
বিভিন্ন দাবিতে রাজধানী ঢাকার মিরপুর, সাভারের আশুলিয়া এবং গাজীপুরে সোমবার (২ নভেম্বর) সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ সময় আশুলিয়া ও মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
সোমবার সকাল ১০টার পর থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিক্ষোভকারী শ্রমিকরা প্রথমে অনন্ত ও পরবর্তীতে হামীমের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করেন। রাস্তা অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেল) শোয়েব আহম্মেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে আজ সকাল সোয়া ৯টার দিকে মিরপুর-১০ এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের সরিয়ে দেয়। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের জবাবে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে, যার ফলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এলে পুলিশ তাদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়।
অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় সড়কে নেমে আসেন শ্রমিকরা। তাদের বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সুফিপুর ও হরিণঘাটিসহ আশপাশের এলাকায় ১০ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি ও নিরাপত্তার কথা মাথায় রেখে আশপাশের শিল্প-কারখানাগুলো পুনরায় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
অনলাইন ডেস্ক 






















