Blog

  • মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার: ফেসবুক পোস্টের সূত্র ধরে উত্তরা থেকে আটক ১

    রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজিব চন্দ্র দাস (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে আটক করা হয়।

    উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রাত ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে উত্তরার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের প্যারাগন মাঠসংলগ্ন এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। রাজিবের স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার তুলাসার ৪ নম্বর ওয়ার্ড হলেও তিনি বর্তমানে উত্তরা এলাকায় বসবাস করছিলেন।

    পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত কয়েক দিন ধরে মিরপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলন চলছিল। এর মধ্যে রোববার মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনার পরপরই রাজিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে গাড়িটিতে আগুন দেওয়ার দায় স্বীকার করেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, ফেসবুক পোস্টের সূত্র ধরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। যেহেতু এ ঘটনায় পল্লবী থানায় একটি নিয়মিত মামলা রয়েছে, তাই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • গৃহবধূর গোপন ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল: মুন্সীগঞ্জে ধর্মীয় শিক্ষক গ্রেফতার

    প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে এক গৃহবধূর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মুন্সীগঞ্জে নূর আলম শেখ (৩২) নামের এক ধর্মীয় শিক্ষককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১ নভেম্বর) রাতে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত নূর আলম শেখ গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতী গ্রামের মৃত ব্যক্তির সন্তান এবং চার সন্তানের জনক। তিনি দীর্ঘদিন ধরে টঙ্গিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে ইমামতি করার পাশাপাশি স্থানীয় শিশুদের ধর্মীয় শিক্ষা দিয়ে আসতেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষকতার সুবাদে ওই গৃহবধূর বাড়িতে যাতায়াত ছিল নূর আলমের। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা শারীরিক সম্পর্কে জড়ান। এই সুযোগে নূর আলম গোপনে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে রাখেন। প্রায় এক মাস আগে বিষয়টি জানাজানি হলে স্থানীয় মসজিদ কমিটি তাকে ইমামতি থেকে বহিষ্কার করে এলাকা ছাড়তে বাধ্য করে।

    তবে এলাকা ছাড়লেও ক্ষান্ত হননি ওই শিক্ষক। সম্প্রতি তিনি ওই গৃহবধূকে পুনরায় দেখা করার জন্য চাপ দিতে শুরু করেন। গৃহবধূ অস্বীকৃতি জানালে, তার ধারণকৃত আপত্তিকর ভিডিও পরিবারের এক সদস্যের কাছে অনলাইনে পাঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি, দেখা না করলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

    এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পুলিশের শরণাপন্ন হলে নড়েচড়ে বসে প্রশাসন। রবিবার বিকেলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের দিকনির্দেশনায় ডিবির একটি দল শ্রীনগরে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়।

    ডিবি পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর আলম ব্ল্যাকমেইল ও ভিডিও ধারণের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • গাজীপুরে আজকেও ভয়াবহ শ্রমিক আন্দোলন, ধাওয়া পাল্টা ধাওয়া, ২৭৭ কারখানা বন্ধ, মহাসড়কে যানচলাচল বন্ধ

    রাজধানী ঢাকা, মিরপুর, উত্তরাসহ গাজীপুরে পোষাক শ্রমিকদের বেতন নূন্যতম ৩০ হাজার টাকা করার দাবিতে বেশ কয়েকদিন ধরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের আন্দোলন চলমান রয়েছে।

    সোমবার (০২ নভেম্বর) পোষাক শ্রমিকদের বেতন নূন্যতম ৩০ হাজার টাকা করার দাবির আন্দোলনের অংশ হিসেবে আজকেও সকাল থেকে শ্রমিকেরা রাস্তায় নেমে পড়ে। মহাসড়ক অবরোধ করে মিছিল করে। বিভিন্ন শিল্প কারখানা বন্ধ করে দেন। পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

    আন্দোলনের চাপে ও কারখানা ভাংচুর এবং নিরাপত্তা জনিত কারণে শুধু সাভার ও গাজীপুর ২৭৭ কারখানা বন্ধ। সহিংসতা ও জানমালের ক্ষয়ক্ষতির আশংকায় জনমনে সংশয় ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

    গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, পল্লী বিদ্যুৎ, চান্দরা, নাওজোড়, চৌরাস্তা সাভার, আশুলিয়া, বাইপাইল, হেমায়েতপুরে আন্দোলন তীব্র থেকে আরও তীব্র হয়ে ওঠে।

    পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে আনতে গাজীপুরে ২১ ম্যাজিস্ট্রেট এবং ১০ প্লাটুন বিজিবি’র টহল।

    অপর দিকে গাজীপুরের নাওজোড় ও সফিপুরে শ্রমিকদের শান্ত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা শ্রমিকদের আন্দোলন না করে কাজে ফেরার কথা বলেন।

    এসময় তারা বিশাল একটি মিছিল বের করেন এবং স্লোগান দেন বিএনপি শ্রমিক জনতা ভাই ভাই মিলেমিশে থাকতে চাই।

  • দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ২০ হাজার টাকা

    দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (প্যুর গোল্ড) দাম বাড়ার কারণ দেখিয়ে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন খরচ পড়বে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

    সোমবার (২ নভেম্বর) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণ করা হয়, যা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

    ২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা (যা গতকাল ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা)। অর্থাৎ ভরিপ্রতি বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা।

    ২১ ক্যারেট: প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা।

    ১৮ ক্যারেট: প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।

    সনাতন পদ্ধতি: এই পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

    এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। আগের নির্ধারিত দাম অনুযায়ীই ক্যাটাগরিভেদে রুপা বিক্রি হচ্ছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৫০০ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় অপরিবর্তিত রয়েছে।

  • আইইবি নির্বাচনে শৃঙ্খলাভঙ্গ: এ্যাবের ৯ নেতা স্থায়ী বহিষ্কার, শোকজ ৭

    আসন্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কঠোর পদক্ষেপ নিয়েছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)। সংগঠনের গঠনতন্ত্রের ধারা ১৩.২ লঙ্ঘনের দায়ে আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন স্বাক্ষরিত পৃথক আদেশে ৯ জন নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার এবং ৭ জনকে সাময়িক বহিষ্কারসহ কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

    সংগঠন সূত্রে জানা যায়, আইইবি নির্বাচনে এ্যাবের পক্ষ থেকে নির্দিষ্ট প্যানেল ও প্রার্থী চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু বহিষ্কৃত ও শোকজপ্রাপ্তরা সেই সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনী কার্যক্রমে অংশ নেন। পূর্বে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন তারা।

    গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় যাদের সদস্যপদ ও পদবি স্থায়ীভাবে বাতিল করা হয়েছে—

    প্রকৌশলী সৈয়দ মাহফুজ আহমেদ, পিইঞ্জ (উপদেষ্টা)

    প্রকৌশলী এটিএম তানবির-উল-হাসান তমাল (সদস্য, আহ্বায়ক কমিটি)

    প্রকৌশলী বিজু বড়ুয়া (সদস্য, আহ্বায়ক কমিটি)

    প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন (সদস্য, আহ্বায়ক কমিটি)

    প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল (সদস্য, আহ্বায়ক কমিটি)

    প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী (সদস্য, আহ্বায়ক কমিটি)

    প্রকৌশলী মো. কামরুল হাসান উজ্জ্বল (সদস্য, আহ্বায়ক কমিটি)

    প্রকৌশলী মোতাহার হোসেন (সাধারণ সদস্য)

    প্রকৌশলী কাজী ইয়াকুব সিরাজউদ্দৌলা (সাধারণ সদস্য)

    এর ফলে আজ থেকে এই ব্যক্তিরা এ্যাব-এর কোনো পদ-পদবি বা সংগঠনের নাম ব্যবহার করতে পারবেন না বলে জানানো হয়েছে।

    যাদের সাধারণ সদস্যপদ স্থগিত ও শোকজ করা হয়েছে:
    দলীয় প্যানেলের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা বা মনোনয়নপত্র দাখিল করায় ৬ জন সাধারণ সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের সাধারণ সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

    তারা হলেন— প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জনি, প্রকৌশলী মুহাম্মদ আবু হোসেন হিটলু, প্রকৌশলী মো. আরাফাত রহমান রাকু, প্রকৌশলী মো. মেসবাহুল ইসলাম বরাত, প্রকৌশলী মোহাম্মদ মুনতাসির মামুন, প্রকৌশলী মো. শহীদুজ্জামান ও প্রকৌশলী মুহাম্মদ সাইদুল ইসলাম।

    এ্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা এবং গঠনতান্ত্রিক মর্যাদা রক্ষার্থেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • হরমুজ প্রণালিতে ফের উত্তেজনা: বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারে হামলা, শঙ্কা ছড়াচ্ছে জলসীমায়

    হরমুজ প্রণালিতে ফের উত্তেজনা: বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারে হামলা, শঙ্কা ছড়াচ্ছে জলসীমায়

    মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ফের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। গত রবিবার (১ নভেম্বর) অজ্ঞাত বস্তুর আঘাতে একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। একই দিনে এই জলসীমায় পুঁতে রাখা মাইনে আঘাত হেনে দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।

    যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে অতিক্রমের সময় একটি বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেন বিপৎসংকেত (মেডে) পাঠিয়ে জানান যে, অন্য একটি জাহাজ অজ্ঞাতপরিচয় বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনুমোদনহীন পথে চলাচলের সময় দুটি তেল ট্যাংকার মাইনের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়।

    এর আগে গত শুক্রবার কাতার নিউজ এজেন্সির খবরে জানানো হয়, উপসাগরীয় জলসীমায় চলাচলের সময় কাতারের মালিকানাধীন ‘আল-মায়েদা’ নামের একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) গ্যাসবাহী ট্যাংকারে অজ্ঞাতপরিচয় বস্তু দিয়ে হামলা চালানো হয়েছে। তবে কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির তথ্যমতে, ওই হামলায় জাহাজের কোনো নাবিক হতাহত হননি এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি। বর্তমানে জাহাজটি নিরাপদ ও স্বাভাবিক অবস্থায় রয়েছে।

    হরমুজ প্রণালির মতো অতি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে ধারাবাহিক এসব হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের সামুদ্রিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

  • গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

    গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

    বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আজ সোমবার (২ নভেম্বর) সকালে এই অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

    আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

    শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে আন্দোলন অব্যাহত থাকবে। অন্যদিকে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে এবং শ্রমিকদের শান্ত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

    এর আগে গত রবিবার (১ নভেম্বর) সাভারের আশুলিয়া ও ঢাকার মিরপুরেও পোশাক শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শ্রমিকদের এই আন্দোলনের মুখে আশুলিয়ার অন্তত ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ওই দিন সকাল থেকে মিরপুর-১০, ১১, ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা, যা ওই অঞ্চলের যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়। তার আগের দিন শনিবারও (৩১ অক্টোবর) একই দাবিতে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছিলেন শ্রমিকরা।

    এদিকে চলমান শ্রমিক আন্দোলনের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম জানিয়েছেন, শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য ইতিমধ্যে একটি মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং সেই বোর্ডের মাধ্যমেই নিয়মতান্ত্রিকভাবে বিষয়টি সমাধান করা হবে।

    তিনি আরও বলেন, “বিষয়টি শ্রমিকদের বারবার বোঝানোর চেষ্টা করা হলেও তারা সড়ক ছাড়ছিলেন না। আমাদের কাছে আশঙ্কা রয়েছে যে, এই আন্দোলনকারীদের সঙ্গে কোনো কুচক্রী মহল বা সরকারবিরোধী চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে।”

  • জনশুমারি ২০২১: ৪৪৭ কোটি টাকা লোপাট ও বেয়ারার চেকে অর্থ উত্তোলনের চাঞ্চল্যকর তথ্য

    জনশুমারি ২০২১: ৪৪৭ কোটি টাকা লোপাট ও বেয়ারার চেকে অর্থ উত্তোলনের চাঞ্চল্যকর তথ্য

    নথিপত্র অনুসন্ধান ও বিশ্লেষণে দেখা যায়, সরকারি আর্থিক বিধিমালা এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) লঙ্ঘন করে বেয়ারার চেকে নগদ অর্থ উত্তোলন এবং ভুয়া ভাউচারের মাধ্যমে এই অর্থ লোপাট করা হয়েছে। আর এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিটি পদক্ষেপে সরাসরি স্বাক্ষর ও অনুমোদন ছিল তৎকালীন প্রকল্প পরিচালক (উপসচিব) মো. দিলদার হোসেনের—যিনি ফ্যাসিস্ট আওয়ামী দোসর হিসেবে পরিচিত। বর্তমানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে উন্নয়ন-১ শাখা তে উপসচিব পদে নিয়োজিত রয়েছেন। আর এই সিন্ডিকেটের সাথে সরাসরি জড়িত ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর তৎকালীন মহাপরিচালক ডক্টর বিনায়েক সেন (বর্তমানে বিদেশে), বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর তৎকালীন সিনিয়ার রিসার্স ফেলো ড. মোহাম্মদ ইউনুস (বর্তমানে গবেষণা পরিচালক), এবং রিসার্স ফেলো ডক্টর এস এম জাহেদুল ইসলাম চৌধুরী ( বর্তমানে পরলোকগত)।

    সরকারি আর্থিক নির্দেশিকা অনুযায়ী সরকারি বা স্বায়ত্তশাসিত যেকোনো লেনদেনে ক্রসড বা ‘অ্যাকাউন্ট পে’ চেকে অর্থ পরিশোধ করা বাধ্যতামূলক, যাতে অর্থের সঠিক গন্তব্য ও অডিট ট্রেইল সুরক্ষিত থাকে। তবে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পে এই নিয়মের তোয়াক্কা করা হয়নি। অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় বিআইডিএস-সংক্রান্ত হিসাব (নম্বর: ০২০০০১৯২১৫২৯০) থেকে নিয়মের বাইরে গিয়ে বেয়ারার চেকের মাধ্যমে সরাসরি ব্যাংক কাউন্টার থেকে নগদ টাকা তোলার সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে:

    ১৫ নভেম্বর ২০২২: ৫০৫৩০০৮ নম্বর চেকে নগদ ৯৮ লাখ ৭৪ হাজার ১০০ টাকা উত্তোলন করা হয়।

    ৭ মার্চ ২০২৩: ৫০৫৩০২০ নম্বর চেকে এক কিস্তিতে নগদ ২০ লাখ টাকা তোলা হয়।

    ৪ এপ্রিল ২০২৩: ৫০৫৩০২৬ নম্বর চেকে নগদ ৮ লাখ ৬০ হাজার টাকা তোলা হয়।

    অডিট বিশেষজ্ঞদের মতে, হিসাবের কাগুজে প্রমাণ বা ‘অডিট ট্রেইল’এড়ানোর অসদুদ্দেশ্যেই এ ধরনের বেয়ারার চেক ব্যবহার করা হয়েছিল। ব্যাংকের একটি অসাধু চক্রের যোগসাজশে এসব অর্থ আত্মসাৎ করা হয়।

    শুমারি-পরবর্তী যাচাই জরিপ (PEC) ও ডেটা প্রসেসিংয়ের কাজে যুক্ত মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী ও পারিতোষিকের নথিতেও ব্যাপক গরমিল পাওয়া গেছে। বিবিএসের একাধিক কর্মকর্তা-কর্মচারীর সম্মানী গ্রহণের নথির স্বাক্ষরের সঙ্গে ব্যাংকের চেক ও প্রাপ্তি স্বীকার নথির স্বাক্ষরে স্পষ্ট অমিল রয়েছে। এই প্রক্রিয়ায় পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান এবং সহকারী কার্টোগ্রাফার মো. জাহাঙ্গীর আলমের নাম ও স্বাক্ষর নিয়ে প্রশ্ন উঠেছে।

    মাঠপর্যায়ের ভুক্তভোগী কর্মীরা অভিযোগ করেছেন, তাঁরা সততার সঙ্গে জরিপ ও ডেটা প্রসেসিংয়ের কাজ সম্পন্ন করলেও তাঁদের নামে বরাদ্দ সম্মানীর বড় অংশই তাঁদের হাতে পৌঁছায়নি। কারও অজান্তেই নথিতে স্বাক্ষর বসিয়ে পুরো অর্থ তুলে নেওয়া হয়েছে অথবা নামমাত্র কিছু অর্থ ধরিয়ে দেওয়া হয়েছে।

    প্রকল্পের ভেতরের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পিইসি জরিপের অনিয়ম কেবল পুরো চিত্রটির একটি ছোট অংশ মাত্র। মূল প্রকল্পের বাজেট থেকে চারটি বড় খাতে প্রায় ৪৪৭ কোটি টাকা লোপাট করা হয়েছে:

    ১. ট্যাব কেনা: মাঠপর্যায়ে ব্যবহারের জন্য কেনা প্রায় ৩ লাখ ৯৫ হাজার ট্যাবলেট কম্পিউটারের ক্রয়ে সরবরাহকারীদের সঙ্গে যোগসাজশে বাজারদরের চেয়ে বহুগুণ বেশি মূল্য দেখানো হয়েছে।

    ২. প্রশিক্ষণ খাত: কাগজে-কলমে কাল্পনিক কর্মশালা, ভুয়া প্রশিক্ষণার্থী এবং অতিরিক্ত ভেন্যু ভাড়া দেখিয়ে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে।

    ৩. প্রচার-প্রচারণা: শুমারির প্রচারের নামে এমন সব ভুয়া প্রতিষ্ঠানের নামে বিল পাস করা হয়েছে, বাস্তব ক্ষেত্রে যাদের কোনো মিডিয়া তালিকাভুক্তি বা অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি।

    ৪. জ্বালানি ও পরিবহন: সরকারি গাড়ির অফিশিয়াল লগবুক এবং ফিলিং স্টেশনের প্রকৃত তথ্যের সঙ্গে জ্বালানি ব্যয়ের বিলের কোনো মিল পাওয়া যায়নি।

    প্রকল্পের অর্থ ছাড়, প্রশাসনিক অনুমোদন এবং বিল পাসের মূল দায়িত্বে ছিলেন তৎকালীন প্রকল্প পরিচালক (উপসচিব) মো. দিলদার হোসেন। দাপ্তরিক নথি, ক্যাশ স্মারক ও ব্যাংকের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, প্রশ্নবিদ্ধ প্রতিটি বেয়ারার চেক এবং ভুয়া বিলে তাঁর সরাসরি স্বাক্ষর ও অনুমোদন রয়েছে। ফ্যাসিস্ট সরকারের সময় নিজের ক্ষমতার অপব্যবহার করে তিনি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বিবিএসের একটি দুর্নীতিবাজ চক্র, বিআইডিএসের কিছু কর্মকর্তা এবং অগ্রণী ব্যাংকের একটি সিন্ডিকেটের মাধ্যমে এই বিশাল দুর্নীতি কাণ্ড ঘটিয়েছেন।

    প্রশাসনিক বিধি লঙ্ঘন করে কেন ‘অ্যাকাউন্ট পে’চেক বাদ দিয়ে বাহকের মাধ্যমে নগদ উত্তোলনের সুযোগ দেওয়া হলো—তা নিয়ে এখন প্রশাসনের অন্দরেও তীব্র আলোচনা ও ক্ষোভ বিরাজ করছে। জনস্বার্থে এই চাঞ্চল্যকর দুর্নীতির সঙ্গে জড়িত প্রতিটি দুর্নীতিবাজ ও তাদের দোসরদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সচেতন মহল।

    এই জালিয়াতির বিষয়ে জানতে চেয়ে ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে citypostbd.com এর পক্ষ থেকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘এটা পদ্ধতিগত ভুল ছিল। পরবর্তীতে ইকোনমিক শুমারিতে এই ভুল আর করেনি। পিপিআর বিধিমালা লঙগন করে অর্থ ব্যয় দেখানো অর্থ তসরুপ করা কি না? এমন প্রশ্ন করা হলে, ‘‘বিষয়টি তিনি এড়িয়ে গিয়ে এলোমেলো উত্তর দেন’’।

    তৎকালীন প্রকল্প পরিচালক দিলদার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন‘‘ আমি থাইল্যান্ড আছি ভাই,, আপনার ব্যক্তিগত নাম্বার দেন। দেশে এসে যোগাযোগ করবো।’’

  • ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল আলীমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ

    ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল আলীমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশাসনিক ব্যবস্থাপনা ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল আলীমের বিরুদ্ধে। বদলি ও নিয়োগ বাণিজ্য, সরকারি কেনাকাটা ও টেন্ডারে প্রভাব বিস্তার, বিভাগীয় তদন্তে হস্তক্ষেপ, আর্থিক লেনদেনের মাধ্যমে তদন্ত প্রতিবেদন প্রভাবিত করার চেষ্টা এবং অধিদপ্তরের গোপনীয় প্রশাসনিক তথ্য বাইরে সরবরাহের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি সরকারি আবাসন অননুমোদিতভাবে ব্যবহার এবং সাময়িক বরখাস্ত ওয়্যারহাউস ইন্সপেক্টর মহিউদ্দিনের সঙ্গে নিয়মিত যোগাযোগের অভিযোগও সামনে এসেছে।

    অভিযোগ রয়েছে, অধিদপ্তরের বদলি, পদায়ন ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তে আব্দুল আলীমের প্রভাব রয়েছে। পছন্দের ব্যক্তিদের সুবিধাজনক স্থানে পদায়ন, প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

    একই সঙ্গে সরকারি কেনাকাটা ও টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে।

    ফায়ার সার্ভিসের বিভিন্ন বিভাগীয় তদন্ত কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগও রয়েছে আব্দুল আলীমের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, তদন্তে অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে সুবিধা তৈরি এবং আর্থিক লেনদেনের মাধ্যমে তদন্ত প্রতিবেদনের সুপারিশ পরিবর্তনের চেষ্টা করা হয়েছে।

    এমনকি তদন্তে দায়ী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে তাঁদের পক্ষে প্রতিবেদন প্রভাবিত করার অভিযোগও উঠেছে।

    মহাপরিচালকের গোপনীয় সিদ্ধান্ত বাইরে সরবরাহের অভিযোগ

    অধিদপ্তরের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ ফাইল, প্রশাসনিক সিদ্ধান্ত, কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক তথ্য এবং বর্তমান মহাপরিচালকের নীতিগত সিদ্ধান্ত ও বক্তব্য বাইরের কিছু বিতর্কিত ব্যক্তির কাছে সরবরাহের অভিযোগ উঠেছে।

    অভিযোগকারীদের দাবি, প্রশাসনের ভেতরের একটি যোগাযোগব্যবস্থার মাধ্যমে অধিদপ্তরের স্পর্শকাতর তথ্য বাইরে পৌঁছে যাচ্ছে। এতে দাপ্তরিক গোপনীয়তা ও তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে উঠে এসেছে সাময়িক বরখাস্ত ওয়্যারহাউস ইন্সপেক্টর মহিউদ্দিনের নাম। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আব্দুল আলীমের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ আছে। মিরপুরের একটি অভিজাত রেস্টুরেন্টে তাঁদের বৈঠকের অভিযোগও রয়েছে।

    অভিযোগকারীদের আশঙ্কা, এই যোগাযোগের মাধ্যমে ফায়ার সার্ভিসের অভ্যন্তরীণ তথ্য, কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক ডাটাবেজ এবং অধিদপ্তরের নীতিগত সিদ্ধান্ত আদান-প্রদান হয়ে থাকতে পারে।

    প্রিন্সিপালের সরকারি কোয়ার্টারে অননুমোদিত বসবাসের অভিযোগ

    মিরপুরে ফায়ার সার্ভিসের প্রিন্সিপালের জন্য নির্ধারিত সরকারি কোয়ার্টারে আব্দুল আলীমের অননুমোদিতভাবে বসবাসের অভিযোগও সামনে এসেছে।

    সাবেক রাষ্ট্রপতির নাম ব্যবহারের অভিযোগ

    আব্দুল আলীমের বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নাম ব্যবহার করে প্রশাসন বিভাগের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

    কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভয়ভীতি ও হয়রানির অভিযোগ

    অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল এবং চাঁদাবাজির অভিযোগও উত্থাপিত হয়েছে। অভিযোগকারীদের দাবি, প্রশাসনিক প্রভাব ব্যবহার করে কিছু কর্মকর্তা-কর্মচারীকে চাপের মধ্যে রাখার ঘটনা ঘটছে।

    এসব অভিযোগের বিষয় জানতে চাইলে সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল আলীমের কাছে জানতে চাইলে। তিনি কোন মন্তব্য করেননি।

  • 🍽️ রাজদরবার হাইওয়ে রেস্টুরেন্ট—স্বাদ ও সুন্দর পরিবেশের এক অনন্য ঠিকানা মুকসুদপুর গোপালগঞ্জ

    পথের ক্লান্তি দূর করে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সুস্বাদু খাবারের স্বাদ নিতে চলে আসুন রাজদরবার হাইওয়ে রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে গোপালগঞ্জ জেলা মুকসুদপুর থানা, প্রভাকরদী কদমপুর বাবুরাম রোড সংলগ্ন,

    অল্প সময়ের মধ্যেই রেস্টুরেন্টটি খাবারের মান, পরিচ্ছন্নতা ও মনোরম পরিবেশের কারণে জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে পাওয়া যায় উন্নতমানের ও সুস্বাদু খাবার, সঙ্গে রয়েছে সুন্দর ও আরামদায়ক পরিবেশ।

    বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ যাতায়াতের পথে এখানে এসে খাবারের স্বাদ নিচ্ছেন এবং প্রশংসা করছেন। পরিবার-পরিজন, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর জন্যও এটি হতে পারে চমৎকার একটি জায়গা। এখানে বিবাহ ও জন্মদিনের অনুষ্ঠান হয়, চাই আপনি ও করতে পারেন,

    বিশ্বাস না হলে আপনিও একদিন পরিবার নিয়ে চলে আসুন—নিজ চোখে দেখুন, খাবারের স্বাদ নিন এবং সুন্দর সময় কাটিয়ে ঘুরে যান।

    🌿 রাজদরবার হাইওয়ে রেস্টুরেন্ট—স্বাদ, পরিবেশ ও আতিথেয়তায় আপনার আস্থার ঠিকানা।