
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা ও ভাঙচুরের ঘটনায় গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মনে করেন, একটি কুচক্রী মহল এই পরিস্থিতি উসকে দিয়ে দেশের অন্যতম প্রধান এই শিল্প খাতকে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে।
সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আশঙ্কার কথা জানান তিনি।
পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, পোশাকশিল্পে চলামান অস্থিরতার অংশ হিসেবে বিভিন্ন স্থানে ভাঙচুর ও কারখানায় অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। তবে কোনো মালিক বা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের বৈধ অধিকার আদায় করতে পারবেন না। এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে কোনো প্রকৃত শ্রমিক জড়িত হতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।
পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে ডা. শফিকুর রহমান জানান, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। সামনে শীত মৌসুমকে কেন্দ্র করে পোশাক খাতে যে অর্থনৈতিক সম্ভাবনার সৃষ্টি হয়, তা নস্যাৎ করার পেছনে গভীর কোনো চক্রান্ত কাজ করছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতিতে শিল্পপ্রতিষ্ঠান রক্ষায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।
পোশাক খাতের সুরক্ষায় মালিক, শ্রমিক এবং সংশ্লিষ্ট সব পক্ষকে অধিকতর আন্তরিক ও সতর্ক থাকারও তাগিদ দিয়েছেন তিনি।
অনলাইন ডেস্ক 























