Blog

  • বেলকুচিতে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

    বেলকুচিতে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

    সিরাজগঞ্জের বেলকুচিতে জমিতে কাজ করার সময় বজ্রপাতে সিয়াম নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

    বুধবার সকালে উপজেলার চরসমেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম হোসেন ওই গ্রামের সুরুজ্জামানের ছেলে। সে চলতি বছর সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

    বেলকুচি থানার ওসি ইমাম জাফর বলেন, সিয়াম সকাল ৯টার দিকে নিজেদের জমিতে ধান লাগাতে গিয়েছিল। ওই সময় বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।

    ওসি আরো বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সরিষাবাড়ীতে ৫আগষ্ট শহীদের স্মরণে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত

    সরিষাবাড়ীতে ৫আগষ্ট শহীদের স্মরণে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত

    জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি”র উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ৫ আগস্ট ২০২৪ থেকে ২০২৬ গণতান্ত্রিক উত্তরণের এই যাত্রা যেন একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রেরণা হয়ে ওঠে।

    বুধবার (৫ আগষ্ট) সকালে বিজয় মিছিল শেষে আলোচনা সভায় সরিষাবাড়ী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল কবির তালুকদার (শামীম) তাঁর বক্তব্যে বলেন, জুলাইয়ের গণআন্দোলনের চেতনা তখনই সত্যিকার অর্থে সার্থক হবে, যখন দেশে হিংসা-বিদ্বেষ, হানাহানি, দুর্নীতি ও অন্যায়ের পরিবর্তে প্রতিষ্ঠিত হবে ন্যায়বিচার, জবাবদিহিতা, সম্প্রীতি ও আইনের শাসন।

    তিনি সকলকে দল-মত নির্বিশেষে ভেদাভেদ ভুলে দেশের উন্নয়ন, গণতন্ত্রের শক্তিশালী ভিত্তি নির্মাণ এবং মানুষের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।

    আসুন, আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হই। দেশের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জনগণের কল্যাণই হোক আমাদের সর্বোচ্চ অঙ্গীকার।

    বাংলাদেশ এগিয়ে যাক ঐক্যের শক্তিতে, সমৃদ্ধির পথে।

  • প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে: তথ্য প্রতিমন্ত্রী

    প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে: তথ্য প্রতিমন্ত্রী

    তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় জুলাই শহীদদের নামে রাস্তার নামকরণ এবং প্রতিষ্ঠান তৈরি করা হবে। জুলাই শহীদদের আত্মত্যাগের কারণেই একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচিত হতে পেরেছে। বিএনপি আজীবন জুলাই শহীদদের পাশে থাকবে এবং তাদের পরিবারের পাশে থাকবে। তাদের পরিবারকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে আমরা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি। এসব পরিকল্পনা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে।

    বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার দুলদুল ক্যাম্পে জুলাই শহীদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী আরো বলেন, দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর দেশের জনগণকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিবাদমুক্ত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে আমরা সেই সুফল পেয়েছি। সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মাগফেরাত কামনা করি এবং আহতদের সুস্থতা কামনা করছি। আমরা তাদের পাশে আছি এবং আজীবন পাশে থাকবো।

    ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আল রাফসান সামির সার্বিক সহযোগিতায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ বিএনপি, ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।

    ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

  • আদালত চত্বরে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী তানভীরের ওপর ডিম নিক্ষেপ

    আদালত চত্বরে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী তানভীরের ওপর ডিম নিক্ষেপ

    প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের ওপর বগুড়া আদালত চত্বরে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

    বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন।

    এর আগে বুধবার ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে সাইবার সুরক্ষা আইনের মামলায় গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে শুনানি শেষে সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সরকার জানান, গাজী সালাউদ্দিন তানভীর গ্রেফতারের খবর পেয়ে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সকাল থেকেই আদালত চত্বরে অবস্থান নেন। আদালত থেকে তানভীরকে কারাগারে নেওয়ার সময় তারা বিক্ষোভ করেন। এ সময় উপস্থিত কিছু ব্যক্তি তার ওপর ডিম নিক্ষেপ করেন।

    সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী ও বগুড়ার কৃতি সন্তান তারেক রহমানকে নিয়ে গাজী সালাউদ্দিন তানভীরসহ কয়েকজন আপত্তিকর মন্তব্য করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।’

    বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। আদালত প্রাঙ্গণের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল এবং কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

  • ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক মির্জাপুরের সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ূন তালুকদার

    ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক মির্জাপুরের সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ূন তালুকদার

    ‎ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি মো. হুমায়ূন তালুকদারকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট ২৬) দুপুর ১টার দিকে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের জন্য ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে সার্ভারে তার নাম ‘স্টপ লিস্টে’ পাওয়া যায়। পরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। আটক হুমায়ূন তালুকদার উপজেলার শুভুল্যা গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ইমিগ্রেশন যাচাইয়ের সময় হুমায়ূন তালুকদারের নাম স্টপ লিস্টে পাওয়া যায়। এ কারণে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে মির্জাপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মির্জাপুর আমলি আদালতে পুলিশ সদস্য, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে হুমায়ূন তালুকদার বর্তমানে জামিনে রয়েছে বলে জানিয়েছেন হুমায়ূন তালুকদারের ছেলে আব্দুর রহিম তালুকদার শুভ।
    ‎
    ‎এব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “বেনাপোল ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে হুমায়ূন তালুকদারকে আটকের বিষয়টি জেনেছি। তাকে মির্জাপুর থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।”

  • ইতিহাসের মোড় ঘোরানো অভ্যুত্থান

    ইতিহাসের মোড় ঘোরানো অভ্যুত্থান

    ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া একটি সাধারণ শিক্ষার্থী আন্দোলন পরবর্তীকালে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পূর্ণাঙ্গ গণবিপ্লবে রূপ নেয়; যা দীর্ঘ ১৬ বছরের আওয়ামী শাসনের অবসান ঘটায়। আর এ আন্দোলনের নেপথ্যে থেকে কাজ করেন দেশের রাজনীতিসংশ্লিষ্টরা। দমনপীড়নের মাধ্যমে সরকারবিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের দীর্ঘদিন কোণঠাসা করে রাখা হয়।

    বিশ্লেষকরা জানান, রক্তক্ষয়ী এ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের তরুণ প্রজন্ম একটি নতুন রাষ্ট্র গঠনের ভিত্তি স্থাপন করে। ২০২৪ সালের জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবিতে রাজপথে নামেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলন শান্তিপূর্ণভাবে শুরু হলেও তৎকালীন সরকারের দমনপীড়ন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতি তৎপরতা এবং ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনগুলোর সহিংস হামলায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

    বিশ্লেষক ও আন্দোলনকারীদের মতে অভ্যুত্থানের ক্যালেন্ডারে কয়েকটি সুনির্দিষ্ট ঘটনা আন্দোলনের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বুক পেতে দেওয়া এবং গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়ার ঘটনাটি আন্দোলনের গতিপথ সম্পূর্ণ বদলে দেয়। এ দৃশ্য সারা দেশের সাধারণ মানুষকে স্তব্ধ ও ক্ষুব্ধ করে তোলে।

    আন্দোলন দমাতে ইন্টারনেট ব্ল্যাকআউট, সান্ধ্য আইন (কারফিউ) জারি এবং নির্বিচারে গুলি চালানো হলেও শিক্ষার্থীরা দমে যাননি। শত শত শিক্ষার্থীর আত্মাহুতি আন্দোলন সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়। সাধারণ শিক্ষার্থীদের ওপর রাষ্ট্রীয় সহিংসতার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কারের গন্ডি পেরিয়ে সরকারের পদত্যাগের ‘এক দফা’ ঘোষণা করে।

    ৪ আগস্ট দেশজুড়ে তীব্র সংঘাতের পর ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লাখ লাখ মানুষ ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর দিকে রওনা হয়। উদ্ভূত পরিস্থিতিতে ছাত্র-জনতার জোয়ারের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। দুপুরের পরপরই লাখ লাখ মানুষ গণভবন ও জাতীয় সংসদ ভবনে প্রবেশ করে বিজয়োল্লাস প্রকাশ করে।

    রাজনীতি বিশ্লেষকদের মতে এ অভ্যুত্থান কেবল কোটা সংস্কার আন্দোলনের ফল ছিল না। এটি ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, গুমখুন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। দেশের সাধারণ মানুষ, রাজনৈতিক দলের শীর্ষ থেকে তৃণমূলের নেতা-কর্মী, শ্রমজীবী এবং অভিভাবকরা তরুণদের এ লড়াইয়ে শামিল হয়ে একে একটি সফল গণ অভ্যুত্থানে পরিণত করেন। তাঁরা জানান, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হওয়ার পর তারা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে। এরপর আওয়ামী লীগ নিজেদের অধীনে পরপর আরও তিনটি সংসদ নির্বাচন আয়োজন করে জয়লাভ করে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সংসদ নির্বাচনগুলোয় ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। এর মাঝে ২০১৮ সালের নির্বাচন ছাড়া বাকি দুটি অধিকাংশ রাজনৈতিক দল বয়কট করেছিল। এ সময় সরকার তাদের বিরোধীদের ওপর ব্যাপক নির্যাতন ও ধরপাকড় চালায়, বিরোধী দলের শীর্ষ নেতাদের বিভিন্ন মামলায় সাজা দেওয়ার মাধ্যমে দলগুলো নেতৃত্বশূন্য করে ফেলা হয়। এ সময়ে দেশের সব গণমাধ্যমে তথ্য প্রচার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর মতো আইনের মাধ্যমে কঠোরভাবে জনসাধারণের মতপ্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ করা হয়।

    বিশ্লেষকদের মতে অভ্যুত্থানের পর দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং রাষ্ট্রের কাঠামোগত এবং অর্থনৈতিক সংস্কারের কাজ শুরু হয়। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। সংসদে বিরোধী দলের ভূমিকায় আসে জামায়াত-এনসিপি জোট। আর কদিন পরই নতুন সরকারের ছয় মাস পূর্ণ হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে সত্যিকারের সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার মতো বড় চ্যালেঞ্জগুলো এখনো রয়ে গেছে। এ অভ্যুত্থান প্রমাণ করেছে, জনগণের সম্মিলিত আকাক্সক্ষার সামনে কোনো স্বৈরাচারী ব্যবস্থাপনাই টিকে থাকতে পারে না। জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগ ও অর্জিত এই চেতনা ধারণ করে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই এখন দেশবাসীর মূল লক্ষ্য।

    জুলাইয়ের রক্তক্ষয়ী বিপ্লব ও পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘পৃথিবীর সব বিপ্লবের পরে একটি শক্তি সুপারপাওয়ার হতে চায়। তখন অনেক ক্ষেত্রে বিপ্লব ব্যর্থ হয়। আমাদের দেশেও বিপ্লব হয়েছে। তবে সেটাকে এখনই ব্যর্থ বলা যাবে না। যে দেশে অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর থাকে, বেকারত্বের হার বেশি থাকে সেসব দেশে বিপ্লব-পরবর্তী অবস্থা চ্যালেঞ্জিং হয়। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। বিপ্লবের পরে যে অন্তর্বর্তী সরকার দায়িত্বে ছিল তারা তাদের কাজটা সঠিকভাবে করতে পারেনি। অনেক ক্ষেত্রে জটিলতা তৈরি করেছে। তবে এরপর যে নির্বাচনটা হয়েছে তা শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যতা পেয়েছে। এতে সংসদে দ্বিদলীয় যে অবস্থা দেখছি, তা গণতন্ত্রের জন্য ইতিবাচক মনে করি।’

    একই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘অভ্যুত্থানের পরে ইতিবাচক অনেক পরিবর্তন হয়েছে। বিশেষ করে কর্তৃত্ববাদের পতন হয়েছে, গণতন্ত্রে প্রবেশ করেছি, একটা ভালো নির্বাচন করতে পেরেছি। এগুলো তো অভ্যুত্থানের অর্জন। আরও একটা বড় অর্জন হলো রাষ্ট্র সংস্কারের আলোচনা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।’ তিনি বলেন, ‘আরও অর্জন হয়তো আমরা করতে পারব। এজন্য সময় লাগবে।’ এক প্রশ্নে তিনি জানান, ‘কোনো রাষ্ট্র সংস্কার এক দিনে শেষ হয় না। বাংলাদেশেও রাষ্ট্র সংস্কার আলাপ এক দিনে শেষ হবে না। এখন রাষ্ট্র সংস্কারের যে আলাপ করতে পারছি সেটা আমাদের জন্য একটা বড় বিষয়। রাষ্ট্র সংস্কারের যে কাজটা শুরু হয়েছে এটা যদি অব্যাহত থাকে আমরা আমাদের রাষ্ট্রকে আরও এগিয়ে নিতে পারব।’

  • ভাইকে হারিয়ে শিখেছি প্রতিবাদ

    ভাইকে হারিয়ে শিখেছি প্রতিবাদ

    জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই বিএনপির সদস্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, ‘জুলাই আন্দোলন আমাদের জন্য একই সঙ্গে প্রাপ্তি এবং হারানোর। প্রাপ্তি বলছি কারণ, জুলাই আন্দোলন এ দেশের মানুষকে শিখিয়েছে কীভাবে স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। হারানোর জায়গা হচ্ছে-জুলাই আন্দোলনে আমি আমার ভাইকে হারিয়েছি। মীর মাহফুজুর রহমান মুগ্ধ এই জুলাই অভ্যুত্থানেই শহীদ হয়েছেন।’ সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

    আক্ষেপ করে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘জুলাই শহীদদের আকাক্সক্ষা, প্রত্যাশা ছিল সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেওয়া। সেই আকাক্সক্ষা আমরা এখন পর্যন্ত বাস্তবায়িত হতে দেখছি না। গত দুই বছর ধরে বিভিন্নভাবে আশ্বাস পেয়ে যাচ্ছি, শহীদদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন হবে। কিন্তু আমরা সেই আশ্বাসের বিপরীতে বাস্তবায়নের কোনো অগ্রগতি দেখছি না।’

    তিনি বলেন, বর্তমান সরকার জুলাইয়ের শহীদ ও আহতদের মূল্যায়ন করবে এবং তাদের সত্যিকারের আকাক্সক্ষার বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবে।

    মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, জুলাইয়ে প্রথমে সবাই আন্দোলনে এসেছিল কোটা সংস্কারের জন্য। যখন শান্তিপূর্ণ আন্দোলনে নিরীহ ছাত্রদের হত্যা করা হয়, তখন কিন্তু দেশের বেশির ভাগ মানুষ যাদের কোটার সঙ্গে সম্পর্ক নেই, যাঁরা হয়তোবা কখনো সরকারি চাকরিতে যুক্ত হবেন না, তাঁরাও আন্দোলনে অংশ নেন। একটা শান্তিপূর্ণ আন্দোলনে নিরীহ ছাত্রদের ওপর গুলি করে হত্যার কারণেই তাঁরা আন্দোলনে নামেন। তিনি বলেন, ছাত্র-জনতার প্রত্যাশা ছিল-জুলাইয়ে যাদের হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচারটা হবে। প্রত্যাশা ছিল-যে রাষ্ট্র কাঠামোর কারণে হাসিনা হত্যাযজ্ঞ চালাতে পেরেছিলেন, সেই রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হবে। সেই জায়গা থেকেই জুলাই আন্দোলন কোটা সংস্কার থেকে এক দফায় রূপ নেয়। আর এক দফার জন্যই এই গণ অভ্যুত্থান ঘটে। শহীদদের বড় আকাক্সক্ষা হচ্ছে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, যার জন্য এতজন মানুষের জীবন চলে গেছে।

    মীর মাহবুব বলেন, ‘গণ অভ্যুত্থানে যাঁরা হতাহত হয়েছেন, তার সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যক্রম নতুন বাংলাদেশের প্রত্যাশা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণহত্যার তদন্ত ও বিচার এখনো অধরা। আমাদের শহীদরা মুক্ত রাষ্ট্র কাঠামো চেয়েছেন। এই প্রত্যাশা পূরণের আশ্বাস আমরা পাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়নের কোনো পদক্ষেপ দেখতে পাইনি।’

    তিনি বলেন, একটা পক্ষ সব সময় চেষ্টা করে জুলাইকে খাটো করে দেখানোর বা জুলাইকে মুছে ফেলার। তারা জুলাইয়ের পরাজিত শক্তি, সেই স্বৈরাচার এবং স্বৈরাচারের দোসর। তারা সব সময় চেষ্টা করছে এই জুলাইকে আন্ডারমাইন করার জন্য। তবে বাংলাদেশের মানুষ জুলাইকে মনে-প্রাণে ধারণ করে। মানুষ দেখেছে একটা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী কীভাবে এই দেশের হাজারো নিরীহ ছাত্র-জনতাকে হত্যা করেছে। যতই ষড়যন্ত্র হোক, যাঁরা জুলাইয়ে রাস্তায় নেমে এসেছিলেন, তাঁদের মন থেকে জুলাইকে মুছে ফেলা সম্ভব না।

    মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর খোলা হয়েছে। জুলাই শহীদ এবং আহতদের দেখভাল করার জন্য এবং সেই অধিদপ্তরকে সরকার দায়িত্ব দিয়েছে। জুলাইয়ের শহীদ ও আহতদের ইতোমধ্যে প্রতি মাসে একটা ভাতা কার্যক্রমের আওতায় নিয়ে আসা হয়েছে। বর্তমান সরকার বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে দেখছে। শহীদ এবং আহতদের জন্য আইনটি সংসদে পাস হয়েছে। তাই আমার কাছে মনে হয়, যারা জুলাই শহীদ এবং আহত পরিবার রয়েছে, তাদের জন্য সরকার যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করছে।

    মীর মাহবুব সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, শহীদদের যে পাওনা, তা আপনারা যত দ্রুত সম্ভব পরিশোধ করবেন। এটাই নতুন বাংলাদেশের আপনাদের কাছে চাওয়া।

  • উপেক্ষিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কওমি শিক্ষার্থী

    উপেক্ষিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কওমি শিক্ষার্থী

    ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত সাফল্য নিশ্চিত হয়েছিল চব্বিশের ৫ আগস্ট। ওইদিন ক্ষমতার মসনদ ছেড়ে পালিয়েছিলেন ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অভ্যুত্থানের নেপথ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বড় অবদান থাকলেও দেখি সব জায়গায় তাদের উপেক্ষা করা হয়েছে। অভ্যুত্থান-পরবর্তী সময়ে উপদেষ্টা পরিষদ গঠনকালে বা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক একটি নির্দিষ্ট ‘কোরাম’ প্রাধান্য পাচ্ছে, যা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হতাশাজনক।

    সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনকে কথাগুলো বলছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেস্তি। তিনি বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থানে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামক প্ল্যাটফর্মের সৃষ্টি হয়েছিল, তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক ছিলাম। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের একজন ছিলাম।

    আয়াতুল্লাহ বেহেস্তি নিজের ভূমিকার স্মৃতিচারণা করে বলেন, আন্দোলনের শুরুতে একজন অ্যাক্টিভিস্ট হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করলেও আমি আসলে এই আন্দোলনে যেতে ইচ্ছুক ছিলাম না। কিন্তু ১৪, ১৫ এবং ১৬ জুলাইতে যখন ছাত্রীদের ওপর হামলা করা হয়, রাজাকার ধ্বনি তুলে প্রতিবাদ করা হয়, তখন মনে হয়েছিল যে কিছু একটা করা দরকার। তখন আন্দোলনের নেতৃত্বে যুক্ত হই। ১৬ জুলাই তারিখ আমরা আন্দোলনে থাকা অবস্থায় পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদকে হত্যার খবর পাই। রাজনৈতিক অঙ্গনে একটা কথা আছে, কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মেরে ফেলা হলে ওই সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারে না। তখন ওই মুহূর্তেই ডিসিশনটা ফাইনাল হয়ে যায়। আমরা বুঝতে পারি আন্দোলনটি সরকার পতনের আন্দোলনে যাবে। প্রায়শ্চিত্ত একমাত্র হাসিনার পদত্যাগ। তিনি আরও বলেন, তখন ফেসবুকে পোস্ট করাও ছিল এক ধরনের অপরাধের মতো। তবুও আমি ১৬ তারিখ থেকে লাগাতার কর্মসূচি ফেসবুকে পোস্ট করেছিলাম। সে সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠিত করতে এক বা একাধিক মেসেঞ্জার গ্রুপ খোলা হয়।

    সাবেক সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেস্তি বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সংগঠিত হয় ‘আমরা রাজাকার’ নামক গ্রুপের মাধ্যমে, বর্তমানে যার নাম ‘আমরা এনএসইউআর’, যেটির মাধ্যমে ধাপে ধাপে আন্দোলন এগিয়ে নেওয়া হয়। চব্বিশের ১৭ জুলাই ছিল আশুরার দিন। প্রাথমিক প্ল্যান ছিল এদিন কোনো কর্মসূচি ঘোষণা করা হবে না। সেদিন প্রথমবারের মতো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা হয়। তখন পরিস্থিতি এমন দাঁড়ায় যে, ছাত্রলীগ বনাম সাধারণ শিক্ষার্থী ও অন্য সব দল। অপরদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে হলে হলে মারামারির কারণে ওই সময় ছাত্রলীগের ওপর জনরোষ তৈরি হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সারা দেশে পুলিশ হামলা ও গুলি শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজিবি ঢুকে হল বন্ধ করে দেয়। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তিনি বলেন, ১৭ তারিখের এসব ঘটনার পর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওপরও হামলা হবে সেটা আঁচ করতে পেরে আমরা ঢাকাকে পাঁচটি সেক্টরে ভাগ করি। প্রথম সেক্টরে কুড়িল থেকে প্রগতি সরণি-নর্দা হয়ে নতুন বাজার পর্যন্ত। দ্বিতীয় সেক্টরে রামপুরা ও বাড্ডা অঞ্চল। এই দুটি সেক্টরে পুরোপুরি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে। এ ছাড়া মিরপুরসহ বিভিন্ন স্থানেও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্ররা। তিনি বলেন, এই সেক্টর ডিভিশনের দুটি উদ্দেশ্য ছিল। প্রথমত, নেতৃত্বের বিকেন্দ্রীকরণ করা; দ্বিতীয়ত, এই পয়েন্টগুলো বন্ধ করে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছি।

    আয়াতুল্লাহ বেহেস্তির ভাষায়, ১৮ জুলাই শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয় নয়, সেদিন ছাত্রদের পাশাপাশি সর্বস্তরের জনতাও নেমে আসে রাজপথে। তাই জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের প্রথম প্রতিরোধ দিবস এটি। সেদিন বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে পুলিশের ওপর আক্রমণ তীব্র হলে র‌্যাব হেলিকপ্টার দিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করতে বাধ্য হয়। ওই দিনই প্রগতি সরণির সামনে দাঁড়িয়ে নর্থ সাউথ-আইইউবিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রথম ‘এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি’ স্লোগান তোলে। সেদিনই পুলিশের গুলিতে নর্দান ইউনিভার্সিটির দুজন শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া যায়।

  • সাত মাসের শিশুর দায়িত্ব পেলেন ১৩ বছরের মা

    সাত মাসের শিশুর দায়িত্ব পেলেন ১৩ বছরের মা

    ঢাকার হাজারীবাগের আলোচিত ১৩ বছরের শিশুমা অনামিকা আক্তার জুঁইয়ের কাছে তার সাত মাস বয়সি সন্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফেসবুক ও টিকটক ব্যবহার না করার শর্তে এ নির্দেশ দিয়েছে ঢাকা জেলা লিগ্যাল এইড। গতকাল জেলা লিগ্যাল এইড কার্যালয়ে শিশুটির অভিভাবকত্ব-সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান জানান, বিদ্যমান আইন অনুযায়ী আপাতত সাত মাস বয়সি শিশুটি তার মায়ের সঙ্গেই থাকবে। একই সঙ্গে শিশুর স্থায়ী অভিভাবকত্ব নির্ধারণ হবে পারিবারিক আদালতে। সম্প্রতি শিশুটির বাবা সেখানে এ বিষয়ে আবেদন করেছেন। তিনি আরও জানান, শুনানির সময় কিশোরী মাকে ফেসবুক, টিকটকসহ সামাজিক মাধ্যম ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    সম্প্রতি ১৩ বছর বয়সি কিশোরী মা ও তার সাত মাসের শিশুটিকে ঘিরে সমাজমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর কিশোরীকে ফুসলিয়ে নিয়ে নোটারির মাধ্যমে বিয়ে করা হয়।

    পরবর্তীতে তিনি শারীরিক নির্যাতনের শিকার হন এবং একপর্যায়ে সন্তানকে তার কাছ থেকে আলাদা করে রাখা হয়। পরে ঢাকা জেলা লিগ্যাল এইডের উদ্যোগে শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এ ঘটনার পর শিশুর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে লিগ্যাল এইডের উদ্যোগে শুনানি অনুষ্ঠিত হয়।

  • প্রত্যাশা পূরণের অপেক্ষায়

    প্রত্যাশা পূরণের অপেক্ষায়

    জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে এগিয়ে চলেছে দেশ। শুরু হয়েছে রাষ্ট্র সংস্কার। সংবিধান সংশোধনে কাজ শুরু করেছে বিশেষ কমিটি। পুনরুদ্ধারের চেষ্টা চলছে ভঙ্গুর অর্থনীতির। তবে অভ্যুত্থানের দুই বছর পরও নিহত ব্যক্তিদের পরিবার আজও পূর্ণাঙ্গ সম্মান পায়নি বলে অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দুই বছরে অগ্রগতি আছে। তবে প্রত্যাশা অনেক। সব পূরণে আরও সময় প্রয়োজন। প্রধানমন্ত্রী ওয়াদা পূরণের দিকেই অগ্রসর হচ্ছেন।

    সরকারি তিতুমীর কলেজে বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষের শিক্ষর্থী ছিলেন শহীদ শেখ ফাহমিন জাফর (১৮)। ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরার আজমপুরে একটি শপিং মলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে ফাহমিনের মৃত্যু হয়। তাঁর বাবা শেখ আবু জাফর (৬৮) একটি বিমা প্রতিষ্ঠানে চাকরি করেন। আর মা কাজী লুলুল মাখমিন (৪৮) গৃহিণী। ফাহমিনের মা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিএনপি সরকারের ওপর ভরসা নিয়েই বলছি, আমরা অপেক্ষায় আছি। সন্তান হারিয়েছি। নতুন সরকার নিশ্চয়ই আমাদের দিকটা বিবেচনা করবে। আমরা চাই প্রধানমন্ত্রী আন্দোলনে নিহতদের খুনের বিচার করবেন। তবে এখন পর্যন্ত শহীদ হিসেবে আমার সন্তান রাষ্ট্রের পূর্ণাঙ্গ সম্মান বা স্বীকৃতি পায়নি। কিছু আর্থিক সহায়তা করা হয়েছে কিন্তু অর্থ দিয়ে সম্মান কেনা যায় না।’

    জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী মো. সালমান হোসেন (২৪)। ২০২৪ সালের ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর রামপুরায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনের সময় রামপুরা ওভারব্রিজের ওপর থেকে বিজিবির ফায়ারিংয়ে একটি বুলেট সালমানের পায়ে বিদ্ধ হয়। পরবর্তী সময়ে চিকিৎসায় সালমানের একটি পা ক্ষতবিক্ষত হয়ে ছোট হয়ে যায়। মুক্তিযুুদ্ধ মন্ত্রণালয় থেকে আন্দোলনে আহত হিসেবে এখন তিনি ভাতা পাচ্ছেন। বাংলাদেশ প্রতিদিনকে সালমান বলেন, ‘আন্দোলনে আমাদের প্রথম শর্ত ছিল বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ গঠন করার। আন্দোলনের আগে শিক্ষা খাতে যে বৈষম্য ছিল তা এখনো আছে। আমার প্রত্যাশা আমাদের সংবিধান হবে গণমানুষের। আর রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করে গণমানুষের জন্য একটি বাংলাদেশ উপহার দেবে সরকার।’

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলেছিলাম। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের বেশির ভাগই এই সরকার গ্রহণ করেছে। কিছু অধ্যাদেশ তারা রিভিউর জন্য পাঠিয়েছে। এর মধ্যে আমরা শুনছি বেশ কিছু অধ্যাদেশ নানাভাবে পরিমার্জন করে রি-অ্যাপ্লাই করা হবে।’

    তিনি বলেন, ‘বিচার বিভাগের সচিবালয় করার কথা ছিল, সেটা করা হয়নি। এ ছাড়া ৭০ অনুচ্ছেদ যা বাস্তবায়নের কথা ছিল, সেটিও আমরা দেখছি না। সংসদে জামায়াত ও এনসিপির সদস্যরা খুব একটা কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। অভ্যুত্থান হলেও এর মধ্য দিয়ে যে সামাজিক ও রাজনৈতিক বোঝাপড়া তৈরি হওয়া দরকার ছিল সেখানে আরও বেশি কাজ করতে হবে।’

    রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিএনপি দেশে নতুন সরকার হিসেবে জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার। সংস্কারের বিষয়ে তাদের যে নতুন অঙ্গীকার ছিল এবং অন্তর্বর্তী সরকারের সময়ে যে দফাগুলো ছিল, তার আলোকেই দুটো সন্নিবেশ করে ধীরে ধীরে বিএনপি সরকার সংস্কারের দিকে অগ্রসর হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের যে দাবি ছিল, তা পুরোপুরি প্রতিষ্ঠা করবেন। এটি বাস্তবায়নে সময় লাগবে। এই সংস্কারের কাজগুলো ধীরে ধীরে করতে হবে। ম্যাগনা কার্টা হঠাৎ একসঙ্গে আসেনি। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে সব সমস্যা একসঙ্গে আসে। উন্নত দেশগুলোতে একটা সমস্যা এলে সেটি সমাধান করে অন্য সমস্যার সমাধান করা হয়। এ ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী যে ওয়াদা দিয়েছেন, সেদিকেই অগ্রসর হচ্ছেন। আমরা আশা করছি ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে যে দাবি তার বাস্তবায়ন হবে। মাত্র পাঁচ-ছয় মাসে এ ব্যাপারে একটি সরকারকে মূল্যায়ন করা যায় না। এজন্য সরকারকে সময় দিতে হবে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে একটি গাছের মতো যত দিন গাছ বাঁচবে তত শক্তিশালী হবে।

    বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নতুন সরকার আগের সরকারের রাজনৈতিক বিষয়গুলো সমাধানেই বেশি সময় দিচ্ছে। এজন্য অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলোকে এখনই বড় আকারে গুরুত্ব দিতে পারছে না। রাজনৈতিক উত্তরণের পর প্রত্যাশা ছিল অর্থনীতি পুনরুদ্ধারের জায়গায় গতি আসবে। বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধি পাবে, কিন্তু এখনো গতি বৃদ্ধি পায়নি। এর বড় কারণ নির্বাচনের পর যে রাজনৈতিক স্থিতিশীলতা প্রত্যাশা করা হয়েছিল, সেই পরিবেশ এখনো নিশ্চিত হয়নি।

    তিনি বলেন, বেকারত্ব বেড়েছে, কর্মসংস্থানে চাপ রয়েছে, এসএমই খাত দুর্বল হয়েছে। এই জায়গাগুলোতে বড় রকমের পুনরুদ্ধার এখনো দেখা যায়নি। যদিও সরকার বিনিয়োগ পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। এর ফলাফল দেখতে আরও বছর খানেক লাগবে। তবে অবস্থা একেবারে যেখানে নেমে গিয়েছিল সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে।

    আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা ২০২৪ সালের ১ আগস্ট নিজের অফিসকক্ষ থেকে শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলে প্রতিবাদ করেন। এই অধ্যাপক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাই-আগস্টে সাধারণের নতুন বন্দোবস্তের ওপর একটি প্রত্যাশা তৈরি হয়েছিল। সাধারণের প্রত্যাশা ছিল যেকোনো ক্ষেত্রে বৈষম্য দূর হবে। কিন্তু ২০২৪-এর ৫ আগস্টের পর থেকে আমরা দেখলাম জনগণের বৈষম্য দূর করার যে স্বপ্ন তৈরি হয়েছিল তা পূরণ হয়নি।’

    তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে নারীদের নিরাপত্তা বাড়েনি। আন্দোলনের সময় যেভাবে নারীসমাজ রাজপথে নেমে এসেছিল সে নারীরা এখনো শঙ্কামুক্ত নন।