খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবির হত্যাকাণ্ডের ঘটনায় ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই চাঞ্চল্যকর হত্যার ঘটনায় শেখ সিদ্দিক (৫৩) নামের এক এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানা এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে রবিবার রাতে নিহতের ছেলে সৈয়দ সিয়াম বাদী হয়ে আড়ংঘাটা থানায় মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তারকৃত শেখ সিদ্দিক নগরীর রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার মৃত শেখ ইদ্রিস আলী ওরফে ইদিল ফকিরের ছেলে। রবিবার রাতেই তাকে আটক করার পর এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান জানান, প্রধান অভিযুক্তদের একজন শেখ সিদ্দিককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ছাত্রদল নেতা আরাফাতসহ মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি স্পষ্ট করে জানান, অপরাধী যেই হোক, তার রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই হত্যাকাণ্ডের পেছনে এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারের বিষয় নিয়ে গুঞ্জন রয়েছে। রায়েরমহল বড় মসজিদকেন্দ্রিক একটি পক্ষের সঙ্গে বিভিন্ন জমি ও সালিসসংক্রান্ত বিরোধে জড়িয়ে পড়েছিলেন নিহত হুমায়ুন কবির। এ ছাড়া রায়েরমহল কলেজসংলগ্ন একটি জমি নিয়েও ঘটনার কিছুদিন আগে বিরোধ তৈরি হয়েছিল। তবে এসব বিরোধের সঙ্গে এই হত্যাকাণ্ডের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদ এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘আল-ক্যান্টিনো’ নামের একটি রেস্টুরেন্টে বসেছিলেন সৈয়দ হুমায়ুন কবির। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হুমায়ুন কবির রায়েরমহল বড় মসজিদ এলাকার বাসিন্দা সৈয়দ আনোয়ার আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় তীব্র শোক ও উত্তেজনার পাশাপাশি থমথমে পরিস্থিতি বিরাজ করছে।









