
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইতিমধ্যে পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করেছে এবং ইচ্ছা করলেই ওয়াশিংটন যেকোনো সময় দেশটিকে পুরোপুরি অচল করে দিতে সক্ষম।
মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের সালিনায় নিজের ৩০তম ও সমাপনী নির্বাচনী সমাবেশে এই হুংকার দেন ট্রাম্প। সমাবেশে তিনি বলেন, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে যেকোনো মুহূর্তে তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
পারমাণবিক সক্ষমতা ধ্বংস: ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইরানের পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে।
জীবন বাঁচানোর তাগিদ: আইওয়া অঙ্গরাজ্যে এক সমাবেশে তিনি জানান, পারতপক্ষে প্রাণহানি এড়াতেই তারা সংযত থাকার চেষ্টা করছেন। তবে প্রয়োজনে কঠোর আঘাত হানতেও পিছপা হবে না যুক্তরাষ্ট্র।
জ্বালানি তেলের দাম: যুক্তরাষ্ট্রে পেট্রল বা জ্বালানি তেলের দাম বাড়ার বিষয়ে ট্রাম্প বলেন, দেশের নিরাপত্তার জন্য এই বাড়তি মূল্য খুবই সামান্য। তবে খুব দ্রুতই তেলের দাম অনেক কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনলাইন ডেস্ক 




















