
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে আলোচনার মধ্যে বর্তমানে রাজধানীর মিরপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম। সোমবার (২ নভেম্বর) মিরপুর-১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ডিএমপির এই কর্মকর্তা জানান, গতকাল রবিবার শ্রমিক মজুরি বোর্ড গঠনের খবর গণমাধ্যমে প্রচার হওয়ার পর থেকেই পরিস্থিতি শান্ত হতে শুরু করে। আজ শ্রমিকরা রাস্তায় না আসায় এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং যান চলাচলও নির্বিঘ্ন আছে।
আন্দোলনের নামে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত পুলিশ সদস্য ও টহল দল মোতায়েন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা এবং রাস্তার শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বাবস্থায় সতর্ক অবস্থানে রয়েছে।”
ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে মহিদুল ইসলাম জানান, আশপাশের কিছু পোশাক কারখানা কর্তৃপক্ষ নিজস্ব সিদ্ধান্তে ছুটি ঘোষণা করায় দোকানপাট বা প্রতিষ্ঠানগুলোতে এর প্রভাব পড়েছে; তবে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি।
গতকালের ভাঙচুর ও সহিংসতার বিষয়ে তিনি জানান, মিরপুর-১২ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় পুলিশি অভিযানে মিরপুর বিভাগ থেকে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতদের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে স্পষ্ট করে তিনি বলেন, “রাজনৈতিক পরিচয়ের চেয়ে অপরাধকেই বড় করে দেখা হচ্ছে। যারা আইন অমান্য করে রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় বা ব্যক্তিগত সম্পদের ক্ষতি করার চেষ্টা করেছেন, তাদের প্রত্যেককে অপরাধী হিসেবে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”
অনলাইন ডেস্ক 

























