
দেশের অটোমোবাইল খাতকে আরও গতিশীল ও জনপ্রিয় করে তুলতে আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী গাড়ি প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।
আয়োজকদের মতে, অটোমোবাইল খাত কেবল গাড়ি কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি, বড় অংকের বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির বিস্তার এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক। এই খাতের সামগ্রিক অবদানকে সবার সামনে তুলে ধরতে এই এক্সপোর আয়োজন করা হয়েছে।
এক ছাদের নিচে বৈচিত্র্যময় গাড়ি: একই স্থানে বিভিন্ন মডেল ও দামের গাড়ি যাচাই ও দেখার সুযোগ পাবেন ক্রেতারা।
জাপানি গাড়ির ৫০ বছরের ঐতিহ্য: বাংলাদেশের বাজারে জাপানি রিকন্ডিশন্ড গাড়ির দীর্ঘ ৫০ বছরের ঐতিহাসিক অবদান এবং এর গুণগত মান, নির্ভরযোগ্যতা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা হবে।
সরাসরি যোগাযোগের সুযোগ: গাড়ি ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি মিথস্ক্রিয়া তৈরির মাধ্যমে বাজারকে আরও গতিশীল করা।
অর্থনীতিতে অবদান: দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও জাতীয় রাজস্ব আয়ে রিকন্ডিশন্ড ভেহিক্যালস খাতের ভূমিকা দর্শনার্থীদের কাছে তুলে ধরা হবে।
বারভিডা জানিয়েছে, ‘বারভিডা কার এক্সপো ২০২৬’ গাড়িপ্রেমী, সম্ভাব্য ক্রেতা, ব্যবসায়ী, পেশাজীবী এবং গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে।
অনলাইন ডেস্ক 

























