
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার বান্ধবী দিশাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ মামলায় গ্রেপ্তার হওয়া আরেক বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক তদন্তে তাহসিফের মৃত্যুর সঙ্গে দীপের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, গত শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশাকে গ্রেপ্তার করা হয়। একই দিন মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু প্রকাশ করছে না পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বন্ধু দীপের ডাকে বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন তাহসিফ। এরপর পরদিন ২৮ অক্টোবর বিকেলে রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
গ্রেপ্তারের আগে দীপ দাবি করেছিলেন, তাহসিফের সঙ্গে রেস্তোরাঁয় খাবার খেয়ে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তাদের বিচ্ছেদ হয়েছিল। তবে গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থেকে দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই।
জিজ্ঞাসাবাদে দীপ স্বীকার করেন যে, মাদক কেনাবেচার জন্য পরিচিত টঙ্গীর মাজার বস্তি এলাকায় মধ্যরাতে তাহসিফকে নিয়ে গিয়েছিলেন তিনি। পরে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে ওই এলাকা থেকেই তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করার পর দীপকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে মামলার মূল রহস্য উদ্ঘাটনে দিশা ও দীপকে মুখোমুখি করে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্ত দল।
অনলাইন ডেস্ক 























