Blog

  • ধনবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ….

    ধনবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ….

    স্মরণ আহমেদ জীবন, টাংগাইল।

    টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব র‍্যালি ও যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
    ১ নভেম্বর রবিবার সকালে ধনবাড়ী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নুরজাহান আক্তার সাথী`র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহান, ধনবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকতা কুরবান আলী, সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ ও যুব উন্নয়ন প্রশিক্ষনের প্রশিক্ষনপ্রাপ্ত কর্মীরা।
    এসময় ধনবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকতা কুরবান আলী বক্তব্যে বলেন যুব সমাজের উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এসময় আরো বলেন যুব সমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস।
    বেকারত্ব দূরীকরণ, উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে যুবকদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি যুবকদেরও আত্মনির্ভরশীল হওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
    আলোচনা সভা শেষে যোগ্য যুবক যুবতীদের মাঝে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে উৎসাহিত করতে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

  • চাঁদপুর পৌরসভার ২৪ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে ২ কোটি ২১ লাখ টাকার গ্র্যাচুইটি প্রদান

    চাঁদপুর পৌরসভার ২৪ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে ২ কোটি ২১ লাখ টাকার গ্র্যাচুইটি প্রদান

    দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাঁদপুর পৌরসভার ২৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীর মাঝে বকেয়া আনুতোষিক (গ্র্যাচুইটি) বিতরণ করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেলে পৌর পাঠাগারে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে মোট ২ কোটি ২১ লাখ ৬৬ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “অনেক দিন পর হলেও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার ফিরে পেয়েছেন। ভবিষ্যতে যেন প্রতি মাসে নির্ধারিত অর্থ নিয়মিত পরিশোধ করা হয়, সে বিষয়ে পৌর প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

    তিনি আরও বলেন, অবসর জীবনে প্রাপ্ত এই অর্থ দিয়ে সবার আগে নিজেদের দেনা পরিশোধ এবং চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাউকেই ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, চাঁদপুর পৌরসভাকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। এ সময় বিগত দিনে ৩০ কোটি টাকা বকেয়া রেখে যাওয়া সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

    চাঁদপুর পৌরসভার প্রশাসক দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে এবং নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী এবং পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. মফিজ উদ্দিন হাওলাদার।

    বকেয়া চেক হাতে পেয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সামছুদ্দোহা এবং পৌর হাফেজ মাহমুদা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী সুরাইয়া বেগম।

    অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আরিফ মহিউদ্দিন চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • উত্তর কোরিয়ায় ক্লাস্টার বোমা ওয়ারহেডের সফল পরীক্ষা

    উত্তর কোরিয়ায় ক্লাস্টার বোমা ওয়ারহেডের সফল পরীক্ষা

    সামরিক সক্ষমতা আরও বাড়াতে এবার ক্লাস্টার বোমার ওয়ারহেডের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রোববার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে।

    শনিবার অনুষ্ঠিত এই পরীক্ষার মূল লক্ষ্য ছিল কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত এসব ওয়ারহেডের কার্যকারিতা ও বাস্তব সক্ষমতা যাচাই করা। পিয়ংইয়ংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, পরীক্ষাটি পুরোপুরি সফল হয়েছে এবং অস্ত্রটির বিধ্বংসী ক্ষমতা প্রমাণিত হয়েছে। তাদের ভাষ্যমতে, এই ওয়ারহেডটি ১২ থেকে ১৩ হেক্টর এলাকার লক্ষ্যবস্তু মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দিতে সক্ষম।

    এর মাত্র কয়েক দিন আগেই অ্যাটাক ড্রোন, নতুন টর্পেডো এবং মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো বেশ কিছু অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষা চালায় দেশটি।

    এদিকে দুই কোরিয়ার মধ্যকার সুরক্ষিত সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা সদস্য আহত হওয়ার পর থেকেই উপদ্বীপটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। যদিও এই ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ দৃঢ়ভাবে নাকচ করেছে উত্তর কোরিয়া। পাশাপাশি সীমান্তে নিরাপত্তা জোরদার এবং লাউডস্পিকারের মাধ্যমে পাল্টা প্রচার শুরুর ঘোষণা দিয়েছে তারা।

    উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশাসনের মহাপরিচালক জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ দেশটির সামরিক ইউনিটগুলোকে অভিযানের ধরণ অনুযায়ী এসব আধুনিক অস্ত্রের উপযুক্ত সংস্করণ ব্যবহারের সক্ষমতা দেওয়া হবে।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর প্রকাশিত ছবিতে মোবাইল লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং নির্দিষ্ট দ্বীপাঞ্চলে একসঙ্গে একাধিক ক্লাস্টার বোমার আঘাত হানার দৃশ্য দেখা গেছে। তবে গত এপ্রিল মাসে সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে এমন একটি পরীক্ষা পর্যবেক্ষণ করলেও শনিবারের এই মহড়ায় তিনি উপস্থিত ছিলেন না।

  • মণিপুরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ৫, যুদ্ধবিরতি বাতিলের দাবিতে উত্তাল রাজপথ

    মণিপুরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ৫, যুদ্ধবিরতি বাতিলের দাবিতে উত্তাল রাজপথ

    ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে জাতিগত সহিংসতা থামার কোনো লক্ষণ নেই। নতুন করে দুই দফা সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই ধারাবাহিক সহিংসতার জেরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর যুদ্ধবিরতি চুক্তি বাতিলের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো সাধারণ মানুষ।

    রোববার (১ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে মণিপুর পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

    পুলিশ জানিয়েছে, গত শনিবার রাজ্যের নোনি জেলায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র দলগুলোর মধ্যে বন্দুকযুদ্ধে কুকি সম্প্রদায়ের তিনজন মারা যান। এর আগে সপ্তাহের শুরুতে নিখোঁজ হওয়া কুকি সম্প্রদায়ের আরও দুই ব্যক্তির মরদেহ রোববার সকালে ক্যাংপোকপি জেলা থেকে উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।

    কুকি মানবাধিকার সংগঠনগুলোর দাবি, পূর্বপরিকল্পিতভাবে এবং কোনো উসকানি ছাড়াই তাদের সম্প্রদায়ের লোকজনকে হত্যা করা হয়েছে। এই ঘটনার জন্য সরাসরি নাগা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে সংগঠনটি।

    অন্যদিকে, চলমান এই প্রাণহানির ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় জনগণ। কুকি ও নাগা উপজাতিদের দীর্ঘদিনের জাতিগত বিরোধের জেরে সৃষ্ট এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর যুদ্ধবিরতি চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে রাজধানী ইম্ফলসহ রাজ্যজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে।

    বিশ্লেষকদের মতে, ২০২৩ সালের মে মাস থেকে শুরু হওয়া মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যকার দীর্ঘস্থায়ী সংঘাতের ক্ষত না শুকাতেই, নতুন করে কুকি ও নাগা উপজাতিদের মধ্যকার এই রক্তক্ষয়ী সংঘর্ষ মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও বেশি জটিল ও বিপজ্জনক করে তুলেছে। উল্লেখ্য, বিগত কয়েক বছরের এই সংঘাতের জেরে রাজ্যটিতে ইতিমধ্যে তিনশতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

  • মহেশখালীতে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ: আগামী ৪ দিন দেশজুড়ে গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে

    মহেশখালীতে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ: আগামী ৪ দিন দেশজুড়ে গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে

    কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে তিন দিনের বেশি সময় ধরে গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে। এর ফলে সারা দেশেই গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করার আশঙ্কা রয়েছে।

    রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত টার্মিনালটির রিগ্যাসিফিকেশন (গ্যাসে রূপান্তর) কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। এই রক্ষণাবেক্ষণ কাজের ফলে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাবে। বর্তমানে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থাকলেও, ওই সময়ে তা ৩২০ মিলিয়ন ঘনফুট কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে।

    গ্যাস সরবরাহে এই সাময়িক হ্রাসের কারণে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকদের গ্যাসের স্বল্প চাপজনিত সমস্যায় পড়তে হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য পেট্রোবাংলা কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।

    উল্লেখ্য, এর আগেও গত বছরের ডিসেম্বরে অনুরূপ রক্ষণাবেক্ষণ কাজের জন্য টার্মিনালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

  • গোপালগঞ্জ কোটালিপাড়ায় চলছে কৃষি কার্ড বিতরনের নিবন্ধন কর্মসূচি :

    গোপালগঞ্জ কোটালিপাড়ায় চলছে কৃষি কার্ড বিতরনের নিবন্ধন কর্মসূচি :

    গোপালগঞ্জের কোটালিপাড়ায় কৃষিকার্ড নিবন্ধন কর্মসূচি চলছে। এ কর্মসূচির আওতায় গতকাল রোববার উপজেলার কলাবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামে কৃষিকার্ড নিবন্ধন কর্মসূচি পরিচালিত হতে দেখা গেছে।

    কোটালিপাড়া উপজেলায় নলুয়া বাজার এলাকার সড়কের পাশে গ্রামবাসীদের জড়ো করে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেন সাদুল্লাহপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা করুনা বৈদ্য এবং পিন্টু তালুকদার। তারা জানান সরকার পুরানো সব কৃষিকার্ড বাতিল করে নতুন করে কৃষিকার্ড প্রদানের জন্য নিবন্ধন কর্মসূচি চলছে। নলুয়া গ্রামে ১৩৫ টি খানা নির্ধারন করা হয়েছে।

    প্রকল্পের আওতায় রোববার দুপুর পর্যন্ত ২০ জন কৃষকের নাম নিবন্ধন করা হয়। এসময় সেখানে আরও অর্ধ শতাধিক কৃষক অপেক্ষমান ছিলেন।
    উপ-সহকারী কৃষি কর্মকর্তা বলেন, কৃষিকার্ড পেতে তালিকাভুক্ত হতে হবে। তালিকাভুক্ত হতে বা নিবন্ধন পেতে হলে কৃষক দম্পতিকে শশরীরে প্রমানাদিসহ হাজির হতে হবে।

    নলুয়া গ্রামের রবীন হালদার (৫১) বলেন, আমার জমি আছে দেড় বিঘা। আমি নিজে আমার জমিতে ফসল ফলাই। আমি এবারই প্রথম কৃষিকার্ড পেতে নিবন্ধন করার জন্য এসেছি।

    একই গ্রামের শ্যামল হালদার (৫২) তিন বিঘা জমির মালিক। তিনি বলেন, আমি কৃষিকার্ড পাওয়ার জন্য এসেছি অপর একজনের কাছে খবর পেয়ে। বাড়ী বাড়ী গিয়ে কৃষিকার্ড করলে আরও বেশি স্বচ্ছ হতো কৃষিকার্ড প্রদান কর্মসূচি।

    বিষয়টি নিয়ে আলাপ করার জন্য সংশ্লিষ্ট কলাবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রমেন্দ্রনাথ মন্ডলের সাথে আলাপ করার জন্য বারবার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তিনি কৃষিকার্ড প্রদান উপলক্ষে নিবন্ধন কর্মসূচি চলাকালে সংশ্লিষ্ট নলুয়া গ্রামে ছিলেন না। তাকে বার বার মোবাইল ফোনে কল করেও পাওয়া যায়নি।

  • চাঁদপুরে ৪৮ লাখ টাকার ট্রাক ও রডসহ ৩৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

    চাঁদপুরে ৪৮ লাখ টাকার ট্রাক ও রডসহ ৩৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

    চাঁদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ৫ টন ধারণক্ষমতার একটি ট্রাক এবং ট্রাকে বোঝাই ১৩ টন রড জব্দ করা হয়। জব্দকৃত ট্রাক ও রডের আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ টাকা।

    রবিবার (১ নভেম্বর) ভোরে চাঁদপুর পৌর এলাকার ওয়ারলেস বাজার মোড়ের স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। পরে বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন—জামাল হোসেন (৪২) ও নিজাম উদ্দিন (৩০)। তাদের উভয়ের বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলায় হলেও বর্তমানে তারা চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় বসবাস করতেন।

    পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের সার্বিক তত্ত্বাবধান এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল এ অভিযান চালায়। অভিযানে ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত হলুদ রঙের ৫ টনি একটি ট্রাক এবং ১৩ টন রড জব্দ করা হয়। যার মধ্যে শুধু ট্রাকটির বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা এবং রডের মূল্য ১৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

  • পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য: এনএসআই ও প্রশাসনের বিশেষ অভিযানে চার দালাল কারাদণ্ড

    পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য: এনএসআই ও প্রশাসনের বিশেষ অভিযানে চার দালাল কারাদণ্ড

    দেশের দূর-দূরান্ত থেকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা সহজ-সরল ও অসহায় রোগীদের জিম্মি করে প্রতারণা চালিয়ে আসা একটি চক্রের চার সদস্যকে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এক বিশেষ ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ড দেওয়া হয়।

    হাসপাতাল ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্র পাবনা মানসিক হাসপাতালের আশপাশে সক্রিয় ছিল। তারা বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের সরকারি সেবা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে কৌশলে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে প্রতারণা করে আসছিল।

    অভিযানের সময় হাতেনাতে আটক হওয়া চার দালালকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ।

    মো. ইদ্রিস আলী মন্ডল (২৫), পিতা- শহিদুল মন্ডল, সাং- বুদেরহাট, হেমায়েতপুর ইউনিয়ন।

    মো. সুজন আলী (২৮), পিতা- আব্দুল বারেক, সাং- কিসমত প্রতাপপুর।

    মো. জাকির হোসেন (৩০), পিতা- তৈয়েব আলী, সাং- হেমায়েতপুর।

    মো. মাসুদ রানা (২৬), পিতা- চাঁদ আলী, সাং- হেমায়েতপুর।

    পাবনা মানসিক হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং দালালদের দৌরাত্ম্য চিরতরে বন্ধ করতে এই অভিযান পরিচালিত হয়। এনএসআই পাবনা কার্যালয়ের উপ-পরিচালক এ বি এম লুৎফুল কবিরের নেতৃত্বে সংস্থাটির ১০ সদস্যের একটি বিশেষ টিম এবং পাবনা সদর থানা পুলিশ এই অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।

    প্রশাসন জানিয়েছে, সাধারণ রোগীদের নিরাপত্তা ও দালালদের বিরুদ্ধে এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • পোশাক শিল্পে অস্থিরতা: ৩১৮ কারখানা বন্ধ, মাঠে বিজিবি

    পোশাক শিল্পে অস্থিরতা: ৩১৮ কারখানা বন্ধ, মাঠে বিজিবি

    ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবি এবং নানা বৈষম্যের অভিযোগে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়েছে পোশাকশ্রমিকদের বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বেশ কিছু এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে বিজিবি।

    বিজিএমইএর তথ্য অনুযায়ী, দেশের পাঁচটি প্রধান শিল্পাঞ্চলে মোট ২ হাজার ১৩৪টি কারখানার মধ্যে বর্তমানে ১ হাজার ৮১৬টি চালু থাকলেও বন্ধ রয়েছে ৩১৮টি কারখানা। এর ফলে কাজ স্থগিত রেখে কর্মবিরতিতে অংশ নিয়েছেন প্রায় ৭ লাখ ২ হাজার ২৫৫ জন শ্রমিক। অঞ্চলভিত্তিক চিত্র নিচে তুলে ধরা হলো:

    গাজীপুর ও ময়মনসিংহ: এই অঞ্চলে মোট ৮৩৬টি কারখানার মধ্যে ২২৫টি বন্ধ রয়েছে। কাজ থেকে বিরত রয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৩৬০ জন শ্রমিক।

    সাভার-আশুলিয়া ও জিরানী: এখানকার ৪৪১টি কারখানার মধ্যে ২৫টি বন্ধ রয়েছে, যেখান থেকে ১ লাখ ২৫ হাজার ২৭০ জন শ্রমিক বেরিয়ে এসেছেন।

    ডিএমপি এলাকা: বিশেষ করে মিরপুর এলাকার ৬৮টিসহ মোট ৩২০টি কারখানার মধ্যে কিছু কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে এবং ৫১ হাজার ৬২৫ জন শ্রমিক কাজ থেকে বিরত রয়েছেন।

    আন্দোলনরত শ্রমিকদের ভাষ্যমতে, বর্তমান বাজারে লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের অধিক প্রাধান্য দেওয়ায় পুরুষ শ্রমিকরা বৈষম্যের শিকার হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। এসব কারণে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে তারা রাজপথে নেমেছেন।

    পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট—যেমন চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক, নাওজোড় এবং ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আগামী ৭ নভেম্বর পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। শিল্প পুলিশ জানিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মালিকপক্ষের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

  • ব্ল্যাক কার্বন রোধে বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগের তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর

    ব্ল্যাক কার্বন রোধে বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগের তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর

    নির্মল বায়ু ও জনস্বাস্থ্য সুরক্ষায় সুনির্দিষ্ট গবেষণা এবং সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, ব্ল্যাক কার্বন ও স্বল্পস্থায়ী জলবায়ু দূষকগুলোর নিঃসরণ কমাতে গবেষণালব্ধ তথ্যকে সরাসরি নীতিনির্ধারণ ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত করতে হবে।

    রবিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘ব্ল্যাক কার্বন ও অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই সংলাপের আয়োজন করে, যাতে সহযোগিতা করে ক্লিন এয়ার ফান্ড।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আবদুল আউয়াল এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। এ ছাড়া স্টকহোম বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপক ওরিয়ান গুস্তাফসনও সংলাপে অংশ নেন।

    প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা, নীতি এবং এর বাস্তব প্রয়োগের মধ্যকার দূরত্ব কমিয়ে আনতে হবে। একটি জলবায়ু সহনশীল ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়তে সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সম্মিলিতভাবে কাজ করার বিকল্প নেই।

    সংলাপে বক্তারা বায়ুদূষণ ও জনস্বাস্থ্যের মধ্যকার গভীর সম্পর্কের ওপর আলোকপাত করেন। বিশেষ করে ব্ল্যাক কার্বনের ক্ষতিকর প্রভাব কমিয়ে কীভাবে বায়ুর মান উন্নত করা যায় এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানো যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

    দিনব্যাপী এই উচ্চপর্যায়ের সংলাপে দেশের নীতিনির্ধারক, গবেষক, বিজ্ঞানী, শিক্ষক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।