
প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে এক গৃহবধূর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মুন্সীগঞ্জে নূর আলম শেখ (৩২) নামের এক ধর্মীয় শিক্ষককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১ নভেম্বর) রাতে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নূর আলম শেখ গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতী গ্রামের মৃত ব্যক্তির সন্তান এবং চার সন্তানের জনক। তিনি দীর্ঘদিন ধরে টঙ্গিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে ইমামতি করার পাশাপাশি স্থানীয় শিশুদের ধর্মীয় শিক্ষা দিয়ে আসতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষকতার সুবাদে ওই গৃহবধূর বাড়িতে যাতায়াত ছিল নূর আলমের। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা শারীরিক সম্পর্কে জড়ান। এই সুযোগে নূর আলম গোপনে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে রাখেন। প্রায় এক মাস আগে বিষয়টি জানাজানি হলে স্থানীয় মসজিদ কমিটি তাকে ইমামতি থেকে বহিষ্কার করে এলাকা ছাড়তে বাধ্য করে।
তবে এলাকা ছাড়লেও ক্ষান্ত হননি ওই শিক্ষক। সম্প্রতি তিনি ওই গৃহবধূকে পুনরায় দেখা করার জন্য চাপ দিতে শুরু করেন। গৃহবধূ অস্বীকৃতি জানালে, তার ধারণকৃত আপত্তিকর ভিডিও পরিবারের এক সদস্যের কাছে অনলাইনে পাঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি, দেখা না করলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পুলিশের শরণাপন্ন হলে নড়েচড়ে বসে প্রশাসন। রবিবার বিকেলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের দিকনির্দেশনায় ডিবির একটি দল শ্রীনগরে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর আলম ব্ল্যাকমেইল ও ভিডিও ধারণের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অনলাইন ডেস্ক 
























