Blog

  • শ্রমিক অসন্তোষ নিরসনে আজ সন্ধ্যায় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শ্রমিক অসন্তোষ নিরসনে আজ সন্ধ্যায় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    পোশাকখাতে চলমান শ্রমিক অসন্তোষ মোকাবিলা এবং এর স্থায়ী সমাধানের উপায় খুঁজতে আজ সন্ধ্যায় সচিবালয়ে কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বর্তমান পরিস্থিতির কারণ বিশ্লেষণ এবং উদ্ভূত সংকট উত্তরণে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

    রোববার (১ নভেম্বর) সরকারের একাধিক উচ্চপর্যায়ের সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    এর আগে রোববার বেলা সাড়ে ১১টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

    শ্রমমন্ত্রী জানান, শ্রম আইন অনুযায়ী সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে ছয় সদস্যের এই বোর্ড গঠন করা হয়েছে এবং আজ থেকেই এর কার্যকারিতা শুরু হয়েছে। খুব দ্রুতই বোর্ডের সভা ডেকে শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    শ্রমিকদের রাজপথ ছেড়ে কাজে ফেরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “গত তিন দিন ধরে আমরা শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছি। ছুটির দিনগুলোতেও যোগাযোগ রেখে আমরা স্পষ্ট জানিয়েছিলাম যে রোববারই মজুরি বোর্ড ঘোষণা করা হবে।”

    তিনি আরও অভিযোগ করেন, শ্রমিকদের যৌক্তিক আন্দোলনকে ব্যবহার করে একটি কুচক্রী মহল সরকারকে অস্থিতিশীল ও জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করছে। নিষিদ্ধ ঘোষিত একটি ছাত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্রমিক বেশে আন্দোলনে অংশ নেওয়ার প্রমাণ সোশ্যাল মিডিয়ায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, অন্তরালে অন্য কোনো গ্রুপের ফায়দা হাসিলের এই অপচেষ্টা জনগণ ও শ্রমিকরা সচেতন থাকলে সফল হবে না।

    উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে আসছেন পোশাক শ্রমিকরা।

  • সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে যাত্রাবাড়ী  পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

    সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

    ‘অন্ন হোক সবার অধিকার, ক্ষুধামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার’—এই মানবিক স্লোগানকে সামনে রেখে রাজধানীর যাত্রাবাড়ী পার্কে অসহায়, দরিদ্র, পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন। সংগঠনটির নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হয়। এতে প্রায় ৩০০ মানুষের মাঝে একবেলার খাবার বিতরণ করা হয়।

    সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ নিজেরাই অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন।

    সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়বদ্ধতা থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নিয়মিত এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। প্রতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় ৩০০ মানুষের জন্য একবেলার খাবারের ব্যবস্থা করা হয়। এর আগে কমলাপুর রেলস্টেশন, তেজগাঁও রেলস্টেশন, কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন স্থানে এ খাবার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান মোঃ ওমর ফারুক জালাল, ভাইস চেয়ারম্যান ও দৈনিক দিন প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম, ভাইস চেয়ারম্যান শাহ আলম সুরমা, যুগ্ম মহাসচিব মোঃ সালমান মাহমুদ, দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরুজ্জামান মিল্টন, মহিলা বিষয়ক সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম ও মোসাম্মদ দিপা আক্তার, কার্যকরী সদস্য মোঃ সাইদুর রহমান স্বপনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

    আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি মোঃ সেলিম হোসেন, মোঃ জনি হোসেন, মোঃ রেজবী আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    মোঃ দেলোয়ার হোসেন বলেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন শুধু সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিয়ে কাজ করে না; একই সঙ্গে সমাজের অসহায়, দরিদ্র, পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণেও কাজ করে যাচ্ছে। ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই প্রতি সপ্তাহে ঢাকার বিভিন্ন এলাকায় প্রায় ৩০০ মানুষের জন্য একবেলার খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে কমলাপুর, তেজগাঁও ও কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

    তিনি আরও বলেন, বর্তমানে দেশের বিভিন্ন জেলায় ফাউন্ডেশনের ৪৩টি জেলা কমিটি ও ১৪টি থানা কমিটি রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি জেলা ও থানা পর্যায়ে এ মানবিক কার্যক্রম চালু রাখার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংগঠনের সামর্থ্য ও সাংগঠনিক সক্ষমতা অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। সাংবাদিকদের যেকোনো বিপদ-আপদে ফাউন্ডেশন পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাশাপাশি অসহায়, দরিদ্র, পথশিশু ও গৃহহীন মানুষের কল্যাণে সংগঠনটি কাজ অব্যাহত রাখবে।

    সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন সাংবাদিক সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন সব সময় কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের যেকোনো সংকট ও দুর্দিনে সংগঠনটি পাশে থাকবে। একই সঙ্গে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

    ভাইস চেয়ারম্যান মোঃ ওমর ফারুক জালাল বলেন দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার ও কল্যাণে আমরা কাজ করছি। সাংবাদিকরা যেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সুযোগ-সুবিধা ও প্রাপ্য অধিকার ভোগ করতে পারেন, সে বিষয়ে সংগঠনটি সচেতন ভূমিকা পালন করছে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি মানবিক কার্যক্রমও অব্যাহত থাকবে।

    ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম বলেন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি পথশিশু, হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও এগিয়ে এলে ক্ষুধামুক্ত ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

    ভাইস চেয়ারম্যান শাহ আলম সুরমা বলেন সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের নানা অসংগতি ও অনিয়ম তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সুখে-দুঃখে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন সব সময় পাশে থাকবে। একই সঙ্গে অসহায় মানুষের কল্যাণে সংগঠনের মানবিক কার্যক্রম চলমান থাকবে।

    কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, সমাজে এখনো অসংখ্য মানুষ রয়েছেন, যাঁরা প্রতিদিনের খাবার জোগাড় করতে হিমশিম খান। বিশেষ করে পথশিশু, ছিন্নমূল, গৃহহীন ও নিম্নআয়ের মানুষের জন্য একবেলার খাবারও অনেক সময় বড় প্রাপ্তি। তাই শুধু আনুষ্ঠানিকতা নয়, নিয়মিতভাবে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও প্রতি শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় খাবার বিতরণ কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জেলা ও থানা কমিটির মাধ্যমে সারা দেশে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

    মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ক্ষুধামুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

  • গণপূর্তে প্রকৌশলী শামসুল আরেফিনের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: দুদক অনুসন্ধানে, সিন্ডিকেটের জোরে বারবার ঢাকায় ফেরা

    গণপূর্তে প্রকৌশলী শামসুল আরেফিনের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: দুদক অনুসন্ধানে, সিন্ডিকেটের জোরে বারবার ঢাকায় ফেরা

    সরকারি চাকরিতে বদলি ও পদায়ন একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া হলেও, গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) ইলেকট্রো-মেকানিক্যাল শাখার উপসহকারী বা সহকারী প্রকৌশলী মো. শামসুল আরেফিনের কর্মকাণ্ড ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ক্ষমতার অপব্যবহার, বেনামে ঠিকাদারি পরিচালনা, অর্থ আত্মসাৎ এবং ঘুষ বাণিজ্যের মাধ্যমে বারবার নিজের পোস্টিং ঢাকায় টিকিয়ে রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার তাকে কুমিল্লায় বদলি করলেও মাত্র দেড় বছরের মাথায় তিনি ফের ঢাকার একই প্রভাবশালী পদে ফিরে আসেন। বর্তমানে তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    অনুসন্ধানে জানা যায়, ঢাকা ডিভিশন-৬-এ কর্মরত থাকাকালীন শামসুল আরেফিনের প্রভাব বিস্তারের ঘটনা সবচেয়ে বেশি আলোচিত হয়। তৎকালীন নির্বাহী প্রকৌশলী পবিত্র কুমারের সঙ্গে ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে তিনি ওই ডিভিশনের বিভিন্ন সরকারি প্রকল্পে একচ্ছত্র আধিপত্য গড়ে তোলেন। প্রকল্পের প্রাক্কলন বা এস্টিমেট তৈরি থেকে শুরু করে কাজের তদারকি এবং চূড়ান্ত বিল অনুমোদন—সব ক্ষেত্রেই তার একক নিয়ন্ত্রণ ছিল বলে অভিযোগ ভুক্তভোগী ঠিকাদারদের।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার জানান, বিল ছাড়ের প্রতিটি ধাপে তাকে নির্দিষ্ট হারে কমিশন দিতে হতো। কমিশন বা দাবিমুক্ত অর্থ না পেলে নথিপত্র আটকে নানা জটিলতা তৈরি করা হতো। এক ঠিকাদার বলেন, “উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে তিনি টাকা দাবি করতেন। টাকা না দিলে বিল আটকে থাকত, তাই বাধ্য হয়েই অনেকে তা মিটিয়েছেন।” অন্য এক ঠিকাদার অভিযোগ করেন, “তিনি বলতেন—‘উপরের লোকজন ঠিক আছে, শুধু টাকা দাও।’ পরবর্তীতে দেখা গেছে, কাজও হয়নি, সেই টাকাও আর ফেরত পাওয়া যায়নি।”

    এসব অভিযোগের বিষয়ে জানতে প্রকৌশলী মো. শামসুল আরেফিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ‘পরে কথা বলব’ বলে সংযোগ কেটে দেন। পরবর্তীতে একাধিকবার কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

    প্রশাসনিক নিয়ম অনুযায়ী নির্দিষ্ট মেয়াদ শেষে কর্মকর্তাদের ঢাকার বাইরে বদলি করার বিধান রয়েছে। তবে শামসুল আরেফিন কর্মজীবনের সিংহভাগ সময়ই বিভিন্ন কৌশলে ঢাকায় কাটিয়েছেন। জুলাই আন্দোলনের পর তাকে কুমিল্লায় বদলি করা হলেও রহস্যজনকভাবে মাত্র দেড় বছরের মাথায় তিনি আবার ঢাকার একই অফিসে সমমানের পদে ফিরে আসেন। গণপূর্তের অভ্যন্তরীণ মহলে গুঞ্জন রয়েছে, রাজনৈতিক পটপরিবর্তন ঘটলেও একটি শক্তিশালী সিন্ডিকেটকে ম্যানেজ করে তিনি বারবার নিজের অবস্থান সুরক্ষিত করেছেন। তবে এই বদলি প্রক্রিয়ায় কোনো অনিয়ম ছিল কি না, তা স্বাধীনভাবে শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়নি।

    শামসুল আরেফিনের বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পদের তথ্যও সামনে এসেছে। অনুসন্ধানী সূত্র জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন অভিজাত এলাকা এবং আবাসন প্রকল্পে তার ও নিকটাত্মীয়দের নামে একাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে। সরকারি চাকরির বেতনের সঙ্গে এই বিশাল সম্পত্তির মালিকানার ফারাক নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

    দুদক সূত্র জানায়, তার বিরুদ্ধে স্বনামে-বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা ও প্রকল্পের অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে এবং বিভিন্ন নথিপত্র তলব করা হয়েছে।

    তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল ইসলাম এ বিষয়ে বলেন, “কেউ ঊর্ধ্বতন কারো নাম ভাঙিয়ে সুবিধা নিয়ে থাকলে তার দায় তাকেই নিতে হবে। প্রাতিষ্ঠানিকভাবে অনৈতিক কাজের সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “সরকারি প্রকৌশল বিভাগে সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহার নতুন নয়। তবে বারবার একই ব্যক্তির ঢাকায় ফেরা এবং অবৈধ সম্পদের অভিযোগ অত্যন্ত গুরুতর। দুদকের এই অনুসন্ধান স্বাধীনভাবে এগোতে দিতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

    গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানান, “অধিদপ্তর কোনো ব্যক্তিগত অনিয়ম বা দুর্নীতির দায় নেবে না। স্বচ্ছতা রক্ষায় আমরা বদ্ধপরিকর। শামসুল আরেফিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দুদক স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে, আইন প্রয়োগকারী সংস্থাকে সব ধরনের দাপ্তরিক সহযোগিতা দেওয়া হবে।”

    সাধারণ ঠিকাদার ও অংশীজনদের মতে, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে অবৈধ সম্পদ বাজেয়াপ্তসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি, অন্যথায় এই সিন্ডিকেট চক্র আরও বেপরোয়া হয়ে উঠবে।

  • সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর তীব্র নিন্দা ও প্রতিবাদ

    সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর তীব্র নিন্দা ও প্রতিবাদ

    প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের প্রকাশ্যে দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

    রোববার (০১ নভেম্বর) কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

    বিবৃতিতে ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সংবাদপত্র ছিঁড়ে ফেলা শুধু একটি পত্রিকার প্রতি অবজ্ঞা নয়, বরং মুক্ত সাংবাদিকতা, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি চরম অবমাননা। কোনো সংবাদ বা প্রতিবেদনে ভুল থাকলে কিংবা কোনো বক্তব্যে আপত্তি থাকলে তার প্রতিবাদ জানানোর এবং আইনগত প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু প্রকাশ্যে সংবাদপত্র ছিঁড়ে ফেলে ক্ষোভ প্রকাশ করা বা প্রতিবাদ করা কোনোভাবেই দায়িত্বশীল রাজনৈতিক আচরণ হতে পারে না। মতের অমিলের জবাব হতে হবে যুক্তি ও তথ্য দিয়ে, সংবাদপত্র ছিঁড়ে নয়।

    তাঁরা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সেই দর্পণে প্রতিফলিত কোনো বিষয় অপছন্দ হলেই দর্পণ ভেঙে ফেলার মানসিকতা গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। সংবাদমাধ্যমের সমালোচনা করার অধিকার সবার রয়েছে, কিন্তু সেই সমালোচনার নামে সংবাদপত্রের প্রতি অবমাননাকর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে সংকুচিত করার আশঙ্কা তৈরি করে।

    ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে আরও দায়িত্বশীল, সংযত ও গণতান্ত্রিক আচরণ প্রত্যাশিত। তাঁর এমন কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলতে পারে। রাজনৈতিক পদ বা ক্ষমতার অবস্থান কাউকে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদার প্রতি অবজ্ঞা প্রদর্শনের অধিকার দেয় না। বরং দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের আচরণে গণতান্ত্রিক মূল্যবোধ ও সহনশীলতার প্রতিফলন থাকা জরুরি।

    তাঁরা আরও বলেন, দৈনিক আমার দেশ পত্রিকায় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীসহ বিভিন্ন মতের সাংবাদিক কাজ করেন। তাঁদের রাজনৈতিক বিশ্বাস বা পেশাগত অবস্থান যা-ই হোক, সাংবাদিক হিসেবে তাঁদের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে হবে। কোনো সংবাদে আপত্তি থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে তার প্রতিবাদ জানানোই গণতান্ত্রিক পথ। সংবাদপত্রের প্রতি অবমাননাকর আচরণ দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

    বিবৃতিতে নেতৃবৃন্দ, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা এবং অবাধ মতপ্রকাশের অধিকার সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

    সংবাদপত্র ছিঁড়ে ফেলা যায়, কিন্তু সত্য প্রকাশের আকাঙ্ক্ষাকে ছিঁড়ে ফেলা যায় না। গণতন্ত্রে ভিন্নমতকে মোকাবিলা করতে হয় যুক্তি দিয়ে, অবজ্ঞা দিয়ে নয়।

  • ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা ধারণ করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

    ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা ধারণ করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

    জীবনের প্রতিটি ধাপে সাফল্য অর্জনের জন্য সংগ্রাম, অধ্যবসায় ও নিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি নবীন কর্মকর্তাদের কর্মক্ষেত্রে নিজ দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখার পাশাপাশি সর্বোচ্চ নৈতিকতা বজায় রেখে রাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

    রবিবার (১ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ৪৫তম বিসিএস (মৎস্য ও পশুসম্পদ) ক্যাডারের নবীন কর্মকর্তাদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করে দেশের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় সরকারি দায়িত্ব পালনে আইন ও নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের মাধ্যমে জনগণের প্রকৃত প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকার তাগিদ দেন তিনি।

    অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন। এছাড়া প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক শাহজামান খান, মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. খালেদ কনকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে মৎস্য ক্যাডারের নতুন ২৫ জন এবং পশুসম্পদ ক্যাডারের ২১ জন নবীন কর্মকর্তা যোগদান করেন।

  • ইসরাইলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোকে হার্জোগের তাগিদ, নতুন নির্বাচনের শঙ্কা এড়াতে ঐক্যের আহ্বান

    ইসরাইলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোকে হার্জোগের তাগিদ, নতুন নির্বাচনের শঙ্কা এড়াতে ঐক্যের আহ্বান

    ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ দেশটির রাজনৈতিক দলগুলোকে কট্টর অবস্থান থেকে সরে এসে নতুন ও সৃজনশীল উপায়ে চিন্তা করার আহ্বান জানিয়েছেন। চলমান রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে দ্রুত সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার তাগিদ দিয়ে তিনি এই বার্তা দেন।

    আসছে বুধবার (৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সংসদীয় নির্বাচনের চূড়ান্ত ফলাফল হাতে পাওয়ার পরপরই সরকার গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করবেন প্রেসিডেন্ট। নতুন করে আরেকটি নির্বাচন এড়াতে দলগুলোর প্রধানদের খোলামেলা মন নিয়ে একযোগে কাজ করার ওপর জোর দিয়েছেন তিনি।

    সম্প্রতি অনুষ্ঠিত নেসেট নির্বাচনে প্রাথমিক ফলাফলে দেখা গেছে, সংসদের ১২০টি আসনের কোনোটিতেই কোনো একক দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে ঝুলন্ত সংসদের পরিস্থিতি তৈরি হয়েছে।

    সংবিধান অনুযায়ী, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য মনোনীত বিজয়ী প্রার্থী সর্বোচ্চ ৪২ দিন পর্যন্ত সময় পাবেন।

  • রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত

    রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত

    ওগাঁর রাণীনগরে জাতীয় যুব দিবস দিবস পালিত হয়েছে “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।

    অন্যদের মধ্যে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনু সাব্বির আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীর হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারব হোসেন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মতিউর রহমান উজ্জ্বল প্রমুখ।

    এদিকে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত আটজন যুবক ও নারীর মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ৯ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

  • নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপক্ষীয় সম্পর্ক ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আহ্বান

    নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপক্ষীয় সম্পর্ক ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আহ্বান

    ঢাকা: বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। রোববার (১ নভেম্বর) স্পিকারের কার্যালয়ে নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন স্পিকার। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সাক্ষাৎকালে স্পিকার বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকেই নরওয়ে ও বাংলাদেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রয়েছে। বিশ্বের অন্যতম প্রধান গণতান্ত্রিক দেশ হিসেবে নরওয়ে সবসময় বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের বিস্তারে সহযোগিতা করে আসছে।

    বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের প্রহসনের নির্বাচন, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কারণে দেশের গণতান্ত্রিক অধিকার ও শাসনব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়েছিল। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ শীর্ষস্থানীয় নেতারা বারবার কারাবরণের শিকার হয়েছেন। পরবর্তীতে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমেই কেবল দেশের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটে এবং নতুন করে গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসের অন্যতম গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে অভিহিত করে স্পিকার জানান, বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। একইসঙ্গে বৈশ্বিক মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।

    বৈঠকে আলোচনার অন্যতম বড় অংশজুড়ে ছিল রোহিঙ্গা সংকট। স্পিকার স্পষ্টভাবে জানান, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মুন্নত প্রত্যাবাসনে বাংলাদেশের একাই নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে নরওয়েসহ ইউরোপের অন্যান্য দেশগুলোর কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

    নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকার উচ্চ প্রশংসা করে বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বিশ্বজুড়ে অত্যন্ত প্রশংসনীয়। তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা ও মানবাধিকার সুরক্ষায় নরওয়ের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

    বৈঠকে দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, প্রতিনিধিদলগুলোর পারস্পরিক সফর বিনিময় এবং বিশ্বশান্তিতে অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ ছাড়া চলমান সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম, জুলাই সনদ এবং দেশের উপকূলীয় এলাকা বিশেষ করে ভোলায় তেল ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান স্পিকার।

  • ফেনীতে আওয়ামীলীগের দেড় শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

    ফেনীতে আওয়ামীলীগের দেড় শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

    ফেনী সদর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের দেড় শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)তে যোগদান করেছেন।
    আজ রোববার বিকেল ৩ টায় ফেনী সদর উপজেলার শর্শদি উচ্চ বিদ্যালয় মাঠে এক যোগদান অনুষ্ঠানে এসব নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।
    যোগদানকৃতরা হলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সাজু আহমেদ, শর্শদি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক শর্শদি ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাশেম, ফেনী সদর উপজেলা যুবলীগের সদস্য কামাল হোসেন সৌরভ, শর্শদি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুমন, শর্শদি ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাবিবুর রশিদ মিয়া, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী নেতা আ: রব শেখ, মৎস্যজীবি লীগ নেতা জাহিদুল ইসলাম, ওয়ার্ড মৎস্যজীবি লীগ নেতা বাবুল মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: হাবিবুর রহমান ও আওয়ামী নেতা আব্দুর রাজ্জাকসহ আওয়ামীলীগ,৫ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আফসার মিয়াজীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-০২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপি। এ সময় সাজু আহমেদ ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং বিএনপিতে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা দেন। উপস্থিত নেতাকর্মীরা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।
    সাজু আহমেদ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় বিএনপির আদর্শ, কর্মসূচি ও গণতান্ত্রিক রাজনীতির প্রতি আস্থা রেখেই আমি সাজু আহমেদ এ সিদ্ধান্ত নিয়েছি।
    তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করা এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতেই বিএনপির পতাকাতলে এসেছি। ভবিষ্যতে দলের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনী বিএনপির আহ্বায়ক বাহার উদ্দিন, ফেনী জেলা মৎস্যজীবী দলের সভাপতি, জহির উদ্দিন চৌধুরী, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য আব্দুর রহিম ফিরোজ, শর্শদি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন সওদারসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
    অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন দলীয় নেতারা।

  • বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ ডেনমার্কের, লালদিয়া টার্মিনাল ও জ্বালানি খাত নিয়ে আলোচনা

    বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ ডেনমার্কের, লালদিয়া টার্মিনাল ও জ্বালানি খাত নিয়ে আলোচনা

    ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    রবিবার (১ নভেম্বর) ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বিনিয়োগ সহযোগিতা জোরদার, টেকসই অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাত, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং নতুন বিনিয়োগ ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা বিশেষভাবে স্থান পায়। এছাড়া, ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে হওয়া চুক্তির আওতায় চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে একটি যৌথ ওয়ার্কিং টিম গঠনের প্রস্তাব দেওয়া হয়। প্রকল্পটির সফল বাস্তবায়নে উভয় পক্ষই কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের ওপর জোর দেন।

    বাংলাদেশের জ্বালানি খাতে ডেনমার্কের অভিজ্ঞতা ও বিনিয়োগের অপার সম্ভাবনার পাশাপাশি বৈঠকে ‘স্বর্ণদ্বীপ’-এর সম্ভাবনার বিষয়টিও আলোচিত হয়।

    ইনভেস্ট বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত ও সম্ভাবনাময় জমিতে ডেনিশ বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বিশেষ করে, যেসব এলাকায় অতীতে বা বর্তমানে চিনিকলসহ বিভিন্ন শিল্পকারখানা রয়েছে, সেখানে নতুন শিল্প স্থাপন কিংবা বিদ্যমান সম্পদের সঠিক উৎপাদনশীল ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। ডেনিশ বিনিয়োগকারীরা নির্দিষ্ট প্রস্তাব নিয়ে এলে ইনভেস্ট বাংলাদেশ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন আশিক চৌধুরী।

    বৈঠকে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে দুই দেশের সহযোগিতার অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করা হয়। ইনভেস্ট বাংলাদেশের মহাপরিচালক (যুগ্মসচিব) ড. জুলিয়া মইন উত্তরাঞ্চলে এই খাতের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি মৌসুমি কৃষিপণ্যভিত্তিক সম্ভাব্যতা যাচাই, কোল্ড স্টোরেজ অবকাঠামো নির্মাণ এবং ফল থেকে বহুমুখী খাদ্যপণ্য ও পানীয় উৎপাদনের সুযোগের কথা উল্লেখ করেন। উৎপাদিত এসব পণ্য স্থানীয় চাহিদার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা সম্ভব বলে জানানো হয়।

    বৈঠক শেষে উভয় পক্ষই সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ সহযোগিতা আরও এগিয়ে নিতে নিয়মিত যোগাযোগ ও কার্যকর আলোচনা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।