
পোশাকখাতে চলমান শ্রমিক অসন্তোষ মোকাবিলা এবং এর স্থায়ী সমাধানের উপায় খুঁজতে আজ সন্ধ্যায় সচিবালয়ে কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বর্তমান পরিস্থিতির কারণ বিশ্লেষণ এবং উদ্ভূত সংকট উত্তরণে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
রোববার (১ নভেম্বর) সরকারের একাধিক উচ্চপর্যায়ের সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে রোববার বেলা সাড়ে ১১টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শ্রমমন্ত্রী জানান, শ্রম আইন অনুযায়ী সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে ছয় সদস্যের এই বোর্ড গঠন করা হয়েছে এবং আজ থেকেই এর কার্যকারিতা শুরু হয়েছে। খুব দ্রুতই বোর্ডের সভা ডেকে শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শ্রমিকদের রাজপথ ছেড়ে কাজে ফেরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “গত তিন দিন ধরে আমরা শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছি। ছুটির দিনগুলোতেও যোগাযোগ রেখে আমরা স্পষ্ট জানিয়েছিলাম যে রোববারই মজুরি বোর্ড ঘোষণা করা হবে।”
তিনি আরও অভিযোগ করেন, শ্রমিকদের যৌক্তিক আন্দোলনকে ব্যবহার করে একটি কুচক্রী মহল সরকারকে অস্থিতিশীল ও জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করছে। নিষিদ্ধ ঘোষিত একটি ছাত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্রমিক বেশে আন্দোলনে অংশ নেওয়ার প্রমাণ সোশ্যাল মিডিয়ায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, অন্তরালে অন্য কোনো গ্রুপের ফায়দা হাসিলের এই অপচেষ্টা জনগণ ও শ্রমিকরা সচেতন থাকলে সফল হবে না।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে আসছেন পোশাক শ্রমিকরা।
অনলাইন ডেস্ক 






















