Blog

  • গোপালগঞ্জের দিনে জ্বলছে উচ্চ ওয়াচ টাওয়ারের বাতি

    গোপালগঞ্জের দিনে জ্বলছে উচ্চ ওয়াচ টাওয়ারের বাতি

    গোপালগঞ্জ সহ সারা দেশে চলছে বিদ্যুৎ সংকট। সরবরাহের ঘাটতি সামাল দিতে চলছে লোডশেডিং, পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এমন পরিস্থিতিতে গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায় দিনের আলোতেও জ্বলতে দেখা গেছে ৭১ ফুট উচ্চতার ওয়াচ টাওয়ারের সবকটি বাতি। রাতের আলোকসজ্জার জন্য স্থাপন করা এসব বাতি দিনের আলোয়ও জ্বলতে থাকায় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় জনসাধারণের মধ্যে। একই সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্ব ও নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে।

    সোমবার (২৪ আগস্ট) সকাল ৯ টার দিকে লঞ্চঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সূর্যের আলোয় চারপাশ স্পষ্ট হলেও ওয়াচ টাওয়ারের বাতি তখনও জ্বলছে। দিনের আলোয় এসব বাতি বন্ধ থাকার কথা থাকলেও তা না হওয়ায় বিদ্যুতের অপচয় হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

    গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ,এইচ,এম রকিবুল ইসলাম বলেন, ওয়াচ টাওয়ারের বাতিগুলো সফটওয়্যারের মাধ্যমে টাইমার দিয়ে নিয়ন্ত্রিত হয়। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বাতি বন্ধ হয়ে যাওয়ার কথা। তবে কেন বাতি বন্ধ হচ্ছেনা, সফটওয়্যারে কোনো সমস্যা হয়েছে কিনা, তা তিনি খতিয়ে দেখবেন বলে জানান।

    ২০২৫ সালের ২৬ মার্চ উদ্বোধন করা হয় গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় ৭১ ফুট উচ্চতার এই ওয়াচ টাওয়ারটি। নির্মাণে ব্যয় হয় প্রায় ১০ লাখ টাকা।
    টাওয়ারটির চারপাশে রয়েছে ১০টি উচ্চক্ষমতাসম্পন্ন বাতি। রাতের বেলায় আশপাশের এলাকা আলোকিত করার পাশাপাশি শহরের সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে এসব বাতি স্থাপন করা হয়। ভবিষ্যতে ওয়াচ টাওয়ারটি নজরদারির কাজেও ব্যবহারের পরিকল্পনার কথা জানানো হয়েছিলো।

    তবে দিনের আলোয়ও এসব বাতি জ্বলে থাকার ঘটনায় প্রশ্ন উঠেছে স্থাপনাটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে। স্থানীয়দের ভাষ্য মতে, স্বয়ংক্রিয়ভাবে বাতি বন্ধ হওয়ার ব্যবস্থা থাকলেও সেইটি ঠিকমতো কাজ করছে কিনা, তা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। প্রযুক্তিগত ত্রুটি হতেই পারে, কিন্তু সেই ত্রুটি দ্রুত শনাক্ত করে সমাধান করার বিষয়টিও কর্তৃপক্ষের দায়িত্ব।

    স্থানীয়দের মতে, বিষয়টি শুধু বিদ্যুতের অপচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়,এর সঙ্গে দায়িত্বে গাফিলতির প্রশ্ন উঠেছে। স্বয়ংক্রিয় ব্যবস্থার ওপর পুরোপুরি নির্ভর করে দায়িত্ব শেষ করার সুযোগ নেই। কারণ যে কোনো প্রযুক্তিগত ব্যবস্থা বিকল বা নষ্ট হতে পারে। সেটি ঠিকমতো কাজ করছে কিনা, তা পর্যবেক্ষণ করা এবং ত্রুটি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্পূর্ণ দায়িত্ব।

    বর্তমান বিদ্যুৎ সংকট শুধু গোপালগঞ্জের শুধু নয়, সারা দেশেই বিদ্যুৎ সরবরাহে ঘাটতি ও লোডশেডিং চলতেছে। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারও বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বিদ্যুতের ব্যবহার কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

    সচেতন নাগরিকদের মতে, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সংকট থাকলে স্থানীয় পর্যায়েও বিদ্যুৎ ব্যবহারে আরও দায়িত্বশীল হতে হইবে। বিশেষ করে দিনের আলোয় যখন কোনো কৃত্রিম আলোর প্রয়োজন নাই, তখন উচ্চক্ষমতাসম্পন্ন একাধিক বাতি জ্বালিয়ে রাখা কোনো ভাবেই কাম্য না।

  • রক্তের প্রয়োজনে মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত

    রক্তের প্রয়োজনে মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত

    সুনামগঞ্জের ডাবর এলাকায় রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
    সোমবার (২৪ আগস্ট) সকালে মৌলভীবাজার যাওয়ার পথে সুনামগঞ্জের ডাবর পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
    নিহত উজ্জ্বল হোসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের সন্তান। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য ছিলেন।
    রক্তের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয়দের কাছে পরিচিত ছিলেন উজ্জ্বল হোসেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • বিএনপি সরকারের ১৮০ দিন: অদক্ষতা ও ব্যর্থতার অভিযোগ এনসিপির

    বিএনপি সরকারের ১৮০ দিন: অদক্ষতা ও ব্যর্থতার অভিযোগ এনসিপির

    বর্তমান বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের মেয়াদ মূলত অদক্ষতা, অব্যবস্থাপনা, অপরিণামদর্শিতা ও অসততার দৃষ্টান্ত তৈরি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার পুরোনো ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক কাঠামোয় ফেরত যাচ্ছে এবং এতে প্রমাণিত হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।   

    আজ সোমবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এনসিপির পলিসি ও রিসার্চ উপকমিটি ‘ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।   

    সংবাদ সম্মেলনে ‘বিএনপি সরকারের ১৮০ দিন: পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে পুরোনো রাজনীতিতে প্রত্যাবর্তন-অব্যবস্থাপনা, অদক্ষতা, পরিকল্পনাহীনতা’ শীর্ষক একটি পুস্তিকা প্রকাশ করা হয়।   

    • তিন অগ্রাধিকার খাতে ব্যর্থতা: ক্ষমতা গ্রহণের পর ১৭ ফেব্রুয়ারি প্রথম মন্ত্রিসভা বৈঠকে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার যে তিন অগ্রাধিকার নির্ধারণ করেছিল, তার প্রতিটিতেই ব্যর্থ হয়েছে।   

    • অর্থনৈতিক ও জ্বালানি সংকট: তেল, গ্যাস ও বিদ্যুতের সংকটে কলকারখানা বন্ধ হচ্ছে, শ্রমিকরা চাকরি হারাচ্ছেন এবং কৃষকদের উচ্চ মূল্যে সার কিনতে হচ্ছে।   

    • সিন্ডিকেট ও প্রাতিষ্ঠানিক রদবদল: ব্যাংকিং খাতের দুর্নীতির পাশাপাশি পুরনো সিন্ডিকেটে বিএনপি নতুন অংশীদার হয়েছে বলে অভিযোগ করা হয়। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের মানবাধিকার ও গুম সংক্রান্ত সংস্কারগুলো বাতিল বা দুর্বল করার দাবি জানানো হয়।   

    • রাজনৈতিক নিপীড়নের অভিযোগ: বিরোধী মত ও সাংবাদিকদের ওপর হামলা-মামলা বৃদ্ধি পেয়েছে এবং প্রশাসন ও পুলিশকে পুনর্গঠনের নামে দলীয়করণ করা হচ্ছে বলে দাবি করা হয়।   

    পররাষ্ট্রনীতি ও ভারত প্রসঙ্গ: নাহিদ ইসলাম আরও মন্তব্য করেন, ভারতে শেখ হাসিনার অবস্থানের বিষয়ে নিশ্চয়তা ও বাংলাদেশ-ভারত সম্পর্কের অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা ছাড়া শীর্ষ পর্যায়ের সফর বা কূটনীতিক সম্পর্ক পরিচালনা দেশের পররাষ্ট্রনীতির জন্য অবমাননাকর।   

    সরকারের এসব নীতির প্রতিবাদে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে দ্রুত বিভাগীয় লংমার্চ এবং ঢাকায় মহাসমাবেশের মতো কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।   

  • ৮২ বয়সে চলে গেলেন ‘কোচ’ ও ‘দ্য ডোনা রিড শো’ খ্যাত মার্কিন অভিনেত্রী শেলি ফ্যাবারেস

    ৮২ বয়সে চলে গেলেন ‘কোচ’ ও ‘দ্য ডোনা রিড শো’ খ্যাত মার্কিন অভিনেত্রী শেলি ফ্যাবারেস

    জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘দ্য ডোনা রিড শো’ ও ‘কোচ’-এর জন্য স্মরণীয় অভিনেত্রী শেলি ফ্যাবারেস আর নেই। গত শনিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে স্বল্পকালীন অসুস্থতার পর শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।   

    অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। স্বজনদের মধ্যে রয়েছেন তার স্বামী ও বিখ্যাত ‘এমএএসএইচ’ (MASH) সিরিজের অভিনেতা মাইক ফ্যারেল। ১৯৮৪ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।   

    এক আবেগঘন বিবৃতিতে পরিবার জানায়, “শেলি তার পরিবার ও প্রিয়জনদের কাছে ভালোবাসা, শক্তি, হাসি ও স্বস্তির উৎস ছিলেন। তাঁর উষ্ণতা, উদারতা, রসবোধ ও ব্যক্তিত্ব কাছের মানুষদের জীবনে এক বিশেষ স্থায়ী প্রভাব রেখে গেছে। আমরা তাঁকে গভীরভাবে মিস করব।”   

    টেলিভিশন ও গান: ১৯৫৮ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত প্রচারিত জনপ্রিয় কমেডি সিরিজ ‘দ্য ডোনা রিড শো’-তে ডোনা রিডের কিশোরী মেয়ে ‘মেরি স্টোন’ চরিত্রে অভিনয় করে প্রথম জাতীয় পর্যায়ে জনপ্রিয়তা পান শেলি। ওই সময়েই গানের জগতে পা রেখে ১৯৬২ সালে তাঁর গাওয়া ‘জনি অ্যাঞ্জেল’ গানটি দিয়ে বিলবোর্ড হট ১০০-এর শীর্ষস্থান দখল করেন। পরবর্তীতে শেলি এক সাক্ষাৎকারে মজার ছলে বলেছিলেন, গান গাওয়ায় তিনি পারদর্শী ছিলেন না এবং রেকর্ডিংয়ে ডাবিংয়ের সহায়তা নিতে হয়েছিল।   

    এলভিস প্রিসলির সঙ্গী: ১৯৬০-এর দশকে বড় পর্দায় রক অ্যান্ড রোল কিংবদন্তি এলভিস প্রিসলির বিপরীতে তিনটি হিট সিনেমায় মূল নারী চরিত্রে অভিনয় করেন শেলি। ছবিগুলো হলো:   

    • গার্ল হ্যাপি (১৯ ১৯৬৫)   

    • স্পিনআউট (১৯৬৬)   

    • ক্ল্যামবেক (১৯৬৭)   

    এলভিসের উপস্থিতি এবং তারকাখ্যাতি নিয়ে স্মৃতিচারণ করে শেলি জানিয়েছিলেন, সেটে প্রথমবার এলভিসকে আসতে দেখেই পুরো শুটিং ইউনিটের সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলেন।

    পরবর্তী অভিনয় জীবন: পরবর্তীতে জনপ্রিয় স্পোর্টস কমেডি সিরিজ ‘কোচ’-এ দীর্ঘ আট মৌসুম ক্রিস্টিন আর্মস্ট্রং চরিত্রে অভিনয় করেন শেলি। এতে ক্রেইগ টি. নেলসনের চরিত্রের বিপরীতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি দুবার प्रतिष्ठित এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। এ ছাড়া ‘ওয়ান ডে অ্যাট আ টাইম’ সিরিজ এবং ১৯৭১ সালের সাড়াজাগানো টিভি সিনেমা ‘ব্রায়ান’স সং’-এ অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।   

    শৈশব ও স্বাস্থ্য সংগ্রাম: ১৯৪৪ সালের ১৯ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় জন্মগ্রহণে পর মাত্র তিন বছর বয়স থেকেই মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পরিচিতি পান শেলি। ৯ বছর বয়সে ফ্র্যাঙ্ক সিনাত্রার সঙ্গে এবং ১০ বছর বয়সে ‘দ্য লরেটা ইয়ং শো’-তে শিশুশিল্পী হিসেবে প্রথম পদচারণা ঘটে তাঁর।   

    ব্যক্তিগত জীবনে স্বাস্থ্য জটিলতার মুখোমুখি হতে হয়েছিল এই তারকাকে। যকৃৎ বিকল হওয়ার কারণে ২০০০ সালের অক্টোবরে দীর্ঘ ২২ মাস অপেক্ষার পর তাঁর লিভার প্রতিস্থাপন (Liver Transplant) সফলভাবে সম্পন্ন হয়েছিল।   

  • এসএসসি পরীক্ষা পিছিয়ে ১৪ মার্চ শুরু, শেষ ১৫ এপ্রিল

    এসএসসি পরীক্ষা পিছিয়ে ১৪ মার্চ শুরু, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ১৪ মার্চ থেকে এই পরীক্ষা শুরু হবে এবং তত্ত্বীয় বা লিখিত পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

    সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক যৌথ বৈঠকে এই নতুন সময়সূচির সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

    উল্লেখ্য, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী বছরের ৭ জানুয়ারি থেকে সারা দেশে একযোগে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

  • দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩২ জন শিশু আক্রান্ত হয়েছে।

    দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩২ জন শিশু আক্রান্ত হয়েছে।

    এ সময় উপসর্গজনিত কারণে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে, তবে স্বাস্থ্য ল্যাব টেস্টে সরাসরি হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়নি।

    সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক দৈনিক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ল্যাব-পরীক্ষিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। অর্থাৎ এ পর্যন্ত হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট ৯৩৮ জন শিশু প্রাণ হারিয়েছে।

    প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সরাসরি হাম আক্রান্ত চিহ্নিত হয়েছে ৮৩ শিশু এবং উপসর্গজনিত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৯ জন। এ সময়ে মোট ১ হাজার ৫৫ জন শিশু নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৪৬ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৫২ জনে, যার মধ্যে ১৮ হাজার ৪৮৭ জনের দেহে নিশ্চিতভাবে হামের জীবাণু পাওয়া গেছে। এ পর্যন্ত মোট ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়, যাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

  • সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ, ধরাছোঁয়ার বাইরে চোরাকারবারিরা

    সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ, ধরাছোঁয়ার বাইরে চোরাকারবারিরা

    সিলেট সীমান্তে বিজিবির অব্যাহত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হলেও অধরাই থেকে যাচ্ছে মূল চোরাকারবারিরা। সীমান্ত এলাকায় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা মালামাল ফেলে চম্পট দেওয়ায় তাদের আটক করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিজিবি।

    সোমবার (২৪ আগস্ট) সিলেটের বিভিন্ন সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি-৪৮ ব্যাটালিয়ন। এর আগে গত দুই দিনেও সীমান্ত এলাকা থেকে প্রায় সোয়া দুই কোটি টাকার বিপুল মালামাল জব্দ করা হয়েছিল। তবে এসব কোনো অভিযান থেকেই কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।

    বিজিবি সূত্র জানায়, সোমবার বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধীনে বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট ও প্রতাপপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) পৃথক টহল দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় গরু, মহিষ, জিরা এবং বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।

    বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত রক্ষা, চোরাচালান রোধ এবং মাদক পাচার বন্ধে বিজিবির নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

    তিনি আরও বলেন, বিজিবির টহল দল পৌঁছানোর আগেই খবর পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। তবে সীমান্ত দিয়ে যেকোনো ধরণের অবৈধ প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • বাংলাদেশ-মার্কিন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    বাংলাদেশ-মার্কিন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় ও বিস্তৃত করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

    সোমবার সকালে স্থানীয় সরকার মন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়ন এবং উন্নয়ন খাতের নানা সম্ভাবনাময় দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

    বৈঠকে টেকসই নগর ব্যবস্থাপনা, বর্জ্য নিষ্কাশন, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষি খাতের জন্য কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠায় মার্কিন প্রযুক্তি ও অভিজ্ঞতার সহায়তা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, যৌথ উদ্যোগ ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও টেকসই হবে।

    জনগণই সরকারের সব ক্ষমতার উৎস—উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে নগর পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

    সাক্ষাতের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তিনি জানান, বাংলাদেশের স্থানীয় উন্নয়নমূলক খাতগুলোতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।

    আলোচনায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী বরবোরই পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। এ খাতে আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির বিষয়টিতেও জোর দেন তিনি।

    উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন যে, দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী মৈত্রী সামনে স্থানীয় সরকার খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

    উচ্চপর্যায়ের এই বৈঠকে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বার্সেলোনায় মানিয়ে নিয়েছেন গর্ডন, অভিষেকেই জোড়া অ্যাসিস্ট

    বার্সেলোনায় মানিয়ে নিয়েছেন গর্ডন, অভিষেকেই জোড়া অ্যাসিস্ট

    স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েই নিজের শক্তির জানান দিলেন ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডন। নতুন পরিবেশ, ক্লাব ও সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় দারুণ উচ্ছ্বসিত ২৫ বছর বয়সী এই ফুটবলার। তার বিশ্বাস, ক্লাবের সঙ্গে সময় বৃদ্ধির পাশাপাশি তার পারফরম্যান্সের আরও উন্নতি ঘটবে।

    দীর্ঘ ছয় মৌসুম এভারটন ও তিন মৌসুম নিউক্যাসল ইউনাইটেডে কাটিয়ে নতুন মৌসুমে বার্সেলোনায় পাড়ি জমান গর্ডন। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে এলচের বিরুদ্ধে ৫-০ গোলের বড় জয়ে বদলি হিসেবে মাঠে নেমে ক্লাবটির হয়ে অভিষেক সম্পন্ন হয় তার।

    ম্যাচের ৬৪তম মিনিটে মাঠে নেমে স্বল্প সময়ের মধ্যেই চমৎকার আক্রমণাত্মক দক্ষতার পরিচয় দেন তিনি। দলকে বড় জয় উপহার দিতে তিনি জোড়া গোল সহায়তায় (অ্যাসিস্ট) সরাসরি ভূমিকা রাখেন।

    ম্যাচ শেষে গর্ডন বলেন, “এখানে আসার পর থেকেই সময়টা দারুণ কাটছে। দলের সতীর্থরা আমাকে বেশ আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। প্রথম দিন থেকেই বার্সেলোনাকে নিজের ঘরের মতো মনে হচ্ছে।”

    শহরের পরিবেশ ও মানুষের সুসম্পর্ক নিয়ে তিনি বলেন, “বার্সেলোনা একটি চমৎকার শহর। এখানকার মানুষ খুব বন্ধুভাবাপন্ন। আশা করছি, সামনের দিনগুলোতে দলের হয়ে আরও উন্নত পারফরম্যান্স উপহার দিতে পারব।”

    নতুন মৌসুমে এমন নিখুঁত ও দাপুটে জয় দিয়ে যাত্রা শুরু করতে পেরে সন্তোষ প্রকাশ করে গর্ডন জানান, পাঁচটি গোল করা এবং নিজেদের গোলপোস্ট সুরক্ষিত রাখা একটি আদর্শ দলগত পারফরম্যান্সের নিদর্শন।

  • যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে পারস্য উপসাগরে তেল রপ্তানি বন্ধের হুমকি ইরানের

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে পারস্য উপসাগরে তেল রপ্তানি বন্ধের হুমকি ইরানের

    যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি সম্পূর্ণরূপে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই কঠোর বার্তা দেন।

    সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে মোহসেন রেজাই উল্লেখ করেন, “যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকলে শুধু হরমুজ প্রণালিই নয়, পারস্য উপসাগরের অন্য কোনো পথ দিয়েও এক ফোঁটা তেল রপ্তানি হতে দেওয়া হবে না।”

    তিনি আরও সতর্ক করে জানান, “ইরানের সাধারণ জনগণের বিরুদ্ধে ওয়াশিংটনের চালানো এই অর্থনৈতিক হামলায় যদি অন্য কোনো দেশ সহায়তা বা অংশগ্রহণ করে, তবে তেহরান সেটিকে সরাসরি যুদ্ধ হিসেবে গণ্য করবে।”

    তেহরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির সার্বিক পরিচালনা ও নিরাপত্তার মূল দায়িত্ব কেবল উপকূলীয় দেশগুলোর হাতেই থাকা উচিত।

    ইরানি কর্তৃপক্ষের মতে, যেসব দেশ মার্কিন সামরিক বাহিনীকে ঘাঁটি ব্যবহারের সুবিধা দেবে কিংবা তেহরানের বিরুদ্ধে যেকোনো প্রকার সামরিক বা অর্থনৈতিক কার্যক্রমে মার্কিন প্রশাসনকে সহযোগিতা করবে, তাদেরও এই সংঘাতের দায় বহন করতে হবে।