের বিরতির পর এবার জাঁকজমকপূর্ণভাবে ফিরছে এই আয়োজন। একই সঙ্গে এটি সংগঠনটির ৩ যুগ বা ৩০ বছর পূর্তির বিশেষ উদযাপনেরও অংশ।

    সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল জি ফ্রস্ট উপস্থিত ছিলেন।

  • মতলবে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মুখোশসহ গ্রেপ্তার ২

    মতলবে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মুখোশসহ গ্রেপ্তার ২

    চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার গাজীরগাছখলা গ্রামে সাইফুল ইসলাম মোল্লার বাড়ির সামনে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    সোমবার (২ নভেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের মৃত ছামির হোসেনের ছেলে মহসিন (৩৯) এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামের শাহ জাহানের ছেলে মো. সোহেল (২৮)।

    পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

    অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা:

    তিনটি কাঠের বাটযুক্ত রামদা

    একটি তালা কাটার যন্ত্র

    চারটি লোহার রড

    চারটি কালো কাপড়ের মুখোশ (মাঙ্কি ক্যাপ) উদ্ধার করা হয়।

    এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া তাদের সাথে জড়িত পলাতক অন্যান্য সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • বাংলাদেশ ও সিঙ্গাপুরের অংশীদারত্ব: তথ্যপ্রযুক্তি ও এআই খাতে সহযোগিতার নতুন দিগন্ত

    বাংলাদেশ ও সিঙ্গাপুরের অংশীদারত্ব: তথ্যপ্রযুক্তি ও এআই খাতে সহযোগিতার নতুন দিগন্ত

    বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে প্রযুক্তি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অংশীদারত্ব বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সম্প্রতি সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোক।

    বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ডিজিটাল অর্থনীতি ও উদ্ভাবনী প্রযুক্তিতে যৌথভাবে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করা হয়।

    সরকারের ডিজিটাল রূপান্তর এজেন্ডার কথা তুলে ধরে মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, প্রযুক্তিনির্ভর জনসেবা সম্প্রসারণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর প্রয়োগ বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কার্যক্রমে এআই-এর ব্যবহার বাড়ানোর পাশাপাশি সরকারি সেবায় ডিজিটাল পেমেন্টের পরিধি সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আহরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে সিঙ্গাপুরের উন্নত প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতা বাংলাদেশের অগ্রগতিতে সহায়ক হতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।

    বৈঠকের অন্যতম আলোচনার বিষয় ছিল দেশের সুবিশাল ডাকঘর নেটওয়ার্কের আধুনিকায়ন। এই অবকাঠামোকে ব্যবহার করে ই-কমার্স, পার্সেল ডেলিভারি এবং সমন্বিত লজিস্টিকস সেবাকে আরও গতিশীল ও কার্যকর করার পরিকল্পনা নিয়েছে সরকার। সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোকও এই উদ্যোগে একমত পোষণ করেন এবং লজিস্টিকস ও ই-কমার্স খাতের উন্নয়নে সিঙ্গাপুরের অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।

    সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোক বাংলাদেশের তরুণ সমাজকে পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, বায়োমেডিক্যাল প্রযুক্তি, গবেষণা, স্বাস্থ্যসেবা এবং সরকারি কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বাড়াতে বাংলাদেশ ও সিঙ্গাপুর যৌথভাবে কাজ করতে পারে। দুই দেশই প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

    উক্ত বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং, ডেস্ক অফিসার ম্রিথিনি টিজিট্রিথারান এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের দক্ষিণ এশিয়াবিষয়ক ডেভেলপমেন্ট পার্টনার বেঞ্জামিন চু উপস্থিত ছিলেন।

  • এক ভবনে অবৈধ বিদুৎ সংযোগেই শাহ আলমের পকেটে ২৫ লাখ!

    এক ভবনে অবৈধ বিদুৎ সংযোগেই শাহ আলমের পকেটে ২৫ লাখ!

    কেরানীগঞ্জে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর শুভাঢ্যা জোনাল অফিসকে ঘিরে বহুতল ভবনে বিদ্যুৎ সংযোগের অনিয়মের অভিযোগের পর এবার সামনে এসেছে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ। গ্রাম ইলেকট্রিশিয়ান হিসেবে পরিচিত শাহ আলমের বিরুদ্ধে মিটার সংযোগের কথা বলে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, পুনরায় টাকা দাবি এবং রাজনৈতিক প্রভাব দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন অভিযোগকারীর দাবি, মিটার সংযোগের জন্য কারও কাছ থেকে ১০ থেকে ১২ হাজার টাকা নেওয়ার পরও পুনরায় অর্থ দাবি করা হয়েছে। অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে রাজনৈতিক প্রভাব দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলেও অভিযোগ তাঁদের।
    অনুসন্ধানে সামনে এসেছে আগানগর ইউনিয়নের আমবাগিচা খালপাড় সড়কের একটি সাড়ে ১১ তলা বহুতল ভবনের বিদ্যুৎ সংযোগের বিষয়টি। ভবনটির আবেদনকারী মো. শহিদুল ইসলাম। সংশ্লিষ্ট গ্রাহক হিসাব নম্বর ১৯৬১০১৫। অভিযোগ অনুযায়ী, ভবনটির বিদ্যুৎ সংযোগের কাজ করেন ইলেকট্রিশিয়ান শাহ আলম। স্থানীয়দের দাবি, ভবনটির ফায়ার সার্ভিসের ছাড়পত্র এবং রাজউকের প্রয়োজনীয় অনুমোদন না থাকা সত্ত্বেও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
    অভিযোগ আরও গুরুতর। স্থানীয় সূত্রের দাবি, সংশ্লিষ্ট সব সংস্থাকে ম্যানেজ করার কথা বলে ভবনটির বিদ্যুৎ সংযোগের কাজের সঙ্গে জড়িতদের মাধ্যমে ২০ থেকে ২৫ লাখ টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে। তবে এই অর্থ কারা নিয়েছেন, কীভাবে লেনদেন হয়েছে এবং সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা-কর্মচারী এতে জড়িত কি না, তা এখনো স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। অভিযোগের সত্যতা উদ্‌ঘাটনে ভবনটির সংযোগ আবেদন, অনুমোদনপত্র, ছাড়পত্র, পরিদর্শন প্রতিবেদন এবং আর্থিক লেনদেনের নথি পরীক্ষা করা জরুরি।
    এদিকে বিষয়টি নিয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জেনারেল ম্যানেজার (জিএম) গোলাম কাউসার তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ফায়ার সার্ভিসের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আমবাগিচা এলাকার অভিযুক্ত সাড়ে ১১ তলা ভবনে কীভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর ভাষ্য, তাঁর জানা মতে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া এমন সংযোগ দেওয়ার কথা নয়। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
    জিএম আরও জানান, দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের সত্যতা পাওয়া গেলে ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
    প্রশ্ন উঠেছে, প্রয়োজনীয় ছাড়পত্র ও অনুমোদন ছাড়া যদি সত্যিই বহুতল ভবনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়ে থাকে, তাহলে কার অনুমোদনে এবং কীভাবে তা সম্ভব হলো? শুধু একজন বহিরাগত ইলেকট্রিশিয়ানের মাধ্যমে এত বড় অনিয়ম সম্ভব, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো প্রভাবশালী চক্র—এ প্রশ্নও সামনে এসেছে। স্থানীয়দের দাবি, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে শাহ আলমের ভূমিকা, অর্থ লেনদেন এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্মকর্তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখতে হবে।

  • গণপূর্তে বৈষম্যের মূলহোতা ই/এম বিভাগ-৬-এর প্রকৌশলী সৈয়দ ইসকান্দার আলীর শতকোটি টাকার দুর্নীতির সাম্রাজ্য

    গণপূর্তে বৈষম্যের মূলহোতা ই/এম বিভাগ-৬-এর প্রকৌশলী সৈয়দ ইসকান্দার আলীর শতকোটি টাকার দুর্নীতির সাম্রাজ্য

    গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) বিভাগ-৬-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ ইসকান্দার আলীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের এক চাঞ্চল্যকর চিত্র সামনে এসেছে। জালিয়াতি, ঘুষ বাণিজ্য, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত এই প্রকৌশলীকে ঘিরে ডিপার্টমেন্টজুড়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

    অনুসন্ধানে জানা যায়, ভদ্রতার আড়ালে লুকিয়ে থাকা সৈয়দ ইসকান্দার আলী গণপূর্ত অধিদপ্তরে প্রকৌশলীদের মধ্যে বৈষম্য তৈরির নেপথ্য কারিগর। অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের রঙ বদলাতে সিদ্ধহস্ত। বিগত সরকারের আমলে কট্টর দলীয় প্রভাব বজায় রাখলেও অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সময়ে বিভিন্ন প্রভাবশালী মহলের নাম ভাঙিয়ে তিনি বহাল তবিয়তে নিজের আখের গুছিয়ে নিচ্ছেন। সহকর্মীদের ডিঙিয়ে লোভনীয় পদগুলো কুক্ষিগত করা এবং নিজের স্বার্থ হাসিলের জন্য বিভাগীয় ক্ষমতাকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার খামখেয়ালিপনায় বহু ঠিকাদার ও সাধারণ প্রকৌশলীর পেশাগত জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগকারীদের দাবি।

    সততার মুখোশ পরে পর্দার আড়ালে বেনামী ঠিকাদারি ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। বড় বড় প্রকল্পের ক্ষেত্রে কথিত ভ্যারিয়েশন, ফ্রন্টলোডিং এবং পরিমাপ জালিয়াতির (Measurement Fraud) মতো জটিল প্রকৌশলগত কারসাজি চালিয়ে তিনি হাতিয়ে নিয়েছেন শতকোটি টাকা। সম্প্রতি বিতর্কিত লটারির মাধ্যমে ঢাকা ই/এম বিভাগ-৬ থেকে ২ নম্বর ই/এম বিভাগে বদলি হয়েছেন তিনি, যা নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে ২০২৫-২০২৬ অর্থবছরে বড় সরকারি ভবনের লিফট স্থাপন, জেনারেটর ক্রয়, কেন্দ্রীয় এসি (AC) সরবরাহ এবং কাঠের কারখানার অভ্যন্তরীণ সাজসজ্জার টেন্ডারে ব্যাপক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে দুদক।

    অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে সৈয়দ ইসকান্দার আলী অবৈধ উপায়ে গড়ে তুলেছেন বিশাল সম্পদের পাহাড়। তার উল্লেখযোগ্য স্থাবর-অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে:

    রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা: ব্লক-কে, রোড নং-১০২, বাসা নং-২৩/৩।

    বাণিজ্যিক সম্পদ: গুলিস্তান হল মার্কেটে ২৭টি দোকান এবং বকশিবাজারে ৪টি দোকান।

    জমি ও আবাসন: মাগুরার ৭নং পলাশবাড়িয়া ইউনিয়নে শত বিঘা জমি এবং পূর্বাচলে প্রবাসী পল্লী গ্রুপে ৩০ কাঠা জমি।

    সবমিলিয়ে অর্ধশতাধিক বিঘা জমি এবং নামে-বেনামে শতাধিক কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন এই নির্বাহী প্রকৌশলী। সরকারি দায়িত্বে থেকে এমন নজিরবিহীন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সুষ্ঠু তদন্তপূর্বক তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    ভদ্রতার আড়ালে লুকিয়ে থাকা বহুরূপী প্রকৌশলী ইসকান্দার আলীর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে ধ্বংসের মুখে বহু ঠিকাদার ও প্রকৌশলীর পেশাগত জীবন।