
রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে লাগা আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধদের ছোঁড়া ইটপাটকেলের আঘাতে গাড়িটির সামনের গ্লাস (উইন্ডশিল্ড) ও দুই পাশের লুকিং গ্লাস ভেঙে যায়। হামলায় গাড়ির চালক আহত হয়েছেন।
রোববার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, মিরপুর-১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে অবস্থানরত আন্দোলনকারীরা অতর্কিত হামলা চালান। এ সময় বহরের সামনের গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে গাড়িটি মারাত্মকভাবে ভাঙচুর হয়।
তিনি আরও জানান, হামলায় গাড়ির সামনের উইন্ডশিল্ড ও লুকিং গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। ভাঙা কাচের টুকরো ঢুকে চালকের হাত কেটে প্রচুর রক্তপাত হয়।
জানা গেছে, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববারের শুরু থেকেই মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকেরা। দুপুরের দিকে আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় একটি পুলিশের গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এমন উত্তাল পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
অনলাইন ডেস্ক 
























