
রাজধানীর মিরপুর-১০ ও এর আশেপাশের এলাকায় ন্যূনতম মাসিক মজুরির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতার চেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ জন নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।
রোববার (১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।
আটককৃতরা সবাই বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, মিরপুরের পলাতক সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লার সরাসরি নির্দেশ ও সমন্বয়ে ঢাকার বাইরে থেকে প্রায় শতাধিক নেতাকর্মীকে ঢাকায় এনে এই সহিংসতা চালানো হচ্ছে। সাধারণ শ্রমিকদের চলমান আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোই তাদের মূল উদ্দেশ্য ছিল।
এ বিষয়ে ডিসি মোহাম্মদ রাকিব খান জানান, গত কয়েকদিন ধরে গার্মেন্টসের বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন চললেও সম্প্রতি তা সহিংস রূপ নিয়েছে। বিশেষ করে আজ পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সাধারণ শ্রমিকদের ভিড়ে মিশে থাকা এসব নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অনলাইন ডেস্ক 























