
অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
রোববার (১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন নতুন এ দিন নির্ধারণ করেন।
দুদকের আইনজীবী তরিকুল ইসলাম জানান, আজ মামলাটিতে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী অসুস্থ (ডেঙ্গু ও কিডনিতে আক্রান্ত) থাকায় আদালতে হাজির হতে পারেননি এবং সময়ের আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করে শুনানির এই নতুন তারিখ দেন।
এই মামলার অন্য আসামিরা হলেন—আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি এবং মেয়ে শাফিয়া তাসনিম খান। এর আগে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০ থেকে স্থানান্তরিত হয়ে বিশেষ জজ আদালত-৫-এ আসে। শুনানির দিন কারাগারে আটক থাকা ছেলে শাফি মোদ্দাছির খানকে আদালতে হাজির করা হয়।
২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক। এরপর দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ১৮ ডিসেম্বর তাঁর পরিবারের চার সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
দুদকের নথিপত্র অনুযায়ী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেন এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে ওই অর্থের উৎস গোপন বা রূপান্তরের গুরুতর অভিযোগ আনা হয়েছে।
অনলাইন ডেস্ক 





















