Blog

  • গাইবান্ধায় গাঁজাসহ আটক তিনজনকে জেল-জরিমানা

    গাইবান্ধায় গাঁজাসহ আটক তিনজনকে জেল-জরিমানা

    গাইবান্ধার ফুলছড়িতে বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

    বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব দণ্ড প্রদান করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান। এর আগে, এদিন সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

    দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল এলাকার আমজাদ হোসেন (৫৫), একাডেমি এলাকার সম্রাট মিয়া (৪০) ও সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এলাকার সাজু মিয়া (৪৫)।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে সংস্থাটি। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ গ্রাম গাঁজাসহ আটক আমজাদ হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড ও ১০ গ্রাম গাঁজাসহ আটক সম্রাট মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং ২০ গ্রাম গাঁজাসহ আটক সাজু মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচারক রফিকুল ইসলাম বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মাদকের বিস্তার রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • চার সাংবাদিকের অকাল মৃত্যুতে খিলক্ষেত প্রেসক্লাবের আয়োজনে মিলাদ মাহফিল

    চার সাংবাদিকের অকাল মৃত্যুতে খিলক্ষেত প্রেসক্লাবের আয়োজনে মিলাদ মাহফিল

    দেশবরেণ্য ইনভেস্টিগেটিভ বা অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন, বনানী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার আহমেদ বিজয়, এবং উত্তরা প্রেস ক্লাবের দুই সংবাদকর্মী রবিউল আলম (রাজু) ও সাকিবুল হাসানের আত্মার মাগফিরাত কামনায় স্মারক আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    ​আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বাদ-মাগরিব খিলক্ষেত প্রেস ক্লাব কার্যালয়ে সংগঠনটির নিজস্ব উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী স্মৃতিচারণ ও আলোচনা সভা চলে।
    ​খিলক্ষেত প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীনের সভাপতিত্বে অনুষ্ঠানে মরহুমদের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধি ও স্থানীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
    ​বক্তাদের স্মারক বক্তব্য ও শ্রদ্ধাঞ্জলি
    ​সাংবাদিকতার ‘মেশিনম্যান’ সাঈদুর রহমান রিমন: স্মৃতিচারণকালে বক্তারা প্রয়াত অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের বহুমাত্রিক সাংবাদিকতার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা উল্লেখ করেন, দেশের শীর্ষস্থানীয় দৈনিকে চার হাজারের বেশি ‘লিড’ ও ‘ব্যাক লিড’ খবর প্রকাশের এক অনন্য ও বিরল নজির রয়েছে তার। রাজনীতি, অপরাধ, অর্থনীতি, শেয়ারবাজার ও কূটনীতিসহ প্রায় সব বিটে বস্তুনিষ্ঠ ও সাহসী প্রতিবেদন তৈরি করে তিনি ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছিলেন।
    ​সাহসিকতার অনুপ্রেরণা: খিলক্ষেত প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন তার বক্তব্যে সাঈদুর রহমান রিমনের অসামান্য সাহস এবং তরুণ সাংবাদিকদের দিকনির্দেশনা দেওয়ার গুণাবলী তুলে ধরেন। একইসাথে তিনি বনানী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার আহমেদ বিজয়ের অকাল প্রয়াণ এবং সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত উত্তরা প্রেস ক্লাবের দুই সংবাদকর্মীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
    ​উপস্থিত নেতৃবৃন্দ
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ করেন ও উপস্থিত ছিলেন খিলক্ষেত প্রেস ক্লাবের সহ-সভাপতি ফারহাদ, প্রতিষ্ঠাতা উপদেষ্টা ওমর ফারুক মিল্লাত, দৈনিক জাতীয় কণ্ঠস্বরের সম্পাদক সাদ্দাম হোসেন, সংবাদ দিগন্তের সিনিয়র রিপোর্টার সুমন খান, সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মো: শাহ আলম, বনানী থানা মানবাধিকারের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার রেজা রকি এবং খিলক্ষেত প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া।
    ​এছাড়াও গণজাগরণের আব্দুর রাজ্জাক, মামুন দেওয়ান, সাইফুল ইসলাম, উত্তরা প্রেস ক্লাবের সুজন ভূঁইয়া, দৈনিক ঘোষণার জাহিদ মিয়া, ক্যামেরাম্যান বিপ্লব ও সাত্তার হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
    ​অনুষ্ঠান শেষে মরহুম চার সাংবাদিকের বিদেহী আত্মার শান্তি, মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

  • সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সাভার ও ধামরাইয়ে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

    বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

    এর আগে বুধবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

    ডিবি পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ধামরাই উপজেলার শ্রীরামপুর মধ্যপাড়া এলাকার মোকসেদ আলমের ছেলে সুরুজ আহম্মেদ সবুজ (২৪) এবং শ্রীরামপুর দক্ষিণপাড়া এলাকার আরশাদের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৬)। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

    একই দিন পৃথক আরেকটি অভিযানে সাভার মডেল থানার বক্তারপুর বেদেপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহাগ হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি বক্তারপুর বেদেপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।

    এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বৃহস্পতিবার বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত এক সভায় এ নির্দেশনা দেন তিনি।

    সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সাংবাদিকদের এ তথ্য জানান।

    তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

    ডিএসসিসি প্রশাসক বলেন, নদীর দূষণ যাতে আর না বাড়ে, সেজন্য প্রতিটি কারখানায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে।

    তিনি বলেন, নদী রক্ষা করা না গেলে মানুষ ও পরিবেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। যারা এ নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    আবদুস সালাম আরও বলেন, শুধু ঢাকার নদী নয়, পর্যায়ক্রমে সারা দেশের নদী দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ঢাকাকে কেন্দ্র করেই এ কার্যক্রম শুরু হবে। ‍

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: মীর শাহে আলম

    চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: মীর শাহে আলম

    চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

    বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

    প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের পাঁচ স্তর রয়েছে। চলতি অর্থবছরের মধ্যে সকল স্তুরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য সরকারের। আগস্টের পরই স্থানীয় সরকার, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে আলোচনা করে স্থানীয় সরকারের কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করবে।

    এসময় শেখ হাসিনার সরাসরি দেশে ফেরার কোনো সুযোগ নেই মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে ইতোমধ্যে রায় হয়ে গেছে। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। তাকে জেলে যেতে হবে ও রায় কার্যকর হবে।

    সিলেট অন্যান্য নগর থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, খাল খনন, ডেঙ্গু প্রতিরোধ প্রকল্পে সিলেট সিটি করপোরেশন ভালো করছে।

    পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট ৩ আসনের সংসদ সদস্য এমএ মালেক ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকরসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • পুলিশের উপস্থিতি টের পেয়ে ভবন থেকে পড়ে গাসিক কর্মকর্তার মৃত্যু

    পুলিশের উপস্থিতি টের পেয়ে ভবন থেকে পড়ে গাসিক কর্মকর্তার মৃত্যু

    রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী রোডে নিজ ফ্ল্যাটের আটতলা থেকে পড়ে গাজীপুর সিটি করপোরেশনের একাউন্টস কর্মকর্তা নজরুল ইসলাম (৫৫) মারা গেছেন।

    বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৬৩/বি সিদ্ধেশ্বরী রোডের র‌্যাংস গার্ডেন প্যালেস ভবনে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই ভবনের একটি ফ্ল্যাটে স্ত্রী রওশন আরা বেগমকে নিয়ে বসবাস করতেন। তাদের ছেলে দেশের বাইরে থাকেন। রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল জানান, নজরুল ইসলামের নামে গাজীপুরে একটি সিআর মামলার ওয়ারেন্ট ছিল। ওই ওয়ারেন্টের ভিত্তিতে রাতে পুলিশ তাকে খুঁজতে ওই ফ্ল্যাটে যায়। সেখানে তার স্ত্রীকে পাওয়া গেলেও নজরুল ইসলামকে পাওয়া যায়নি।

    তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল ইসলাম পেছনের দরজা দিয়ে বের হয়ে বেলকনির কার্নিশে লুকানোর চেষ্টা করেন অথবা অন্য ফ্ল্যাটে যাওয়ার চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভোররাত পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

  • ক্যাম্পাসে আবারও অস্ত্রের ঝনঝনানি: ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-শিবির সংঘাত, আহত দুই শতাধিক

    ক্যাম্পাসে আবারও অস্ত্রের ঝনঝনানি: ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-শিবির সংঘাত, আহত দুই শতাধিক

    দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও অস্ত্রের ঝনঝনানি শুরু হয়েছে। আধিপত্য বিস্তার, আবাসিক হলের নিয়ন্ত্রণ, কর্মসূচিতে বাধা এবং বহিরাগত প্রবেশের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে তিন বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্তত ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসব ঘটনায় অন্তত দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে উভয় পক্ষের দাবি।

    আহতদের মধ্যে রয়েছেন-শিক্ষার্থী, সাংবাদিক, শিক্ষক, জকসু নেতাসহ উভয় সংগঠনের নেতাকর্মীরা। বেশ কয়েকটি ক্যাম্পাসে লাঠিসোঁটা, রড ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, ভাঙচুর এবং হাসপাতালের ভেতরেও হামলার অভিযোগ উঠেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর এটাই দুই ছাত্র সংগঠনের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক ক্যাম্পাসে তাতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসে যে কোনো ধরনের পেশিশক্তি ও ত্রাসের রাজনীতি স্থায়ীভাবে বন্ধের জোরালো দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। অস্ত্রধারীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করারও দাবি তাদের।

    গত সোমবার থেকে গতকাল বুধবার পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ঢাকা কলেজ, সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ তৈরি করেছে। অধিকাংশ ঘটনায় উভয় সংগঠনই একে অপরকে হামলার জন্য দায়ী করেছে।

    জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে গত মঙ্গলবার আয়োজিত আলোচনাসভা ও আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে জকসু, ছাত্রশক্তি, ছাত্রদল ও প্রশাসনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে জকসুর ভিপি, জিএস, এজিএস, ছাত্রশক্তির নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ অন্তত ৭০ জন আহত হন। সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিতসাধীনদের ওপর হামলার অভিযোগ ওঠে ছাত্রদলের বিরুদ্ধে। পরে পাশের ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালেও চিকিত্সাধীন জকসু, ছাত্রশক্তি ও শিবিরের নেতাকর্মীদের ওপর দফায় দফায় হামলার অভিযোগ ওঠে। হাসপাতালের জরুরি বিভাগেও হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। এ সময় সাধারণ রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পরে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজেও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। কবি নজরুল কলেজে অন্তত পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সরকারি বাঙলা কলেজেও উত্তেজনার ঘটনা ঘটে

    ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) দখলে ছিল। ছাত্রদল ও শিবির প্রকাশ্যে ক্যাম্পাসে গেলে হামলার শিকার হতো। এখন ছাত্রলীগ নিষিদ্ধ। জুলাই গণ-অভ্যুত্থানের পর পাঁচটি বিশ্ববিদ্যালয়ের (ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ছাত্র সংসদ নির্বাচনে বেশির ভাগ পদে জয়ী হয় শিবির-সমর্থিত প্যানেল। অবশ্য ছাত্রদল অভিযোগ করে থাকে, আওয়ামী লীগ আমলে শিবির নিজেদের পরিচয় গোপন রেখে সংগঠন গুছিয়েছে। কিন্তু ছাত্রদলকে ক্যাম্পাসের বাইরে থাকতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহীম খলিলের কক্ষ থেকে দুই জন অতিথিকে গত ২ আগস্ট আটক করা হয়। তারা ‘সমকামিতায়’ লিপ্ত ছিলেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ঐ দিন বিকালে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়।

    একই দিন ঢাকা কলেজে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ছাত্রশিবিরের আলোচনা সভার প্রস্তুতিকালে সংঘর্ষ বাঁধে। এতে ছাত্রশিবিরের ২০ জন এবং ছাত্রদলের সাতজনসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এক জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সংঘর্ষের পর লাঠিসোঁটা হাতে ছাত্রদলের নেতাকর্মীদের ক্যাম্পাসে অবস্থান করতে দেখা যায়। নিউ। মার্কেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে

    এর মধ্যেই বিকালে সরকারি আলিয়া মাদ্রাসায় হলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। সংঘর্ষে অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হকসহ অন্তত ৩০ জন আহত হন। পরে ছাত্রদল হলের কয়েকটি কক্ষে ভাঙচুর চালায় এবং শিক্ষার্থীদের বের করে দিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেয়। শিবিরের দাবি, তাদের ২৫ জন আহত হয়েছেন। অন্যদিকে ছাত্রদলের দাবি, তাদের ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন।

    মঙ্গলবার গভীর রাতে সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রশিবিরের ১০ থেকে ১৫ জন শিক্ষার্থীকে মারধর করে আবাসিক হল থেকে বের করে দেয় বলে অভিযোগ ওঠে। আহত হন মেহেদী নামে এক শিবিরকর্মী। ছাত্রদলের দাবি, তারা নাশকতার পরিকল্পনার খবর পেয়ে ঐ অভিযান চালিয়েছে। শিবিরের দাবি, বিনা উসকানিতে তাদের হল থেকে বের করে দেওয়া হয়েছে।

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সোমবার রাতে প্রদর্শনীতে টানানো ছবি নিয়ে বিরোধের জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচ জন আহত হন। ঘটনার পরদিন ক্যাম্পাসে পালটাপালটি কর্মসূচি পালন করে দুই সংগঠন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘শিবিরমুক্ত ক্যাম্পাস’ লিখে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় তদন্তের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    একই দিনে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রশিবিরের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মারধর করে শিবিরের কর্মীদের ক্যাম্পাস ও দুটি ছাত্রাবাস থেকে বের করে দেওয়া হয়। এতে ১০ থেকে ১২ জন আহত হন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য জুলাই’ কর্মসূচির র‍্যালিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলাম পায়ে গুরুতর আঘাত পান। বহিরাগত অংশগ্রহণের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ পরে সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে পুলিশ ও প্রক্টরিয়াল বডি উপস্থিত থাকলেও সংঘর্ষ ঠেকানো যায়নি। সরকারি তিতুমীর কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রশক্তির আহ্বায়ক সাখাওয়াত হোসাইন ও সদস্যসচিব আল নোমান নিরবকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। সর্বশেষ গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৫ থেকে ২০ জন আহত হন। সংঘর্ষের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত কয়েক মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে সংঘর্ষের ঘটনাগুলোর সংক্ষিপ্ত পরিসংখ্যান নিলে দেখা যায়, সংঘর্ষের কারণ কমিটি গঠন, আধিপত্য বিস্তার, হল নিয়ন্ত্রণ, রাজনৈতিক প্রভাব বিস্তারের পাশাপাশি ব্যক্তিকেন্দ্রিক দ্বন্দ্বও অনুঘটক হিসেবে কাজ করছে। এসব ক্ষেত্রে দেশীয় ধারালো অস্ত্র, লাঠিসোঁটাসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করেছে পক্ষগুলো। যদিও জুলাই আন্দোলনের চেতনা ও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম দাবি ছিল-দলীয় প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন, মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপদ ক্যাম্পাস ও তাংশগ্রহণমূলক ছাত্ররাজনীতি।

    ‘প্রয়োজনে ২-১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন’; গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ফেসবুকে এই পোস্ট দেন তিনি। এতে তিনি লিখেছেন, ‘সংসদে বিএনপির সঙ্গে জামায়াতের আর ক্যাম্পাসে ছাত্রদলের সঙ্গে শিবিরের এই কুসুম কুসুম প্রেম জাস্ট একটা ফাজলামি। হে শিবির, ওরা আপনাদের চোখ তুলতে পারে, গোড়ালি কাটতে পারে, মাথা ফাটাতে পারে। আর আপনার। সারা জীবন খালি মার খেয়ে প্রতিবাদ মিছিলই করে গেলেন। ৯০-এর দশকে শিবিরের ওপর পায়ের রগ কাটার মিথ্যা অপবাদ আছে, সন্ত্রাস রুখে দিতে প্রয়োজনে ২/১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন।’ সামিউল হাসান শোভন গকসু নির্বাচনে শিবিরের সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন।

    বেরোবিতে এক মঞ্চে ছাত্রদল-শিবির: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিন দিনের রাজনৈতিক উত্তেজনা, দফায় দফায় সংঘর্ষ, পালটাপালটি বিক্ষোভ কর্মসূচির পর ক্যাম্পাসে দেখা মিলেছে ভিন্ন এক চিত্র। গতকাল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচিতে একই মঞ্চে মিলিত হয়েছেন উপাচার্য, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় প্রবল বৃষ্টি উপেক্ষা করেই ছাতা নিয়ে আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান সড়ক ও আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়।

  • চুরি করতে গিয়ে ‘গৃহবধূর কামড়ে’ চোরের আঙুল বিচ্ছিন্ন

    চুরি করতে গিয়ে ‘গৃহবধূর কামড়ে’ চোরের আঙুল বিচ্ছিন্ন

    ঝালকাঠির রাজাপুর উপজেলায় প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে গৃহবধূর কামড়ে এক চোরের আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ডহরশংকর গ্রামে ঝুমুর বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।

    গৃহবধূ ঝুমুর বেগম বলেন, রাত প্রায় পৌনে তিনটায় শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। চোরকে দেখে চিৎকার শুরু করলে সে আমার মুখ চেপে ধরে। শুরু হয় ধস্তাধস্তি। এ সময় চোরটি আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে আমি তার আঙুলে কামড় দিই। এতে তার আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

    আহত চোর আমার প্রাণনাশের হুমকি দিয়ে ঘরের দরজা খুলে বাইরে থাকা সহযোগীদের সঙ্গে পালিয়ে যায়। তবে পালানোর সময় ঘর থেকে দুটি মোবাইল ফোন নিয়ে যায় চোরের দল। পরে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।

    রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে ট্রলি ড্রাইভার নিহত

    চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে ট্রলি ড্রাইভার নিহত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেল ক্রসিং-এর সময় ট্রেনে কাটা পড়ে এক ট্রলি ড্রাইভার নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে নাচোল রেল গেটে এ ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তি নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের ছেলে টিমন আলী (৩১)।

    বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ। তিনি জানান, রহনপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটি নাচোল রেলগেট এলাকায় আসলে রেল ক্রসিংয়ের সময় ট্রেনে কাটা পড়ে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    তবে স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কোন গেটম্যান না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। তারা সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে গ্রেটম্যান দেওয়ার দাবি জানান।

  • কড়া নিরাপত্তায় জবি ক্যাম্পাস

    কড়া নিরাপত্তায় জবি ক্যাম্পাস

    সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির ও জাতীয় ছাত্র শক্তির সংঘর্ষের পর আজ তিন ছাত্র সংগঠনের ঘোষিত সভা-সমাবেশকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    বৃহস্পতিবার ক্যাম্পাসের অভ্যন্তরে সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আইডি কার্ড বহন বাধ্যতামূলক করেছে প্রশাসন। বৈধ বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র ছাড়া কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

    সরেজমিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ প্রতিটি প্রবেশপথে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নিরাপত্তাকর্মী, প্রক্টরিয়াল বডির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবস্থান নিতে দেখা যায়। প্রবেশের সময় প্রত্যেক শিক্ষার্থীর আইডি কার্ড যাচাই করে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। যাদের কাছে আইডি কার্ড নেই, তাদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

    বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তিন ছাত্র সংগঠনের সভা-সমাবেশকে ঘিরে ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আজকের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

    এদিকে, কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে অনেক শিক্ষার্থীকে কিছু সময় অপেক্ষা করতে দেখা গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সবসময় বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।