Blog

  • বক্স অফিসে ইতিহাস গড়লো ‘ইনসিডিয়াস : আউট অব দ্য ফার্দার

    বক্স অফিসে ইতিহাস গড়লো ‘ইনসিডিয়াস : আউট অব দ্য ফার্দার

    জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘ইনসিডিয়াস’-এর ষষ্ঠ কিস্তি ‘ইনসিডিয়াস : আউট অব দ্য ফার্দার’ বিশ্বজুড়ে মুক্তির পরপরই দুর্দান্ত ব্যবসায়িক সাফল্য তুলে নিয়েছে। বড় পর্দায় আসার পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি ফিলিপাইনের প্রেক্ষাগৃহে একটি নতুন রেকর্ড গড়েছে ছবিটি।

    চলতি বছরের ১৯ আগস্ট ফিলিপাইনে সিনেমাটি প্রথমবারের মতো প্রদর্শিত হয়। প্রথম দিনেই ছবিটি দেশটিতে ৫১ মিলিয়নেরও বেশি পেসো (প্রায় ৮ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার) ব্যবসা করেছে, যা ফিলিপাইনের ইতিহাসে যেকোনো ভৌতিক চলচ্চিত্রের জন্য উদ্বোধনী দিনের সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড।

    চীন এবং জাপানের বাজারে এখনো মুক্তি না পেলেও বাজার বিশ্লেষকদের মতে, উদ্বোধনী সপ্তাহ শেষে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়ে যেতে পারে ৪৯ থেকে ৫৩ মিলিয়ন মার্কিন ডলারের ঘরে।

    উল্লেখ্য, এই ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলো বিশ্বজুড়ে সব মিলিয়ে ৭৪০ মিলিয়ন ডলারের বেশি আয় নিশ্চিত করেছে।

    জ্যাকব চেজের পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই পর্বের মূল গল্প আবর্তিত হয়েছে এমন এক মাকে কেন্দ্র করে, যিনি ‘দ্য ফার্দার’ নামের আত্মা বা মৃতদের জগতে প্রবেশ করতে পারেন। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ, ব্র্যান্ডন পেরিয়া ও স্যাম স্প্রুয়েল। এ ছাড়া বিশেষ চরিত্রে উপস্থিত রয়েছেন লিন শে, যিনি জানান—প্রচলিত হরর ধারার বাইরে গিয়ে গল্পের খলনায়ক চরিত্রে এবার কিছুটা কৌতুক ও রসের ছোঁয়া আনা হয়েছে। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন জেসন ব্লাম ও জেমস ওয়ান।

  • নর্ড স্ট্রিম বিস্ফোরণে ইউক্রেনের যোগসূত্র নেই: জেলেনস্কি

    নর্ড স্ট্রিম বিস্ফোরণে ইউক্রেনের যোগসূত্র নেই: জেলেনস্কি

    রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের প্রধান মাধ্যম নর্ড স্ট্রিম পাইপলাইনে নাশাকাতার ঘটনায় ইউক্রেন কোনোভাবেই জড়িত নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি উল্লেখ করেন, ঘটনার মূল রহস্য উদঘাটনে ইউক্রেনীয় কর্তৃপক্ষ তদন্তকারী সংস্থাকে পূর্ণ সহায়তা করে আসছে।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

    কিয়েভে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “নর্ড স্ট্রিম ২ পাইপলাইনে বিস্ফোরণের ঘটনাটি কোনো সরকারি বা আনুষ্ঠানিকভাবে পরিচালিত অভিযানে ইউক্রেনের অংশ নেওয়ার বিষয় নয়।”

    উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে বাল্টিক সাগরের তলদেশে অবস্থিত নর্ড স্ট্রিম ১ ও ২ পাইপলাইনে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ফলে পাইপলাইন দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ইউক্রেনের দুই নাগরিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • বেগমগঞ্জে মোটরসাইকেলে দুর্বৃত্তদের গুলিতে দুই স্কুলছাত্র আহত

    বেগমগঞ্জে মোটরসাইকেলে দুর্বৃত্তদের গুলিতে দুই স্কুলছাত্র আহত

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মোটরসাইকেলে থাকা দুই স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে।

    গত শনিবার রাতে উপজেলার জিরতলী ইউনিয়নের বাংলাবাজার রাইস মিলের কাছে এ ঘটনা ঘটে।

    আহতরা হলো— বারিচাতল গ্রামের প্রবাসী তৌহিদুল ইসলামের ছেলে সাকিব আল হাসান (১৬) ও একই গ্রামের কফিল উদ্দিন শিপনের ছেলে সাখাওয়াত হোসেন নাদিম (১৭)।

    তারা উভয়েই বাংলাবাজার সামছুন নাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    হাসপাতালে চিকিৎসাধীন আহত সাকিব জানায়, শনিবার রাত পৌনে ১০টার দিকে তারা তিন বন্ধু— নাদিম, সাকিব ও সাহিল বাংলাবাজারে তার দুলাভাইয়ের কাপড়ের দোকান থেকে বের হয়ে মামার মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বাংলাবাজার রাইস মিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি চালিত অটোরিকশায় থাকা ১০-১২ জন সন্ত্রাসী তাদের থামার সংকেত দেয়। দুর্বৃত্তদের হাতে আগ্নেয়াস্ত্র দেখে নাদিম মোটরসাইকেলের গতি বাড়িয়ে দিলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছাড়ে।

    এতে সাকিবের পিঠ, বাঁ পা ও হাত এবং নাদিমের বাঁ হাতে গুলি লাগে। কিছুটা পথ গিয়ে তারা বাইক থেকে পড়ে গেলে স্থানীয়রা এগিয়ে আসে এবং হামলাকারীরা পালিয়ে যায়।

     হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাজিব আহমেদ চৌধুরী জানান, রাতে গুলিবিদ্ধ অবস্থায় দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

    বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলেছে। হামলাকারীরা মুখোশ পরা থাকায় আহতরা কাউকে চিনতে পারেনি। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

     উপজেলায় আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে গত ১৭ দিনে ১০ জনের ওপর গুলির ঘটনা ঘটেছে। একের পর এক গুলির ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কোনো অস্ত্রধারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফলে স্থানীয়দের ও ভুক্তভোগীদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে।

  • মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাল্টা জবাব: ‘এক ফোঁটা তেলও বের হতে দেবে না’ ইরান

    মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাল্টা জবাব: ‘এক ফোঁটা তেলও বের হতে দেবে না’ ইরান

    যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেওয়ায় মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

    এর প্রতিক্রিয়ায় ইরান হুঁশিয়ারি দিয়েছে যে, চাপ অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি কার্যত বন্ধ করে দেওয়া হতে পারে। এ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

    মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, সোমবার থেকে ইরানের বিরুদ্ধে একটি বৃহৎ অর্থনৈতিক অভিযান শুরু হবে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। তিনি আরও ইঙ্গিত দেন যে, ইরানের সঙ্গে বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোকেও নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে।

    ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক নিবন্ধে বেসেন্ট এ উদ্যোগকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, যেসব দেশ ইরানের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ বজায় রাখবে, তাদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক থাকা উচিত।

    অন্যদিকে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে ইরান উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি কার্যক্রম বন্ধ করতে বাধ্য হবে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রেজাই বলেন, হরমুজ প্রণালি বা পারস্য উপসাগরের অন্য কোনো রুট দিয়েও তেল পরিবহন করতে দেওয়া হবে না। তিনি আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধে কোনো দেশ সহযোগিতা করলে তেহরান সেটিকে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে।

    ইরানের এই অবস্থানের কারণে হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব আবারও আলোচনায় এসেছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি সরবরাহ এই নৌপথের ওপর নির্ভরশীল। ফলে সেখানে যেকোনো ধরনের অচলাবস্থা আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির ঝুঁকি তৈরি করতে পারে।

    ইতোমধ্যে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং জ্বালানি সংকটের কারণে ইরানের অর্থনীতি চাপে রয়েছে। সাম্প্রতিক সংঘাত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণে দেশটির বাণিজ্য ও শিল্প উৎপাদনও বাধাগ্রস্ত হয়েছে।

    এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি কূটনৈতিক আলোচনা দীর্ঘ সময় ধরে স্থগিত রয়েছে। জুন মাসে সুইজারল্যান্ডে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর কাতার, পাকিস্তান ও তুরস্কসহ কয়েকটি দেশ উভয় পক্ষের মধ্যে উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    এ প্রেক্ষাপটে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের তেহরান সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। ইরানি সূত্র জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে।

  • সুদি লেনদেন বেড়ে যাওয়া কিয়ামতের আলামত

    সুদি লেনদেন বেড়ে যাওয়া কিয়ামতের আলামত

    সুদি লেনদেন বেড়ে যাওয়া কিয়ামতের আলামত
    যে ঋণ ঋণদাতার জন্য কোনো ধরনের মুনাফা বয়ে আনে সেটাই রিবা বা সুদ। ইসলামে সব ধরনের সুদ হারাম।

    পবিত্র কোরআনে এসেছে, ‘আল্লাহ ক্রয়-বিক্রয় হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন।”

    সুদের সঙ্গে সংশ্লিষ্ট সবাই অভিশপ্ত। সুদের সঙ্গে জড়িত সবাইকে নবীজি (সা.) অভিশাপ দিয়েছেন। বর্ণিত হয়েছে, ‘যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সাক্ষী থাকে এবং যে ব্যক্তি সুদের হিসাব-নিকাশ বা সুদের চুক্তিপত্র ইত্যাদি লিখে দেয় সবার প্রতি রাসুলুল্লাহ (সা.) লানত করেছেন।

    সুদখোর আল্লাহ ও তাঁর রাসুলের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা না করো (সুদের বকেয়া না ছাড়ো, সুদের কারবার অব্যাহত রাখো) তবে আল্লাহ ও তাঁর রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও…।”

    চক্রবৃদ্ধি হারে সুদ খেতে স্বতন্ত্রভাবে নিষেধাজ্ঞা : পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘হে মুমিনরা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পারো।

    এ আয়াতে চক্রবৃদ্ধি হারে সুদ খেতে স্বতন্ত্রভাবে নিষেধ করার কারণ হলো কোরআন নাজিল হওয়ার সময় আরবে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়ার প্রথা ছিল। তাই তা দূর করার জন্য স্বতন্ত্রভাবে চক্রবৃদ্ধি হারে সুদ খেতে নিষেধ করা হয়েছে।

    সুদখোর কিয়ামতের দিন যে অবস্থায় উঠবে : কিয়ামতের দিন সুদখোর পাগলের মতো উঠবে। ইরশাদ হয়েছে, ‘যারা সুদ খায় তারা (কিয়ামতের দিন) সেই ব্যক্তির মতো দাঁড়াবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল করে। এটা এ জন্য যে তারা বলে, ক্রয়-বিক্রয় তো সুদের মতোই…।

    কিয়ামতের আগে সুদের ব্যাপক প্রচলন : কিয়ামতের আগে মুসলমানদের মধ্যে সুদ গ্রহণ করা এবং সুদের ব্যবসা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, মানুষের ওপর এমন এক যুগ অবশ্যই আসবে যখন মানুষ পরোয়া করবে না যে কিভাবে সে সম্পদ অর্জন করল, হালাল উপায়ে না হারাম উপায়ে।

    মহানবী (সা.) আরো বলেন, নিশ্চয়ই কিয়ামতের আগে সুদ, ব্যভিচার ও মদপানের ব্যাপক প্রসার ঘটবে।

    নবী (সা.)-এর বাণী বাস্তবে পরিণত হয়েছে। অগণিত সংখ্যক মুসলমান আল্লাহ ও রাসুলের নির্দেশ অমান্য করে সুদের ব্যবসায় লিপ্ত হয়েছে। বর্তমান বিশ্বে এমন কোনো মুসলিম দেশ পাওয়া যাবে না যেখানে সুদি ব্যাংক নেই বা সুদের ব্যবসা নেই।

  • যুদ্ধে বিপর্যস্ত ইরানে বিশাল নতুন গ্যাস খনির সন্ধান

    যুদ্ধে বিপর্যস্ত ইরানে বিশাল নতুন গ্যাস খনির সন্ধান

    যুক্তরাষ্ট্রের সাথে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই জ্বালানি সমৃদ্ধ ইরানে বিশাল এক প্রাকৃতিক গ্যাস খনির সন্ধান পাওয়া গেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে আবিষ্কৃত এই নতুন খনিতে আনুমানিক ৭ দশমিক ৫ ট্রিলিয়ন কিউবিক ফুট বা ২১২ দশমিক ৪ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সঞ্চিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নতুন খনি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
    মন্ত্রী জানান, এই খনিতে বিদ্যমান গ্যাসে হাইড্রোজেন সালফাইড এবং অন্যান্য অপ্রয়োজনীয় উপাদানের উপস্থিতি অত্যন্ত কম। এর ফলে খনিটি থেকে গ্যাস উত্তোলন করা অন্যান্য খনির তুলনায় অনেক বেশি সহজ এবং সাশ্রয়ী হবে।

     

    ইরানের কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, খনিটিতে থাকা মোট ২১২ দশমিক ৪ বিলিয়ন কিউবিক মিটার গ্যাসের মধ্যে ১৬০ বিলিয়ন কিউবিক মিটারেরও বেশি গ্যাস বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব হবে। উল্লেখ্য, ইরান প্রাকৃতিক গ্যাসের মজুদের দিক থেকে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। যুদ্ধের প্রাদুর্ভাবের আগে দেশটি প্রতিদিন প্রায় ৬৫০ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস উত্তোলন করত।

    তবে বর্তমানে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে। মার্কিন বাহিনীর অব্যাহত আক্রমণে ইরানের তেল ও গ্যাস শিল্পের অবকাঠামোগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির সামগ্রিক জ্বালানি উৎপাদন তলানিতে গিয়ে ঠেকেছে।
    প্রাপ্ত তথ্যানুযায়ী, গত জুলাই মাসে ইরানের দৈনিক গ্যাস উত্তোলনের গড় হার নেমে এসেছে মাত্র ২৩০ মিলিয়ন কিউবিক মিটারে। এই সংকটময় পরিস্থিতিতে নতুন খনিটির সন্ধান পাওয়া দেশটির অর্থনীতি ও জ্বালানি খাতের জন্য একটি বড় স্বস্তির সংবাদ হতে পারে ।
    এনডিটিভি ও ব্লুমবার্গের বরাতে জানা গেছে যে, ইরান এখন এই সম্পদ ব্যবহারের মাধ্যমে তাদের ভেঙে পড়া জ্বালানি সরবরাহ ব্যবস্থা পুনরায় সক্রিয় করার পরিকল্পনা করছে।
  • চব্বিশের গণঅভ্যুত্থানকে চূড়ান্ত লড়াই হিসেবে দেখার সুযোগ নেই: জামায়াত আমির

    চব্বিশের গণঅভ্যুত্থানকে চূড়ান্ত লড়াই হিসেবে দেখার সুযোগ নেই: জামায়াত আমির

    ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে চূড়ান্ত লড়াই হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, সেটি ছিল ভবিষ্যতের ‘ফাইনাল যুদ্ধের রিহার্সাল’।

    রোববার (২৩ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে রাসূল (সা.)-এর নীতি ও আদর্শ’ শীর্ষক সেমিনার ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

     

    জামায়াত আমির বলেন, চব্বিশে যে মানুষ জেগে উঠেছিল, তারা সবাই মারা যায়নি। তারা ঘুমিয়ে পড়েনি। তারা সজাগ দৃষ্টিতে সবকিছু প্রত্যক্ষ করছে। মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়। তাদের কসরত করতে হয়, রিহার্সাল দিতে হয়। এরা যেন চব্বিশকে ফাইনাল যুদ্ধ মনে না করে। এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সাল।

    শফিকুর রহমানের ভাষ্য, ২০২৪ সালের পর তিনি মনে করেছিলেন, দীর্ঘদিন ধরে তৈরি হওয়া ফ্যাসিবাদের ‘পঙ্কিলতা, ময়লা ও আবর্জনা’ এবার পরিষ্কার হবে। কিন্তু বাস্তবে তা হয়নি, বরং আবর্জনার কলেবর আরও বেড়েছে।

    তিনি বলেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের সঙ্গে যায় না। ফ্যাসিবাদ একটা সংক্রামক ব্যাধি। এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সংক্রমিত হয়। এই ভাইরাস যার ওপরই ভর করবে, সেই ফ্যাসিবাদী।

    জামায়াত আমির আরও বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর যারা নির্যাতিত ছিলেন, তাদের কেউ এখন সরকারি দলে, আবার কেউ বিরোধী দলে রয়েছেন। তবে বিরোধীদলের দায়িত্ব সরকারকে অন্ধভাবে বিরোধিতা করা নয়।

    সরকার ভালো করলে তাকে সহযোগিতা-সমর্থন করা আর সরকার যদি কোনো অন্যায় করে, জনগণের কোনো অধিকার হরণ করে অথবা খারাপ পথে হাঁটে, তাহলে সরকারকে বাধা দেওয়া, প্রতিবাদ করা—এটাই বিরোধীদলের দায়িত্ব।

     

    সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকারের পথ অনুসরণের অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, আমরা দেখতে পাচ্ছি, ১৫ বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা। এই রাস্তা আয়নাঘরের রাস্তা।

    এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা। এই রাস্তা শাপলা চত্বরে আলেম-ওলামার ওপর ঝাঁপিয়ে পড়ার রাস্তা। বাংলাদেশের মানুষ কাউকে এই পথে চলতে দেবে না। সুতরাং বিরত থাকুন।

    অনুষ্ঠানে দেশের ভাবমূর্তি ও নাগরিকদের মর্যাদা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, বিশ্বের কাছে একটি জাতির সম্মানের অন্যতম মানদণ্ড হচ্ছে তার ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট। বাংলাদেশের পাসপোর্টের অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, এর পেছনে দেশের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যও দায়ী।

     

    তিনি আরও বলেন, দেশের ইতিহাসে বারবার ইতিহাস বিকৃতির ঘটনা ঘটেছে এবং ক্ষমতায় আসা কেউই এ অপকর্ম থেকে পুরোপুরি বের হতে পারেনি।

     

    শফিকুর রহমান বলেন, মানুষকে ধরে নিয়ে বছরের পর বছর গুম করে রাখা, তাদের স্বজনদের অন্ধকারে রাখা এবং নির্যাতন চালানোর মতো ঘটনা বাংলাদেশে ঘটেছে। তিনি সচেতন নাগরিকদের জুলাই জাদুঘর ও স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান। তবে ‘বিশেষ একটি দেশকে খুশি করার জন্য’ সেখানে অতীতের নির্যাতন ও রাজনৈতিক ঘটনাবলির অনেক স্মৃতি সরিয়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির।

  • যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মালয়েশিয়া ও চীন সফরের পর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    ‎সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন। পরে তার সানফ্রান্সিসকো যাওয়ারও কথা রয়েছে।

    ‎পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য নয় দিনের যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে প্রস্তুতি চলছে। সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের কাজও এগিয়ে চলছে।

    ‎পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাঠানো একটি নোট ভার্বালের মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

    ‎কর্মকর্তারা জানান, সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন তারেক রহমান।

    ‎অধিবেশনের মূল পর্বে বক্তব্য দেওয়ার পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

    ‎এবারের অধিবেশনটি বাংলাদেশের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তার সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

    ‎এদিকে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীর ভারত যাওয়ার বিষয়ে আলোচনা চললেও তা এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গত শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

    ‎যুক্তরাষ্ট্র সফরের সময় সানফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায়ও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

    ‎

  • চাইলেই কাল সকালে বিদ্যুৎ আর গ্যাস দিতে পারব না

    চাইলেই কাল সকালে বিদ্যুৎ আর গ্যাস দিতে পারব না

  • দোকানে গেলে নেই, বাড়তি টাকা দিলেই মেলে সার

    দোকানে গেলে নেই, বাড়তি টাকা দিলেই মেলে সার

    আমন চাষের জন্য তিন একর জমি প্রস্তুত করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার চাষি শাহজাহান খাঁ (৫২)। তাঁর বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে। জমির জন্য গত শনিবার কালিশুরি বাজারের সার ডিলার মেসার্স তপন ট্রেডার্সে যান। কিন্তু সেখানে তাঁকে সার দেওয়া হয়নি।

     

    বাধ্য হয়ে এক খুচরা বিক্রেতার (সাব-ডিলার) কাছ থেকে এক বস্তা টিএসপি ও এক বস্তা ইউরিয়া সার কেনেন তিন হাজার ১০০ টাকায়। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি বস্তা ইউরিয়া সারের দাম এক হাজার ৩৫০ টাকা ও টিএসপির দাম এক হাজার ৩৫০ টাকা। সে হিসাবে প্রতি বস্তায় ২৫০ টাকা বেশি গুনতে হয়েছে এই চাষিকে।

     

    গতকাল রোববার শাহজাহান খাঁকে পাওয়া যায় কেশবপুরে। তিনিসহ কয়েকজন চাষি জানান, ডিলারের দোকানে সরকারি দামে সার পাওয়া যাচ্ছে না। তবে খুচরা ব্যবসায়ীরা সংকট দেখিয়ে বস্তাপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা বেশি দাম রাখছেন। বাড়তি দাম না দিলে সার পাওয়া যায় না।

     

    একই রকম অভিযোগ নওমালা ইউনিয়নের বটকাজলের কৃষক গোকুল বিশ্বাস, জুরান হাওলাদার ও বাউফল সদর ইউনিয়নের অলিপুরার কৃষক জসিম উদ্দিনের। গোকুল বর্গাচাষি। তিন একর জমিতে আমনের চারা রোপণ করেছেন। মূল ডিলারের কাছে সার না পেয়ে এক বস্তা টিএসপি ও এক বস্তা ইউরিয়া সার কিনেছেন তিন হাজার ১০০ টাকায়।

     

    প্রশাসনের তথ্যমতে, সরকার কৃষক পর্যায়ে বিক্রির জন্য ইউরিয়া সারের ৫০ কেজি বস্তার দাম নির্ধারণ করেছে এক হাজার ৩৫০ টাকা। এ ছাড়া টিএসপির জন্য এক হাজার ৩৫০ টাকা, ডিএপি সারের জন্য এক হাজার ৫০ ও এমওপি সারের দাম এক হাজার টাকা নির্ধারণ করেছে।

    উপজেলায় সরকার অনুমোদিত ডিলার আছেন ১৫ জন। সাব-ডিলার আছেন ১০৫ জন। তাদের নির্ধারিত মূল্যে সার বিক্রির কথা থাকলেও মাঠের চিত্র বিপরীত।

    উপজেলার চরাঞ্চলের আমন ধানের আবাদ বেশি হয়। এ কারণে এই মৌসুমে ইউরিয়া ও টিএসপির চাহিদা বেশি। ইউরিয়া সারের বস্তা কিনতে সাম্প্রতিক দিনগুলোতে চাষিকে গুনতে হচ্ছে এক হাজার ৬০০ থেকে এক হাজার ৭০০ টাকা। এ ছাড়া এক হাজার ১৫০ টাকার নিচে ডিএপি,  এক হাজার ৭০০ থেকে এক হাজার ৭৫০ টাকার নিচে টিএসপি সার মিলছে না কোথাও। দাশপাড়ার চাষি এমরান ঢালির বলেন, যখন সারের প্রয়োজন বেশি হয়, তখনই দোকানদাররা সার নেই বলে নাটক করেন। চাহিদামতো টাকা দিলেই সার বের করে দেন।

     

    ধুলিয়া ইউনিয়নের ধুলিয়া গ্রামের জব্বার প্যাদা বলেন, ইউনিয়ন ডিলারের কাছে গেলে বলেন, খুচরা দোকানে সার ভাগ করে দিয়েছেন। আর খুচরা দোকানিরা বলেন, সারের সরবরাহ কম, বেশি দাম দিয়ে কিনতে হয়; ক্যারিং খরচ আছে– তাই বেশি দামে বিক্রি করতে হয়।

    এ বিষয়ে কালিশুরি বাজারের মেসার্স তপন ট্রেডার্সের স্বত্বাধিকারী তপন কুমারের দাবি, তিনি নির্ধারিত দরেই দোকানি ও কৃষকের কাছে সার বিক্রি করেন। দোকানিরা বেশি দামে বিক্রি করলে তাঁর করার কিছু নেই।

     

    নওমালা ইউনিয়নের ডিলার মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আতিকুর রহমান মামুন বলেন, কৃষকরা খুচরা দোকানিদের কাছ থেকে কিনে প্রতারিত হলে তারা কি করবেন?

    তবে কয়েকজন সাব-ডিলারের ভাষ্য, ডিলারের কাছ থেকে তারা যে দরে সার কিনেন, তার সঙ্গে ভাড়া যুক্ত করে বস্তায় ৫০ টাকা লাভ থাকে। তাই সামান্য বেশি দাম রাখেন। কালাইয়া বাজারের চিত্ত মাস্টার স্টোরের মালিক ও ইউনিয়নের ডিলার জয়দেব দেবনাথ বলেন, ‘কে কৃষক, কে দোকানি– তার পরিচয় তো আমরা রাখি না। সার নিতে আসলে এক হাজার ৩৫০ টাকা বস্তা দরে বিক্রি করি। এখন তারা দোকানে নিয়ে বিক্রি করলে আমরা কী করব?’

     

    বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের বাউফল উপজেলা শাখার সভাপতি মাসুদ রানা বলেন, ডিলাররা সরকারি দামেই সার বিক্রি করেন। গ্রামগঞ্জের কিছু ব্যবসায়ী দাম বাড়িয়ে বিক্রি করতে পারেন। সে বিষয়ে তাদের কিছু করার নেই।

     

     

    উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে আমন ধান চাষের জন্য ৩৪ হাজার ৮০০ হেক্টর ও আউশ ধানের জন্য দুই হাজার ৮০৬ হেক্টর জমি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত জুলাইয়ে ১৫ ডিলারের জন্য ইউরিয়া বরাদ্দ ছিল ২৯৫ টন। আগস্ট মাসে ৭৭০ টন ইউরিয়া সার বরাদ্দ হয়েছে।

     

    এসব বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার রিজভী লিমন। তিনি বলেন, কোনো ডিলারের বিরুদ্ধে বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেবেন।