Blog

  • মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান – ফখরুল ইসলাম এমপি

    মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান – ফখরুল ইসলাম এমপি

    মাদক, সন্ত্রাস, দখলবাজ ও চাঁদাবাজমুক্ত একটি সুশৃঙ্খল সমাজ বিনির্মাণের লক্ষ্যে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠন এবং সর্বস্তরের মানুষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম।

    শনিবার সন্ধ্যায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বসুরহাট পৌরসভা ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত র‍্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    ফখরুল ইসলাম এমপি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের মানুষের হৃদয়ের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জিয়া পরিবার এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন। এদেশের মানুষ বিএনপিকে নিরাপদ আশ্রয় মনে করে বলেই ২০২৬ সালের জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে নিরঙ্কুশ বিজয় দিয়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করেছে। বর্তমান সরকার কোনো রক্তচক্ষুকে ভয় করে না, জনগণ ও দেশের স্বার্থে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

    আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের মতো ঐক্যবদ্ধ থেকে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও পৌরসভা নির্বাচনেও যুবদলসহ দলের সব স্তরের নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে।

    অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজীম সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।

    কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সালের সভাপতিত্বে এবং আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজম খান, বসুরহাট পৌর বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন, সগীর, মেহেদী হাসান টিপু, ছালেহ উদ্দীন সুমন, ওবায়দুল হক রাফেল, মাজহারুল হক তৌহিদ ও ফরহাদ প্রমুখ।

  • ছাত্রলীগ ফিরলে কারো রক্ষা নেই: ফারুক হাসান

    ছাত্রলীগ ফিরলে কারো রক্ষা নেই: ফারুক হাসান

    আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ পুনর্বাসিত হলে কাউকেই আস্ত রাখা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে ককটেল বা গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি এই সতর্কবার্তা দেন।

    রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

    ফেসবুক পোস্টে ফারুক হাসান লেখেন, “যমুনা ফিউচার পার্ক এলাকায় গ্রেনেড ফাটিয়ে ছাত্রলীগের মিছিল! আর আপনারা এদিকে গুতাগুতি করতে থাকেন। লীগ ফিরলে কেউ কিন্তু আস্ত থাকবেন না।”

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই পোস্টের কমেন্ট বক্সে একটি অনলাইন পোর্টালের নিউজের স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি, যেখানে যমুনা ফিউচার পার্কের সামনে গ্রেনেড ফুটিয়ে ছাত্রলীগের মিছিল করার দাবি করা হয়েছে। ফারুক হাসানের এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

  • ৬৭ বছরের ঐতিহ্য ভেঙে নতুন ঠিকানায় চট্টগ্রাম কাস্টম হাউজ: কার্যক্রম শুরু হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে

    ৬৭ বছরের ঐতিহ্য ভেঙে নতুন ঠিকানায় চট্টগ্রাম কাস্টম হাউজ: কার্যক্রম শুরু হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে

    ১৯৫৮ সাল থেকে চট্টগ্রামের কাস্টমস মোড়ে বন্দর ভবনের বিপরীতে নিজস্ব ভবনে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে চট্টগ্রাম কাস্টম হাউজ। তবে যুগের চাহিদায় আরও আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করতে ৬৮ বছর বয়সী সেই পুরোনো ভবনটি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এর মধ্য দিয়ে শুরু হলো কাস্টম হাউজের এক নতুন অধ্যায়।

    পুরোনো ভবন ভাঙার কাজ শুরু হওয়ায় নতুন ঠিকানায় স্থানান্তরিত হচ্ছে ঐতিহ্যবাহী এই দপ্তরের কার্যক্রম। এরই অংশ হিসেবে রোববার (আজ) সকাল থেকে আগ্রাবাদ মোড়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভাড়া করা ফ্লোরে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম কাস্টম হাউজের বন্ড গ্রুপের কার্যক্রম শুরু হয়েছে।

    সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কাস্টম হাউজের বাকি সব বিভাগও এই নতুন ভবনে চলে আসবে। এরপর থেকে শতভাগ কার্যক্রম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকেই পরিচালিত হবে।

    চট্টগ্রাম কাস্টম হাউজের সহকারী কমিশনার ও মুখপাত্র শরীফ মোহাম্মদ আল আমিন জানান, নতুন ভবন নির্মাণের জন্য কাস্টম হাউজ পুরোনো ভবন ছেড়ে যাচ্ছে। ইতিমধ্যে ভবনের অংশবিশেষ ভাঙার কাজও শুরু হয়েছে। আজ থেকে বন্ড গ্রুপের কার্যক্রম নতুন ঠিকানায় শুরু হলেও অন্য সেকশনগুলো পর্যায়ক্রমে এ মাসের মধ্যেই স্থানান্তরিত হবে।

    অন্যদিকে, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম জানিয়েছেন, নতুন জায়গায় কাজ শুরু হওয়ায় তেমন কোনো বড় জটিলতায় পড়তে হয়নি। দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার একটু সহযোগিতার কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, এতে সেবাপ্রার্থীদের ভোগান্তি পোহাতে হবে না।

    ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কার্যক্রম পরিচালনার জন্য দুটি ফ্লোর ভাড়া নিয়েছে কাস্টম হাউজ। এর মধ্যে ১ লাখ ৫৬ হাজার ৬০০ বর্গফুট অফিস স্পেস এবং ৮ হাজার বর্গফুট গ্যারেজ রয়েছে। গত মে মাসে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, এই স্থানটির জন্য তিন বছরে মোট ৮১ কোটি টাকা ভাড়া পরিশোধ করতে হবে।

    বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং জাতীয় রাজস্ব বোর্ডের ‘কাস্টমস মর্ডানাইজেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর আওতায় নির্মিত হতে যাচ্ছে এই আধুনিক কাস্টম হাউজ। শুধু মূল ভবনই নয়, এর পাশাপাশি সাগরিকা এলাকায় একটি কাস্টম ট্রেনিং সেন্টারও নির্মাণ করা হবে।

    নতুন কাস্টম হাউজ ভবনটি হবে নান্দনিক ১৬ তলা বিশিষ্ট জাহাজ আকৃতির। যেখানে পার্কিং সুবিধার পাশাপাশি অত্যাধুনিক রাসায়নিক ল্যাব, আধুনিক অগ্নিুনিরাপত্তা ব্যবস্থা এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডরমেটরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হবে।

  • ঝাড়খণ্ডে থানায় অভিযোগ করতে গিয়ে ধর্ষণের শিকার নারী, অভিযুক্ত কনস্টেবল গ্রেপ্তার ও ওসি সহ ৫ পুলিশ বরখাস্ত

    ঝাড়খণ্ডে থানায় অভিযোগ করতে গিয়ে ধর্ষণের শিকার নারী, অভিযুক্ত কনস্টেবল গ্রেপ্তার ও ওসি সহ ৫ পুলিশ বরখাস্ত

    ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সরাইকেলা-খরসোয়া জেলার একটি থানায় মারাত্মক এক অপরাধের ঘটনা ঘটেছে। স্বামীর সাথে পারিবারিক কলহের জেরে নিরাপত্তা চাইতে থানায় যাওয়া এক নারী পুলিশ সদস্যের দ্বারাই ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় পারিবারিক ঝগড়ার জেরে ওই নারী ঘর ছেড়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন এবং পুলিশকে সহায়তার জন্য কল করেন। এরপর পুলিশের একটি পিসিআর ভ্যান তাকে উদ্ধার করে গামারিয়া থানায় নিয়ে আসে।

    থানায় পৌঁছানোর পর দায়িত্বরত কর্মকর্তারা তাকে বিশ্রামের জন্য একটি কক্ষ দেন। অভিযোগ রয়েছে, সেই সুযোগে থানারই এক ওয়্যারলেস অপারেটর কনস্টেবল ওই কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন।

    ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ সুপার মনোজ স্বর্গিয়ারির নির্দেশে সরাইকেলার মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) অনুভব ভরদ্বাজ বিষয়টি তদন্ত করেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত পুলিশ সদস্যকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে সঁপে দেওয়া হয়, যেখান থেকে তাকে জুডিসিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে।

    এদিকে, এই জঘন্য অপরাধের ঘটনায় কর্তব্যে অবহেলা ও শৃঙ্খলাভঙ্গের দায়ে গামারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ মোট পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

  • তৈরি পোশাক খাতের অস্থিরতা নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি ডা. শফিকুরের

    তৈরি পোশাক খাতের অস্থিরতা নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি ডা. শফিকুরের

    দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা ও সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিল্প এবং শ্রমিক—উভয়ের স্বার্থ রক্ষার্থে সরকারকে এখনই কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সংকট সমাধানে কালক্ষেপণের কোনো সুযোগ নেই।

    রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

    পোস্টে বর্তমান পোশাক খাতের বহুমুখী সংকটের চিত্র তুলে ধরে তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের ব্যর্থতা, জ্বালানির চড়া দাম, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিশ্ববাজারে অনিশ্চয়তা এবং পর্যাপ্ত বা আগের মতো ক্রয়াদেশ (অর্ডার) না পাওয়ায় খাতটি অত্যন্ত কঠিন সময় পার করছে। এর পাশাপাশি বাড়িভাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং যাতায়াত-চিকিৎসা ব্যয় বৃদ্ধিতে এ খাতের শ্রমিকদের জীবনও চরম সংকটাপন্ন হয়ে উঠেছে।

    পোশাক খাতকে টিকিয়ে রাখতে সরকারের প্রতি দ্রুত টেকসই পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে উৎপাদনের গতি বাড়ানো গেলে অন্যান্য সমস্যাগুলোও যৌক্তিকভাবে সমাধান করা সম্ভব।

    “শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবে না, দেশও বাঁচবে”—উল্লেখ করে তিনি বলেন, উদ্যোক্তা ও শ্রমিক উভয়পক্ষকে রক্ষায় সরকারকে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি সব পক্ষকে সংযম ও দায়িত্বশীলতা প্রদর্শনের আহ্বান জানিয়ে সতর্ক করেন যে, এ বিষয়ে যেকোনো ধরনের ব্যর্থতা দেশের ভঙ্গুর অর্থনীতিকে চূড়ান্ত ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে।

  • হবিগঞ্জের মাধবপুরে দুই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি মানবাধিকার নেতার

    হবিগঞ্জের মাধবপুরে দুই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি মানবাধিকার নেতার

    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আকলিমা আক্তার (৩২)-এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন এক মানবাধিকারকর্মী। যৌতুকের দাবিতে নির্যাতন, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন এবং পুলিশের ভূমিকা ও সালিশ-মীমাংসার নামে ধামাচাপার চেষ্টার অভিযোগ এনে হবিগঞ্জ পুলিশ সুপার বরাবরে একটি আবেদন করা হয়েছে।

    আজ বুধবার (২৮ অক্টোবর) ‘আইন সহায়তা কেন্দ্র (আসক)’ ও ‘মানবাধিকার ফাউন্ডেশন’ হবিগঞ্জ জেলা শাখার সহসভাপতি নুরুল হুদা চৌধুরী (ইলিয়াস) এই আবেদন করেন। গত ২৫ অক্টোবর ‘বাংলা এডিশন’-এ এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন, থানায় অভিযোগ গ্রহণ ও পরবর্তী কার্যক্রম যাচাই, সালিশে সংশ্লিষ্টদের ভূমিকা এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

    আবেদনে উল্লেখ করা হয়, মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের পৈলাবাড়ি গ্রামের চান মিয়া চৌধুরীর সঙ্গে একই গ্রামের আকলিমা আক্তারের প্রায় ১৬ বছর আগে বিয়ে হয়। তাঁদের সংসারে তিনটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আকলিমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। পরবর্তীতে স্বামী চান মিয়া দ্বিতীয় বিয়ে করেন বলেও অভিযোগে বলা হয়। সম্প্রতি ইউরোপে যাওয়ার জন্য স্ত্রীর কাছে ১০ লাখ টাকা দাবি করা হয় এবং টাকা দিতে না পারায় তাঁকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এসব নির্যাতনের সঙ্গে তাঁর মৃত্যুর কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে।

    গত ১৭ অক্টোবর আকলিমা অসুস্থ হয়ে পড়লে তাঁকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মাধবপুরে অ্যাম্বুলেন্সে তাঁর মৃত্যু হয় বলে পরিবার জানায়। তবে মৃত্যুর সঠিক কারণ, মৃত্যুর আগে নির্যাতনের শিকার হওয়া এবং চিকিৎসাসংক্রান্ত নথির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আবেদনকারী পক্ষ। কোনো ময়নাতদন্ত ছাড়াই দ্রুত লাশ দাফন করায় প্রকৃত রহস্য ধামাচাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

    প্রকাশিত সংবাদের বরাত দিয়ে আবেদনে বলা হয়, গত ২১ অক্টোবর রাতে হবিগঞ্জ আইনজীবী সমিতির এক শিক্ষানবিশ আইনজীবী কামাল খান মাধবপুর থানায় উপস্থিত হয়ে নিহতের ভাই সুমন চৌধুরীকে বাদী করে একটি লিখিত অভিযোগ প্রস্তুত করান। ওই অভিযোগে চান মিয়া চৌধুরী ও তাঁর বোনজামাই জালাল মিয়াসহ পাঁচজনকে অভিযুক্ত করা হয়।

    অভিযোগ রয়েছে, ওই রাতেই পুলিশ চান মিয়া চৌধুরীকে আটক করে থানায় নিয়ে যায়। কিন্তু পরবর্তীতে কোন আইনি প্রক্রিয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হলো, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় থানার সাধারণ ডায়েরি (জিডি), অভিযোগ রেজিস্টার এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকা তদন্তের দাবি জানানো হয়েছে।

    গৃহবধূর দাফনের পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির উদ্যোগে একটি সালিশ ও আপস-মীমাংসা হয় বলে অভিযোগ উঠেছে। ছাতিয়াইন গ্রামের নানু মিয়া, সেলিম মিয়া ও কবির খান চৌধুরীসহ কয়েকজনের নাম এতে উঠে এসেছে। স্থানীয়দের দাবি, অর্থের বিনিময়ে মধ্যস্থতা করে উভয় পক্ষের স্বাক্ষরসংবলিত স্ট্যাম্পে সমঝোতার শর্ত লিখে তা গোপন করা হয়েছে। এই সালিশের প্রকৃত উদ্দেশ্য এবং নিহতের পরিবার স্বেচ্ছায় এই সমঝোতায় রাজি হয়েছিল কি না, তা স্বাধীনভাবে তদন্তের দাবি জানানো হয়েছে।

    মামলা বা আইনি পদক্ষেপে না যাওয়ার জন্য নিহতের পরিবারকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পরিবারটি যাতে স্বাধীনভাবে আইনি প্রতিকার চাইতে পারে এবং তদন্তে সহযোগিতা করতে পারে, সেজন্য তাদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মী নুরুল হুদা চৌধুরী।

    নুরুল হুদা চৌধুরী (ইলিয়াস) বলেন, “কাউকে আগাম অপরাধী সাব্যস্ত করা আমাদের উদ্দেশ্য নয়। তবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, নিরপরাধ কাউকে হয়রানি না করা এবং অপরাধ প্রমাণিত হলে দায়ীদের আইনের আওতায় আনা প্রয়োজন।” তিনি এই মানবিক ও আইনি গুরুত্ব বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

  • শেরপুরে ব্রিজের নিচে ড্রামে ছিল অজ্ঞাতনামা নারীর লাশ; পিবিআই শেরপুরের তদন্তে গ্রেফতার-০৪

    শেরপুরে ব্রিজের নিচে ড্রামে ছিল অজ্ঞাতনামা নারীর লাশ; পিবিআই শেরপুরের তদন্তে গ্রেফতার-০৪

    গত ২২/১০/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন কুড়িকাহনিয়া ব্রিজের নিচে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রাম খুলে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করে। পিবিআই শেরপুর জেলার ক্রাইমসিন টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের পরিচয় শনাক্ত করে। ভিকটিমের নাম ঝিনুক আক্তার (২৬), পিতা-মোঃ শাকিল মিয়া, সাং-এরশাদনগর, টঙ্গী, গাজীপুর। এ ঘটনায় ভিকটিমের ফুফু বাদী হয়ে ভিকটিমের স্বামী সাইফুল ইসলামসহ আসামীদের বিরুদ্ধে শ্রীবরদী থানার মামলা নং-১০, তারিখ: ২৩/১০/২০২৬ খ্রিস্টাব্দ; ধারা: ৩০২/২০১/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করেন।

    গত ২৯/১০/২০২৬ খ্রি: তারিখে পিবিআই শেরপুর জেলা স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে। বর্তমানে পুলিশ পরিদর্শক (নিঃ) মাহবুবুর রহমান মামলাটি তদন্ত করছেন।

    পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা তথ্য-প্রযুক্তি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯/১০/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে পঞ্চগড় জেলার বোদা থানাধীন দিঘলগ্রাম থেকে ঘটনার সাথে জড়িত সন্দেহে মোঃ নুর ইসলাম ওরফে বাবু (৪৪)-কে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০/১০/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ঢাকার উত্তরখান এলাকা থেকে আসামী মোঃ সজল (৪৪)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গত ০১/১১/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে একই এলাকা থেকে আসামী মোঃ নুর মোহাম্মদ ওরফে গোসা ওরফে বুশা (৪৪) এবং মাহবুবা আক্তার ওরফে ফাতেমা (৪৪)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে নুর ইসলাম বাবু বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

    পিবিআই এর তদন্তে জানা যায়, ভিকটিম ঝিনুক আক্তার টঙ্গী এলাকায় পার্লারে কাজ করত। ঘটনার তারিখ ও সময়ে আসামিরা তাকে ঢাকার উত্তরখান এলাকায় নিয়ে যায়। সেখানে অনৈতিক কাজের পারিশ্রমিকের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের একপর্যায়ে মাহবুবা আক্তার ওরফে ফাতেমা বটি দিয়ে ভিকটিমকে আঘাত করে। পরবর্তীতে অন্য আসামিদের সহযোগিতায় আসামী ফাতেমা ভিকটিমকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর আসামীরা মরদেহ প্লাস্টিকের ড্রামে ভরে অজ্ঞাতনামা গাড়িযোগে শেরপুরের শ্রীবরদী থানাধীন কুড়িকাহনিয়া ব্রিজের নিচে ফেলে রেখে যায়।

    ভিকটিমের স্বামীর সংশ্লিষ্টতা এখন পর্যন্ত পাওয়া যায় নাই। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • ঢাকা মেডিকেলের সিঁড়ির নিচ থেকে ৭০ বছরের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

    ঢাকা মেডিকেলের সিঁড়ির নিচ থেকে ৭০ বছরের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

    ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন সিঁড়ির নিচ থেকে অজ্ঞাতনামা (আনুমানিক ৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) রাত ৭টার দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

    হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যায় ওয়ার্ডের বয়রা ওই বৃদ্ধকে সিঁড়ির নিচে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    ঘটনার বিষয়ে এক ওয়ার্ড বয় জানান, অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধ ওয়ার্ডের বাইরে সিঁড়ির নিচে ঘুমিয়ে ছিলেন। তিনি কখন এবং কীভাবে সেখানে এসেছিলেন, সে বিষয়ে কেউ কিছু বলতে পারেননি। সাধারণত ওই জায়গায় প্রায়ই ভবঘুরে প্রকৃতির লোকজন এসে ঘুমিয়ে থাকেন এবং চলে যান।

    এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। মরদেহের পরিচয় শনাক্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • মাদক ছেড়ে খেলার মাঠে তরুণদের ফেরাতে হবে: আইনমন্ত্রী আসাদুজ্জামান

    মাদক ছেড়ে খেলার মাঠে তরুণদের ফেরাতে হবে: আইনমন্ত্রী আসাদুজ্জামান

    লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা বাড়াতে পারলে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব—এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর জাতি গঠনে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।

    রোববার (১ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘ঢাকা মহানগরী ২য় বিভাগ ভলিবল লীগ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মাদকের ভয়াবহতা ব্যক্তি, পরিবার ও সমাজের পাশাপাশি পুরো পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, তরুণদের পুনরায় খেলার মাঠে ফিরিয়ে আনা জরুরি। ছেলে-মেয়ে নির্বিশেষে প্রত্যেককেই নিজ নিজ পছন্দের খেলায় অংশ নেওয়ার সুযোগ ও উৎসাহ দিতে হবে। নিয়মিত খেলাধুলা একটি সচেতন ও সুস্থ জাতি গঠনের মূল ভিত্তি তৈরি করে।

    খেলার মানোন্নয়নে খেলোয়াড়দের ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাততালি দিয়ে অনুপ্রেরণা জোগাতে পারেন, কিন্তু খেলাধুলাকে এগিয়ে নেওয়ার মূল দায়িত্ব খেলোয়াড়দেরই নিতে হবে। ভলিবল ফেডারেশনকে সামনে এগিয়ে নিতে খেলোয়াড়দের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার বিকল্প নেই।

    এ সময় ভলিবল ফেডারেশনের কার্যক্রমে বিভিন্ন পেশায় নিয়োজিত সাবেক খেলোয়াড়দের সম্পৃক্ততাকে আশাব্যঞ্জক বলে উল্লেখ করেন তিনি। তাদের অভিজ্ঞতা আগামী দিনে নতুন খেলোয়াড় তৈরিতে বড় ধরনের ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

    বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—

    রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনা ইবনে জামালী

    জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম

    বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম প্রমুখ।

    বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর মোট ১৩টি ক্লাব ও প্রতিষ্ঠানের ভলিবল দল অংশ নিচ্ছে।

  • আসাদুজ্জামান খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুদকের মামলার অভিযোগ গঠন শুনানির দিন পিছাল

    আসাদুজ্জামান খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুদকের মামলার অভিযোগ গঠন শুনানির দিন পিছাল

    অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

    রোববার (১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন নতুন এ দিন নির্ধারণ করেন।

    দুদকের আইনজীবী তরিকুল ইসলাম জানান, আজ মামলাটিতে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী অসুস্থ (ডেঙ্গু ও কিডনিতে আক্রান্ত) থাকায় আদালতে হাজির হতে পারেননি এবং সময়ের আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করে শুনানির এই নতুন তারিখ দেন।

    এই মামলার অন্য আসামিরা হলেন—আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি এবং মেয়ে শাফিয়া তাসনিম খান। এর আগে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০ থেকে স্থানান্তরিত হয়ে বিশেষ জজ আদালত-৫-এ আসে। শুনানির দিন কারাগারে আটক থাকা ছেলে শাফি মোদ্দাছির খানকে আদালতে হাজির করা হয়।

    ২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক। এরপর দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ১৮ ডিসেম্বর তাঁর পরিবারের চার সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

    দুদকের নথিপত্র অনুযায়ী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেন এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে ওই অর্থের উৎস গোপন বা রূপান্তরের গুরুতর অভিযোগ আনা হয়েছে।