Blog

  • বুলগেরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

    বুলগেরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

    বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রগ্রেসিভ বুলগেরিয়া পার্টির প্রার্থী ইলিয়ানা ইয়োতোভা। বিভিন্ন জরিপ সংস্থার প্রাথমিক হিসাব অনুযায়ী, তিনি পেয়েছেন প্রায় ৫৮ শতাংশ ভোট। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী সাবেক অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আন্দ্রে গিউরভ পেয়েছেন প্রায় ৩৮ শতাংশ ভোট। পরাজয় মেনে নিয়ে গিউরভ জানিয়েছেন, জনগণের এই সিদ্ধান্তকে তিনি শ্রদ্ধা জানান।

    এই প্রাথমিক ফলাফল চূড়ান্ত হলে বুলগেরিয়ার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়বেন ৬২ বছর বয়সি ইয়োতোভা।

    প্রধানমন্ত্রী রুমেন রাদেভের দল ‘প্রগ্রেসিভ বুলগেরিয়া পার্টি’-র সমর্থনে লড়ছেন ইয়োতোভা। গত এপ্রিলের সংসদ নির্বাচনে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। পর্যবেক্ষকদের মতে, ইয়োতোভার এই জয় ক্ষমতাসীন জোটের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আরও কেন্দ্রীভূত করবে, যা অন্যান্য প্রতিষ্ঠানের ভারসাম্যপূর্ণ নজরদারিতে কিছুটা প্রভাব ফেলতে পারে।

    ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি রাশিয়ার সঙ্গে ঐতিহ্যগত সম্পর্ক উন্নয়ন এবং দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে জোরালো অবস্থান রয়েছে ইয়োতোভার। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বরাবরই সামরিক সংঘাতে না গিয়ে কূটনৈতিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন। এছাড়া কৃষ্ণসাগর উপকূলবর্তী দেশগুলোকে নিয়ে একটি যৌথ নিরাপত্তা বৈঠকেরও প্রস্তাব দিয়েছেন তিনি।

    বুলগেরিয়ায় প্রেসিডেন্ট পদটি মূলত আনুষ্ঠানিক হলেও এর রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক ক্ষমতা। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে প্রেসিডেন্ট সংসদে পাস হওয়া আইনে ভেটো প্রদান, আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর এবং রাষ্ট্রদূত নিয়োগের ক্ষমতা রাখেন। সরাসরি জনগণের ভোটে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন দেশটির প্রেসিডেন্ট এবং একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে এই দায়িত্ব পালন করতে পারেন। সোমবারের মধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ হওয়ার কথা রয়েছে।

  • নুরের ঘূর্ণিজাদু আর পেসারদের তোপে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান

    নুরের ঘূর্ণিজাদু আর পেসারদের তোপে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান

    শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বল হাতে রীতিমতো তাণ্ডব চালালেন আফগান বোলাররা। শুরুটা পেসারদের তোপে হলেও মূল কাজটা সারলেন বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমেদ। তার ঘূর্ণিজাদুতে অসহায় আত্মসমর্পণ করল জিম্বাবুয়ের ব্যাটাররা। শেষ টি-টোয়েন্টিতে ৭ উইকেটের সহজ জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান।

    রোববার রাতের এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। প্রথম চার ওভারের মধ্যেই মাত্র ১৩ রান তুলতেই সাজঘরে ফেরে দলের শীর্ষ ৩ ব্যাটার। এরপর রায়ান বার্ল ও ওয়েসলি মাধভেরে মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ বলে ৩০ রান করেন বার্ল।

    ইনিংসের ১১তম ওভারে এসে মাত্র চার বলের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে পুরোপুরি ধসিয়ে দেন নুর আহমেদ। মাত্র ৬০ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়া দলটি শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৭ উইকেটে মাত্র ৭৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

    ক্যারিয়ারের সেরা বোলিংয়ে ৩.৩ ওভারে মাত্র ১৩ রান খরচায় ৫টি উইকেট শিকার করেন নুর। তাকে দারুণ সঙ্গ দেন অভিষিক্ত বোলার আবদুল্লাহ তারাখাইল, যিনি নেন ২টি উইকেট। নুরের এই বিধ্বংসী বোলিংই মূলত জিম্বাবুয়ের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেয়।

    মাত্র ৮০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আফগান ব্যাটারদের বড় কোনো ইনিংস খেলার প্রয়োজন হয়নি। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই জয় নিশ্চিত করে তারা। দলের পক্ষে ইব্রাহিম জাদরান ১৭ বলে ২৫, সেদিকউল্লাহ অতল ১৪ বলে ২০, আজমতউল্লাহ ওমরজাই ১২ বলে ১৮ এবং মোহাম্মদ আকরাম ৫ বলে ১৪ রান করেন।

    পুরো সিরিজে ব্যাট হাতে ১৪১ রান এবং বল হাতে ৪ উইকেট শিকার করে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সিরিজসেরার পুরস্কার জিতেছেন আজমতউল্লাহ ওমরজাই।

  • শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত আশুলিয়া-মিরপুর-গাজীপুর: পুলিশের টিয়ারশেল নিক্ষেপ, মহাসড়কে যান চলাচল বন্ধ

    শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত আশুলিয়া-মিরপুর-গাজীপুর: পুলিশের টিয়ারশেল নিক্ষেপ, মহাসড়কে যান চলাচল বন্ধ

    বিভিন্ন দাবিতে রাজধানী ঢাকার মিরপুর, সাভারের আশুলিয়া এবং গাজীপুরে সোমবার (২ নভেম্বর) সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ সময় আশুলিয়া ও মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

    সোমবার সকাল ১০টার পর থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিক্ষোভকারী শ্রমিকরা প্রথমে অনন্ত ও পরবর্তীতে হামীমের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করেন। রাস্তা অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

    শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেল) শোয়েব আহম্মেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

    এদিকে আজ সকাল সোয়া ৯টার দিকে মিরপুর-১০ এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের সরিয়ে দেয়। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের জবাবে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে, যার ফলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।

    মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এলে পুলিশ তাদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়।

    অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় সড়কে নেমে আসেন শ্রমিকরা। তাদের বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সুফিপুর ও হরিণঘাটিসহ আশপাশের এলাকায় ১০ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি ও নিরাপত্তার কথা মাথায় রেখে আশপাশের শিল্প-কারখানাগুলো পুনরায় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

    কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

  • পোশাকশিল্পে অস্থিরতা: ষড়যন্ত্রের আশঙ্কা জামায়াত আমিরের, সরকারের কঠোর অবস্থানের দাবি

    পোশাকশিল্পে অস্থিরতা: ষড়যন্ত্রের আশঙ্কা জামায়াত আমিরের, সরকারের কঠোর অবস্থানের দাবি

    দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা ও ভাঙচুরের ঘটনায় গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মনে করেন, একটি কুচক্রী মহল এই পরিস্থিতি উসকে দিয়ে দেশের অন্যতম প্রধান এই শিল্প খাতকে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে।

    সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আশঙ্কার কথা জানান তিনি।

    পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, পোশাকশিল্পে চলামান অস্থিরতার অংশ হিসেবে বিভিন্ন স্থানে ভাঙচুর ও কারখানায় অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। তবে কোনো মালিক বা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের বৈধ অধিকার আদায় করতে পারবেন না। এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে কোনো প্রকৃত শ্রমিক জড়িত হতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।

    পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে ডা. শফিকুর রহমান জানান, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। সামনে শীত মৌসুমকে কেন্দ্র করে পোশাক খাতে যে অর্থনৈতিক সম্ভাবনার সৃষ্টি হয়, তা নস্যাৎ করার পেছনে গভীর কোনো চক্রান্ত কাজ করছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতিতে শিল্পপ্রতিষ্ঠান রক্ষায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।

    পোশাক খাতের সুরক্ষায় মালিক, শ্রমিক এবং সংশ্লিষ্ট সব পক্ষকে অধিকতর আন্তরিক ও সতর্ক থাকারও তাগিদ দিয়েছেন তিনি।

  • পোশাক শ্রমিক আন্দোলনের অন্তরালে নাশকতা: জামায়াত ও আওয়ামী লীগকে দায়ী করলেন রাশেদ খাঁন

    পোশাক শ্রমিক আন্দোলনের অন্তরালে নাশকতা: জামায়াত ও আওয়ামী লীগকে দায়ী করলেন রাশেদ খাঁন

    রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে চলমান পোশাক শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা ও সহিংসতার অভিযোগ উঠেছে। এসব ঘটনার জন্য সরাসরি জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ তোলেন।

    পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, সম্প্রতি লং মার্চ থেকে জামায়াতের আমিরের দেওয়া ‘সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব’—এমন বক্তব্যের পরই শ্রমিক আন্দোলনের নামে দেশজুড়ে অরাজকতা শুরু হয়েছে। গতকাল রোববার মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে সংঘটিত সহিংসতা তারই ধারাবাহিকতা বলে দাবি করেন তিনি।

    তার মতে, সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সবসময় আন্তরিক। তা সত্ত্বেও জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের মাঠে নামিয়েছে। আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা শ্রমিক সেজে পুলিশের গাড়ি, পিকআপ এবং বিভিন্ন কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে।

    অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন—আওয়ামী লীগের এই অগ্নিসন্ত্রাসের পেছনে উসকানিদাতা হিসেবে জামায়াতের আমিরকেও কি আইনের আওতায় আনা উচিত নয়?

    বিশ্লেষকদের আশঙ্কা, আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশবিরোধী চক্রগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করার একটি সুদূরপ্রসারী পরিকল্পনায় এগোচ্ছে।

  • গোপালগঞ্জে মুকসুদপুর   বিদ্যালয় ও কলেজ ১৪ জন শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী ১জন পাশের হার শূন্য

    গোপালগঞ্জে মুকসুদপুর বিদ্যালয় ও কলেজ ১৪ জন শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী ১জন পাশের হার শূন্য

    গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দুর্বাশুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে ১৪ জন শিক্ষক কর্মরত আছেন। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নিয়েছেন মাত্র একজন শিক্ষার্থী। তবে তিনিও পাস করতে পারেন নাই। ফলে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।

    গত শনিবার (১ নভেম্বর) প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে এ চিত্র দেখা গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের শূন্য পাসের তালিকায় রয়েছে প্রতিষ্ঠানটির নাম।

    কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মানবিক বিভাগে একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে কোনো পরীক্ষার্থী ছিলেন না। প্রকাশিত ফলাফলে একমাত্র পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন।

    ১৯৯৮ সালে দুর্বাশুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২০০৯ সালে চালু করা হয় কলেজ শাখা। বর্তমানে প্রতিষ্ঠানটির স্কুল বিভাগে ১৪ জন শিক্ষক রয়েছেন। তাদের সবাই এমপিওভুক্ত এবং বেতন-ভাতা সঠিক ভাবে পাচ্ছেন। কলেজ শাখায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু থাকলেও শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে রয়েছে চরম সংকট।

    প্রতিষ্ঠানটির স্কুল শাখার প্রধান শিক্ষক স্বর্ণা রানী বিশ্বাস বলেন, কলেজটি গ্রামীণ এলাকায় হওয়ায় ছাত্র তেমন পাওয়া যায় না। এ জন্য শিক্ষকরাও কলেজে আসেন না। শিক্ষার্থী ভর্তির ব্যাপারেও তাদের কোনো উৎসাহ নেই।

    তিনি জানান, কলেজে শিক্ষার্থী বাড়ানোর চেষ্টা করছেন। এ জন্য প্রতিবছর নিজের পকেট থেকে টাকা খরচ করছেন। এলাকাবাসী জানান, ১৪ জন শিক্ষক একজন পরীক্ষার্থী কে সঠিক ভাবে পড়াশোনার দিকে লক্ষ্য করলে এধরনের আপত্তিকরজন ঘটনা ঘটতো না। এজন্য এলাকাবাসী মনে করেন যে, এজন্য দায়ী সম্পূর্ণ শিক্ষকবৃন্দ।

  • ইউক্রেন যুদ্ধ: নর্ডিক নেতাদের মধ্যস্থতা এবং কূটনীতির নতুন মোড়

    ইউক্রেন যুদ্ধ: নর্ডিক নেতাদের মধ্যস্থতা এবং কূটনীতির নতুন মোড়

    ইউক্রেন সংঘাত অবসানে দৃশ্যমান বড় কোনো অগ্রগতি না ঘটলেও, কূটনৈতিক ময়দানে কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটছে। গত ২৭ অক্টোবর ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের পক্ষ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া একটি যৌথ ফোনকলকে এই সংকটের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    নর্ডিক এই দুই শীর্ষ নেতা স্পষ্ট করেছেন যে, তাদের এই উদ্যোগ ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নয়, বরং রাশিয়ার সরাসরি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে নেওয়া হয়েছে। মূলত গত ২০ অক্টোবর অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন বিশেষ দূত স্টিফেন উইটকফের সঙ্গে তাদের একান্ত বৈঠকের পরই এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়।

    বিশ্লেষকদের মতে, ইউরোপীয় দেশগুলো এখন রাশিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগের পথ পুনরায় উন্মুক্ত করার চেষ্টা করছে। কিয়েভকে নরওয়ে ১৭ বিলিয়ন এবং ফিনল্যান্ড ৫ বিলিয়ন ইউরো সহায়তা দিলেও, শান্তি আলোচনায় তাদের এই অংশগ্রহণ প্রমাণ করে যে ইউক্রেনের কট্টর সমর্থকরাও এখন সংলাপের পক্ষে নিজেদের অবস্থান নমনীয় করছে।

    এরই ধারাবাহিকতায় ২১ অক্টোবর মার্কিন দূত স্টিফেন উইটকফ অসলো থেকে সেন্ট পিটার্সবার্গে গিয়ে ইউক্রেন সংকটের নতুন প্রস্তাব তুলে ধরেন। এর ফলশ্রুতিতে খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রথম ত্রিপক্ষীয় আলোচনা হতে যাচ্ছে, যা নভেম্বরের শুরুতে আবুধাবিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ফিনল্যান্ড ও নরওয়ের নেতারা পুতিনের সঙ্গে কথা বলার পর তাঁকে পুরো বিষয়টি অবহিত করেছেন এবং তিনি তাঁদের এই জোরালো প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপীয় ইউনিয়ন কড়া অবস্থান বজায় রাখলেও, সময়ের সঙ্গে সঙ্গে তাদের নীতিতে পরিবর্তন আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার উপযুক্ত সময় এটি। বিশেষ করে, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় খেরসনের ওলেশকি শহরে স্থানীয় মানবিক যুদ্ধবিরতি এবং ক্রেমলিনের সঙ্গে তাঁর কার্যকর সম্পর্কের বিষয়টি এই প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখছে। ক্রেমলিনও এই মডেলটিকে অন্যান্য সংঘাত অঞ্চলেও প্রয়োগের ইঙ্গিত দিয়েছে।

    পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার ডিজেল চুক্তির পর এবার অর্থ পরিশোধ ব্যবস্থা চালুর কথা ভাবা হচ্ছে। গুঞ্জন রয়েছে, ট্রাম্প রুশ অর্থনীতিতে যৌথ বিনিয়োগের প্রধান মাধ্যম ‘রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড’ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বিবেচনা করছেন। এছাড়া মার্কিন কৃষকদের স্বার্থে রুশ সার আমদানির পরিকল্পনা এবং লিন্ডসে গ্রাহাম আইন নিষ্ক্রিয় রাখার মতো পদক্ষেপগুলো রুশ পক্ষকে আলোচনায় নমনীয় করার একটি সুদূরপ্রসারী কৌশল বলেই মনে হচ্ছে।

    নর্ডিক নেতাদের সঙ্গে টেলিফোন আলাপে পুতিন মূলত তিনটি বিষয়ের ওপর জোর দিয়েছেন:
    ১. নভেম্বরের আবুধাবি বৈঠকে সম্পূর্ণ যুদ্ধবিরতি সাপেক্ষে রাশিয়া ও ইউক্রেন উভয়ের নিরাপত্তা নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা হবে।
    ২. রাশিয়ার স্বার্থ পুরোপুরি এবং শর্তহীনভাবে বিবেচনা করা না হলে কোনো স্থায়ী শান্তি আসবে না।
    ৩. ইইউ ও ন্যাটোর সংঘাতমূলক নীতি এই সংকটকে আরও দীর্ঘায়িত করছে।

    নভেম্বরের এই আসন্ন ত্রিপক্ষীয় বৈঠক হয়তো একবারে ইউক্রেন যুদ্ধের পুরোপুরি অবসান ঘটাতে পারবে না। ইউরোপীয় শক্তিগুলোও নিজেদের কূটনৈতিক অবস্থান নিয়ে যতটা ব্যস্ত, বাস্তবসম্মত দায়িত্ব নিতে ততটা আগ্রহী নয়—এমন সমালোচনাও রয়েছে। তবে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে যুদ্ধবিরতির এই নতুন উদ্যোগ বিশ্ববাসীকে কিছুটা হলেও আশাবাদী করে তুলেছে।

  • ইসরাইল নির্বাচন: সরকার গঠন নিয়ে অচলাবস্থা, ‘রা’আমগেট’ নিয়ে উত্তপ্ত রাজনৈতিক ময়দান

    ইসরাইল নির্বাচন: সরকার গঠন নিয়ে অচলাবস্থা, ‘রা’আমগেট’ নিয়ে উত্তপ্ত রাজনৈতিক ময়দান

    ইসরাইলের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দেশটিতে তীব্র রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের ম্যাজিক ফিগার কোনো দল বা জোটই নিশ্চিত করতে পারেনি। এর মাঝেই নির্বাচনে কারচুপি ও বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন এবং বিরোধী ইহুদিবাদী জোট পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে, আরব নেতৃত্বাধীন রা’আম এবং জয়েন্ট লিস্ট পেয়েছে সম্মিলিতভাবে ১৯টি আসন। তবে বিরোধী জোটের অধিকাংশ নেতা আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনে আপত্তি জানানোয় সরকার গঠন নিয়ে বর্তমানে বড় ধরনের অচলাবস্থা বিরাজ করছে।

    নির্বাচনে আরব দলগুলো কারচুপির মাধ্যমে জয় ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার দল লিকুদ পার্টি এই অভিযোগের পক্ষে ভোট কেনাবেচা এবং বিদেশি শক্তির হস্তক্ষেপের মতো দুটি বিষয় সামনে এনেছে। দলটির পক্ষ থেকে এই ঘটনাগুলোর নামকরণ করা হয়েছে ‘রা’আমগেট’।

    প্রথম ঘটনায় আরব দল রা’আমের কর্মীদের বিরুদ্ধে ভোট কেনার পরিকল্পনা করার অভিযোগ তুলে নির্বাচনের দিন দক্ষিণ ইসরাইল থেকে তিন বেদুইন অধিবাসীকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও পরবর্তী সময়ে আদালত একজন সন্দেহভাজনকে নিঃশর্ত মুক্তি দেন এবং বাকিদের রিমান্ড আবেদন নাকচ করেন। রা’আম দল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে সাজানো নাটক বলে অভিহিত করেছে।

    দ্বিতীয় ঘটনায় কাতারের পাশাপাশি তুরস্ক ও মুসলিম ব্রাদারহুডের অর্থায়নে আরব ইসরাইলিদের ভোটে প্রভাব বিস্তারের সন্দেহ করা হচ্ছে। সুপ্রিম কোর্টের উপপ্রধান ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান নোআম সোলবার্গের নির্দেশে ইতিমধ্যে এ বিষয়ে শিন বেত ও মোসাদ তদন্ত শুরু করেছে।

    নির্বাচন কমিশন ও শিন বেত জানিয়েছে, এসব অভিযোগের পক্ষে শক্ত কোনো ভিত্তি নেই এবং পুরো নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মহাপরিচালক ডিন লিভনে এবং প্রধান সোলবার্গ উভয়ই বলেছেন, তদন্তের ফল যাই হোক না কেন, এটি সামগ্রিক নির্বাচনি ফলাফলের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে না।

    এদিকে জয়েন্ট লিস্টের নেতারা নেতানিয়াহুর বিরুদ্ধে বর্ণবাদী বক্তব্য ছড়ানোর অভিযোগ তুলেছেন। সবমিলিয়ে, সরকার গঠন নিয়ে টানটান উত্তেজনার পাশাপাশি ভোট কারচুপির পাল্টাপাল্টি অভিযোগে ইসরাইলের রাজনীতি এখন চরম এক সন্ধিক্ষণে রয়েছে।

  • গাজায় ইসরাইলি ড্রোন হামলা: ৪ বছরের শিশুসহ নিহত ৮, নিহতদের মধ্যে ৫ পুলিশ সদস্য

    গাজায় ইসরাইলি ড্রোন হামলা: ৪ বছরের শিশুসহ নিহত ৮, নিহতদের মধ্যে ৫ পুলিশ সদস্য

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর পৃথক ড্রোন হামলায় চার বছরের এক শিশু ও পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত আটজন নিহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) গাজার বিভিন্ন স্থানে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। আল জাজিরা ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

    প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে পাঁচ পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত এবং বেশ কয়েকজন আহত হন। ফিলিস্তিনের স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, রুটিন দায়িত্ব পালনের সময় এই বর্বরোচিত হামলা চালানো হয়।

    মন্ত্রণালয় এই ঘটনাকে একটি ‘ভয়াবহ হত্যাযজ্ঞ’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে, পুলিশ সদস্যদের ওপর হামলা বন্ধে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ৭৫ জন পুলিশ ও নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

    অন্যদিকে, উত্তর গাজার গাজা সিটির রিমাল এলাকার তাজ মল সংলগ্ন স্থানে আরেকটি ড্রোন হামলায় চার বছরের এক শিশুসহ তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আগের একটি হামলায় গুরুতর আহত অপর এক ফিলিস্তিনিও রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, গাজায় এমন কোনো দিন পার হয় না যেদিন প্রাণঘাতী হামলার খবর আসে না। যুদ্ধবিরতির কথা বলা হলেও গাজাবাসীর জীবন ও নিরাপত্তার ওপর এই হুমকি এখনো অব্যাহত রয়েছে।

  • দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভাগ্য বদলাতে যাচ্ছে: ৩৪,৫০০ কোটি টাকার মেগা প্রজেক্ট ‘পদ্মা ব্যারাজ’ বাস্তবায়নের পথে

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভাগ্য বদলাতে যাচ্ছে: ৩৪,৫০০ কোটি টাকার মেগা প্রজেক্ট ‘পদ্মা ব্যারাজ’ বাস্তবায়নের পথে

    ফারাক্কা বাঁধের কারণে দীর্ঘদিন ধরে ধুঁকতে থাকা দেশের দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলের জনপদকে বাঁচাতে বর্তমান সরকারের মেগা প্রকল্প ‘পদ্মা ব্যারাজ’ এখন বাস্তবায়নের দোরগোড়ায়। শুষ্ক মৌসুমে পানির সংকট দূর করা, নদীভাঙন রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে প্রায় সাড়ে ৩৪ হাজার কোটি টাকার এই প্রকল্পের দৃশ্যমান কাজ আগামী ফেব্রুয়ারি মাসেই শুরু হতে যাচ্ছে।

    গত ১৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন এই মেগা প্রজেক্ট দেশের পানি, কৃষি, অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার ভবিষ্যৎ রক্ষায় একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

    ফারাক্কার বিরূপ প্রভাবে ধুঁকছে জনপদ
    ১৯৭০-এর দশকে ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকেই বাংলাদেশের পদ্মা নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বিঘ্নিত হতে থাকে। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলো—বিশেষ করে হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, ইছামতি ও বড়াল নদী আজ মৃতপ্রায়।

    নদীতে পর্যাপ্ত পানি না থাকায় শুষ্ক মৌসুমে দেখা দেয় মরুকরণ। অন্যদিকে বর্ষায় ধারণক্ষমতা হারিয়ে এসব অঞ্চলে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা ও বন্যা। পানিসম্পদ বিশেষজ্ঞদের মতে, লবণাক্ততার মাত্রা বেড়ে যাওয়ায় উপকূলীয় এলাকার মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে। ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত চাপের কারণে নামছে পানির স্তর, বাড়ছে আর্সেনিকের প্রকোপ। পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্য এবং মৎস্য সম্পদের ওপর পড়ছে মারাত্মক নেতিবাচক প্রভাব।

    প্রকল্পের মূল অবকাঠামো ও পরিকল্পনা
    পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, রাজবাড়ীর পাংশা উপজেলায় নির্মিত হবে ২.১ কিলোমিটার দীর্ঘ মূল পদ্মা ব্যারাজ।

    প্রকল্পের প্রধান বৈশিষ্ট্যসমূহ:

    ৭টি স্পিলওয়ে (পানি নিষ্কাশন কপাট) ও ১৮টি আন্ডারস্লুইস (তলদেশ নির্গমন পথ)।

    দুটি ফিশ পাস ও নৌ-লক ব্যবস্থা।

    নদীভাঙন রোধে গাইড বাঁধ ও অ্যাপ্রোচ বাঁধ নির্মাণ।

    প্রায় ২ হাজার ৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ এবং ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন।

    চলতি বছরের জুলাই মাস থেকে শুরু হওয়া এই প্রকল্পের কাজ ২০৩৩ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

    উপকৃত হবে ১৯ জেলার ৭ কোটি মানুষ
    পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের চার বিভাগের ১৯টি জেলার ১২০টি উপজেলার প্রায় ৭ কোটি মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবেন।

    প্রতিমন্ত্রী বলেন, “পদ্মা ব্যারাজ বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এক স্বর্ণযুগে প্রবেশ করবে। এতে শুধু মাছের উৎপাদনই বছরে প্রায় আড়াই লাখ টন বাড়বে এবং সব মিলিয়ে বার্ষিক ৭ হাজার ১২৭ কোটি টাকার অর্থনৈতিক সুবিধা আসবে।”

    পাশাপাশি বৃহত্তর কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের প্রায় ২৮ লাখ ৮০ হাজার হেক্টর কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। জি-কে সেচ প্রকল্প ও উত্তর রাজশাহী সেচ প্রকল্পে এটি নতুন গতি আনবে।

    বিশেষজ্ঞদের মতামত ও সুদূরপ্রসারী লক্ষ্য
    বুয়েটের বন্যা ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাশফিকুস সালেহীন মনে করেন, ভবিষ্যতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লবণাক্ততা ও সুপেয় পানির সংকট মোকাবিলায় পদ্মায় ফ্রেশ পানির সর্বোচ্চ প্রবাহ নিশ্চিত করার বিকল্প নেই। তবে নদীমাতৃক এই অঞ্চলের পরিবেশগত ভারসাম্য ও স্বাভাবিক পলিপ্রবাহ বজায় রাখতে কাজগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণের ওপর জোর দেন তিনি।

    সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ও পদ্মা ব্যারাজ-দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার হাত ধরে যে উদ্যোগের সূচনা হয়েছিল, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে তা বাস্তবায়িত হতে যাচ্ছে।

    সব মিলিয়ে, পদ্মা ব্যারাজ কেবল একটি অবকাঠামোগত উন্নয়ন নয়; বরং এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন-জীবিকা, পরিবেশ ও অর্থনীতির ঘুরে দাঁড়ানোর এক নতুন অধ্যায়।