
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শ্রমিকদের অর্থনৈতিক মুক্তি ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি অসম্ভব। শ্রমিকদের ন্যায্য মজুরির আন্দোলন কেবল তাদের একার কোনো লড়াই নয়, বরং এটি একটি বৈষম্যহীন এবং সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার সম্মিলিত লড়াই।
সোমবার (২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
তরুণদের বেতনের প্রসঙ্গ টেনে এই রাজনৈতিক নেতা বলেন, দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেও অনেক তরুণকে মাত্র ১৫ হাজার টাকায় চাকরি করতে বাধ্য হতে হয়। যে কারণে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি শুনলে অনেকের কাছে তা অবাস্তব মনে হতে পারে। তবে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে দেশের শিক্ষিত সমাজ, সচেতন নাগরিক ও পেশাজীবীদের শক্ত সমর্থন জানানো উচিত।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির সুফল সম্পর্কে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও উল্লেখ করেন, শ্রমিকের বেতন বাড়লে তা শুধু তাদের ব্যক্তিগত আয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর ইতিবাচক প্রভাব পুরো জাতীয় অর্থনীতিতে পড়ে। শ্রমিকদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেলে বাজারে পণ্যের চাহিদা বাড়ে, ব্যবসা-বাণিজ্যের পরিধি প্রসারিত হয় এবং অর্থনীতির চাকা আরও গতিশীল হয়।
সবশেষে তিনি জোর দিয়ে বলেন, “শ্রমিকের অর্থনৈতিক উন্নতি মানেই দেশের অর্থনৈতিক উন্নতি। আর দেশের অর্থনৈতিক উন্নতি মানেই আপনার-আমার জীবনমানের উন্নতি।”
অনলাইন ডেস্ক 






















