
ময়মনসিংহ নগরের জিলা স্কুল সংলগ্ন ‘ডক্টরস পেট কেয়ার’-এ হামলা ও চিকিৎসকদের মারধরের ঘটনায় প্রধান আসামি আফরিন রশিদ সেঁজুতিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
রোববার দুপুরে তাকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সেঁজুতি জুতা দিয়ে এক চিকিৎসককে প্রহার করছেন। ওই সময় মহানগর ছাত্রদলের সদ্য বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান ঘটনার ভিডিও ধারণের পাশাপাশি চিকিৎসকের ওপর হামলা চালান।
ভুক্তভোগী চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানের দাবি, দীর্ঘদিন ধরে চাওয়া ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একদল লোক সিসিটিভি সংযোগ কেটে রড দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনিসহ তার স্ত্রী, চেম্বার কর্মী ও তার স্ত্রী আহত হন। এছাড়া ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ২০ হাজার টাকা লুট এবং চেম্বারের মালামাল ও সাইনবোর্ড ভাঙচুর করা হয়।
এর আগে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছিল বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (বিভিএ)। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, পেশাগত সেবা নিয়ে অভিযোগ থাকলে আইনি প্রতিকার নেওয়ার সুযোগ রয়েছে, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়।
অনলাইন ডেস্ক 

























