
সব ধরনের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বাজে সময় পার করছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে সমস্ত হতাশা পেছনে ফেলে ঘরের মাঠে দীর্ঘ ১৮ বছর পর ত্রিদেশীয় ওডিআই সিরিজের শিরোপা ঘরে তুলেছে শাহীন শাহ আফ্রিদির দল। ফাইনালে শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জয়ের এই উল্লাসে দলের তরুণদের পারফরম্যান্সই সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে পাকিস্তানি অধিনায়ককে।
গত শনিবার (৩১ অক্টোবর) লাহোরে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তানকে ৩২৬ রানের পাহাড়সম লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাবে ফখর জামানের বিধ্বংসী সেঞ্চুরি এবং তরুণ সাদ বেগ ও আরাফাত মিনহাসের ঝোড়ো ইনিংসে ভর করে ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। এর আগে ২০০৮ সালে সবশেষ ত্রিদেশীয় ওডিআই সিরিজের শিরোপা জিতেছিল পাকিস্তান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি বোলারদের দারুণ কামব্যাক এবং তরুণদের সাহসী ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রথম তিন-চার ওভারের পর আমরা ক্রস-সিম ও বাউন্সার বাড়ানোর কৌশল নিই। আমরা জানতাম রিভার্স সুইং কাজে লাগিয়ে উইকেট শিকারের সুযোগ তৈরি হবে, আর বোলাররা ঠিক সেটাই করে দেখিয়েছে।’
দলের জয়ে অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে উঠে আসা তরুণ ক্রিকেটারদের মানসিকতা সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আফ্রিদিকে। এ বিষয়ে তিনি যোগ করেন, ‘তরুণদের পারফরম্যান্স ছিল সত্যিই অসাধারণ। পিন্ডির প্রথম ম্যাচ থেকেই সাদ বেগ দুর্দান্ত ফর্মে আছে। ফাইনালে ফখর যখন কিছুটা চাপে ছিলেন, তখন সাদ নিজের কাঁধে দায়িত্ব নিয়ে আক্রমণাত্মক খেলেছে। এছাড়া ব্যাট হাতে আরাফাত ও হাসান নওয়াজের অবদানও আমাদের ক্রিকেটের জন্য দারুণ ইতিবাচক দিক।’
আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই জয় দলকে সঠিক পথেই রাখছে বলে মনে করেন পাকিস্তান কাপ্তান। তার মতে, ‘আমরা বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছি বেশ কিছুদিন আগেই। দীর্ঘ ১৮ বছর পর ট্রাই-নেশন ট্রফি জয় পুরো দলের জন্য অত্যন্ত গর্বের ও স্বস্তির।’
অনলাইন ডেস্ক 

























