
নওগাঁয় স্বাধীনতাবিরোধী ধর্মান্ধ গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে প্রায় এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং স্বাধীনতাবিরোধী চক্রান্তের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুজ্জামান নান্টু, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়ালীউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, সমাজসেবক জাহিদ রব্বানি, জেলা প্রেসক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম, সাবেক সভাপতি কায়েস উদ্দিন, হাতেখড়ির পরিচালক মাগফিরুল ইসলাম বিদ্যুৎ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সাব্বির আহমেদ প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধারা বলেন, যাঁদের রক্তের বিনিময়ে আজ আমরা জাতীয় পতাকা পেয়েছি, তাঁদেরই লাঞ্ছিত ও অবজ্ঞা করা হয়েছে। যাঁদের ত্যাগে স্বাধীনতা এসেছে, সেই জাতির সূর্যসন্তানেরা আজ অবহেলিত। কবর খননের পর তা ভরাট করে দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের আজ রাস্তায় নামতে হয়েছে।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধাদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সিরাজুল ইসলামসহ বক্তারা স্বাধীনতাবিরোধী ধর্মান্ধ গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মোঃ সোহাগ খন্দকার রাণীনগর নওগাঁ প্রতিনিধি 

























