
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর পৃথক ড্রোন হামলায় চার বছরের এক শিশু ও পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত আটজন নিহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) গাজার বিভিন্ন স্থানে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। আল জাজিরা ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে পাঁচ পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত এবং বেশ কয়েকজন আহত হন। ফিলিস্তিনের স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, রুটিন দায়িত্ব পালনের সময় এই বর্বরোচিত হামলা চালানো হয়।
মন্ত্রণালয় এই ঘটনাকে একটি ‘ভয়াবহ হত্যাযজ্ঞ’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে, পুলিশ সদস্যদের ওপর হামলা বন্ধে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ৭৫ জন পুলিশ ও নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
অন্যদিকে, উত্তর গাজার গাজা সিটির রিমাল এলাকার তাজ মল সংলগ্ন স্থানে আরেকটি ড্রোন হামলায় চার বছরের এক শিশুসহ তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আগের একটি হামলায় গুরুতর আহত অপর এক ফিলিস্তিনিও রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, গাজায় এমন কোনো দিন পার হয় না যেদিন প্রাণঘাতী হামলার খবর আসে না। যুদ্ধবিরতির কথা বলা হলেও গাজাবাসীর জীবন ও নিরাপত্তার ওপর এই হুমকি এখনো অব্যাহত রয়েছে।
অনলাইন ডেস্ক 























