শীত নামার আগেই ভারতের রাজধানী দিল্লির বায়ু মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়ায় রাজধানীর সব সরকারি ও বেসরকারি অফিসের ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে (ওয়ার্ক ফ্রম হোম) কাজ করার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পাশাপাশি, দূষণ নিয়ন্ত্রণে ১ নভেম্বর থেকে একাধিক কঠোর পদক্ষেপ কার্যকর করা হয়েছে।
যানবাহন চলাচল নিয়ন্ত্রণ: ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত যেসব গাড়ি বিএস৬ (BS-VI) মানদণ্ড পূরণ করে না, সেগুলোর চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে বৈদ্যুতিক ও সিএনজিচালিত গাড়ি, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। নিয়ম ভাঙলে এআই ক্যামেরা ও বিশেষ নজরদারির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ই-চালান পাঠানো হবে।
নির্মাণকাজ স্থগিত: নির্দিষ্ট এই সময়সীমায় সব ধরনের নির্মাণ ও ভবন ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কিছু জরুরি সরকারি প্রকল্প এর বাইরে থাকবে।
অফিসের সময় বদল: যানজট ও দূষণ কমাতে সরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের অফিস সকাল ৮টা থেকে বিকেল ৫টা এবং দিল্লি সরকারের অফিস সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে।
পার্কিং ফি বৃদ্ধি: ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করতে পার্কিং ফি দ্বিগুণ করা হয়েছে।
জ্বালানি নিতে লাগবে পিইউসি সনদ: বৈধ দূষণ নিয়ন্ত্রণ সনদ (PUC) ছাড়া দিল্লির কোনো পেট্রল পাম্প থেকে জ্বালানি দেওয়া হবে না। এটি নিশ্চিত করতে ৫০০টি পাম্পে স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এর আগে গত ২১ অক্টোবর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (জিআরএপি) প্রথম ধাপ কার্যকর করা হয়েছিল।







