Blog

  • সৌদি আরবে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে মানব পাচার সিন্ডিকেট সনাক্তঃ সিআইডির হাতে গ্রেফতার ০৫, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট

    সৌদি আরবে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে মানব পাচার সিন্ডিকেট সনাক্তঃ সিআইডির হাতে গ্রেফতার ০৫, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট

    সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মোটা বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মানবপাচার ও অভিবাসী চোরাচালান চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

    সিআইডি’র মানবপাচার শাখা (টিএইচবি) ইউনিট গত ২৩/০৮/২০২৬ খ্রি. বিকালে বনানী (ডিএমপি) থানার সৈনিক ক্লাব এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকালীন ৫১টি বাংলাদেশি পাসপোর্ট, ০৩টি স্মার্টফোন ও কয়েকটি রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ আলামত হিসেবে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই মামলার এজাহারনামীয় অভিযুক্ত।

    গ্রেফতারকৃতরা হলেন ১। মো. শামীম (৪০), পিতা- মো. আলী আশরাফ, মাতা- ফিরোজা বেগম, সাং-গাজীর হাট, থানা-মোল্লারহাট, জেলা-বাগেরহাট, ২। মো. রুহুল আমিন (২৪), পিতা- মো. রাজ্জাক, মাতা- নাজমা বেগম, সাং-চামুরদানি, থানা- মধ্যনগর, জেলা- সুনামগঞ্জ, ৩। মো. হৃদয় হাসান (২৬), পিতা –মো. আ. হাকিম, মাতা- রোজিয়া বেগম, সাং-ঘোলারপাড়া, থানা- গোপালপুর, জেলা- টাঙ্গাইল, ৪। আবু রায়হান (২৯), পিতা- মো. রিয়াজউদ্দিন, মাতা- আমিনা বেগম, সাং- নমানিয়া, থানা- কাপাসিয়া, জেলা- গাজীপুর, ৫। মো. সানি মিয়া (২৫), পিতা- মো. শরিফুল ইসলাম, মাতা-মোছা. রানি বেগম, সাং- দীঘলঘাও, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাদী একটি অনলাইন বিজ্ঞাপনে সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসিক ২,৫০০ রিয়াল বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তা দেওয়া হচ্ছে কথা বলা হয়। বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে চক্রের এক সদস্য ভুক্তভোগীকে বনানীর সৈনিক ক্লাব এলাকায় অবস্থিত অফিসে যোগাযোগ করতে বলে। পরবর্তীতে ভুক্তভোগীকে সৌদি আরবে ড্রাইভিং ভিসায় একটি কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে মোট ৩ লাখ ৭০ হাজার টাকার চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী বিদেশ যাওয়ার আগেই সম্পূর্ণ অর্থ পরিশোধের কথা বলা হয়। এরই ধারাবাহিকতায় চক্রটি বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে ব্যাংক ও নগদে মোট ২ লাখ ৬৬ হাজার টাকা গ্রহণ করে। তবে প্রতিশ্রুতি অনুযায়ী ড্রাইভিং ভিসা না দিয়ে তাকে সৌদি আরবের ট্যুরিস্ট ভিসা প্রদান করা হয়। বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী বাদী বনানী (ডিএমপি) থানার মামলা নং- ৩১, তারিখ- ২৪/০৮/২০২৬ খ্রি. ধারা- মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ১৫/১৬/১৯/২০ ধারাসহ দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় মামলা করেন।

    সিআইডির প্রাথমিক তদন্তে জানা যায়, চক্রটি একইভাবে বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে আরও কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে আনুমানিক ১৯ লাখ টাকা প্রতারণার মাধ্যমে গ্রহণ করে আত্মসাৎ করে। এছাড়াও বিদেশে কর্মসংস্থানের আকর্ষণীয় প্রস্তাব ও অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট সংগ্রহ ও নিজেদের হেফাজতে রেখে আসামিরা মানবপাচার ও প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

    বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডির মানবপাচার শাখা । মামলাটির তদন্তে গ্রেফতারকৃতদের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, পলাতক আসামি এবং চক্রটির দেশি-বিদেশি সহযোগী ও সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্ত করতে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

    সিআইডি বিদেশে কর্মসংস্থান, অভিবাসন বা ভ্রমণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে যাচাই-বাছাই ছাড়া অর্থ বা পাসপোর্ট হস্তান্তর না করতে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র সরকার অনুমোদিত ও বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধতা যথাযথভাবে যাচাই করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।

    এছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিসা পাইয়ে দেওয়ার নামে অস্বাভাবিক অঙ্কের অর্থ দাবি করলে, পাসপোর্ট জিম্মি করে রাখলে অথবা ভিসা জালিয়াতি, মানবপাচার কিংবা অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত থাকার সন্দেহ হলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সিআইডিকে অবহিত করার জন্যও অনুরোধ করা হচ্ছে।

  • গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

    গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

    টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৪ আগষ্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলমের সভাপতিত্বে “ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই,সুস্থ ও নিরাপদ সমাজ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ আমাদের করণীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।

    ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও স্বাস্থ্য বার্তার আলোচনাপর্বে যে সকল বিষয়ে আলোচিত হয়:

    * বাড়ির আনাচে কানাচে পানি জমতে না দেওয়া : বাড়ির আঙিনা, ছাদ বা আশপাশে কোনো অবস্থাতেই পানি জমতে দেবেন না।
    * নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা : ফুলের টব, টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের মগ/কাপ ও অন্যান্য পরিত্যক্ত পাত্রে যেন পানি জমে না থাকে সেই বিষয়ে সচেতন থাকা এবং নিয়মিত পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা।
    * মশারি টানানো: মশার কামড় থেকে নিরাপদ থাকতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।
    দ্রুত চিকিৎসা: জ্বর দেখা দিলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করান।

    সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের মূল চাবিকাঠি। নিজে সচেতন থাকুন, পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখুন।
    আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন
    ডা. প্রীতম সরকার, ডা. সিয়াম, ডা. নাদিম, ডা. জুয়েল রানা, ডা. রাজিব, ডা. মুর্শিদা আক্তার মিমি, ডা. হাসিব, ডা. সাবরিনা, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো: সাইফুল ইসলাম আকন্দসহ অন্যান্য উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, সংবাদকর্মী ও হাসপাতালে সংশ্লিষ্ট কর্মচারি ও কর্মকর্তাবৃন্দ।

  • নোয়াখালী চৌমুহনীতে শ্রমিক কল্যাণ এর উদ্যোগে ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমাবেশ অনুষ্ঠিত হয়।

    নোয়াখালী চৌমুহনীতে শ্রমিক কল্যাণ এর উদ্যোগে ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমাবেশ অনুষ্ঠিত হয়।

    দাওয়াতী কাজের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে – এডভোকেট জহিরুল আলম।

    বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌমুহনী শহর শাখার উদ্যোগে উৎসব কমিউনিটি সেন্টারে শহর শাখার সভাপতি মু. অলি উল্লাহ ইয়াছিন এর সভাপতিত্বে
    শহর শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায় ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
    উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলা শাখার সভাপতি জনাব এডভোকেট জহিরুল আলম,
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার আমীর জনাব জসিম উদ্দিন,
    শহর জামায়াতের সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান,
    শহর শ্রমিক কল্যাণ এর সাবেক সভাপতি জনাব মোফাখ্খার হোসাইন নাছিম।
    আরও উপস্থিত ছিলেন শহর শাখার সহ সভাপতি জনাব ফয়েজ আহমেদ, কবির হোসেন, খুরশিদ আলম শহর শাখার সাংগঠনিক সম্পাদক মহসিনসহ শহর ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।

  • খুলনাকে ‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি মহানগর বিএনপির

    খুলনাকে ‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি মহানগর বিএনপির

    খুলনা জুড়ে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি হওয়ায় পুরো নগরীকে ‘মহামারি এলাকা’ হিসেবে ঘোষণার তীব্র দাবি জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। একই সঙ্গে সরকারি-বেসরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, পর্যাপ্ত প্লাটিলেট সরবরাহ এবং জরুরি স্বাস্থ্যসেবা চালুর দাবি জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।

    সোমবার দুপুরে নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় বিএনপি নেতারা এসব দাবি তুলে ধরেন।

    সভায় নেতৃবৃন্দ অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলা ও সময়মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ার ফলেই আজ খুলনা জুড়ে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। গত এক সপ্তাহে আইনজীবী ও চিকিৎসাধীন এক গৃহবধূসহ অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে শত শত মানুষ নিজ বাসাবাড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী রয়েছেন।

    খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দক্ষিণ আফ্রিকা থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন। এছাড়া সভায় বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ নেতা মো. মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, আসাদুজ্জামান আসাদ, শরিফুল ইসলাম টিপু, মিজানুর রহমান মিলトン ও জাকির ইকবাল বাপ্পিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    সভায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) ও জেনারেল হাসপাতালসহ স্থানীয় বেসরকারি হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই না থাকার বিষয়টি তুলে ধরা হয়। স্থান সংকটের কারণে বাধ্য হয়ে বিপুল সংখ্যক রোগী মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। এমনকি শিশুদের ওয়ার্ডেও ঠাঁসাঠাঁসি করে চিকিৎসা চালাতে হচ্ছে বলে জানান নেতারা।

    সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমের কড়া সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, কার্যকর লার্ভিসাইড না ছিটিয়ে কেবল লোকদেখানো ফগিং চালানের ফলে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। কেবল ফগিংয়ের ওপর নির্ভর না করে প্রতিটি ওয়ার্ডের ড্রেন, জলাশয় ও অলিগলিতে লার্ভিসাইড ছিটানো এবং ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ওপর জোর দেন তারা।

    জরুরি চিকিৎসাসেবা ও রক্ত সংকট নিরসনে বিএনপির পক্ষ থেকে বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে সচেতনতামূলক লিফলেট বিতরণ, ওয়ার্ডে ওয়ার্ডে মশার ওষুধ ছিটানো এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কার্যক্রমের জন্য বিশেষ মেডিকেল সেবা সেল গঠন।

    স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি মাসে খুলনা অঞ্চলের হাসপাতালগুলোতে এক হাজার ৪০ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৬৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি মাসেই ডেঙ্গু কেড়ে নিয়েছে ৮ জনের প্রাণ।

  • টঙ্গীতে চাকরির প্রলোভনে প্রবাসী বন্ধুকে হ;ত্যা, ২৭ দিন পর লা,;শ উদ্ধার: গ্রে;ফ;তার ১

    টঙ্গীতে চাকরির প্রলোভনে প্রবাসী বন্ধুকে হ;ত্যা, ২৭ দিন পর লা,;শ উদ্ধার: গ্রে;ফ;তার ১

    গাজীপুরের টঙ্গীতে প্রবাসী বন্ধুকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে এনে গামছা পেঁচিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

    নিখোঁজের ২৭ দিন পর সোমবার সকালে পরিত্যক্ত একটি ড্রেন থেকে নিহত আকাশ সরদারের (২১) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল অভিযুক্ত মাজহারুল ইসলাম মিঠুকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আকাশ সরদার ও গ্রেফতারকৃত মাজহারুল ইসলাম মিঠু পূর্বে একসাথে কম্বোডিয়ায় কর্মরত ছিলেন।

    সম্প্রতি দেশে ফেরার পর আকাশ বেকার হয়ে পড়লে মিঠু তাকে ঢাকায় চাকরি দেওয়ার কথা বলে গত ২৭ জুলাই টঙ্গীতে নিয়ে আসেন।

    ইজতেমা ময়দানে অবস্থানকালে সংজ্ঞানাশক খাইয়ে আকাশের টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।

    পরবর্তীতে ঘটনা জানাজানির আশঙ্কায় তাকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ড্রেনে ফেলে পালিয়ে যান মিঠু।

    উত্তরা র‌্যাব-১ ও পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত মিঠুকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

  • পাবনায় যুবলীগ নেতার দখলকৃত বাড়ি উদ্ধার করল বিএনপি, বহিষ্কারের হুঁশিয়ারি

    পাবনায় যুবলীগ নেতার দখলকৃত বাড়ি উদ্ধার করল বিএনপি, বহিষ্কারের হুঁশিয়ারি

    পাবনার ঈশ্বরদী উপজেলায় এক যুবলীগ নেতার তিন শতক জমির ওপর নির্মিত বসতবাড়ি অনৈতিকভাবে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে উপজেলা বিএনপি।

    উপজেলার সলিমপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

    অভিযোগ সূত্রে জানা যায়, সলিমপুর গ্রামে প্রায় তিন শতক জমির ওপর রফিকুল ইসলামের একটি দোতলা বাড়ি রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর আত্মরক্ষার্থে রফিকুল ইসলাম ও তার পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। পরবর্তীতে খালি বাড়িটি দখল করে নেন সলিমপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোকাররম হোসেন।

    তবে বাড়ি দখলের বিষয়টি অস্বীকার করে মোকাররম হোসেন বলেন, “এই জমিটি আমাদের পারিবারিক সম্পত্তি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এতদিন রফিকুল ইসলাম জমিটি দখল করে রেখেছিলেন। এখন আমরা আমাদের ন্যায্য জমি বুঝে নিয়েছি।”

    এদিকে উপজেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্যের সম্পত্তি দখল বা কোনো প্রকার অসামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। মোকাররম হোসেনকে ইতোমধ্যেই সাত দিনের মধ্যে দখল ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    ঈশ্বরদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, “দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের চাঁদাবাজি বা দখলদারিত্ব সহ্য করা হবে না। অভিযুক্ত ব্যক্তি নির্ধারিত সময়ে বাড়ি না ছাড়লে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

    পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্তে একজন উপপরিদর্শক (এসআই)-কে দায়িত্ব দেওয়া হয়েছে এবং উভয় পক্ষকে কাগজপত্রসহ থানায় হাজির হতে বলা হয়েছে।

  • হাসপাতালের খাবারে তেলাপোকা ও দুর্গন্ধের অভিযোগ, চামচে শুঁকে বিতর্কে বিএনপি নেতা

    হাসপাতালের খাবারে তেলাপোকা ও দুর্গন্ধের অভিযোগ, চামচে শুঁকে বিতর্কে বিএনপি নেতা

     পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের সরবরাহ করা খাবারে তেলাপোকা ও পচা দুর্গন্ধ পাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। গত শনিবার (২২ আগস্ট) দুপুরে খাবার বিতরণের সময় ঘটনাটির সত্যতা যাচাই করতে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন।

    হাসপাতালে চিকিৎসাধীন এক স্বজনকে দেখতে গিয়ে রোগীদের তোপের মুখে পড়েন এই রাজনৈতিক নেতা। রোগীরা খাবারে তেলাপোকা ও দুর্গন্ধের অভিযোগ জানালে তিনি একটি চামচে খাবার তুলে নিয়ে নাকের কাছে ধরে গন্ধ পরীক্ষা করেন। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ভিডিও প্রকাশকারী রাজীব আহমদ প্রশ্ন তোলেন, কোনো জনপ্রতিনিধি না হয়েও একজন রাজনৈতিক নেতা কীভাবে হাসপাতালে গিয়ে এভাবে খাবারের মান যাচাই করতে পারেন।

    বিতর্কের জবাবে মজিবুর রহমান টোটন জানান, তিনি নিজের ইচ্ছায় নয়, বরং ভুক্তভোগী রোগীদের বারবার অনুরোধেই খাবারের গন্ধ শুঁকে দেখেছেন। খাবারে তেলাপোকা বা পচা গন্ধ থাকলে তা মুখে দিয়ে পরীক্ষা করা সম্ভব নয় বলেই তিনি চামচ দিয়ে কেবল গন্ধ শুঁকে দেখেছেন বলে দাবি করেন। তিনি একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিতর্ক বলেও উল্লেখ করেন।

    অন্যদিকে, খাবারের মান ও তেলাপোকার বিষয়টি অস্বীকার করেছেন হাসপাতালের প্রধান বাবুর্চি মজিবর মিয়া। তবে ভিডিও এবং খাবার মুখে দেওয়া সংক্রান্ত প্রশ্নে তিনি অসঙ্গতিপূর্ণ বক্তব্য প্রদান করেন।

    ঘটনার পর পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, হাসপাতালে রোগীদের খাবারের মান ও পরিচ্ছন্নতার বিষয়ে কোনো আপস করা হবে না। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    উল্লেখ্য, এর আগেও উক্ত হাসপাতালে তেলাপোকার অতিরিক্ত উপদ্রব ও চিকিৎসাসেবার স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

  • অফিস টাইমে কেচিগেটে তালা, ভেতরে ঘুমাচ্ছেন কর্মকর্তা!

    অফিস টাইমে কেচিগেটে তালা, ভেতরে ঘুমাচ্ছেন কর্মকর্তা!

    বেলা সাড়াতিনটা। সরকারি কর্মঘণ্টা শেষ হতে তখনও কিছুটা সময় বাকি। অথচ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের প্রধান ফটক বাহির থেকে তালাবদ্ধ। বাইরে থেকে বারবার ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ মিলছিল না। অফিসের সামনে একটি ডাব দোকানে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তির কাছে বিষয়টি জানতে চাইলে রুবেল নামের এক স্থানীয় মধ্যস্বত্বভোগী বলেন, ‘হুজুর তো ভেতরে ঘুমাচ্ছেন।’

    মঙ্গলবার দুপুরে সরেজমিন এলেঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে এমন পরিস্থিতি দেখা যায়।

    ডাকাডাকি করে কাউকে না পেয়ে রুবেল নামের ওই ব্যক্তি সংবাদকর্মীকে ভূমি কর্মকর্তার ব্যক্তিগত মুঠোফোন নম্বর দেন। ওই নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে রুবেল নিজেই কেচিগেটের তালা খুলে ভেতরে গিয়ে কর্মকর্তা তুলে দেন। কিছুক্ষণ পর তিনি এসে বলেন, ‘ভেতরে আসুন, স্যারের ঘুম ভেঙেছে।’

    পরে ভেতরে প্রবেশ করে দেখা যায়, ঘুম থেকে জেগে টেবিলে বসেছেন এলেঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি কাজের সময় নির্ধারিত থাকলেও এলেঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের মূল ফটক অধিকাংশ সময় বন্ধ রাখা হয়। অফিসের সামনে কয়েকটি দোকানে নিয়মিত কিছু দালালের আনাগোনা দেখা যায়।

    এই ভূমি অফিসের অধীনে ২৪টি মৌজা রয়েছে এবং এর আওতায় বিপুল পরিমাণের সরকারি সম্পত্তি রয়েছে। এলাকায় জমির দর চড়া হওয়ায় প্রতিনিয়ত জমি কেনাবেচা ও নামজারির কাজ চলে। তবে সরাসরি এসে সেবা নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের উপস্থিতি বেশ কম। ভুক্তভোগীদের দাবি, দালাল ছাড়া সরাসরি গেলে নানা অজুহাতে ফাইল আটকে রাখা হয়। অন্যদিকে, চুক্তি করে দালালের মাধ্যমে গেলে দ্রুত কাজ শেষ হয়ে যায়।

    অনুসন্ধানে দেখা যায়, এই অফিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ২০২১ সালের নভেম্বর থেকে দায়িত্ব সামলাচ্ছেন মো. শফিকুল ইসলাম। দীর্ঘ দিন ধরে এ পদে স্থায়ী কোনো কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি।

    সরকারি কাজের সময়ে গেট বন্ধ রাখা ও ঘুমানোর বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ‘গেটে তালা দেওয়া থাকলেও ভেতরে দাপ্তরিক কাজ চলছিল।’ একই পদে দীর্ঘ দিন দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, ‘এখানে নতুন কেউ না আসায় আমাকেই দায়িত্ব পালন করতে হচ্ছে।’

    তবে অফিসে দালালের দৌরাত্ম্যের বিষয়টি অস্বীকার করেন তিনি, যদিও সরেজমিন তাঁর কক্ষের ঠিক বাইরেই কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে অবস্থান করতে দেখা গেছে।

  • ছাগল খুঁজতে গিয়ে সোনার সন্ধান: কেনিয়ায় হাজার হাজার মানুষের ভাগ্য পরীক্ষা

    ছাগল খুঁজতে গিয়ে সোনার সন্ধান: কেনিয়ায় হাজার হাজার মানুষের ভাগ্য পরীক্ষা

    হারিয়ে যাওয়া ছাগলের পিছু নিতে গিয়ে নদীর তীরে স্থানীয় কয়েকজন নারীকে সোনা খুঁজতে দেখেন কেনিয়ার ৩৩ বছর বয়সী ছাগলপালক মানাসে লোমাচার। কৌতুহলবশত তাদের সঙ্গে কাজ শুরু করতেই ভাগ্যের চাকা ঘুরে যায় তার; পান সোনার সন্ধান। সংগৃহীত মাত্র ৩ গ্রাম সোনা বিক্রি করে ৩৬ হাজার কেনিয়ান শিলিং (প্রায় ২৮০ মার্কিন ডলার) আয় করেন তিনি।

    এই খবরটি ছড়িয়ে পড়ার পর পশ্চিম কেনিয়ার প্রত্যন্ত চেপোরোর গ্রামে হঠাৎ করেই সোনার ঢল নামে। গত কয়েক সপ্তাহে ভাগ্য পরিবর্তনের আশায় সেখানে জড়ো হন হাজার হাজার মানুষ। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, একপর্যায়ে ভিড় সামলে প্রায় ১০ হাজার মানুষের জমায়েত দেখা যায়।

    এক মাস আগেও যে এলাকাটি ঝোপঝাড় ও পশু চারণভূমি ছিল, তা এখন হাজারো গর্ত, মাটির স্তূপ এবং অস্থায়ী খনিশিবিরে পরিণত হয়েছে। বর্তমানে মানুষের সংখ্যা কমে আড়াই হাজারের মতো হলেও সোনা খোঁজার কাজ অবিরাম চলছে।

    তবে কেবল লোমাচারের প্রাপ্তিই এই গোল্ড রাশের একমাত্র কারণ নয়। স্থানীয় কর্মকর্তারা জানান, প্রায় একই সময়ে আশপাশের এলাকায় আরও কয়েকজন বড় পরিমাণের সোনার সন্ধান পান। লোকমুখে সে খবর দ্রুত ছড়িয়ে পড়ে।

    ওয়েস্ট পোকট কাউন্টির ডেপুটি কমিশনার স্যামুয়েলিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, আগস্টের শুরুর দিকে তরুণ ও নারীদের কয়েকটি দল উল্লেখযোগ্য পরিমাণ সোনা পাওয়ার পর খবরটি রূপকথার মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে অনভিজ্ঞ মানুষের পাশাপাশি প্রতিবেশী দেশ উগান্ডা থেকেও বহু মানুষ এখানে ভাগ্য পরীক্ষার জন্য চলে আসেন।

    উগান্ডার বুসিয়া থেকে আসা খনিশ্রমিক মুগিশা গডফ্রে প্রায় ২৭ ডলার খরচ করে চেপোরোরে এলেও এখনো কোনো সোনা পাননি। তবে খালি হাতে ফিরতে নারাজ তিনি। অন্যদিকে, স্থানীয় নারীরা দীর্ঘদিন ধরেই নদীর তীর থেকে সামান্য সোনা তুলে সপ্তাহে ৮ থেকে ২৩ ডলার আয় করে আসছিলেন।

    এই অর্থনৈতিক উদ্দীপনাকে কেন্দ্র করে খনিস্থলের চারপাশে গড়ে উঠেছে ২০০টিরও বেশি ক্ষুদ্র ব্যবসা। পানি, খাবার, দুধ ও কোমল পানীয় বিক্রি করে ভালোই আয় করছেন ব্যবসায়ীরা। তেমনই একজন আইরিন আমেজা, যিনি প্রতিবেশী বারিঙ্গো কাউন্টি থেকে এসে এখানে খাদ্য ও পানীয় বিক্রি করছেন।

    তবে অতিরিক্ত জনসমাগমে তৈরি হয়েছে তীব্র অবকাঠামোগত সংকট। বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও নিরাপদ আবাসনের অভাবে পরিবেশ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। বিশেষ করে নারীদের নিরাপত্তাহীনতা এবং যৌন সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি সামলাতে এলাকায় নিরাপত্তা টহল ও জনস্বাস্থ্য কর্মকর্তা মোতায়েন করেছে কর্তৃপক্ষ। এছাড়া শিশুদের খনি এলাকা থেকে দূরে রেখে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া শিক্ষাবর্ষে স্কুলে ফেরানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

    উত্তোলিত মাটির ওপর পরীক্ষা চালিয়ে পুরো এলাকায় প্রকৃত সোনার মজুত পরিমাপের চেষ্টা চলছে। ইতোমধ্যে প্রাপ্ত সোনার বাজারমূল্য কয়েকশ থেকে সর্বোচ্চ ৭৮ হাজার শিলিং (প্রায় ৬০০ ডলার) পর্যন্ত দেখা গেছে। তবে বাণিজ্যিকভাবে এটি লাভজনক হবে কি না, তা নিশ্চিত নয়।

    তা সত্ত্বেও খনি বন্ধের বিপক্ষে ছাগলপালক লোমাচার। তিনি সরকারের কাছে নিরাপদ ও প্রযুক্তিভিত্তিক সোনা উত্তোলনের দাবি জানিয়েছেন। মেটাল ডিটেক্টরসহ আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হলে শুধু সোনা নয়, অন্যান্য খনিজ সম্পদও উন্মোচিত হতে পারে বলে তার বিশ্বাস—যা চেপোরোর বাসিন্দাদের দারিদ্র্য ঘোচাতে কার্যকর ভূমিকা রাখবে।

  • মেয়েদের উপবৃত্তি পুনরায় চালু ও প্রাথমিকে মিড-ডে মিলের নির্দেশ প্রধানমন্ত্রীর

    মেয়েদের উপবৃত্তি পুনরায় চালু ও প্রাথমিকে মিড-ডে মিলের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত নারী শিক্ষার্থীদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    একই সাথে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ‘মিড-ডে মিল’ বা দুপুরের খাবার কর্মসূচির কার্যকারিতা ও ব্যবস্থাপনা মূল্যায়নে দুটি পৃথক জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।

    সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের পর্যালোচনায় সভায় সভাপতিত্বকালে তিনি এসব নির্দেশনা প্রদান করেন।

    বৈঠকে ট্রাস্টের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ছাড়াও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সার্বজনীন উপবৃত্তির অতীত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মেয়াদে মেয়েদের জন্য চালু হওয়া উপবৃত্তি কর্মসূচির ইতিবাচক সামাজিক প্রভাব—যেমন স্কুলে উপস্থিতি বৃদ্ধি ও বাল্যবিয়ে রোধে এর কার্যকারিতার বিষয়টি তুলে ধরা হয়।

    এরই ভিত্তিতে সার্বজনীন উপবৃত্তি কার্যক্রম পুনর্বহালের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, উপকারভোগীর সংখ্যা এবং বাস্তবায়নের সম্ভাব্য রূপরেখা সংবলিত একটি সমন্বিত প্রস্তাব তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদেরও উপবৃত্তির আওতায় আনার বিষয়টি বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হয়।

    শিক্ষার্থীদের পুষ্টি ও খাবারের মানের ওপর গুরুত্ব দিয়ে বৈঠকে জানানো হয়, বিদ্যালয় পর্যায়ে শিশুদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিত করতে দুটি ভিন্ন ব্যবস্থাপনা পদ্ধতির পাইলট প্রকল্প চালুর নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্যের গুণগত মানে কোনো ধরনের আপস করা যাবে না বলেও সতর্ক করেন সরকারপ্রধান।

    উক্ত পর্যালোচনায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।