Blog

  • সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান পদ পাইয়ে দেওয়ার নামে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ফাঁসলেন সচিব!

    সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান পদ পাইয়ে দেওয়ার নামে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ফাঁসলেন সচিব!

    নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে বসানোর লোভ দেখিয়ে এক নারী ইউপি সদস্যের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, টাকা দিয়েও পদ না পেয়ে ওই নারী সদস্য টাকা ফেরত চাইলে বিষয়টি ধামাচাপা দিতে ইউনিয়ন পরিষদের রেজুলেশন বই চুরির চেষ্টারও অভিযোগ পাওয়া গেছে সংশ্লিষ্ট সচিবের বিরুদ্ধে।

    গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে এ সংক্রান্ত একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

    ভুক্তভোগী হোসনেয়ারা বেগম কামারপুকুর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য এবং প্যানেল চেয়ারম্যান। সম্প্রতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি নেতাদের উপস্থিতিতে এক সালিসি বৈঠকে তিনি দাবি করেন, তাঁকে চেয়ারম্যান বানানোর কথা বলে সচিবসহ মোট ছয়জন এই টাকা নিয়েছেন।

    তাঁর হিসাব অনুযায়ী—

    ইউনিয়ন পরিষদের সচিব মোকছেদুল ইসলাম নিয়েছেন ৫০ হাজার টাকা।

    সদ্য বরখাস্ত হওয়া চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (পিএস) মাসুদ নিয়েছেন ৫০ হাজার টাকা।

    ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোরসালিন নিয়েছেন ২০ হাজার টাকা।

    ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আলিম নিয়েছেন ১০ হাজার টাকা।

    ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জলিল নিয়েছেন ১০ হাজার টাকা।

    ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোসলেমা নিয়েছেন ১০ হাজার টাকা।

    হোসনেয়ারা আক্ষেপ করে বলেন, “এখন আমার পদও নেই, টাকাও নেই। বিভিন্ন জায়গায় ঘুরেও কোনো সুরাহা পাচ্ছি না।”

    ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর রাতে বিষয়টি ধামাচাপা দিতে রাতের আঁধারে ইউনিয়ন পরিষদের রেজুলেশন বই সরিয়ে নেওয়ার চেষ্টা চালান অভিযুক্ত সচিব মোকছেদুল ইসলাম। এই কাজে এক গ্রাম পুলিশকে (চৌকিদার) ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে। গ্রাম পুলিশ মানিক জানান, সচিব তাঁকে চাবি দিয়ে রেজুলেশন বই নিয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের কাছে পাঠাতে চেয়েছিলেন।

    এদিকে অভিযোগ রয়েছে, ওই রাতেই গোপনে ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ জালাল উদ্দীনকে চেয়ারম্যান করার বিষয়ে একটি রেজুলেশন তৈরি করে রোববার সকালে তা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়।

    নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে প্যানেল চেয়ারম্যান-২ জালাল উদ্দীন দাবি করেন, নিয়ম অনুযায়ীই তিনি চেয়ারম্যান হচ্ছেন। তাঁর দাবি, এক নম্বর প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে এবং প্যানেল চেয়ারম্যান-৩ হোসনেয়ারা নিজেও সচিবসহ বিভিন্নজনকে টাকা দিয়ে অনিয়ম করেছেন।

    অন্যদিকে, অভিযুক্ত ইউপি সচিব মোকছেদুল ইসলাম টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে দাবি করেন, “আমি কোনো টাকা নিইনি। হোসনেয়ারা আমার টেবিলের ড্রয়ারে পাঁচ হাজার টাকা রেখে গিয়েছিলেন, যা আমি একটি কাজে খরচ করেছি এবং দ্রুত ফেরত দিয়ে দেব। অন্যদের টাকা নেওয়ার বিষয়ে আমি কিছু জানি না।”

    গ্রাম পুলিশকে জড়িয়ে নাম আসার বিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, “চৌকিদার কেন আমার নাম বলল? আমি তো তাকে আসতে বলিনি। এ ব্যাপারে তার বিরুদ্ধে মানহানির মামলা করব। ইউনিয়ন পরিষদের কোনো বিষয়ের সঙ্গেই আমার কোনো সম্পর্ক নেই।”

    পুরো ঘটনাটি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহা ফাতেহা তাকমিলা জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে সরকারি কর্মচারী হিসেবে অভিযুক্ত সচিবের বিরুদ্ধে প্রাথমিকভাবে সাময়িক বরখাস্তসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন: পুলিশের সঙ্গে লাঠিসোঁটা নিয়ে মাঠে যুবদল

    মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন: পুলিশের সঙ্গে লাঠিসোঁটা নিয়ে মাঠে যুবদল

    রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও আন্দোলন ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে মিরপুর গোলচত্বর এলাকায় একপাশে পুলিশ এবং অন্যপাশে লাঠিসোঁটা হাতে যুবদলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে, যা এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

    সোমবার সকাল থেকেই মিরপুরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকদের একটি অংশ। মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকায় বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিভিন্ন ইউনিটকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

    পুলিশের পাশাপাশি যুবদলের নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে মাঠে থাকার বিষয়ে দলের নেতারা বলছেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি তাদের কোনো বাধা নেই। তবে এই আন্দোলনের সুযোগ নিয়ে কেউ যাতে ভাঙচুর, অগ্নিসংযোগ বা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্যই তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

    এ বিষয়ে মিরপুরের যুবদল নেতা জামসেদ হোসেন বলেন, “সাধারণ জনগণকে বাধা দেওয়া আমাদের লক্ষ্য নয়। তবে যারা জনগণের সম্পদ নষ্ট করতে চায় এবং পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের প্রতিহত করতেই আমরা মাঠে রয়েছি।”

    সবমিলিয়ে, শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের উপস্থিতি এবং লাঠিসোঁটা হাতে যুবদল নেতাকর্মীদের মহড়ায় মিরপুর এলাকায় দিনভর এক ধরনের থমথমে ও উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছে।

  • ২৩ বছরের খরা কাটাতে ঢাকায় শুরু হচ্ছে সাফ মিশন, প্রথম ম্যাচেই ভুটানের মুখোমুখি বাংলাদেশ

    ২৩ বছরের খরা কাটাতে ঢাকায় শুরু হচ্ছে সাফ মিশন, প্রথম ম্যাচেই ভুটানের মুখোমুখি বাংলাদেশ

    দীর্ঘ আট বছর পর দেশের মাটিতে ফিরছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় উন্মাদনা—সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই মহারণের জন্য ইতোমধ্যে সবার আগে ঢাকায় পা রেখেছে ভুটান দল। আর ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচেই ভুটানকে হারিয়ে টুর্নামেন্টে জয় দিয়ে শুভসূচনা করতে মুখিয়ে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।

    ১৫তম এই সাফ চ্যাম্পিয়নশিপের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে এবং ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।

    এবারের প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার ৭টি দেশের অংশ নেওয়ার কথা থাকলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে টুর্নামেন্টে খেলতে পারছে না নেপাল। ফলে ৬টি দল নিয়ে দুই গ্রুপে বিভক্ত হয়ে লড়াই হবে। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়বে মালদ্বীপ ও পাকিস্তান। গ্রুপ পর্বের প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে এবং দুই গ্রুপের শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং ১৭ নভেম্বর হবে ফাইনাল লড়াই।

    ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের আক্ষেপ ঘোচানোর সুবর্ণ সুযোগ এবার বাংলাদেশের সামনে। ২০০৩ সালে ঘরের মাঠে মালদ্বীপকে হারিয়ে সাফের একমাত্র সোনালী ট্রফি জিতেছিল বাংলাদেশ। এরপর ২০০৫ সালে ফাইনালে উঠলেও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়।

    দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটিয়ে ঘরের মাঠে আবারও সাফের মুকুট পরার স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। এখন কেবল মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা উজার করে দেওয়ার অপেক্ষা।

  • ৮ জোনে ভাগ হয়ে নামছে ই-রিকশা: জোন বদলালেই নিষিদ্ধ, জানা গেল নতুন যত নিয়ম

    ৮ জোনে ভাগ হয়ে নামছে ই-রিকশা: জোন বদলালেই নিষিদ্ধ, জানা গেল নতুন যত নিয়ম

    রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত ই-রিকশার জন্য কঠোর ও সুনির্দিষ্ট নীতিমালা নিয়ে আসছে সরকার। আজ সোমবার (২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে এর নিবন্ধন কার্যক্রম। নতুন এই নিয়মের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকাকে মোট আটটি জোনে ভাগ করা হবে এবং প্রতিটি জোনের জন্য আলাদা রঙের ই-রিকশা নিবন্ধনের আওতায় আনা হবে।

    নিবন্ধিত ই-রিকশাগুলোর জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু কড়া শর্ত ও নির্দেশনা দেওয়া হয়েছে:

    জোনভিত্তিক চলাচল: এক জোনের ই-রিকশা অন্য কোনো জোনে গিয়ে চলাচল করতে পারবে না। কোন এলাকায় কতটি ই-রিকশা চলবে, তা সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

    গতিসীমা: ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ২৫ কিলোমিটার। তবে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের মতো সংবেদনশীল এলাকায় এই গতি কোনোভাবেই ঘণ্টায় ১৫ কিলোমিটারের বেশি হতে পারবে না।

    নিরাপত্তা ও মানদণ্ড: প্রতিটি রিকশায় অবশ্যই স্পিডোমিটার এবং কিউআর কোডযুক্ত নিবন্ধন নম্বর থাকতে হবে। এছাড়া যানগুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ডে তৈরি হতে হবে।

    নিষিদ্ধ সড়ক: জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস চলাচলের সড়ক, করিডোর এবং প্রশাসন কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কোনো সড়কে ই-রিকশা চলতে পারবে না।

    মালিকানা ও ফি: একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার জন্য নিবন্ধন করতে পারবেন। দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা (বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা) এবং চার যাত্রী ধারণক্ষমতার রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা (বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা) নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কিউআর কোডের জন্য অতিরিক্ত ১ হাজার টাকা দিতে হবে।

    মেয়াদকাল: নিবন্ধনের মেয়াদ হবে ৫ বছর এবং একটি ই-রিকশার সার্বিক আয়ুষ্কাল ধরা হয়েছে ১২ বছর।

    অন্যান্য নির্দেশনা: চার্জিং স্টেশনে সৌরবিদ্যুতের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া প্রাথমিকভাবে চালকদের পরিচয়পত্র দেওয়া হলেও তা ড্রাইভিং লাইসেন্স হিসেবে গণ্য হবে না; তবে পরবর্তীতে তাদের পর্যায়ক্রমে লাইসেন্সের আওতায় আনা হবে।

  • গাজীপুরে শ্রমিক আন্দোলন ও মহাসড়ক অবরোধ: দেড় শতাধিক কারখানা ছুটি, সংঘর্ষে আহত পুলিশ-বিজিবি ও সংবাদকর্মী

    গাজীপুরে শ্রমিক আন্দোলন ও মহাসড়ক অবরোধ: দেড় শতাধিক কারখানা ছুটি, সংঘর্ষে আহত পুলিশ-বিজিবি ও সংবাদকর্মী

    শ্রমিক অসন্তোষের জেরে আজও উত্তপ্ত রয়েছে গাজীটুরের দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। দাবি আদায়ের পক্ষে ও বিভিন্ন স্থানে বিক্ষোভের কারণে ইতিমধ্যে দেড় শতাধিক কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

    আজ সোমবার (নভেম্বর ২) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে ইটপাটকেলের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন।

    পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে দুপুর ১২টার দিকে। গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় আন্দোলনকারীরা পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সময় টিভির রিপোর্টার ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করা হয়। এছাড়া এসএ টিভির ক্যামেরাপারসনও পায়ে আঘাত পান।

    এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিকরা আজও বিক্ষোভ অব্যাহত রেখেছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা ও মহানগর পুলিশের পাশাপাশি বিজিবি ও শিল্প পুলিশ যৌথভাবে কাজ করে যাচ্ছে।

  • ফিরে চলুন কারখানায়, ন্যায্য মজুরির লড়াইয়ে আবারও ডাকব: শ্রমিক নেতারা

    ফিরে চলুন কারখানায়, ন্যায্য মজুরির লড়াইয়ে আবারও ডাকব: শ্রমিক নেতারা

    তৈরি পোশাক খাতের চলমান অস্থিরতা কাটাতে আন্দোলনরত শ্রমিকদের কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে তারা আশ্বস্ত করেছেন যে, শ্রমিকদের ন্যায্য মজুরি আদায় না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আবারও রাজপথের আন্দোলনের ডাক দেওয়া হবে।

    সোমবার (২ নভেম্বর) রাজধানী বিজয়নগরের শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিক নেতাদের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত বাবুল আক্তার বলেন, “দয়া করে আপনারা কারখানায় ফিরে কাজে যোগ দিন। আমরা আপনাদের ন্যায্য মজুরির জন্য লড়াই করব। প্রয়োজন হলে আন্দোলনে যোগ দিতে আবার আপনাদের ডাকব।”

    এ সময় সাম্প্রতিক আন্দোলন ঘিরে গ্রেপ্তারকৃতদের প্রসঙ্গ টেনে তিনি ভাঙচুরের সঙ্গে জড়িত নন—এমন নিরপরাধ শ্রমিক ও শ্রমিক নেতাদের দ্রুত মুক্তির দাবি জানান। আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, সভার অজুহাতে মজুরি বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না।

    সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, চলমান অপ্রয়োজনীয় সংঘাতে শ্রমিকদের কোনো কল্যাণ হচ্ছে না, বরং এতে তাদের নায্য দাবিগুলোই আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    অন্যদিকে, আওয়াজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমা আক্তার বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো স্বার্থান্বেষী মহল আন্দোলনে অনুপ্রবেশ করেছে কি না, তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, এই বিশৃঙ্খল পরিস্থিতির কারণে কারখানা মালিকরা আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয়াদেশ হারাচ্ছেন, যা সামগ্রিক অর্থনীতির জন্যও উদ্বেগের বিষয়।

    সংবাদ সম্মেলনে আরও বেশ কজন শীর্ষস্থানীয় শ্রমিক নেতা উপস্থিত ছিলেন। তারা সবাই মিলে শ্রমিকদের কর্মসংস্থানের সুরক্ষা এবং একই সঙ্গে তাদের অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করার ওপর জোর দেন।

  • কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭৭ হাজার টাকার মাদকদ্রব্য উদ্ধার

    কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭৭ হাজার টাকার মাদকদ্রব্য উদ্ধার

    কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা, ৭৫ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার টাকা।

    কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    বিজিবি জানায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনি ও রবিবারের রাতের বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

    প্রথম অভিযান: শনিবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধলার মাঠ নামক স্থানে অভিযান চালায় বিজিবির একটি চৌকস টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৬৩ হাজার টাকা।

    দ্বিতীয় অভিযান: এর ঠিক পরের দিন রবিবার দিবাগত রাত ২টার দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মথুরাপুর রিফুজি পাড়া মাঠে আরও একটি অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা।

    এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রাখা হয়েছে।

    তিনি আরও বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান সম্পূর্ণ আপসহীন। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়নের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • ডিএমপির বিশেষ অভিযান: রাজধানীজুড়ে এক দিনে আটক ৪০৫, মামলা ৬২

    ডিএমপির বিশেষ অভিযান: রাজধানীজুড়ে এক দিনে আটক ৪০৫, মামলা ৬২

    রাজধানী ঢাকায় অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টার এসব অভিযানে বিভিন্ন অপরাধ ও মাদকের সঙ্গে জড়িত অভিযোগে মোট ৪০৫ জনকে আটক করা হয়েছে। একই সময়ে অপরাধীদের বিরুদ্ধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি মিডিয়া সেল।

    সোমবার (২ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগের অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর ও তেজগাঁও এলাকায়। ডিএমপির সূত্র অনুযায়ী আটকদের পরিসংখ্যান নিচে দেওয়া হলো:

    মিরপুর বিভাগ: ১৪৭ জন

    তেজগাঁও বিভাগ: ৫৯ জন

    গুলশান বিভাগ: ৪৩ জন

    লালবাগ বিভাগ: ৪০ জন

    মতিঝিল বিভাগ: ৩৬ জন

    ওয়ারী বিভাগ: ৩৪ জন

    উত্তরা বিভাগ: ২০ জন

    রমনা বিভাগ: ১৭ জন

    গোয়েন্দা পুলিশ (ডিবি): ৬ জন

    এসআরইউ: ৩ জন

    অভিযান চলাকালে অপরাধীদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, চোরাই ও অবৈধ মালামাল জব্দ করেছে পুলিশ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

    ৫,৯৯২ পিস ইয়াবা ট্যাবলেট

    ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা

    ২২ পুরিয়া হেরোইন

    বিভিন্ন কোম্পানির ৩,১১২টি সিম কার্ড ও ৪টি মোবাইল

    ১টি ট্রাক, ১টি বাস এবং ১টি চাবি

    ২৬টি সিলিং ফ্যান

    নগদ ৫৭,৬৮৫ টাকা

    ১ জন ভিকটিম উদ্ধার

    গত রবিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। ডিএমপি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দ্রুতই শেষ হবে: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দ্রুতই শেষ হবে: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুতই একটি সমাপ্তির দিকে যাচ্ছে। সম্প্রতি রাইট সাইড ব্রডকাস্টিং নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তেহরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয়, তবে যুক্তরাষ্ট্র নিজেই সামরিক অভিযানের মাধ্যমে এই সংকটের চূড়ান্ত সমাধান করবে।

    ট্রাম্পের ভাষ্যমতে, ‘আমরা দারুণ এক বিজয় অর্জন করেছি এবং খুব দ্রুতই বিষয়টির সুরাহা করব। হয় তারা চুক্তি করবে, নতুবা আমরা নিজেরাই এর ইতি টানব।’ তিনি আরও ইঙ্গিত দেন যে, নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা অতীতে দেখা যেকোনো অভিযানের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে।

    পরবর্তীতে আইওয়ার এক নির্বাচনি সমাবেশেও তেহরানের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প। তিনি বলেন, মানবতা ও জীবন বাঁচানোর তাগিদে তিনি এতদিন ধৈর্য ধরেছেন, তবে পরিস্থিতির প্রয়োজনে যেকোনো সময় তেহরানের ওপর কঠোর আঘাত হানতে হতে পারে।

    উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূত্রপাত ঘটে। ট্রাম্প এর আগে থেকেই সংঘাত দ্রুত শেষের ইঙ্গিত দিয়ে আসছেন এবং ধারণা করা হচ্ছে, আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের পরই এর একটি স্পষ্ট সুরাহা হতে পারে।

  • অনিয়ম ও প্রশ্নফাঁসের ছায়া যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগে: তদন্ত প্রধানের পদোন্নতিতে চাকরিপ্রার্থীদের ক্ষোভ

    অনিয়ম ও প্রশ্নফাঁসের ছায়া যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগে: তদন্ত প্রধানের পদোন্নতিতে চাকরিপ্রার্থীদের ক্ষোভ

    গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় ব্যাপক প্রশ্নফাঁস ও অনিয়মের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়। এই নজিরবিহীন প্রশ্নফাঁস এবং নিয়োগ দুর্নীতির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচির মতো কঠোর পদক্ষেপ নেন চাকরিপ্রার্থীরা। রাজপথে আন্দোলন ছড়িয়ে পড়লে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকসহ দুর্নীতির সঙ্গে জড়িত উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি ওঠে। প্রশ্নফাঁসের ঘটনা উদঘাটন ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার জন্য তদন্ত কমিটি গঠন করা হলেও এই কমিটি প্রতিবেদন দেওয়ার আগেই তড়িঘড়ি নতুন করে পরীক্ষার আয়োজন করা হয়।

    তদন্ত কমিটির প্রতিবেদন ছাড়াই পরীক্ষা নিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর
    তাও যে কমিটি পরীক্ষা ফাঁসের জন্য দায়ী তাদের অধীনেই নতুন পরীক্ষা নেওয়া হয়, যা নিয়ে ব্যাপক সমলোচনা চলছিল। এমনকি ১৬ অক্টোবর অনুষ্ঠিত এই নতুন পরীক্ষা নিয়েও ভয়াবহ রকমের অনিয়মের অভিযোগ উঠেছে। পরের দিন ফলাফল ঘোষণায় দেখা গেছে, নিয়োগ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন এবং কেউ কেউ সাদা ওএমআর সিট জমা দিয়ে এসেছেন এরাও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ নিয়ে ব্যাপক তোলপাড় চলছে সংশ্লিষ্ট মহলে।
    আরও পড়ুন: এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু
    অভিযোগ উঠেছে- প্রশ্নফাঁস নয়, এবার অন্য প্রক্রিয়ায় ঘুষের প্রার্থীদের পাস করিয়ে আনা হয়েছে। আর তারমধ্যেই ঘটেছে, প্রশ্নফাঁস তদন্ত কমিটির প্রধান যিনি, অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলমকে সচিব পদে পদোন্নতির ঘটনা। প্রশ্নফাঁসের মতো গুরুতর অপরাধ ধামাচাপা দেওয়ার পুরস্কার বা ঘুষ হিসেবে তিনি এই পদোন্নতি পেয়েছেন বলে সংশ্লিষ্ট মহলে কানাঘুষা চলছে।
    তদন্ত কমিটির নীরবতা ও ধামাচাপা দেওয়ার পাঁয়তারা
    গত ১০ অক্টোবর প্রশ্নফাঁসের ঘটনার পরপরই জন অসন্তোষ ও সামাজিক ক্ষোভ প্রশমিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে প্রধান করে গঠন করা হয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি। কমিটিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে মাত্র তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়সীমা পার হয়ে দীর্ঘ দিন অতিবাহিত হলেও তদন্ত কমিটি এখনো কোনো প্রতিবেদন জমা দেয়নি।
    বিশ্বস্ত সূত্র ও সংশ্লিষ্টদের দাবি, তদন্তের নেপথ্য কারণ অত্যন্ত গভীর। সঠিকভাবে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা হলে থলের বিড়াল বেরিয়ে আসবে এবং প্রশাসনের ভেতরে ও বাইরে থাকা শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তিবর্গ চিহ্নিত হয়ে যাবেন। ফলে প্রকৃত আসামিদের রক্ষা করতে এবং ঘটনাটি ধামাচাপা দিতেই তদন্ত প্রক্রিয়ায় চরম শ্লথগতি ও টালবাহানার আশ্রয় নেওয়া হচ্ছে।

    তদন্ত ধামাচাপা দেওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখানোর উদ্দেশ্যে একটি ‘আইওয়াশ’ অভিযানের নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু ব্যক্তিকে গ্রেফতার করা হলেও অনুসন্ধানে দেখা গেছে, গ্রেপ্তারকৃতদের সাথে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ বা বিতরণের কোনো ন্যূনতম যোগসাজশ নেই। এমনকি তারা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মী বা কোনো প্রক্রিয়ার সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত নন। ফলে মূল প্রশ্নফাঁসকারী চক্র ও প্রশাসনের প্রভাবশালী রড-বোতামরা অধরাই থেকে যাচ্ছেন।

    ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ১৮ অক্টোবর সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে উন্নীত করা হয়েছে। এই প্রক্রিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে সরিয়ে দিয়ে মাহফুজুল আলম খানকে সেই পদে বসানো হয়।

    প্রশাসনের অভ্যন্তরীণ সূত্র এবং সচেতন মহল বিষয়টিকে অত্যন্ত বিস্ময়কর ও সন্দেহজনক হিসেবে দেখছেন। তাদের মতে, গুরুতর প্রশ্নফাঁসের তদন্ত ঝুলিয়ে রেখে তদন্ত প্রধানকে এভাবে দ্রুত পদোন্নতি দেওয়া কোনো সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া নয়; বরং তদন্ত রিপোর্ট ধামাচাপা দেওয়ার বিনিময় হিসেবে বা ‘পুরস্কার/ঘুষ’ হিসেবে এই পদোন্নতি প্রদান করা হয়েছে। এর মাধ্যমে যুব উন্নয়নের প্রশ্নফাঁস তদন্তের কফিনে শেষ পেরেকটি মারা হলো এবং ভবিষ্যতে কোনো নিরপেক্ষ প্রতিবেদন আলোর মুখ দেখার আশা ক্ষীণ হয়ে গেছে।

    পদোন্নতিপ্রাপ্ত ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খানের অতীত ব্যাকগ্রাউন্ড নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের একজন কর্মকর্তা, যার মেধা তালিকায় অবস্থান ব্যাচের শেষ দিকে। বিগত আওয়ামী লীগ সরকারের মেয়াদে তিনি নানা সুযোগ-সুবিধা ভোগ করেছেন এবং কট্টর আওয়ামী অনুগত কর্মকর্তা হিসেবে পরিচিতি পান। আওয়ামী আমলে তিনি চীনে বাংলাদেশ দূতাবাসে গুরুত্বপূর্ণ পদে প্রেষণে নিয়োগ পান।

    তার স্ত্রী দিল আফরোজাও বিসিএস ১৮তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনিও পূর্ববর্তী সরকারের আমলে বিশেষ সুবিধাভোগী কর্মকর্তা হিসেবে পরিচিত। মাহফুজুল আলম খান চীনে পদায়নে থাকাকালে তার স্ত্রী দিল আফরোজাও লিয়েনের সুযোগ ভোগ করে চীনে অবস্থান করেন। দিল আফরোজা বর্তমানে প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন।

    তদন্ত কমিটির প্রধানকে পদোন্নতি প্রদান এবং প্রশ্নফাঁসের প্রকৃত দোষীদের আড়াল করার এই প্রচেষ্টায় চরম হতাশ ও ক্ষুব্ধ দেশের বেকার যুবক ও চাকরিপ্রার্থীরা। সংশ্লিষ্টদের আশঙ্কা, নামকাওয়াস্তে একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হলেও সেখানে মূল অপরাধীদের বাদ দিয়ে চুনোপুঁটিদের বলির পাঁঠা বানানো হবে, যার ফলে যুব উন্নয়নের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির মূল শেকড় উপড়ানো কখনই সম্ভব হবে না। তাছাড়া, এভাবে জাল-জালিয়াতির মাধ্যমে পূর্ব নির্ধারিত ব্যক্তিদের পাস করিয়ে আনার ঘটনা দেশের লাখ লাখ চাকরিপ্রার্থীর সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়, বলছেন সংশ্লিষ্টরা। যুব উন্নয়ন অধিদপ্তরের ১১তম গ্রেডের ২৪২ টি পদের এই নিয়োগ প্রক্রিয়ায় প্রায় শত কোটি টাকার নিয়োগ বাণিজ্য হয়েছে বলে অভিযোগ উঠেছে। শীর্ষকাগজের অন্য এক প্রতিবেদনে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।