Blog

  • ডুমুরিয়ায় খাল খননে অনিয়ম: সরকারি কোষাগারে ফেরত গেল ১ কোটি ৩৬ লাখ টাকা

    ডুমুরিয়ায় খাল খননে অনিয়ম: সরকারি কোষাগারে ফেরত গেল ১ কোটি ৩৬ লাখ টাকা

    খুলনার ডুমুরিয়া উপজেলার বিলডাকাতিয়াসহ পার্শ্ববর্তী এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে গৃহীত দুটি খাল খনন প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও অপরিকল্পিত কাজের অভিযোগ উঠেছে। প্রকল্প দুটিতে নামমাত্র কাজ করে অর্থ উত্তোলনের চেষ্টা করা হলেও প্রশাসনের হস্তক্ষেপে শেষ রক্ষা হয়নি। অব্যয়িত ও অনিয়মের কারণে আটকে যাওয়া মোট ১ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত পাঠাতে বাধ্য হয়েছে উপজেলা প্রশাসন।

    ​স্থানীয় সূত্রে জানা গেছে, ‘সাহস ডোলডাঙ্গা খাল হতে কাঠবুনিয়া বড় দোয়ানিয়া খাল হয়ে ভদ্রা নদী অভিমুখে খাল পুনঃখনন’ এবং ‘কৃষ্ণনগর নিমতলা হতে বিলডাকাতিয়া হয়ে রংপুর সাড়াতলা পর্যন্ত খাল পুনঃখনন’—এই দুটি বড় বাজেটের প্রকল্প গ্রহণ করা হয়েছিল। কিন্তু শুরু থেকেই খালের গভীরতা ও সঠিক সীমানা না মেনে ভেক্যু মেশিন দিয়ে তড়িঘড়ি করে মাটি তুলে খালের পাড়েই রেখে দেওয়া হয়। এমনকি খাতা-কলমে কাজ সমাপ্ত দেখানো হলেও বাস্তবে ভদ্রা নদীর স্লুইস গেটের সামনের মাটির কোনো হদিস পাওয়া যায়নি। এছাড়া খালের পাড়ে সম্প্রতি রোপণ করা গাছের চারাও এখন পানির নিচে তলিয়ে গেছে।

    ​প্রকল্প দুটির আর্থিক চিত্র:

    ​সাহস ডোলডাঙ্গা থেকে ভদ্রা নদী প্রকল্প: প্রাক্কলিত ব্যয় ছিল ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা। বিপরীতে কাজ দেখিয়ে ব্যয় ধরা হয় ৯০ লাখ ৫৪ হাজার ৩৬১ টাকা। বাকি ৩৭ লাখ ২৪ হাজার ১৭৬ টাকা অব্যয়িত হিসেবে ফেরত যায়।

    ​কৃষ্ণনগর নিমতলা থেকে রংপুর সাড়াতলা প্রকল্প: প্রাক্কলিত ব্যয় ছিল ১ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৩২ টাকা। এর মধ্যে কাজ হয়েছে ৮২ লাখ ২১ হাজার ৫৭৪ টাকার। অবশিষ্ট ৯৮ লাখ ৬০ হাজার ৬৫৮ টাকা ফেরত দেওয়া হয়।

    ​ডুমুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন জানান, প্রকল্প দুটির অব্যয়িত ১ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

    ​খুলনা জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মো. আব্দুল করিম জানান, “ডুমুরিয়া উপজেলার দুটি খাল খননের কাজ সরেজমিনে পরিদর্শন করে কাজের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশে অবশিষ্ট টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিলে উপজেলা প্রশাসন তা বাস্তবায়ন করে।”

    ​এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবিতা সরকারের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ১ কোটি ৩৬ লাখ টাকা ফেরত দেওয়ার সত্যতা নিশ্চিত করেন।

  • কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও

    কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও

    শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বা হী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম ফখরুল হোসেন।

    রোববার (২৩ আগস্ট) বিদ্যালয়টি পরিদর্শনকালে ইউএনও বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

    পরিদর্শনকালে ইউএনও এ.এইচ.এম ফখরুল হোসেন বলেন, প্রতিটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর শিক্ষার অধিকার রয়েছে। তাদেরও সমাজের সবার স্নেহ, ভালোবাসা ও যত্ন নিয়ে বেড়ে ওঠার অধিকার রয়েছে। বিদ্যালয়ের পরিবেশ হতে হবে মায়ের স্নেহের মতো কোমল এবং বাবার ছায়ার মতো নিরাপদ ও নির্মল।
    তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আদর, যত্ন ও ভালোবাসার সঙ্গে পাঠদান করা হলে তারা আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করবে এবং প্রকৃত জ্ঞান অর্জনে সক্ষম হবে। শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠ্যবই পড়ানো নয়; শিশুদের নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাও শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

    ইউএনও আরও জানান, উপজেলার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ইউএনওর বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান শিক্ষকরা।

  • পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও অপসারণের দাবিতে বিক্ষোভ ও গণমিছিল

    পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও অপসারণের দাবিতে বিক্ষোভ ও গণমিছিল

    দিনাজপুরের পার্বতীপুরে গ্রাহকদের ওপর জোরপূর্বক প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া, অতিরিক্ত বিল ও বিভিন্ন চার্জ আদায় এবং হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

    ​রোববার (২৩ আগস্ট) সকালে পার্বতীপুর নাগরিক কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শত শত নারী-পুরুষ ও বিদ্যুৎ গ্রাহক শহরের ঢাকা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

    সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

    পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

    ​পার্বতীপুর নাগরিক কমিটির আহ্বায়ক মো. আবু তাহেরের সভাপতিত্বে এবং সদস্য সচিব অলিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন— রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য মাহফুজ হোসেন ও পার্বতীপুর নাগরিক কমিটির সদস্য আমান উল্লা আমান প্রমুখ।

    ​বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে কোনো ধরনের মতামত ছাড়াই জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে।

    এই মিটারের রিচার্জ জটিলতা, ব্যালেন্স ফুরিয়ে যাওয়া, জরুরি ব্যালেন্সের নিয়ম এবং কারিগরি ত্রুটির কারণে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

    ​তারা আরও বলেন, প্রিপেইড মিটারের বিভিন্ন লুকানো চার্জ ও অতিরিক্ত অর্থ আদায়ের ফলে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।

    অবিলম্বে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, অযৌক্তিক চার্জ আদায় বাতিল এবং গ্রাহক হয়রানি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

  • হারানো বিজ্ঞপ্তি —

    হারানো বিজ্ঞপ্তি —

    হারানো বিজ্ঞপ্তি —
    মোঃ মাহাবুর সিকদার নামের এই ব্যক্তিটি বুধবার (৫ আগস্ট) ভোর রাত আনুমানিক ৪টায় তার নিজ বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোপালপুর (মানিকহার) থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি।

    তার পরিবার জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

    যদি কোন হৃদয়বান ব্যক্তি তাকে কোথাও দেখে থাকেন বা পান তাহলে যোগাযোগ করুন:

    ;;01777194432

    ;;01611321136

  • এক মাসের মধ্যে প্রাথমিকে নতুন নীতিমালা: বরিশাল কর্মশালায় ববি হাজ্জাজ

    এক মাসের মধ্যে প্রাথমিকে নতুন নীতিমালা: বরিশাল কর্মশালায় ববি হাজ্জাজ

    প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক সংস্কার ও শিক্ষার মান উন্নত করতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একইসঙ্গে আদালতে ঝুলন্ত মামলা নিষ্পত্তির পর আটকে থাকা ৩২ হাজারের বেশি প্রধান শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুততম সময়ে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তিনি।

    রোববার (২৩ আগস্ট) সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দেশের প্রাথমিক শিক্ষা আন্তর্জাতিক মানে উন্নীত করতে দুটি মূল লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার:

     পাঠদানের উপযুক্ত কোনো শিশু যেন শ্রেণিকক্ষের বাইরে না থাকে।

     প্রতিটি শিক্ষার্থী যেন ক্লাসরুমে সঠিকভাবে শিক্ষা লাভের সুযোগ পায়।

    তিনি বলেন, “এ দুটি লক্ষ্য অর্জন করা সম্ভব হলে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা বিশ্বের যেকোনো দেশের তুলনায় কোনোভাবেই পিছিয়ে থাকবে না।”

    দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম থমকে থাকা প্রসঙ্গে ববি হাজ্জাজ জানান, মামলা সংক্রান্ত আইনি জটিলতার কারণে বিগত কয়েক বছরে ৩২ হাজারের বেশি পদে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। সম্প্রতি আদালত সেই মামলা নিষ্পত্তি করেছেন। বর্তমানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া কার্যকর করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    নতুন বাজেটে শিক্ষা খাতে রেকর্ড বরাদ্দ দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই বরাদ্দের বড় অংশ ব্যবহার করা হবে প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যা সমাধানে। এছাড়া, মাঠপর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকদের অভিজ্ঞতা এবং মুক্ত মতামতের ভিত্তিতে এমন এক নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে, যা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মনিটরিং, তদারকি ও জবাবদিহি নিশ্চিত করবে। দেশব্যাপী পর্যায়ক্রমে আয়োজিত বিভাগীয় কর্মশালাগুলো এই বাস্তবসম্মত নীতি তৈরির মূল ভিত্তি হিসেবে কাজ করবে।

    কর্মশালায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় দুই শতাধিক কর্মকর্তা।

  • প্রধান সড়কে স্মার্ট ডেকোরেটিভ পোল বসাবে ডিএনসিসি

    প্রধান সড়কে স্মার্ট ডেকোরেটিভ পোল বসাবে ডিএনসিসি

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন প্রধান সড়কগুলোতে নাগরিকদের চলাচলের সুবিধা বৃদ্ধি ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে পর্যায়ক্রমে আধুনিক ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে।

    রবিবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের খামারবাড়ি গোলচত্বর এলাকায় নতুন স্মার্ট লাইটযুক্ত ডেকোরেটিভ পোলের উদ্বোধনকালে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এ কথা জানান।

    উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘রাজধানী ঢাকাকে আরও আলোকিত, নিরাপদ ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নেই উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে এই বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে।’

    তিনি আরও উল্লেখ করেন, কেবল অবকাঠামো নির্মাণ বা প্রকল্প বাস্তবায়নই শেষ কথা নয়; এসব ডেকোরেটিভ পোলের যথাযথ রক্ষণাবেক্ষণের দায়িত্বও সিটি করপোরেশন বহন করবে। তবে নগরীকে সুন্দর ও বসবাসযোগ্য রাখতে এবং এসব সেবামূলক উদ্যোগের দীর্ঘমেয়াদি সুবিধা পেতে নগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

    শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবে রূপ নিচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই শহরকে একটি পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত, আধুনিক ও নিরাপদ বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।’

    ডিএনসিসি সূত্রে জানা যায়, নগর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পর্যায়ক্রমে এলইডিশাসিত দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব ডেকোরেটিভ পোল স্থাপন করা হচ্ছে, যা রাতের বেলায় পথচারী ও যানবাহন চলাচলে বাড়তি নিরাপত্তা যোগাবে।

  • গোপালগঞ্জে এস এ পরিবহনে বড় অংকের মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার

    গোপালগঞ্জে এস এ পরিবহনে বড় অংকের মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার

    গোপালগঞ্জে এস. এ. পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে কোটি কোটি টাকার মাদক চোরাচালান ও অবৈধ অর্থ লেনদেনের প্রমাণ পাইছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    \এ ঘটনায়, জিজ্ঞাসাবাদের জন্য কুরিয়ার সার্ভিসের গোপালগঞ্জ শাখার ম্যানেজারকে গ্রেফতার এবং গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা করেন গোয়েন্দা।

    আজ রবিবার (২৩ আগস্ট) দুপুরে শহরের বিসিক ব্রিজ এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালায়।

    গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ এই ঝটিকা অভিযান চালান।

    কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার থেকে মাদক চোরাচালানের অর্থ লেনদেন হচ্ছে-এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

     

    অভিযান চলাকালে ঐ কার্যালয় থেকে অবৈধ আর্থিক লেনদেনের বহু চাঞ্চল্যকর তথ্য ও নথিপত্র উদ্ধার করে গোয়েন্দা।

    প্রাথমিক তদন্তে বিপুল অঙ্কের অবৈধ অর্থ লেনদেনের সত্যতা পাওয়ায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার নূর মোঃ মঞ্জুকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেন।

    সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান জানান, একটি নির্দিষ্ট চক্রের জন্য গোপালগঞ্জ শাখায় গোপনে একটি বিশেষ অর্ডার বই ব্যবহার করা হতো।

    জব্দ করা ঐ বইয়ের বিভিন্ন মেমো ভাউচারে ৩৬ লাখ, ৩০ লাখ ও ২৯ লাখ টাকার মতো বড় অঙ্কের আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে।

    এভাবে সবকিছু মিলিয়ে কয়েক কোটি টাকার অবৈধ লেনদেন সম্পন্ন হয়েছে ধারনা পুলিশের।

    পুলিশের পক্ষ থেকে আরও জানিয়েছেন, ম্যানেজার নূর মো: মঞ্জু মাদক ব্যবসার এসব অবৈধ অর্থ গোপালগঞ্জ কার্যালয়ে না রেখে গোপনে নিজের বাসায় নিয়ে লেনদেন সম্পন্ন করতেন।

    এমন কি এই লেনদেনের সময় যাতে কোনো প্রমাণ না থাকে, সে জন্য কুরিয়ার সার্ভিস অফিসের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পরিকল্পিতভাবে সরিয়ে ফেলানো ইহতো।

    আটক হওয়া ম্যানেজার নূর মোঃ মঞ্জু পুলিশের কাছে আর্থিক লেনদেনের বিষয়টি স্বীকার করেন।

    তবে তার দাবি, লাখ লাখ টাকা অফিসে ফেলে রাখা অনিরাপদ হওয়ায় নিরাপত্তার স্বার্থেই তিনি বাসায় নিয়ে এসব টাকা লেনদেন করতো।

    এই বিশাল অর্থ মাদক চক্রের কাছেই পাঠানো হচ্ছিল কিনা, তা খতিয়ে দেখতে জব্দকৃত নথিপত্র বিশ্লেষণ করছে গোয়েন্দা পুলিশ।

  • জনগণের পাশে থেকে ৭২ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার, কাউন্সিলর হতে চান জিয়াউল হক রতন

    জনগণের পাশে থেকে ৭২ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার, কাউন্সিলর হতে চান জিয়াউল হক রতন

    আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মুগদার ৭২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউল হক রতন। এলাকাবাসীর দোয়া ও সমর্থন নিয়ে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ওয়ার্ড গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

    দিন রাতে প্রতিদিন ওয়ার্ডের অলিগলিতে গণসংযোগ, মতবিনিময় সভা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন তিনি। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণেরও ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি তার সমর্থকদের।

    ২০২০ সালের নির্বাচনে বিজয়ী হয়েও রায় ছিনতাই ,সমর্থকদের অভিযোগ, ২০২০ সালে অনুষ্ঠিত ৭২ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে জিয়াউল হক রতন বিপুল ভোটে বিজয়ী হলেও ফলাফল ছিনতাই করা হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা পোলিং এজেন্টদের মারধর করে ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে তাড়িয়ে দেয় এবং মান্ডা হায়দার আলী স্কুলসহ ওয়ার্ডের সকল কেন্দ্র জোর করে দখল করে নেয়। এরপর তাকে দমাতে একের পর এক ২৭টি মিথ্যা মামলা দেয় এবং ৬ বার কারাবরণ করতেও বাধ্য করা হয়।

    তারপরও ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে রাজপথে ছিলেন তিনি। ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে ফ্যাসিবাদ দূর করতে জনমত গড়ে তোলেন। জেল-জুলুম উপেক্ষা করে রাত-দিন জনগণের পাশে থেকে সেবা কার্যক্রম চালিয়ে গেছেন।

    রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেই তার মূল পরিচয়। দীর্ঘদিন ধরে তিনি দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা, রক্তদান কর্মসূচি এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে কোনো দরিদ্র পরিবারে মৃত্যুর ঘটনা ঘটলে বিনামূল্যে গোসল, কাফন ও মরদেহ বাড়িতে পৌঁছে দেওয়ার মানবিক উদ্যোগের জন্য এলাকায় তিনি পরিচিত মুখ।

    এছাড়া মসজিদ-মাদরাসা-মন্দির, স্কুল-কলেজ ও বিভিন্ন সামাজিক-ক্রীড়া সংগঠনে সহযোগিতার মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন বলে মনে করেন স্থানীয়রা।

    নির্বাচিত হলে তার প্রধান অগ্রাধিকার
    নাগরিক সেবা পানি, বিদ্যুৎ ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন
    -অবকাঠামো উন্নয়ন সড়ক, ড্রেন ও খাল সংস্কার এবং ফুটপাত দখলমুক্তকরণ
    আইনশৃঙ্খলা সামাজিক অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তা জোরদার
    মানবিকতা স্বাস্থ্য, শিক্ষা ও দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ
    জিয়াউল হক রতন বলেন, “আমি কোনো দলের কাউন্সিলর হতে চাই না, ৭২ নম্বর ওয়ার্ডের সকল মানুষের কাউন্সিলর হতে চাই। জেল-জুলুম, মামলা-হামলা দিয়ে আমাদের দমানো যায়নি। আপনাদের সমস্যাই আমার সমস্যা। জনগণের ভোট ও দোয়া পেলে কথা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করব ”

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার ৭২ নম্বর ওয়ার্ডের নির্বাচনে প্রার্থীর ব্যক্তিগত ইমেজ, ত্যাগ ও জনসম্পৃক্ততাই ভোটের মাঠে বড় প্রভাব ফেলবে। সেই সমীকরণে জিয়াউল হক রতনের অবস্থান বেশ শক্ত বলেই মনে করছেন এলাকাবাসী।

  • গ্যাস সংকটে শিল্পকারখানা বন্ধ হচ্ছে, বেকার হচ্ছেন শ্রমিক

    গ্যাস সংকটে শিল্পকারখানা বন্ধ হচ্ছে, বেকার হচ্ছেন শ্রমিক

    গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার।

    তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট শুধু শিল্পখাতকেই ক্ষতিগ্রস্ত করছে না; এর প্রভাব পড়ছে কর্মসংস্থান, উৎপাদন, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রায়।

    রোববার সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

    রুহুল আমিন হাওলাদার বলেন, গ্যাস সংকটের কারণে অনেক শিল্পকারখানা স্বাভাবিক উৎপাদন চালাতে পারছে না। কোথাও উৎপাদন কমে গেছে, আবার কোথাও কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কারখানা বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন শ্রমিকরা। তারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়ছেন। এর প্রভাব তাদের পরিবারেও পড়ছে।

    তিনি বলেন, “গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ সংকটও শিল্প ও ব্যবসা-বাণিজ্যের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না থাকলে উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব নয়। উৎপাদন ব্যাহত হলে একদিকে উদ্যোক্তারা আর্থিক ক্ষতির মুখে পড়েন, অন্যদিকে বাজারে পণ্যের সরবরাহ কমে গিয়ে সাধারণ মানুষের ওপরও এর চাপ পড়ে।”

    জাতীয় পার্টির মহাসচিব বলেন, “এই সংকটকে ছোট করে দেখার সুযোগ নেই। শিল্পকারখানা বন্ধ হওয়া মানে শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়; এর সঙ্গে হাজার হাজার শ্রমিকের জীবিকা, পরিবারের ভবিষ্যৎ এবং দেশের অর্থনীতির বিষয় জড়িত। সরকারকে দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

    সভায় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ বলেন, “গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত সমাধান করা জরুরি। শিল্পকারখানা সচল না থাকলে কর্মসংস্থান ও অর্থনীতি—দুটিই ক্ষতিগ্রস্ত হবে। তাই সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

    নির্বাহী চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু বলেন, “জ্বালানি সংকটের কারণে শিল্পখাতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দূর করতে হবে। গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা গেলে উৎপাদন ও কর্মসংস্থান স্বাভাবিক রাখা সম্ভব হবে।”

    জরুরি সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য জসিম উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা সরদার মো. শাহজাহানসহ দলের কেন্দ্রীয় নেতারা।

    সভায় দেশের চলমান পরিস্থিতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং এর ফলে শিল্পখাত ও সাধারণ মানুষের ওপর সৃষ্ট প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতারা দ্রুত সংকট নিরসনের পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

  • নির্বাহী প্রকৌশলী কায়সার কবিরের টেন্ডার জালিয়াতি ও সিন্ডিকেট

    নির্বাহী প্রকৌশলী কায়সার কবিরের টেন্ডার জালিয়াতি ও সিন্ডিকেট

    জুলাই অভ্যুত্থানের পর প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি—এমন অভিযোগের মধ্যেই গণপূর্ত অধিদপ্তরের ঢাকা রক্ষণাবেক্ষণ বিভাগকে ঘিরে সামনে এসেছে একাধিক গুরুতর প্রশ্ন। আর এসব প্রশ্নের কেন্দ্রে রয়েছেন গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কায়সার কবির। তাঁর বিরুদ্ধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে টেন্ডার পদ্ধতি পরিবর্তন, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া, কমিশনভিত্তিক বাণিজ্য, টেন্ডার ও পোস্টিং সিন্ডিকেট পরিচালনা, রাজনৈতিক প্রভাব ব্যবহার, গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিশ্চিত করতে অর্থ লেনদেন এবং প্রশাসনিক প্রভাব বিস্তারের মতো একাধিক অভিযোগ রয়েছে।
    অনুসন্ধানে দেখা যায়, কায়সার কবিরের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে ২০২৪-২৫ অর্থবছরের টেন্ডার প্রক্রিয়া নিয়ে। অভিযোগ রয়েছে, গণপূর্ত অধিদপ্তরের অভ্যন্তরীণ নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট কাজগুলোতে লিমিটেড টেন্ডার মেথড বা এলটিএম অনুসরণের কথা থাকলেও ঢাকা রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে তিনি ওপেন টেন্ডার মেথড বা ওটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান করেন। অভিযোগকারীদের দাবি, ওটিএম পদ্ধতি উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক হলেও বাস্তবে এমনভাবে দরপত্র পরিচালনা করা হয়, যাতে নির্দিষ্ট কিছু পছন্দের ঠিকাদার সুবিধা পান এবং অন্য প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে না পারে।
    অন্তত ৬০টির বেশি দরপত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এসব দরপত্রের মধ্যে রয়েছে ১০৬০৬৮৯, ১০৭০৫৪৬, ১০৬৬৫৯৪, ১০৬৭৭২৪, ১০৬৬৬০২, ১০৬৭৭২১, ১০৭০৫৪৩, ১০৭০৫৪৫, ১০৬৭৭২৭, ১০৬৭৭২৬, ১০৬৭৭২৫, ১০৬৭৭২৩, ১০৭০৫৪০, ১০৭০৫৪৮, ১০৬৬৫৮৯, ১০৫৮০৭৮, ১০৪৫৫৪৩, ১০৪৫৫৫০, ১০৫৮৪৯৯, ১০৫৮৫০০, ১০৫৮০৮১, ১০৫৮০৮৪, ১০৬০০৮৪, ১০৪৫৫১৫, ১০৪৫৫১৮, ১০৪৫৫২১, ১০৪৫৫২২, ১০৪৫৫২৩, ১০৪৫৫২৫, ১০৪৫৫২৬, ১০৪৫৫২৭, ১০৪৫৫৩১, ১০৪৫৫৪১, ১০৪৫৫৪৬, ১০৬০০৭৭, ১০৫৮১২৪, ১০৪৩৩৫২, ১০৪৩৩৬১, ১০৪৩৩৬৭, ১০৪৩৩৭৩, ১০৪৩৪১০, ১০৪৩৪১৪, ১০৪৩৫১৫, ১০৪৩৪১৭, ১০৪৩৪১৮, ১০৪৩৪১৯, ১০৪৩৪২০, ১০৪৩৪২১, ১০৪৩৪২২, ১০৪৩৪২৪, ১০৪৩৪২৬, ১০৪৩৪২৭, ১০৪৩৪২৯, ১০৪৩৪৩০, ১০৪৩৫৩১, ১০৪৩৪৩২, ১০৪৩৪৩৩, ১০৪৩৪৩৪, ১০৪৩৪৩৫, ১০৪৩৪৩৮, ১০৪৩৪৪০, ১০৪৩৪৪১ ও ১০৪৩৪৪৩।
    অভিযোগের ধরন শুধু টেন্ডার পদ্ধতি পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়। সংশ্লিষ্ট মহলের দাবি, এসব কাজের ক্ষেত্রে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে কমিশনভিত্তিক আর্থিক লেনদেনের একটি ব্যবস্থা গড়ে উঠেছিল। কাজের ধরন ও মূল্য অনুযায়ী কমিশনের অঙ্ক কয়েক লাখ থেকে কয়েক কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে অভিযোগে দাবি করা হয়েছে। এসব টেন্ডারের মাধ্যমে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগও করা হয়েছে।
    ঢাকা রক্ষণাবেক্ষণ বিভাগ গণপূর্ত অধিদপ্তরের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ। রাজধানীর সরকারি ভবন, সরকারি বাসভবন, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন অবকাঠামোগত কাজ এই বিভাগের আওতাভুক্ত। প্রতি বছর এখানে বিপুল পরিমাণ সরকারি অর্থের কাজ বরাদ্দ হয়। ফলে এ বিভাগের নির্বাহী প্রকৌশলীর হাতে টেন্ডার, কাজের অনুমোদন, ঠিকাদার নির্বাচন ও প্রশাসনিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ক্ষমতা থাকে। অভিযোগ রয়েছে, কায়সার কবির এই ক্ষমতাকে কাজে লাগিয়ে বিভাগের টেন্ডার কার্যক্রমে নিজের প্রভাব প্রতিষ্ঠা করেন।
    অভিযোগ অনুযায়ী, কায়সার কবির সরাসরি সবকিছু পরিচালনা না করে তাঁর আস্থাভাজন কিছু অধস্তন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তির মাধ্যমে বিভাগের কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন। বদলি, দায়িত্ব বণ্টন, কাজ অনুমোদন এবং প্রশাসনিক সিদ্ধান্তে তাঁর প্রভাব ছিল বলে কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, তাঁর সঙ্গে বিরোধে জড়ানো বা তাঁর সিদ্ধান্তের বিরোধিতা করা কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, বদলি কিংবা প্রশাসনিক চাপ প্রয়োগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। পোস্টিং, বদলি ও বার্ষিক মূল্যায়নের মতো বিষয়েও তাঁর প্রভাবের কারণে অনেক কর্মকর্তা মুখ খুলতে চান না।
    কায়সার কবিরের কর্মজীবনের বিভিন্ন পর্যায় নিয়েও নানা অভিযোগ রয়েছে। সাভার সার্কেলে সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল কাদের চৌধুরীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা বিভিন্ন প্রতিবেদনে এসেছে। আব্দুল কাদের চৌধুরী পরবর্তীতে জিকে শামীম-সংশ্লিষ্ট ক্যাসিনো কাণ্ড ও টেন্ডার বাণিজ্যের অভিযোগে আলোচিত হন এবং পেশাগত অসদাচরণের অভিযোগে পদাবনতির মুখে পড়েছিলেন । অভিযোগকারীদের কেউ কেউ দাবি করেছেন, সাভারে থাকাকালেই কায়সার কবির সরকারি টেন্ডার ব্যবস্থাপনায় প্রভাব বিস্তারের কৌশল রপ্ত করেন।
    পরবর্তীতে কায়সার কবির জামালপুরে উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে স্থানীয় আওয়ামী লীগ নেতা মির্জা আজম এমপি এবং তাঁর ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে ঠিকাদারি সিন্ডিকেট পরিচালনার অভিযোগ উঠে। আরও অভিযোগ করা হয়েছে, তিনি একাধিক নির্বাহী প্রকৌশলীর e-GP সিস্টেমের পাসওয়ার্ড নিজের নিয়ন্ত্রণে রেখে দরপত্র প্রক্রিয়া এককভাবে প্রভাবিত করতেন। এই অভিযোগ সত্য হলে তা সরকারি ই-প্রকিউরমেন্ট ব্যবস্থার নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন সৃষ্টি করে।
    ঢাকায় ফিরে কায়সার কবির আজিমপুর, গুলশানসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সাব-ডিভিশনে দায়িত্ব পালন করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর পোস্টিং নিয়েও অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। জানা যায় পাবনা জেলার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের মাধ্যমে অর্থ দিয়ে আজিমপুরে নিজের পছন্দের পোস্টিং নিশ্চিত করেন তিনি। একই প্রক্রিয়ায় তাঁর ঘনিষ্ঠ ইলিয়াস আহমেদ ও মাহাবুব নামের আরও দুই প্রকৌশলী ঢাকার গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল হন বলেও অভিযোগ করা হয়েছে।
    নির্বাহী প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব পাওয়ার পর ঢাকা রক্ষণাবেক্ষণ বিভাগে তাঁর পোস্টিং নিয়েও বড় অঙ্কের ঘুষ দেওয়ার অভিযোগ এসেছে। তথ্য অনুযায়ী, সাজিন কন্সট্রাকশন লিমিটেডের কর্ণধারের মাধ্যমে তৎকালীন প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারকে বড় অঙ্কের অর্থ দিয়ে তিনি ঢাকা রক্ষণাবেক্ষণ বিভাগে পোস্টিং নেন বলে অভিযোগ করা হয়েছে। এরপরই ব্যাপকভাবে টেন্ডার বাণিজ্য শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
    কায়সার কবিরের বিরুদ্ধে রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করে বদলি ও পদায়ন বাণিজ্যে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। সাবেক মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মুসার সঙ্গে তাঁর যোগাযোগের কথা বলা হয়েছে। অভিযোগ রয়েছে, মুসার মাধ্যমে আন্তঃজেলা ভ্রমণ, নগদ অর্থ লেনদেন এবং রাজনৈতিক কর্মসূচিতে অর্থায়ন করা হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, এমনকি শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠানেও অর্থ দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল।
    কায়সার কবিরের ব্যক্তিগত সম্পদ ও জীবনযাপন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। রাজধানীতে তাঁর বসবাস, গাড়ি ব্যবহার এবং পারিবারিক ব্যয়ের ধরন তাঁর ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়ে অনুসন্ধানের দাবি উঠেছে। বিভিন্ন সূত্র তাঁর সম্পদের অস্বাভাবিক বৃদ্ধির ইঙ্গিত দেয়।
    কায়সার কবিরের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান ও ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত একটি অত্যন্ত গুরুতর অভিযোগও রয়েছে। জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন বা হত্যাকাণ্ডে তিনি প্রত্যক্ষভাবে অর্থায়ন করেছেন।
    কায়সার কবিরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রশাসনিক ভয়ের পরিবেশ। সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছেন, পোস্টিং, বদলি, দায়িত্ব বণ্টন ও বার্ষিক মূল্যায়নে তাঁর প্রভাব থাকায় কেউ প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পান না। তাঁর সঙ্গে বিরোধে গেলে প্রশাসনিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
    কায়সার কবিরের যোগাযোগ করা হলে তিনি “মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেন। তিনি আরও বলেন, টেন্ডারের আইডি যাচাই না করে মন্তব্য করা ঠিক হবে না। প্রকাশিত অভিযোগগুলো পর্যালোচনা করলে কায়সার কবিরকে ঘিরে মূলত তিনটি বিষয় সবচেয়ে বেশি সামনে আসে—টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগ, রাজনৈতিক ও প্রশাসনিক যোগাযোগ ব্যবহার করে পোস্টিং-বদলি নিয়ন্ত্রণের অভিযোগ এবং এসব প্রভাবের মাধ্যমে ব্যক্তিগত আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ। এর সঙ্গে e-GP নিয়ন্ত্রণ, পছন্দের ঠিকাদারদের সুবিধা দেওয়া, কমিশন বাণিজ্য, প্রশাসনিক চাপ এবং সম্পদ বৃদ্ধির প্রশ্ন যুক্ত হয়েছে।