সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে নতুন করে আলোচনায় এসেছেন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমক।
ব্যক্তিগত ভ্লগ সিরিজের নতুন পর্বে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক অধ্যায় তুলে ধরার পাশাপাশি সাবেক এ প্রধানমন্ত্রীর পরিচিত সাজ ও অবয়ব ধারণ করেছেন চমক।
আর সেই ভ্লগ ভিডিওটি প্রকাশ হতেই ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এ অভিনেত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেছেন চমক।
পর্বটির টাইটেল দেয়া হয়েছে ‘খালেদা জিয়া’।
অভিনেত্রী চমক ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প। একইসঙ্গে খালেদা জিয়াকে গণতন্ত্রের মা ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একজন আপসহীন নেত্রী হিসেবে উল্লেখ করেন।
ভিডিওতে দেখা যায়, রাজধানীর জিয়া উদ্যানসহ বিভিন্ন লোকেশনে ও স্টুডিওতে শুটিং করা হয়েছে ভিডিওটির। এতে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা গেছে চমককে। পুরো ভিডিওতে তার সাজসজ্জা, পোশাক ও উপস্থাপনার ধরন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিরচেনা উপস্থিতির সঙ্গে বেশ মিল ছিল। যে কারণে ভিডিওটি অল্পতেই নজর কাড়ে দর্শকদের।
চমক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার পরই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। মন্তব্যের ঘরে অনেকেই অভিনেত্রীর সাজ ও উপস্থাপনার প্রশংসা করেছেন। কেউ মন্তব্য করেছেন, চমককে দেখতে অনেকটা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো লাগছে। আবার কেউ লিখেছেন, আগে কখনো কাউকে এমন নিখুঁতভাবে খালেদা জিয়ার অবয়ব উপস্থাপন করতে দেখা যায়নি।









