
পোশাক খাতের শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন নিম্নতম মজুরি বোর্ড ঘোষণা করেছে সরকার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে এই ছয় সদস্যের বোর্ড গঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ক্ষমতাবলে এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গঠিত নতুন বোর্ডের সদস্যরা হলেন:
চেয়ারম্যান: অবসরপ্রাপ্ত বিচারপতি আশফাকুর রহমান।
নিরপেক্ষ সদস্য: ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন আহমদ।
মালিকপক্ষের প্রতিনিধি: বিজিএমইএ-এর পরিচালক এবিএম সামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব।
শ্রমিকপক্ষের প্রতিনিধি: জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে একাধিক ফলপ্রসূ বৈঠকের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়মতান্ত্রিক উপায়ে মজুরি বোর্ড গঠিত হওয়ায় শ্রমিক ভাইবোনদের আর সড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টির কোনো প্রয়োজন নেই। তিনি অবিলম্বে সব কারখানার শ্রমিকদের কাজে যোগদানের উদাত্ত আহ্বান জানান।
মালিক ও শ্রমিকের পারস্পরিক সমঝোতার মাধ্যমে খুব দ্রুতই একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য ন্যূনতম মজুরি নির্ধারিত হবে এবং এটি দেশের অর্থনীতি ও পোশাকশিল্পের টেকসই উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী।
অনলাইন ডেস্ক 




















