
রাশিয়ার বিমান হামলার সতর্কবার্তা দেওয়ার একটি মোবাইল অ্যাপে হ্যাকিংয়ের মাধ্যমে পারমাণবিক হামলার ভুয়া সতর্কবার্তা ছড়ানোর ঘটনা ঘটেছে। এতে দেশটিতে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হঠাৎ করেই রাশিয়ানদের মোবাইল ফোনে ভেসে ওঠা ওই বার্তায় দাবি করা হয়, ইউক্রেনের হামলাকারী ড্রোন থেকে রাশিয়ার সব অঞ্চলে পারমাণবিক ওয়ারহেড ছোড়া হয়েছে।
ভুয়া ওই সতর্কবার্তায় আরও বলা হয়, রাশিয়ার সব অঞ্চলে পারমাণবিক হামলার ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি বাসিন্দাদের তিন সপ্তাহের খাবার মজুত করে দ্রুত আত্মগোপনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ ঘটনার পর রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এটি সম্পূর্ণ একটি ভুয়া সতর্কবার্তা, যা সাইবার হামলার (হ্যাকিং) মাধ্যমে ছড়ানো হয়েছে।
মন্ত্রণালয় তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় জানিয়েছে, মোবাইল অ্যাপ হ্যাক হওয়ার ঘটনায় জনসাধারণকে সতর্ক করার মূল ব্যবস্থার কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। সাইরেন, মাইক, খুদে বার্তা (এসএমএস) এবং টেলিভিশন ও রেডিওর মাধ্যমে নাগরিকদের সতর্ক করার প্রচলিত ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক রয়েছে। মোবাইল অ্যাপটি কেবল একটি অতিরিক্ত তথ্যসেবা হিসেবে ব্যবহৃত হয়।
বর্তমানে অ্যাপটির স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে কাজ করছেন সাইবার বিশেষজ্ঞরা এবং পুরো পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
অনলাইন ডেস্ক 




















