Blog

  • টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ….

    মোঃ জাকির খান ধনবাড়ী টাঙ্গাইল

    টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব র‍্যালি ও যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
    আজ ০১ নভেম্বর রবিবার সকালে ধনবাড়ী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নুরজাহান আক্তার সাথী`র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহান, ধনবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকতা কুরবান আলী, সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ ও যুব উন্নয়ন প্রশিক্ষনের প্রশিক্ষনপ্রাপ্ত কর্মীরা।
    এসময় ধনবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকতা কুরবান আলী বক্তব্যে বলেন যুব সমাজের উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এসময় আরো বলেন যুব সমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস।
    বেকারত্ব দূরীকরণ, উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে যুবকদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি যুবকদেরও আত্মনির্ভরশীল হওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
    আলোচনা সভা শেষে যোগ্য যুবক যুবতীদের মাঝে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে উৎসাহিত করতে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

  • বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী  মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে ২নং ও ৩নং ওয়ার্ড থেকে আগত শত শত মুরব্বীয়ান, যুবক ও এলাকাবাসীর উপস্থিতিতে সাবেক চেয়ারম্যান মরহুম হাজী শফিক উদ্দিন আহমেদ’র বাড়ীতে আনুষ্ঠানিকভাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
    মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. তাজ উদ্দিন আহমেদ (মধু মিয়া) বলেন, আমি ছোটকাল থেকেই রাজনীতির সাথে জড়িত থেকে আপনাদের সুখে দু:খে পাশে থাকার চেষ্টা করেছি। দশঘর ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে আপনারা আমার বাড়ীতে এসে আমাকে যে, উৎসাহ, সমর্থন ও সহযোগীতা অব্যাহত রেখেছেন, তাতে আমি এবং আমার পরিবার আপনাদের কাছে চির ঋণী।
    নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সুবাদে আমার হাতে, আমার গ্রামের আবুল হোসেন মেম্বার, রফু মিয়া, মরহুম শফিক উদ্দিন আহমেদ চেয়ারম্যানের অবদানে যে উন্নয়ন সাধিত হয়েছে দশঘর ইউনিয়নে। ঠিক ইলিয়াস আলীর আদর্শকে ধারণ করে এ ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন এবং আপনাদের ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হতে পারি, তবে দশঘর ইউনিয়নকে একটি মডেল ও উন্নত ইউনিয়নে রূপান্তর করব। আপনাদের প্রতিটি সমস্যায় আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব ইনশাআল্লাহ। দলমতের ঊর্ধ্বে উঠে উন্নয়নের স্বার্থে, এলাকার কল্যাণে সকলে মিলে এক সঙ্গে কাজ করি। আপনাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রেখে আমাকে সেবা করার সযোগ দিন এবং কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিন। আপনাদের এই পরিশ্রম ও ভালোবাসা ইনশাআল্লাহ বৃথা যাবে না।
    বিশিষ্ট মুরব্বী ছাদিকুর রহমান ফুরআলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট মুরব্বী ও শালিশ ব্যক্তিত্ব শামছুদ্দিন মেম্বার। অনুষ্ঠানে শেখ ফরিদ ও মজলু মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বরুণী গ্রামের বিশিষ্ট মুরব্বী ড. ময়ূরউদ্দিন, ভাটিপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুল গণি আনছারী, আব্দুর রশীদ, রায়কেলী গ্রামের রাজু মিয়া, সারোয়ার আহমদ, শেখ আরিফ আলী, ছালিয়া গ্রামের তরুণ সংগঠক আব্দুল হামিদ, নিহালের নোয়াগাঁও গ্রামে খোয়াজ আলী, ইছবর আলী, তজম্মুল আলী, বরুণী গ্রামের জামাল মিয়া, আজকর আলী, সমেমর্দ্দান গ্রামের বিশিষ্ট মুরব্বী গেদা মিয়া, সাড়ইল গ্রামের মুরব্বী সাইস্তা মিয়া, গোবিন্দ দাস লাল, দশঘর গ্রামের বিশিষ্ট শালিশ ব্যক্তিত্ব বাদশা মিয়া, দশঘর গ্রামের কৃতি সন্তান মাসুক মিয়া।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বিশিষ্ট মুরব্বী তোতা মিয়া, লোকমান আহমদ, বরুণী গ্রামের মকছুদ আলী, ছালিয়া গ্রামের আফরোজ আলী, ড. শ্রী করুণা চক্রবর্তী, জুবেল মিয়া, নিহালের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আছাব আলী, ছালিয়া গ্রামের নুরউদ্দিন, হেকমত আলী, বরুনী গ্রামের মনি ডাক্তার, ইলিয়াস মিয়া, মো. রহমত আলীসহ এলাকার গণমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নূরে মদিনা জামে মসজিদের ইমাম মোহাম্মদ তানজির শাহ।

  • এইচএসসি পাসের শুভেচ্ছা পোস্ট আর বিতর্ক: শেষ পর্যন্ত বিলুপ্ত হলো চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি

    এইচএসসি পাসের শুভেচ্ছা পোস্ট আর বিতর্ক: শেষ পর্যন্ত বিলুপ্ত হলো চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি

    ছেলের এইচএসসি পাসের একটি ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া তীব্র আলোচনা-সমালোচনার মধ্যেই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি। একই সঙ্গে মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ।

    রবিবার সন্ধ্যায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে কমিটি দুটি বিলুপ্ত করার কথা বলা হলেও, সম্প্রতি তৈরি হওয়া বিতর্কের বিষয়টি সেখানে উল্লেখ করা হয়নি।

    গত শনিবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে চুয়াডাঙ্গা সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে জোনায়েব ইসলাম মাহী নামের এক শিক্ষার্থী জিপিএ-৪.৮৫ পেয়ে উত্তীর্ণ হন। ওই ছাত্রের বাবা শাহাজান খাঁন নিজেই চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি। ছেলের সাফল্যে গর্বিত হয়ে ফল প্রকাশের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন তিনি। এরপরই শুরু হয় নানা আলোচনা ও বিতর্ক—বিশেষ করে ছাত্রদল নেতার বয়স এবং পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় ট্রল ও সমালোচনা।

    কমিটি বিলুপ্তির বিষয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খাঁন জানান, “২০১৮ সালে দলের দুঃসময়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দল এতদিন দায়িত্ব দিয়ে রেখেছিল বলেই কমিটি এভাবে চলছিল।”

    ছেলের পাস করা নিয়ে চলা বিতর্কের বিষয়ে তিনি দাবি করেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ট্রল তৈরি করেছে। তার ভাষ্যমতে, যারা এই অপপ্রচার চালাচ্ছে তাদের বেশিরভাগই ফ্যাসিবাদের দোসর যুবলীগ ও ছাত্রলীগের লোকজন। ভুয়া আইডি ব্যবহার করে তারা এসব করছে উল্লেখ করে তিনি বলেন, “তারা ভাবছে— আমাদের মতো ত্যাগী নেতারা রাজপথে না থাকলে তাদের অসৎ উদ্দেশ্য হাসিল হবে। তবে দলের যেকোনো সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব।”

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেয়াদোত্তীর্ণ এই দুটি ইউনিটে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে।

  • মিরপুরে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ এডিসি জাহিদুল ইসলামের বিরুদ্ধে

    মিরপুরে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ এডিসি জাহিদুল ইসলামের বিরুদ্ধে

    রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং কালের কণ্ঠের এক মাল্টিমিডিয়া রিপোর্টারের মোবাইল ফোন কেড়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জাহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও ফুটেজ পাওয়া গেলেও দীর্ঘ ৮ থেকে ১০ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও মোবাইল ফোনটি ফেরত পাননি ভুক্তভোগী সাংবাদিক।

    ভুক্তভোগী সাংবাদিক মাহবুব ইসলাম দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম জাহিদুল ইসলাম, যিনি ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি)।

    জানা গেছে, রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরে আন্দোলনকারী পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করছিলেন সাংবাদিক মাহবুব ইসলাম। তাঁর অভিযোগ, এ সময় হঠাৎ এডিসি জাহিদুল ইসলাম তাঁর দিকে এগিয়ে এসে মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। মাহবুব নিজের পরিচয়পত্র দেখিয়ে বারবার অনুরোধ করলেও তাঁকে ফোনটি ফেরত দেওয়া হয়নি।

    ঘটনার সময় মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানও উপস্থিত ছিলেন। তাঁর মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন মাহবুব। পরবর্তীতে এডিসি জাহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোনটি ফেরত দেওয়ার আশ্বাস দেন এবং একপর্যায়ে জানান যে ফোনটি নির্দিষ্ট একটি স্থানে রয়েছে। তবে সর্বশেষ যোগাযোগ করা হলে পুলিশ জানায়, ফোনটি এখনো তাদের হাতে পৌঁছায়নি এবং ফোন না পাওয়া গেলে নতুন কিনে দেওয়ার কথাও বলা হয়।

    ভুক্তভোগী মাহবুব ইসলাম বলেন, ‘আমার মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ সংবাদ, বিশেষ প্রতিবেদনসংক্রান্ত বক্তব্য ও প্রয়োজনীয় নথি রয়েছে। ফোনটি না থাকায় সারাদিন কোনো কাজ করতে পারিনি।’

    একই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েন ঢাকা পোস্টের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হোসেন। ভিডিও ধারণের সময় এডিসি জাহিদুল ইসলাম তাঁকে উদ্দেশ করে বলেন, ‘ভাই, আপনারা কী ভিডিও করছেন? সরে যান, দূরে যান।’

    ভিডিও ধারণে বাধা দেওয়ার কারণ জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এখন অনেক ঝামেলায় আছি, মাথা গরম আছে।’ জবাবে সাংবাদিক মারুফ বলেন, ‘আপনি অপেশাদার আচরণ করছেন। আন্দোলনে পুলিশকে নেতৃত্ব দিচ্ছেন। আপনার মতো একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করলে অধঃস্তনরা কী করবেন?’ পরে পরিস্থিতি বিবেচনায় সাংবাদিকরা সেখান থেকে সরে আসেন।

    সাংবাদিকের মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করে এডিসি জাহিদুল ইসলাম দাবি করেন, ‘আমি সাংবাদিকের কোনো মোবাইল নিইনি।’

    তবে উপস্থিত সাংবাদিকরা তাঁকে ঘটনার ভিডিও ফুটেজ দেখালে তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে বিষয়টি এড়িয়ে যান।

  • ডাকের থার্ড ক্লাস কর্মচারি খলিলের কোটি টাকার সাম্রাজ্য

    ডাকের থার্ড ক্লাস কর্মচারি খলিলের কোটি টাকার সাম্রাজ্য

    ডাক বিভাগের ঢাকা দক্ষিণ মেট্রো সার্কেলে ২০০৪ সালে যোগদান করেছিলেন সাবেক ছাত্রলীগ নেতা খলিলুর রহমান ভুঞা। পদ ছিল পোস্টাল অপারেটর। রাজধানীর ক্যান্টনমেন্ট ডাকঘরে কর্মরত এ ধূর্ত কর্মচারির একক আধিপত্যে ডাক বিভাগে গড়ে উঠেছে এক অঘোষিত, ভয়াল ও আতঙ্কের রাজত্ব।
    সাবেক ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দীর্ঘ ও নিপীড়নমূলক শাসনামলে ডাক বিভাগের সাধারণ কর্মচারিদের ওপর খলিলের দোর্দণ্ড প্রতাপ ছিল এক বিষাদময় বাস্তবতা।

    ‘অমুক প্রভাবশালী মন্ত্রী’ কিংবা ‘তমুক ডাকসাইটে নেতা’র ভুয়া ও বানানো পরিচয় ভাঙিয়েছেন। প্রশাসনিক শৃঙ্খলা তোয়াক্কা না করে ভাগিয়ে নিতেন মোক্ষম সব পোস্টিং। কেবল নিজের ভাগ্য বদলই নয়, মোটা অঙ্কের গোপন অর্থ লেনদেনের বিনিময়ে অন্যদেরও নিশ্চিত করে দিতেন কাঙ্ক্ষিত ‘প্রাইজ পোস্টিং’।
    দাফতরিক পদমর্যাদায় তিনি স্রেফ নগণ্য একজন তৃতীয় শ্রেণীর কর্মচারি। কিন্তু চালচলনে তার বাহ্যিক যাপন রীতিমতো রাজকীয় ও জাঁকজমকপূর্ণ। ১২তম গ্রেডের স্কেল অনুযায়ী তার সর্বোচ্চ মূল বেতন মাত্র ২৭ হাজার ৩০০ টাকা এবং সর্বসাকুল্যে ভাতা পান মাত্র ৩০ থেকে ৩২ হাজার টাকা। অথচ বাস্তবে তিনি কোটি কোটি টাকার এক বিশাল ও রহস্যময় সাম্রাজ্যের অধিপতি।

    বিগত স্বৈরাচারী সরকারের আমলে আউটসোর্সিং নিয়োগে জঘন্য দুর্নীতি, লাভজনক প্রকল্প বাণিজ্য ও বদলি সিন্ডিকেট চতুরতার সঙ্গে নিয়ন্ত্রণ করে তিনি হাতিয়েছেন অবৈধ সম্পদের পর্বতসম পাহাড়। সরকারি চাকরি বিধিমালার কঠোর বিধানগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে সমান্তরালে চালিয়ে যাচ্ছেন বিশাল সব ব্যবসাও। প্রশ্ন উঠেছে- একজন সাধারণ তৃতীয় শ্রেণীর কর্মচারি রাতারাতি কোটি কোটি টাকার মালিক হলেন কোন আলাদিনের চেরাগের বলে?
    স্বভাবে চরম ধূর্ত ও বর্ণচোরা খলিল ভুঞার ভোল পাল্টাতে এক মুহূর্তও সময় লাগে না। নিজের হীন স্বার্থ হাসিলে তিনি যেকোনো মানুষের পা ধরতে দ্বিধা করেন না, আবার প্রয়োজন ফুরালে দেন নির্মম ও আছাড়সম ধাক্কা। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতার মসনদে বসার পর থেকেই খলিল হয়ে ওঠেন সম্পূর্ণ অনিয়ন্ত্রিত ও অপ্রতিরোধ্য।

    নানা বাহানায় তৎকালীন বিতর্কিত ডাক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, মাদারীপুরের তৎকালীন এমপি আব্দুস সোবহান গোলাপ, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পুত্র রেদওয়ান আহমেদ তৌফিক, নাজমুল আহসান পাপন, তৎকালীন বাণিজ্যমন্ত্রী আহসানুল হক টিটো এবং নিষিদ্ধ ঘোষিত আ’লীগের মহানগর সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ ডজনখানেক প্রভাবশালী মন্ত্রী, এমপি ও বলদর্পী নেতার সঙ্গে গড়ে তোলেন সুগভীর ও নিবিড় সখ্যতা।

    আওয়ামী লীগের প্রতিটি রাজনৈতিক মিটিং-মিছিলেও ছিল তার রাজপথ কাঁপানো সক্রিয় উপস্থিতি। এমনকি ডিবি পুলিশের বিতর্কিত ও আলোচিত কর্মকর্তা হারুন অর রশীদও (ডিবি হারুন) হয়ে ওঠেন তার চরম ‘কাছের মানুষ’।

    ক্ষমতার এ দুর্ভেদ্য বলয়কে ঢাল হিসেবে ব্যবহার করে নিরীহ ডাক কর্মচারিদের ওপর অবিরত ভয়ভীতি ছড়াতেন খলিল। এ কায়েমি স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে কেউ মুখ খুললেই জুটত চরম প্রশাসনিক হয়রানি ও মানসিক নির্যাতন। স্বৈরাচারপন্থী পোস্টম্যানদের সংগঠিত করে গড়ে তোলেন এক শক্তিশালী সিন্ডিকেট, যার ৯ বছর ধরে সাধারণ সম্পাদক তিনি। ডাক বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে খলিল নিয়মিত ২ থেকে ৩ শতাংশের মোটা অঙ্কের কমিশন কেটে নিতেন।

    এছাড়া জালিয়াতিপূর্ণ আউটসোর্সিং নিয়োগ, কেনাকাটা, টেন্ডার বাণিজ্য এবং সঞ্চয়পত্র জালিয়াতি ছিল তার অবৈধ উপার্জনের মূল চালিকাশক্তি। আউটসোর্সিংয়ের নামে নিয়োগ দেন স্বজনপ্রীতি করে নিজের নিকটাত্মীয় ঢাকা ক্যান্টনমেন্ট টিএসও’র পোস্টম্যান মো: ইমরান মিয়াকে।

    এছাড়া বনানী পোস্ট অফিসের মো: আসিফুল ইসলাম, খিলক্ষেত টিএসও’র রানার মোঃ আতিকুল ইসলাম জিহাদ, মোহাম্মদপুর টিএসও’র রানার মো: আলমগীর, খিলগাঁও টিএসও’র প্যাকার তাকলিমা আক্তার ও গুলশান টিএসও’র রানার মো: মামুনুর রশীদকে চাকরি দেন। সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, এদের প্রত্যেকের কাছ থেকে গড়ে ২ লাখ টাকা করে ঘুষ হাতিয়ে নেয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সব পোস্ট অফিসে তার বসানো অনুগত লোকগুলো এখনো বহাল তবিয়তে কাজ চালিয়ে যাচ্ছে।

    মাসিক আয় সর্বসাকুল্যে ৩০-৩২ হাজার টাকা হলেও খলিলের বসবাস বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের ১৫/এ সড়কের ৫২১ নম্বর ভবনে, যার ভাড়া মাসে প্রায় ৬০ হাজার টাকা।

    যাতায়াত করেন ৪৫ লাখ টাকা দামের রাজকীয় ব্যক্তিগত গাড়িতে (ঢাকা মেট্রো গ-৪৩-৮৯৭৩)। কেবল গাড়িই নয়, রাজধানীর বিভিন্ন লাভজনক রুটে তার নিজস্ব ৫২ সিটের অন্তত ৪টি বিশাল বাস চলছে। এর মধ্যে ‘ঢাকা মেট্রো-১১-এ-৭৩২০’ বাসটি  ‘স্টাফ বাস’ হিসেবে চলাচল করে তার বিভাগেই।

    ‘ভিআইপি পরিবহন’ লাইনে একটি বাস নিউমার্কেট-গাজীপুর এবং আরও দুটি বাস চলছে ‘অনাবিল’ নামে। জন্মস্থান কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাঁকিয়েছেন কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি।
    ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর খলিল কিছুদিন আত্মগোপনে ছিলেন। কিন্তু সম্প্রতি অসাধু কর্মচারিদের সংগঠিত করে পুনরায় প্রকাশ্যে সরব হচ্ছেন এ ধূর্ত সিন্ডিকেট প্রধান। চরম শঙ্কার বিষয় হলো, ডাক বিভাগের ‘ডাকাত’ খ্যাত এ ফ্যাসিস্টের দোসর খলিলুর রহমান ভুঞার এ বেপরোয়া

    সিন্ডিকেট রুখবে কে?
    এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার আপন দেশ’কে বলেন, অভিযোগগুলো সত্য হলে এতদিন তিনি কীভাবে নির্বিঘ্নে এসব কর্মকাণ্ড চালিয়ে গেলেন- সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 
    তিনি বলেন, তার ব্যাংক হিসাব, আয়কর নথি, স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ, গাড়ি ও বাসের মালিকানা, সংশ্লিষ্ট কোম্পানি বা ব্যবসায়িক স্বার্থ, নিয়োগ-সংক্রান্ত নথি, বদলি আদেশ এবং প্রকল্প-টেন্ডারের কাগজপত্র যাচাই করলেই অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে।
    একজন সরকারি কর্মচারির বৈধ আয় ও ঘোষিত সম্পদের সঙ্গে বাস্তব জীবনযাপনের বড় ধরনের অসামঞ্জস্য থাকলে সেটি কেবল গুঞ্জনের বিষয় নয়- প্রাতিষ্ঠানিক অনুসন্ধানের বিষয়। ডাক বিভাগ কতো দুর্নীতিমুক্ত বা দুর্নীতিপরায়ন তার কিছুটা চিত্র মিলে এসব কর্মচারীদের জীবনমান দেখলেই। বিষয়গুলো দুর্নীতি দমন কমিশন- দুদকের কতিয়ে দেখা উচিৎ বলে মনে করেন ড. বদিউল আলম মজুমদার। 
    খলিলুর রহমানের বক্তব্য
    প্রতিবেদনে উল্লিখিত অভিযোগের বিষয়ে লিখিতভাবে মোহাম্মদ খলিলুর রহমান ভুঞার বক্তব্য চাওয়া হয়। তবে ফোনে তিনি দাবি করেন, ডাক বিভাগে হয়তো তিনি তৃতীয় শ্রেণীর কর্মচারি তবে পৈত্রিকভাবেই তিনি বহু সম্পদের মালিক। সরকারি চাকরিবিধি মেনেই তিনি ব্যবসা করছেন বলেও মৌখিক দাবি করেন। প্রকাশিত ছবি এআই দিয়ে তৈরী বলে খলিলের দাবি। বদলি, টেন্ডার, পদেতান্নতি এসবে তার কোনো সম্পৃক্ততা ছিল না। 

  • তাফতান সীমান্ত বন্ধ: পাকিস্তানে মারাত্মক এলপিজি সংকটে আকাশছোঁয়া দাম

    তাফতান সীমান্ত বন্ধ: পাকিস্তানে মারাত্মক এলপিজি সংকটে আকাশছোঁয়া দাম

    পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে তীব্র আকার ধারণ করেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকট। তাফতান সীমান্ত দিয়ে গ্যাস সরবরাহ আকস্মিক বন্ধ হয়ে যাওয়ায় বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা। সরকারি নির্ধারিত দামের তোয়াক্কা না করে বিভিন্ন শহরে চড়া মূল্যে গ্যাস বিক্রি হচ্ছে, যার ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ ভোক্তারা।

    পরিস্থিতি এতটাই জটিল যে, দেশের বিভিন্ন এলাকায় প্রতি কেজি এলপিজির দাম ৭০০ রুপি পর্যন্ত ঠেকেছে। বেলুচিস্তানের কোয়েটায় প্রতি কেজি গ্যাস বিক্রি হচ্ছে ৫৩০ থেকে ৭০০ রুপিতে। করাচি ও লাহোরে এই দাম রয়েছে ৫২০ থেকে ৫৮০ রুপির মধ্যে। এছাড়া পেশোয়ারের বাসিন্দাদের প্রতি কেজি এলপিজি কিনতে হচ্ছে ৬০০ থেকে ৬৫০ রুপি দিয়ে।

    সম্প্রতি সরকার নির্ধারিত এলপিজির দাম প্রতি কেজিতে ১৪ রুপি বাড়িয়ে ২৯৪ রুপি নির্ধারণ করেছে। তবে ভুক্তভোগীদের অভিযোগ, খুচরা বাজারে এই দামে গ্যাস পাওয়া যাচ্ছে না বললেই চলে। লাহোরের সাধারণ ভোক্তারা জানিয়েছেন, সরকারি দাম ২৯৪ টাকা হলেও স্থানীয় দোকানগুলোয় তা ৫৫০ থেকে ৬০০ রুপিতে বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে অবিলম্বে বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

    লাহোরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিক। তিনি জানান, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট বৈশ্বিক অনিশ্চয়তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে তেল ও গ্যাসের বাজারে।

    তবে বিগত ছয় মাসে সরকার সফলভাবে পরিস্থিতি সামাল দিয়েছে দাবি করে তিনি জানান, পেট্রোলিয়াম পণ্যের দাম নির্ধারণে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে। কাতার থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসেও পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি নিম্নআয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে পেট্রোল সরবরাহের কথাও উল্লেখ করেন মন্ত্রী।

    এদিকে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এলপিজির মূল্য নির্ধারণসংক্রান্ত একটি নতুন প্রস্তাব। পাকিস্তান এলপিজি মার্কেটার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি আলী হায়দার জানিয়েছেন, প্রস্তাবিত এই নীতি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

    সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নীতিটি তৈরি করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এটি কার্যকর হলে এলপিজির দাম আরও ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। এতে ব্যবসায়ী ও সাধারণ ভোক্তা—উভয় পক্ষই চরম ক্ষতির মুখে পড়বেন। সংকট নিরসনে এলপিজি খাতের ওপর থেকে সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে বাজার উন্মুক্ত করার জোরালো দাবি জানিয়েছেন তিনি।

  • সেনোরার হাত ধরে দক্ষিণ এশীয় নারী ফুটবলে শুরু হলো ‘প্লে অন পিরিয়ড’ যাত্রা

    সেনোরার হাত ধরে দক্ষিণ এশীয় নারী ফুটবলে শুরু হলো ‘প্লে অন পিরিয়ড’ যাত্রা

    মাসিককালীন সচেতনতা ও নারী ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াতে সাফের সঙ্গে যুক্ত হলো স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘সেনোরা’। এএফসি ড্রিম এশিয়া ফাউন্ডেশনের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের অফিশিয়াল ফেমিনিন হাইজিন পার্টনার হিসেবে এই অংশীদারত্ব গড়ে উঠেছে।

    সম্প্রতি সাফ সেক্রেটারিয়েটে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় পক্ষের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়। স্কয়ার টয়লেট্রিজের পক্ষে হেড অব মিডিয়া অ্যান্ড রিসার্চ মো. ফেরদৌসুল ইসলাম এবং সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল চুক্তিতে স্বাক্ষর করেন।

    পণ্য সহায়তা: আগামী এক বছরে সাফের ৭টি সদস্য দেশের নারী ফুটবলারদের মাঝে মোট ৩৪,০০০ পিস স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করবে সেনোরা।

    সচেতনতা কার্যক্রম: স্যানিটারি পণ্য সরবরাহের পাশাপাশি নারী খেলোয়াড়দের জন্য মাসিকের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ক বিশেষ সচেতনতামূলক প্রোগ্রাম পরিচালনা করা হবে।

    মূল স্লোগান: ‘প্লে অন পিরিয়ড, প্লে উইথ কনফিডেন্স’—এই স্লোগানকে সামনে রেখেই মূলত এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

    উদ্যোক্তাদের প্রত্যাশা, মাসিকসংক্রান্ত সামাজিক সংকোচ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব দূর করে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলাররা এখন আরও আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নিজেদের সেরাটা দিতে পারবেন।

  • নতুন নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি: আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

    নতুন নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি: আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

    দীর্ঘ এক মাসের বেশি সময় পর নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গুরুত্বপূর্ণ সাংগঠনিক শাখা ঢাকা মহানগর উত্তর বিএনপি। রবিবার (১ নভেম্বর) রাতে দলের পক্ষ থেকে নতুন এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

    নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

    বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী দুই সপ্তাহের মধ্যে এই শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

    আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন: তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং অতীতে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।

    সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন: তিনি সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    এর আগে গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হককে আহ্বায়ক এবং মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্বের ৫১ সদস্যের কমিটি বিলুপ্ত করা হয়েছিল। নতুন কমিটির মাধ্যমে এই সাংগঠনিক শাখায় গতিশীলতা আসবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

  • মানিকগঞ্জ-১ আসনের এমপি জিন্নাহ কবির: “ঘুষ, দুর্নীতি ও মাদকের স্থান হবে না, মানুষের কল্যাণে কাজ করতে হবে”

    মানিকগঞ্জ-১ আসনের এমপি জিন্নাহ কবির: “ঘুষ, দুর্নীতি ও মাদকের স্থান হবে না, মানুষের কল্যাণে কাজ করতে হবে”

    মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, এলাকায় কোনো ধরনের ঘুষ, দুর্নীতি, মাদক সেবন ও মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। সবাইকে সততা, নিষ্ঠা এবং জনকল্যাণের ব্রত নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের অধিকার রক্ষা এবং তাদের ভাগ্যোন্নয়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    রবিবার বিকেলে দৌলতপুর উপজেলার কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসবিরোধী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে এমপি জিন্নাহ কবির বলেন, “আপনারা ধানের শীষে ভোট দিয়েছেন, আর আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। ইতোমধ্যে শুধু দৌলতপুর উপজেলার জন্যই আড়াইশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।”

    তিনি আরও বলেন, “আপনাদের রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ ও মাদ্রাসাসহ সমস্ত সমস্যার স্থায়ী সমাধানে আমরা বদ্ধপরিকর। তবে টেকসই উন্নয়নের জন্য সমাজ ও পরিবার থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের সমূলে নির্মূল করতে হবে। এদের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে।”

    কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট বুলবুল আহম্মেদ গোলাপের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার।

    এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলামের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই সমাবেশে নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের ব্যাপক সমাগম ঘটে।

    এর আগে, প্রধান অতিথি হিসেবে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষে সফল উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করেন এমপি এস এ জিন্নাহ কবির। এছাড়া, দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে দৌলতপুরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সমাপ্তকৃত নতুন রাস্তা ও ব্রিজের উদ্বোধন করেন তিনি।

  • তৈরি পোশাক খাতে অস্থিরতা: সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে—স্বরাষ্ট্রমন্ত্রী

    তৈরি পোশাক খাতে অস্থিরতা: সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে—স্বরাষ্ট্রমন্ত্রী

    তৈরি পোশাক শিল্প খাতে চলমান অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, দেশের রপ্তানি বাণিজ্য ও উৎপাদন ব্যাহত করতেই একটি চক্র নিরীহ শ্রমিকদের ব্যবহার করে এই ষড়যন্ত্র চালাচ্ছে।

    রোববার (১ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

    মন্ত্রী স্পষ্ট করে জানান, এই ধরনের সব অপতৎপরতা কঠোর হাতে মোকাবিলা করা হবে। ইতিমধ্যে যারা সহিংসতার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে।

    আন্দোলনে শ্রমিকদের সম্পৃক্ততা নিয়ে তিনি বলেন, “এই সহিংস আন্দোলনের সঙ্গে প্রকৃত কোনো শ্রমিক বা সত্যিকারের শ্রমিক সংগঠন জড়িত নয়। শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং তাদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া চলছে।”

    শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং দেশের রপ্তানি বৃদ্ধির ওপর সরকারের সর্বোচ্চ গুরুত্ব রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মজুরি বোর্ডকে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন।

    এ সময় গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মিল-কারখানার উৎপাদন কোনোভাবেই যেন ব্যাহত না হয় এবং মালিকরা যেন শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কার্যক্রম চালিয়ে যান। কিছু ক্ষেত্রে হঠাৎ কারখানা বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, এটি সাময়িক বিষয় এবং আশা করা যায় দ্রুতই এর সমাধান হয়ে যাবে।