Blog

  • সিরাজগঞ্জের বহুলী ইউনিয়ন বিএনপির তাঁতী দলের উদ্যোগে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

    সিরাজগঞ্জের বহুলী ইউনিয়ন বিএনপির তাঁতী দলের উদ্যোগে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

    সিরাজগঞ্জ সদর উপজেলার ০৩ নং বহুলী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের নিয়ে এক আনন্দ ভ্রমণ পিকনিকের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার (২৪ আগস্ট) সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে এই আনন্দ ভ্রমণ নৌকা ভ্রমণের আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ০৮ টায় বহুলী ইউনিয়নের দেওজী পাঙ্গাসী ব্রিজ থেকে সকল নেতাকর্মী নৌকায় উঠে ভ্রম্যমান বিনোদনের মধ্য দিয়ে শাহজাদপুর ও উল্লাপাড়া হয়ে ঐতিহাসিক আলোচিত পর্যটন কেন্দ্র উধুনিয়া গিয়ে পৌঁছে আনন্দ উপভোগ করেন। এসময় সকল নেতাকর্মী আনন্দ উল্লাসে মেতে ওঠেন।

    আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন ০৩ নং বহুলী ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের সিনিয়র সহসভাপতি মো জাহাঙ্গীর সরকার। আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো আজিজুল হক, দপ্তর সম্পাদক মো মনিরুজ্জামান মনি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো নাজমুল হুদা এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো নজরুল ইসলামসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এসময় সিনিয়র সহসভাপতি মো জাহাঙ্গীর সরকার বলেন দীর্ঘ ১৬/১৭ বছর সৈরাচারী ফ্যাসিস্ট সরকারের জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে আমরা কেউ নিজ বাড়িতে থাকতে পারিনি। আজ আমরা সকল নেতাকর্মীদের সাথে নিয়ে এমন আনন্দ ভ্রমণ করতে পেরে অনেক আনন্দিত।

  • রোবটও চাইছে টিপস! কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে

    রোবটও চাইছে টিপস! কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে

    রোবট যখন মানুষের কাজ করছে, তখন কি তাকে টিপসও দিতে হবে? যুক্তরাষ্ট্রের বিভিন্ন রেস্তোরাঁ, কফিশপ ও স্বয়ংক্রিয় সেবাকেন্দ্রে এমন প্রশ্নই এখন সামনে আসছে। ডিজিটাল স্ক্রিনে রোবট যখন টিপস চাওয়ার অপশন দেখাচ্ছে, তখন গ্রাহকদের অনেকেই বুঝতে পারছেন না; এই অর্থ আসলে যাচ্ছে কার কাছে?
    বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, লাস ভেগাসের ভেনেশিয়ান হোটেলের ‘দ্য টিপসি রোবট’ বারে দুটি রোবটিক হাত স্বয়ংক্রিয়ভাবে ককটেল তৈরি করে। একটি মার্গারিটা পানীয়ের দাম ১৭ ডলার হলেও এর সঙ্গে যোগ হয় ১০ শতাংশ ‘সার্ভিস ফি’। অর্থাৎ, রোবটের সেবা নিয়েও গ্রাহকের কাছে টিপস চাওয়া হচ্ছে।

    একই অভিজ্ঞতা হয়েছে নিউইয়র্কের ‘আর্টলি কফি’তে। সেখানে রোবট বারিস্তাও টিপস চেয়েছে। নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি কর্মীহীন সেলফ-চেকআউট মেশিন পানির বোতল কেনার সময়ও টিপস দেওয়ার পরামর্শ দিয়েছে। আবার ওরেগনের পোর্টল্যান্ডের ‘টপ বার্মিজ’ রেস্তোরাঁয় অর্ডার নিয়েছেন মানুষ, কিন্তু খাবার পৌঁছে দিয়েছে রোবট।

    মানবকর্মীর ভালো সেবার জন্য টিপস দেওয়া স্বাভাবিক হলেও রোবটের ক্ষেত্রে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে দ্বিধা। সবচেয়ে বড় প্রশ্ন—রোবটকে দেওয়া টিপসের টাকা কে পাচ্ছে?
    দ্য টিপসি রোবট’ ও ‘আর্টলি কফি’র পক্ষ থেকে বলা হয়েছে, টিপসের পুরো অর্থ মানবকর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো এর কোনো অংশ নেয় না। গ্রাহকদের অভিযোগের পর আর্টলি কফি টিপস দেওয়ার স্বয়ংক্রিয় অপশনও বন্ধ করেছে।

    বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
    তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, সব প্রতিষ্ঠানে একই নিয়ম নাও থাকতে পারে। লেহাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোলোনা ওকস বলেন, কিছু অসাধু নিয়োগকর্তা রোবটের মাধ্যমে পাওয়া টিপস নিজেদের কাছে রেখে দিতে পারেন। কারণ রোবটকে দেওয়া টিপসের মালিকানা নিয়ে এখনো স্পষ্ট আইনি কাঠামো নেই।

    মহামারির পর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তারের সঙ্গে টিপস চাওয়ার প্রবণতাও বেড়েছে। যুক্তরাষ্ট্রে টিপসনির্ভর কর্মীদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ২ দশমিক ১৩ ডলার, যেখানে সাধারণ ন্যূনতম মজুরি ৭ দশমিক ২৫ ডলার।

    তবে রোবট সবসময় মানুষের চাকরির জন্য হুমকি—এমনটা মনে করেন না বিশেষজ্ঞরা। অনেক ক্ষেত্রে রোবট নতুন ধরনের সেবা ও কর্মসংস্থানের সুযোগও তৈরি করছে। মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাটেরিনা বেরেজিনার মতে, টিপস বা সার্ভিস ফি রোবটের রক্ষণাবেক্ষণ, শ্রম ও প্রযুক্তিগত খরচ মেটাতেও ব্যবহৃত হতে পারে।

    গবেষণায় দেখা গেছে, মাত্র ১১ শতাংশ মানুষ রোবট বারটেন্ডারকে টিপস দিতে আগ্রহী। তবে টিপসের অর্থ মানবকর্মীরা পাবেন জানানো হলে প্রায় ৪২ শতাংশ মানুষ মত পরিবর্তন করেন।

    বিশেষজ্ঞদের মতে, শেষ পর্যন্ত রোবটকে টিপস দেওয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে গ্রাহকরাই। মানুষ যদি এই প্রবণতা প্রত্যাখ্যান করে, তাহলে ব্যবসায়ীরাও হয়তো একসময় রোবটের ‘ডিজিটাল হাত’ থেকে টিপস চাওয়ার ব্যবস্থা সরিয়ে নিতে বাধ্য হবেন।

  • দাড়িদহ গ্রীন লাইফ মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন রাসেল মাহমুদ সবুজ

    দাড়িদহ গ্রীন লাইফ মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন রাসেল মাহমুদ সবুজ

    বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ গ্রীন লাইফ মডেল স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, অনলাইন গেমের আসক্তি থেকে দূরে রাখা এবং শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
    শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন মোকামতলা উপজেলা যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ। ফুটবল পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অনেক শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে মাঠে নিয়মিত খেলাধুলা করার আগ্রহের কথা জানায়।
    এ সময় আয়োজকরা বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের একটি বড় অংশ ফ্রি ফায়ার, PUBGসহ বিভিন্ন অনলাইন গেমে অতিরিক্ত সময় ব্যয় করছে। এতে তাদের পড়াশোনা, শারীরিক সুস্থতা ও সামাজিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ছে। তাই শিশুদের মোবাইল ও অনলাইন গেমের আসক্তি থেকে দূরে রেখে খেলার মাঠে ফিরিয়ে আনতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
    রাসেল মাহমুদ সবুজ বলেন, “আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য তাদের খেলাধুলার সুযোগ করে দিতে হবে। মোবাইল ফোন ও অনলাইন গেমের পেছনে সময় নষ্ট না করে তারা যেন মাঠে খেলাধুলা করে, বন্ধুদের সঙ্গে সময় কাটায় এবং সুস্থ-সবলভাবে বেড়ে ওঠে—এটাই আমাদের প্রত্যাশা।”
    তিনি আরও বলেন, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে ওঠে। তাই ভবিষ্যতেও শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
    শিক্ষক ও স্থানীয় অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেওয়ার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। একটি ফুটবল শুধু একটি খেলার সামগ্রী নয়—এটি শিশুদের মাঠমুখী করার পাশাপাশি সুস্থ বিনোদন ও সুন্দর ভবিষ্যতের পথ তৈরি করতে পারে।
    দাড়িদহ গ্রীন লাইফ মডেল স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণের এই উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের প্রত্যাশা, এমন ইতিবাচক উদ্যোগের ধারাবাহিকতায় মোকামতলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও খেলাধুলার সুযোগ পাবে এবং গড়ে উঠবে একটি সুস্থ, সুন্দর ও মাদক-অনলাইন আসক্তিমুক্ত প্রজন্ম।

  • ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান আবারও স্বপদে ফিরে আসার তীব্র চেষ্টায় নেমেছেন

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান আবারও স্বপদে ফিরে আসার তীব্র চেষ্টায় নেমেছেন

    । গত মার্চ মাসে জালিয়াতি, দুর্নীতি, তহবিল তসরুপ, প্রতারণা, অসদাচরণ ও অদক্ষতার গুরুতর অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়ার পর থেকে তিনি নানা পথে প্রশাসকের দ্বারে ধরনা দিচ্ছেন। নিজেকে নির্দোষ দাবি করে লিখিত আবেদন জমা দিয়েছেন, পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন এবং পেছনের দরজা দিয়ে পুনর্বহাল হওয়ার জন্য বিভিন্ন মহলে তদবির চালাচ্ছেন বলে নগর ভবনের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

    ডিএনসিসির একাধিক কর্মকর্তার অভিযোগ, ডিএনসিসির অফিসার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হিসেবে তাঁর পুরনো প্রভাব এখনো কিছুটা কাজে লাগানোর চেষ্টা করছেন তিনি। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শুরু হওয়ায় এবং বর্তমান প্রশাসকের কঠোর অবস্থানের কারণে তাঁর স্বপদে ফেরার পথ অনেকটাই কঠিন হয়ে উঠেছে।

    গত ৮ মার্চ রোববার ডিএনসিসি সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরে জারি করা অফিস আদেশে মোহাম্মদ আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, আর্থিক ক্ষমতা অর্পণ ২০২৫, পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ লঙ্ঘন করে তিনি ক্রয় কার্যক্রম পরিচালনা করেছেন। এর ফলে ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯-এর বিধি ৪৯-এর (ক), (খ), (ঘ), (ঙ) ও (চ) উপবিধি অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, দুর্নীতিপরায়ণতা এবং তহবিল তসরুপ বা প্রতারণার দায়ে একই বিধিমালার ৫৫(১) উপবিধি মোতাবেক তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশে আরও বলা হয়, তিনি বিধিমোতাবেক খোরাকি ভাতা পাবেন এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

    এর মাত্র কয়েকদিন আগে, গত ২৬ ফেব্রুয়ারি অঞ্চল-৫-এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানকেও সড়ক নির্মাণ ও সংস্কারকাজে ভয়াবহ অনিয়ম, জালিয়াতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। মিজানুর রহমানের বিরুদ্ধে ইতোমধ্যে বিভাগীয় মামলা দায়ের হয়েছে। আরিফুর রহমানের বিরুদ্ধেও বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দুই প্রকৌশলীর বরখাস্তের ঘটনা ডিএনসিসির প্রকৌশল বিভাগে এক ধরনের আতঙ্কের সৃষ্টি করেছে। বিশেষ করে অফিসার্স অ্যাসোসিয়েশনের ক্ষমতাধর কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, কারণ আরিফুর রহমান ছিলেন এ সংগঠনের সভাপতি।

    সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত এক বছরে তৎকালীন প্রশাসক মোহাম্মদ এজাজের আমলে প্রকৌশলী আরিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান এবং তৎকালীন প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিনের সিন্ডিকেট ই-জিপি টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক জালিয়াতির আশ্রয় নিয়ে প্রায় ১৫০ কোটি টাকা লোপাটের উদ্যোগ নিয়েছিল। নগরীতে রাস্তা, ড্রেন, ফুটপাত উন্নয়ন ও সংস্কারের নামে অর্ধশতাধিক নথি নিজেরাই অনুমোদন করেন। এর মধ্যে মঈন উদ্দিন ৩৪টি এবং আরিফুর রহমান ১৫টি নথিতে স্বাক্ষর করেন। আইন ও বিধিমোতাবেক সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়নি এসব ক্ষেত্রে। অঞ্চল-৫-এ মিজানুর রহমান একাই ৫৯টি কাজের টেন্ডার আহ্বান করেন বলে অভিযোগ উঠেছে।

    এসব টেন্ডারের মধ্যে অনেকগুলোতে প্রয়োজনীয় আর্থিক, প্রশাসনিক ও কারিগরি অনুমোদন ছিল না। পরে অনেক টেন্ডার বাতিলও করা হয়। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, যিনি এজাজের অলিখিত উপদেষ্টা ও মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত ছিলেন, এখনো ধরাছোয়ার বাইরে রয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনি নিজের অঞ্চলের বাইরেও হস্তক্ষেপ করতেন বলে নগর ভবনে আলোচনা চলে।

    বর্তমান প্রশাসক মো. শফিকুল ইসলাম খান গত ২৫ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পরই ডিএনসিসির তীব্র আর্থিক সংকটের মুখোমুখি হন। সাধারণ তহবিলে ক্যাশ স্থিতি মাত্র ২৫ কোটি টাকায় নেমে আসে, যা ডিএনসিসির ইতিহাসে সর্বনিম্ন বলে জানা যায়। বিভিন্ন তহবিলের ফিক্সড ডিপোজিট ৮২৫ কোটি টাকা থাকলেও তা আপৎকালীন দায় মেটানোর জন্য সংরক্ষিত ছিল। সাবেক প্রশাসক এজাজের আমলে উচ্চাভিলাসী প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের নামে সাধারণ তহবিল থেকে বিপুল অর্থ ব্যয় হওয়ার চিত্র সামনে আসে।

    প্রশাসক শফিকুল ইসলাম খান এ বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেন। নগর ভবনে এখন ‘এজাজ-আরিফ-মিজান সিন্ডিকেট’-এর বিরুদ্ধে নতুন প্রশাসকের সরাসরি ব্যবস্থা নিয়ে মুখরোচক আলোচনা চলছে। অনেকে বলছেন, নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার পর থেকেই টপ টু বটম অনিয়ম খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার নীতি গ্রহণ করেছেন।

    সাময়িক বরখাস্তের পর আরিফুর রহমান নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে প্রশাসক শফিকুল ইসলাম খানের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন। তিনি বলেন, তৎকালীন প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন দেশের বাইরে থাকায় গত ১৩ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত তিনি প্রধান প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে ছিলেন। ওই সময় বিভিন্ন অঞ্চল ও বিভাগের দরপত্র মূল্যায়নের কাজ করতে হয়েছে তাঁকে। এ কাজে তিনি বিভিন্ন অঞ্চলের নির্বাহী প্রকৌশলীর ল্যাপটপে প্রধান প্রকৌশলীর আইডিতে ঢুকে কাজ করেছিলেন বলে দাবি করেন। যে ১৫টি দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের কারণে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলোর সুপারিশ তাঁর দায়িত্বের সময় শেষ হওয়ার পর অর্থাৎ ২৮ জানুয়ারি বিকেল ৫টার পর থেকে পরদিন ২৯ জানুয়ারি দিবাগত রাত, বিকেল ও সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময়ে খুব দ্রুততার সঙ্গে করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ওই সময় পর্যন্ত ই-জিপির সিস্টেমে তাঁর নাম কীভাবে থেকে গেছে, তা তিনি জানেন না বলে দাবি করেন।

    একটি দরপত্রের সুপারিশও তিনি করেননি বলে জোর দিয়ে বলেন আরিফুর রহমান। তাঁর অভিযোগ, অঞ্চল-৫-এর সাবেক নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বিভিন্ন দরপত্রের প্রক্রিয়ায় নিজেই দরপত্র আহ্বানকারী ও নিজেই অনুমোদনকারী হিসেবে ‘ওয়ার্ক ফ্লো’ তৈরি করেছেন। মাঝে মূল্যায়নের ধাপটিতে মিজানুর তাঁর আইডি ও পাসওয়ার্ড হ্যাক করে মূল্যায়নের সুপারিশগুলো করেছেন। আরিফুর রহমান আরও দাবি করেন, মিজানের এমন প্রতারণা শুধু তাঁর দায়িত্বে থাকার সময়েই হয়নি। সাবেক প্রধান প্রকৌশলী মঈন উদ্দিনের দায়িত্বের সময়ও ৩৩টি দরপত্র প্রক্রিয়ায় একই ধরনের জালিয়াতি ও প্রতারণা করেছেন মিজানুর রহমান। তাই এই ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে তিনি প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন।

    ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) আরিফুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। সাময়িক বরখাস্তের পর প্রাপ্ত অভিযোগ, অভ্যন্তরীণ তথ্য-প্রমাণ এবং সিন্ডিকেটের কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন নথিপত্রের ভিত্তিতে দুদক প্রাথমিক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। অনুসন্ধানে তাঁর ব্যক্তিগত সম্পদ, টেন্ডার প্রক্রিয়ায় ভূমিকা, সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্ক এবং সম্ভাব্য অর্থ পাচারের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। দুদকের নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর এ ধরনের মামলা ও অভিযোগগুলোতে নতুন গতি এসেছে। কমিশন ইতোমধ্যে অনেক পুরনো অভিযোগের অনুসন্ধান শুরু করেছে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর দুর্নীতির বিষয়ে বিশেষ নজর দিচ্ছে বলে জানা গেছে।

    প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এ বিষয়ে স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেন, “অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের টাকা লোপাটের সঙ্গে জড়িত যে কেউই হোক, আইনের আওতায় আনা হবে। কেউ পেছনের দরজা দিয়ে ফিরে আসার চেষ্টা করলেও তা সফল হবে না। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নগর উন্নয়ন এগিয়ে নেব। কথা কম, কাজ বেশি—এই নীতিতেই ডিএনসিসি চলবে।”

    ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, “আইন ও বিধিমালা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত চলমান। কেউই আইনের ঊর্ধ্বে নয়। বিভাগীয় মামলা ও দুদকের অনুসন্ধানের ফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ ঘটনায় বলেন, “স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দুর্নীতি ও জালিয়াতির এ ধরনের ঘটনা জনগণের আস্থা নষ্ট করে। ডিএনসিসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ উদ্বেগজনক। দুদকের অনুসন্ধান দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করে দায়ীদের বিচার এবং লোপাট হওয়া সম্পদ পুনরুদ্ধার নিশ্চিত করতে হবে। শুধু সাময়িক বরখাস্ত নয়, কাঠামোগত সংস্কার, স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া এবং কঠোর জবাবদিহিতা নিশ্চিত না করলে এ ধরনের সিন্ডিকেট বারবার মাথাচাড়া দিয়ে উঠবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এখন সময়ের দাবি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদারিত্বপূর্ণ করে গড়ে তুলতে হবে।”

    নগর ভবনের অভ্যন্তরে এখন আরিফুর রহমানের পুনর্বহালের চেষ্টা নিয়ে তীব্র আলোচনা চলছে। অনেকে মনে করেন, তিনি পুরনো সম্পর্ক ও প্রভাব খাটিয়ে কোনো না কোনোভাবে ফিরে আসার চেষ্টা করছেন। তবে বর্তমান প্রশাসনের কঠোর অবস্থান এবং দুদকের অনুসন্ধান শুরু হওয়ায় সেই চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ডিএনসিসির প্রকৌশল বিভাগে এখন নতুন করে দায়িত্ব বণ্টন ও তদারকি জোরদার করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

    এ ঘটনা ডিএনসিসির প্রশাসনিক সংস্কারের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। সাবেক প্রশাসক এজাজের আমলের দুর্নীতির ধারাবাহিকতা ভাঙতে বর্তমান প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে, তা নগরবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তবে অনেকে সতর্ক করে দিয়েছেন যে, শুধু কয়েকজনকে বরখাস্ত করেই কাজ শেষ নয়। পুরো সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলতে হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের অনিয়ম না ঘটে, সেজন্য স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে হবে।
    আরিফুর রহমানের স্বপদে ফিরে আসার চেষ্টা এখনো থেমে নেই। তিনি বিভিন্ন মহলে তদবির অব্যাহত রেখেছেন এবং তদন্তের নামে সময়ক্ষেপণের আশায় রয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে দুদকের অনুসন্ধান এবং প্রশাসকের স্পষ্ট অবস্থানের কারণে তাঁর পথ আরও কঠিন হয়ে উঠেছে।

    নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন—তদন্তের ফল কী হয় এবং আরিফুর রহমান শেষ পর্যন্ত স্বপদে ফিরতে পারেন কি না। ডিএনসিসির এই অধ্যায় স্থানীয় সরকারে স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে তার জন্য প্রয়োজন অবিচল মনোভাব এবং কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক চাপের কাছে নতিস্বীকার না করা।

  • অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ রোধে কঠোর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

    অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ রোধে কঠোর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

    রাজধানীসহ সারা দেশে পরিকল্পিত আবাসন ও ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। নকশা বহির্ভূত ভবন নির্মাণ বন্ধ এবং সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) বাস্তবায়নে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।

    রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত ও হুঁশিয়ারি দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।

    আইন লঙ্ঘনে শূন্য সহনশীলতা

    সভায় মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, “অতীতে দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে বিদ্যমান আইন ও নীতিমালার সঠিক বাস্তবায়নে ঘাটতি ছিল। ভবনের অনুমোদিত নকশায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) ও সোক ওয়েল অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও অনেক ডেভেলপার প্রতিষ্ঠান তা বাস্তবায়ন করেনি। কিন্তু এখন থেকে আইনের কোনো ব্যত্যয় সহ্য করা হবে না।” আগামীতে কেউ যেন নকশার বাইরে এক ইঞ্চিও ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

    রাজউকে শতভাগ ডিজিটালাইজেশন ও নতুন নীতিমালা

    আবাসন খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রাজউকের ভূমি ব্যবহার ছাড়পত্র ও নকশা অনুমোদনের পুরো প্রক্রিয়াটি শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে বলে সভায় জানানো হয়। এছাড়া জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিধিমালা সংশোধন করে ঢাকার বাইরের ডেভেলপারদেরও নির্দিষ্ট সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনার ঘোষণা দেওয়া হয়। মন্ত্রী রিহ্যাব ও ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের নেতাদের নিজ নিজ সদস্যদের সচেতন করার আহ্বান জানান।

    গ্রাহক ভোগান্তি কমানো ও মানবিক বিবেচনার আহ্বান

    সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ডেভেলপারদের প্রতি গ্রাহক স্বার্থ সুরক্ষার আহ্বান জানান। তিনি বলেন, “অনেক গ্রাহক সম্পূর্ণ টাকা পরিশোধ করেও বছরের পর বছর ফ্ল্যাট পাচ্ছেন না। আবার কিস্তি চালাতে না পেরে জমা টাকা ফেরত চাইলে তিন-চার বছর ধরে ঝুলিয়ে রাখা হয়। গ্রাহকদের এসব সংকট মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সমাধান করা উচিত।”

    সভায় উপস্থিত রিহ্যাব ও ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের নেতারা আইন মেনে আবাসন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তারা ঢাকা মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) এবং ইমারত নির্মাণ বিধিমালা নিয়ে নিজেদের বিভিন্ন দাবি ও মতামত সরকারের কাছে তুলে ধরেন।

    উক্ত সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজউক চেয়ারম্যান এবং আবাসন খাতের প্রতিনিধি ড. আলী আফজাল, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, লিয়াকত আলী খাঁন মুকুলসহ উভয় সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ম্যাকাইয়ে বাংলাদেশ দেড় দিনে অলআউট, বাশারের চোখে ‘টসের খেসারত’

    ম্যাকাইয়ে বাংলাদেশ দেড় দিনে অলআউট, বাশারের চোখে ‘টসের খেসারত’

    ডারউইন টেস্টে ৯ উইকেটের দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু করলেও ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাত্র দেড় দিনেই বিশাল ব্যবধানে হেরে গেছে সফরকারীরা। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় ম্যাচটি নিয়ে কিছুটা হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তবে বিশ্বসেরা টেস্ট দল অস্ট্রেলিয়ার এই ঘুরে দাঁড়ানোকে স্বাভাবিক হিসেবেই দেখছেন তিনি।

    খেলার প্রথম ইনিংসে অজি পেসার মিচেল স্টার্কের তোপের মুখে পড়ে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ১২ রান খরচায় ৬ উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। জবাবে ডেনিয়েল গ্রিনের ১০৫ বলে ৬৭ এবং স্টিভ স্মিথের ৭৪ বলে ৪২ রানের ওপর ভর করে ২১০ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।

    প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটারদের ব্যর্থতা অব্যাহত থাকে। ১৪৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৯৫ রানে। দ্বিতীয় ইনিংসেও স্টার্ক নেন ৪টি উইকেট এবং বাকি উইকেটগুলো ভাগাভাগি করেন প্যাট কামিন্স ও নাথান লায়ন।

    দলের এমন পরাজয়ে বাশার জানান, “সিরিজ জয়ের একটা চমৎকার সুযোগ আমাদের সামনে ছিল, তাই প্রত্যাশা অনেকটাই বেশি ছিল। তবে অস্ট্রেলিয়া যে টেস্টের এক নম্বর দল এবং তারা পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে, তা আমাদের জানা ছিল। ২-০ ব্যবধানে সিরিজ খোয়ানোটা অবশ্যই কষ্টদায়ক, তবে আমাদের ব্যাটিং ও সামগ্রিক ক্রিকেট আরেকটু ভালো হতে পারতো।”

    ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে টসের ভূমিকা তুলে ধরে প্রধান নির্বাচক বলেন, “টস হরে আগে ব্যাট করতে হওয়াটা এই পেসবান্ধব পিচে বড় পার্থক্য গড়ে দিয়েছে। টসের ওপর কারো হাত নেই ঠিকই, কিন্তু এমন কন্ডিশনে টস জয়-পরাজয় বড় ভূমিকা রাখে। আমরা যদি আগে বোলিং পেতাম, তবে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।”

    অস্ট্রেলিয়ার তৈরি করা পেস সহায়ক উইকেটের কথা উল্লেখ করে তিনি আরও যোগ করেন, “ওদেরও ব্যাটিং করতে বেগ পেতে হয়েছে। স্বাগতিকরা একটি পেস-সহায়ক ট্র্যাক বানিয়ে ঝুঁকি নিয়েছিল—যা যেকোনো দলের পক্ষেই যেতে পারতো। ঠিক যেমন আমরা দেশে স্পিনিং ট্র্যাক বানাই। তবে সব মিলিয়ে আমাদের ব্যাটারদের দায়িত্ব নিয়ে আরও ভালো খেলা উচিত ছিল।”

  • অসুস্থতার সংবাদে দোয়া ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ নুরজাহান আক্তার সাথী

    অসুস্থতার সংবাদে দোয়া ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ নুরজাহান আক্তার সাথী

    তিনি অসুস্থ হয়ে বর্তমানে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

     

    তাঁর অসুস্থতার সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ধনবাড়ীর মানুষের কল্যাণে তাঁর আন্তরিকতা ও কর্মনিষ্ঠা সত্যিই প্রশংসনীয়।
    এই কঠিন সময়ে মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য ও পূর্ণ

     

    সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করছি।
    আল্লাহ তায়ালা যেন সকল অসুস্থতা দূর করে তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন।

     

    মিজ্ নুরজাহান আক্তার সাথী মহোদয়ের দ্রুত সুস্থতার জন্য ধনবাড়ীবাসীর কাছে আন্তরিক দোয়া কামনা করছি।

  • বোয়ালমারীতে কবিরাজের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

    বোয়ালমারীতে কবিরাজের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

    ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার নামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে মো. হানিফ শেখ (৫১) নামে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

    সোমবার (২৪ আগস্ট) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত হানিফ শেখ বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

    মামলা ও এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২১ মার্চ ওই কিশোরীকে কবিরাজি চিকিৎসার জন্য হানিফ শেখের কাছে নিয়ে যাওয়া হয়। পরদিন চিকিৎসার অযুহাতে নিজ ঘরে নিয়ে ওই কিশোরীকে যৌন নিপীড়ন করেন তিনি। এ ঘটনায় ২৪ মার্চ কিশোরীর বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে বোয়ালমারীর ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্র তদন্ত শেষ করে একই বছরের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

    রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া জানান, কবিরাজি চিকিৎসার নামে এ ধরনের জঘন্য অপরাধ দমনে আদালতের এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

  • হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ৯০% হ্রাস: তীব্র সংকটে ইরাকের তেল রপ্তানি

    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ৯০% হ্রাস: তীব্র সংকটে ইরাকের তেল রপ্তানি

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী সামরিক উত্তেজনার প্রত্যক্ষ প্রভাবে বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্য ও জ্বালানি পরিবহন প্রায় স্থবির হয়ে পড়েছে।

    সাম্প্রতিক সংঘাতের জেরে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল প্রায় ৯০ শতাংশ কমে গেছে, যার ফলে উপসাগরীয় অঞ্চলের সার্বিক তেল বাণিজ্য মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। সোমবার ইরাকি সংবাদমাধ্যম ‘শাফাক নিউজ’ এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে।

    সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ‘কেপলার’-এর সংগৃহীত তথ্যে দেখা যায়, শনিবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র ১৩টি বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পেরেছে। পরদিন রবিবার সেই সংখ্যা আরও আশঙ্কাজনকভাবে কমে দাঁড়ায় মাত্র ৪টিতে। সংঘাত শুরুর আগে স্বাভাবিক সময়ে প্রতিদিন বিপুল সংখ্যক জ্বালানিবাহী ট্যাঙ্কার ও পণ্যবাহী জাহাজ এই পথ ব্যবহার করলেও, বর্তমান নিরাপত্তা ঝুঁকিতে তা প্রায় সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

    এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO)-এর হিসাব অনুযায়ী, ২১ আগস্ট শেষ হওয়া সপ্তাহটিতে এই প্রণালি দিয়ে সর্বমোট ৮৯টি জাহাজ বের হয়েছে এবং ১০৩টি জাহাজ প্রবেশ করেছে।

    বিকল্প রুটের সন্ধানে বাগদাদ

    এই পরিবহন সংকটে সবচেয়ে বড় আর্থিক ও বাণিজ্যিক ক্ষতির মুখোমুখি হয়েছে ইরাক। দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র দক্ষিণাঞ্চলীয় বাসরা বন্দর থেকে সাগরে তেল পাঠানো নামমাত্র পর্যায়ে নেমে এসেছে। জুলাই মাসেও যেখানে দেশাত্ববোধক এই বন্দরটি দিয়ে দৈনিক গড়ে প্রায় ১৪ লাখ ব্যারেল তেল রপ্তানি হয়েছিল এবং সংঘাতের পূর্বে তা ৩৩ লাখ ব্যারেল অতিক্রম করত, সেখানে বর্তমান শিপিং স্থবিরতায় রপ্তানি তলানিতে ঠেকেছে।

    হরমুজ প্রণালির ওপর একক নির্ভরশীলতা কমাতে বাগদাদ এখন বিকল্প পথ হিসেবে তুরস্ক, সিরিয়া ও জর্ডানের মাধ্যমে তেল স্থানান্তরের পরিকল্পনা শুরু করেছে। এর অংশ হিসেবে সিরিয়ার বানিয়াস বন্দরের সাথে সংযোগ স্থাপন করতে একটি নতুন পাইপলাইন তৈরির প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। তবে বিশ্লেষকরা জানাচ্ছেন, এই অবকাঠামো নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী—যা সম্পন্ন হতে অন্তত ৪ বছর সময় এবং প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রয়োজন হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

    চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি ও অতিরিক্ত সার মজুদের অভিযোগে এক সার ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় মেসার্স ইসলাম ট্রেডার্স নামের একটি খুচরা ডিলারের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে রাসায়নিক সার বিক্রি এবং অবৈধভাবে ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি ও ৪৫ বস্তা টিএসপি মজুদ রাখার অপরাধে দোকানের মালিক মো. নুর ইসলাম (৫০), পিতা মো. নুরফসালীকে ১ লাখ টাকা অর্থদণ্ড করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। অভিযানে উদ্ধারকৃত সারগুলো সরকার নির্ধারিত মূল্যে যথাযথভাবে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য ঝিলিম ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযানে সদর উপজেলা কৃষি বিভাগ ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।