Blog

  • সাইবার নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, উদ্বোধন হলো CIRS ও NRS

    সাইবার নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, উদ্বোধন হলো CIRS ও NRS

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (NCSA) কর্তৃক উদ্ভাবিত দুটি অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম- Cyber Incident Reporting System (CIRS) এবং National ICT & Cyber Security Rating System (NRS)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে জাতীয় সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২৬-২০৩০-এর প্রাথমিক খসড়া উপস্থাপন এবং অংশীজনদের মতামত গ্রহণ করা হয়।

    আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই প্লাটফর্ম উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

    প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “আজ Cyber Incident Reporting System (CIRS) এবং National ICT & Cyber Security Rating System (NCRS) উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। একই সঙ্গে জাতীয় সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২৬-২০৩০-এর প্রাথমিক খসড়া উপস্থাপন করা হয়েছে, যা আগামী দিনের সাইবার নিরাপত্তা কার্যক্রমের দিক-নির্দেশনা দেবে।

    ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে সাইবার হামলা, তথ্য চুরি, অনলাইন প্রতারণা ও বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকিও বাড়ছে। CIRS-এর মাধ্যমে নাগরিক ও প্রতিষ্ঠান সহজে সাইবার ঘটনার রিপোর্ট করতে পারবে এবং দ্রুত প্রতিকার পাবে। অন্যদিকে NCRS সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা সক্ষমতা মূল্যায়ন ও উন্নয়নে সহায়তা করবে।

    মন্ত্রী আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, অপপ্রচার ও অনলাইন হয়রানি রোধে সচেতনতা এবং দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। নিরাপদ, স্থিতিশীল ও আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সরকার, প্রতিষ্ঠান ও নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

    উদ্যোগগুলো দেশের সাইবার নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং নাগরিকদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করবে বলেও মন্ত্রী জানান।

    সাইবার নিরাপত্তা আইন পাসের পর বাংলাদেশ সাইবার নিরাপত্তা শক্তিশালী করার নতুন যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেন উপদেষ্টা প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন, আজকের উদ্যোগটি গুরুত্বপূর্ণ হলেও আত্মতুষ্টির সুযোগ নেই; ডিজিটাল অর্থনীতি ও ক্যাশলেস সমাজের দিকে এগিয়ে যেতে হলে সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

    তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তা শুধু সরকারের নয়, নাগরিক, বেসরকারি খাত ও সরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচার রোধে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

    ব্যাংকিং, আর্থিক খাত এবং সরকারি তথ্যভাণ্ডারের নিরাপত্তা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, ভবিষ্যতে সাইবার ঝুঁকি আরও বাড়বে, তাই এআই, সাইবার নিরাপত্তা ও ডেটা প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই হবে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ সুরক্ষার প্রধান ভিত্তি।

    অনুষ্ঠানে উপস্থাপিত তথ্যানুযায়ী, CIRS প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিক, প্রতিষ্ঠান ও অনুমোদিত ব্যবহারকারীরা সাইবার-সংক্রান্ত ঘটনা দ্রুত ও কাঠামোবদ্ধভাবে রিপোর্ট করতে পারবেন। প্রতিটি রিপোর্ট যাচাই, বিশ্লেষণ, এসকেলেশন, প্রতিক্রিয়া, মনিটরিং ও নিষ্পত্তির সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালিত হবে।

    অন্যদিকে, NRS দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আইটি, তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা সক্ষমতা মূল্যায়নের জন্য একটি জাতীয় রেটিং ব্যবস্থা হিসেবে কাজ করবে। National ICT and Cyber Security Maturity Rating Framework-এর ভিত্তিতে চারটি মূল স্তম্ভ এবং ১৩১টি নির্ণায়কের আলোকে প্রতিষ্ঠানগুলোকে A থেকে E গ্রেডে মূল্যায়ন করা হবে।

    বক্তারা আশা প্রকাশ করেন, CIRS ও NRS বাস্তবায়নের মাধ্যমে দেশের সাইবার স্থিতিস্থাপকতা, আন্তঃসংস্থা সমন্বয় এবং প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ আরও শক্তিশালী হবে এবং নিরাপদ, আস্থাশীল ও সহনশীল ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্ব অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল এমদাদ উল বারী (অব.), বিভিন্ন অংশীজন এবং আইসিটি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল

    হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল

    জুলাই গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ আগস্ট দিল্লিতে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বলে খবর ছড়াচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা। এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত সরকার।

    দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই আয়োজনটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থার এবং এতে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই। হাসিনা কোনো বক্তব্য দিলে সেটারও দায় নেবে না ভারত সরকার।

    মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক, ভূ-রাজনীতি, সীমান্ত ইস্যু এবং সিন্ধু ও গঙ্গার পানি চুক্তি সম্পর্কিত একাধিক প্রশ্নের উত্তর দেন মন্ত্রণালয়ের মুখপাত্র।

    বুধবার দিল্লিতে একটি বেসরকারি গণমাধ্যম অনুষ্ঠানে পলাতক সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ওই অনুষ্ঠানটি সম্পূর্ণ একটি বেসরকারি উদ্যোগ। ভারত সরকারের এর সঙ্গে কোনো সম্পৃক্ততা বা লেনদেন নেই এবং সেখানে প্রকাশিত কোনো মতামতের দায় বা সমর্থন সরকারের নেই।

    এর আগে সোমবার (৩ আগস্ট) ঢাকায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, শেখ হাসিনাকে ভারতের মাটিতে বসে এমন কোনো বক্তব্য বা রাজনৈতিক তৎপরতা চালাতে দেওয়া উচিত নয়, যা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে।

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে আমন্ত্রণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র জয়সওয়াল জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনি দায়িত্ব গ্রহণের পর তাকে ভারতে সফরের যে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল, তা বহাল রয়েছে। পাশাপাশি, আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তার অর্পিত ক্ষমতার ভিত্তিতেই তাকে আগামী ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। এটি ব্রিকসের নিয়মিত বৈশ্বিক কাঠামোরই একটি অংশ।

  • স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি: অ্যাটর্নি জেনারেল

    স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি: অ্যাটর্নি জেনারেল

    বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা এবং সংসদীয় গণতন্ত্রের অভিযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

    তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে যে সংসদীয় সরকার পদ্ধতি বিদ্যমান, তা বেগম খালেদা জিয়ারই অবদান।

    মঙ্গলবার বিকেলে নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

    শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে উপস্থিত হয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, মোহাম্মদ অনীক রুশদ হক এবং নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা সঙ্গে ছিলেন।

    অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া এমন দু’জন ব্যক্তিত্ব যাদের পরিচয় এখন আর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর জিয়াউর রহমান দেশে সুশাসন প্রতিষ্ঠা, বহুদলীয় গণতন্ত্রের প্রচলন এবং সংবাদপত্রের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করেছিলেন। অন্যদিকে, বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন।

    রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে রুহুল কুদ্দুস কাজল বলেন, গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারই হবে আমাদের মূলমন্ত্র। তিনি আরও বলেন, রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি সাধারণ নিপীড়িত মানুষ যেন আদালতের কাছে ন্যায়বিচার পায়, সেটি নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।

    এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপতথ্য বা খণ্ডিত তথ্য দিয়ে যেন দেশের অগ্রযাত্রা ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। একইসঙ্গে নবনিযুক্ত আইন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখার নির্দেশ দেন তিনি।

    এর আগে গত ৩০ জুলাই আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করে। এর মাধ্যমে পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার।

  • আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনে আমদানি ঘোষণা বিধিমালা শিথিল

    আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনে আমদানি ঘোষণা বিধিমালা শিথিল

    আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনের ক্ষেত্রে আমদানি ঘোষণার বিধিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। নতুন নির্দেশনা অনুযায়ী, আমদানিকারকরা এখন তাদের মূল কোম্পানি, অনুমোদিত বিদেশি সহযোগী প্রতিষ্ঠান এবং শাখা কার্যালয়ের সঙ্গে অধিকতর স্বচ্ছতা ও প্রতিপালন নিশ্চিতের শর্তে আমদানি বাণিজ্য পরিচালনা করতে পারবেন।

    মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি-১) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে আগের নির্দেশনা সংশোধন করেছে।

    পূর্ববর্তী বিধান অনুযায়ী, আমদানিকারকদের ঘোষণা দিতে হতো যে বিদেশি রপ্তানিকারকের সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক কিংবা আর্থিক স্বার্থ নেই।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের উল্লেখযোগ্য অংশ বৈধভাবে সংশ্লিষ্ট বা সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের মধ্যে সম্পন্ন হওয়ার বাস্তবতা বিবেচনায় এ পরিবর্তন আনা হয়েছে।

    সংশোধিত বিধান অনুযায়ী, আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনে যুক্ত আমদানিকারকদের ঘোষণা দিতে হবে যে লেনদেনটি আর্মস লেংথ ভিত্তিতে প্রতিযোগিতামূলক বাজারদরে সম্পন্ন হয়েছে এবং তা ট্রান্সফার প্রাইসিং-সংক্রান্ত সব প্রযোজ্য বিধান, সংশ্লিষ্ট আইন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

    এ ধরনের ক্ষেত্রে নির্ধারিত আইএমপি (IMP) ফরমের ১(গ) ধারায় আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে কোনো সম্পর্ক নেই-মর্মে যে ঘোষণা দিতে হতো, তা আর প্রযোজ্য হবে না। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক আইএমপি ফরমেও প্রয়োজনীয় সংশোধন এনেছে।

    কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে আমদানি লেনদেন প্রক্রিয়াকরণের আগে প্রয়োজনীয় ঘোষণা সংগ্রহের নির্দেশ দিয়েছে।

    এ ছাড়া যথাযথ নথিপত্রের মাধ্যমে আমদানিকারক ও বিদেশি রপ্তানিকারকের পারস্পরিক সম্পর্কের বৈধতা যাচাই করতেও এডি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনসংক্রান্ত সংশোধিত নির্দেশনা প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে রপ্তানি লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ জন্য গত ৩০ জুলাই জারি করা এফইপিডি-১ সার্কুলার নং-২৬-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে। তবে বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত অন্যান্য সব বিধান অপরিবর্তিত থাকবে।

    বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে সংশোধিত নির্দেশনা সম্পর্কে সংশ্লিষ্ট গ্রাহকদের অবহিত করা এবং তা অবিলম্বে ও কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।

  • হাসিনার মতো কথা বলছেন বিরোধী নেতারা

    হাসিনার মতো কথা বলছেন বিরোধী নেতারা

    বিএনপি মহাসচিব, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান বিরোধী দলের নেতারা গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ভাষা ব্যবহার করছেন।’ তিনি বলেন, ‘১৯৯১ ও ’৯৬ সালে শেখ হাসিনা যেভাবে “এক দিনের জন্যও শান্তিতে থাকতে দেব না” বা “পাঁচ বছর সরকার চালাতে দেব না” বলতেন, আজ বিরোধী দলের নেতারাও সেই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে কাজ করছে। এর অংশ হিসেবে সংসদে কমিটিও গঠন করা হয়েছে।’ ‘সংস্কার’ নাকি ‘সংশোধন’ এ শব্দগত বিতর্কসহ যেকোনো বিষয়ে বিরোধীদের রাস্তায় সংঘাতের পথ না বেছে সংসদে এসে আলোচনার আহ্বান জানান তিনি।

    বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করছে না বলে যে ‘গুজব’ ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভ্রান্ত বলে মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপিই দেশের ইতিহাসে বারবার রূপান্তর ও সংস্কার এনেছে। জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।’

    দীর্ঘ ১৭ থেকে ১৮ বছরের ফ্যাসিবাদের জঞ্জাল দূর করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘দীর্ঘ সংগ্রাম, রক্তক্ষয় ও জুলাই অভ্যুত্থানের পর জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত এই সরকার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কারে নিরলস কাজ করছে।’ মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার সংবাদমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ করছে না।’ তিনি বলেন, ‘সাংবাদিকদের কর্মসংস্থান, আবাসন ও সুবিধা নিশ্চিত করা, আন্দোলনে শহীদ সাংবাদিকসহ নাগরিকদের পরিবারের দেখভালে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

  • প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সই জাল করে প্রতারণা, গ্রেপ্তার ৫

    প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সই জাল করে প্রতারণা, গ্রেপ্তার ৫

    প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সিল, সই ও অফিশিয়াল লেটারহেড জাল করে প্রভাব খাটানোর মাধ্যমে প্রতারণা চালিয়ে আসা একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    গ্রেপ্তাররা হলেন- ফারুক হোসেন, সাকিব খান, মাসুম মুনসী, মীর তৌহিদুল ইসলাম ও বকুল মণ্ডল। মাদারীপুরের কালকিনি থেকে চারজন ও কুষ্টিয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। চক্রটির কাছ থেকে ৪১টি জাল সরকারি সিল, বিপুল পরিমাণ লেটারহেড, কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

    মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

    তিনি বলেন, সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো একটি সুপারিশপত্রে একজন চাকরিচ্যুত কর্মচারীকে পুনর্বহালের অনুরোধ করা হয়। ওই চিঠিতে প্রধানমন্ত্রী, একাধিক মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সিল ও সই জাল করা হয়েছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় মন্ত্রণালয় থেকে ডিবির কাছে তদন্তের অনুরোধ জানানো হয়।

    তদন্তে ডিবি জানতে পারে, চক্রটি শুধু জাল চিঠিই তৈরি করেনি, বরং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর দ্রুত ব্যবস্থা নেওয়ার চাপও সৃষ্টি করেছিল। তদন্তে মূলহোতা হিসেবে ফারুক হোসেনের সম্পৃক্ততা পাওয়া যায়। তিনি ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রকল্পে কর্মরত ছিলেন। দুর্নীতির অভিযোগে চাকরি হারানোর পর পুনর্বহালের উদ্দেশ্যে তিনি জালিয়াতির এই চক্র গড়ে তোলেন।

  • লাইনে দাঁড়িয়ে লাইসেন্স নিলেন জাইমা রহমান

    লাইনে দাঁড়িয়ে লাইসেন্স নিলেন জাইমা রহমান

    অন্য সবার মতো লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। প্রধানমন্ত্রীর মেয়ে হয়েও বিশেষ কোনো সুবিধা না নেওয়ায় প্রশংসায় ভাসছেন তিনি। জানা যায়, রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষায় অংশ নেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন সকালে তিনি অন্য সবার মতো লাইনে দাঁড়িয়ে সব প্রক্রিয়া অনুসরণ করেন। তিনি কেন্দ্রে আসার আগে কেউ জানতেন না জাইমা রহমান আসছেন।

  • গণপূর্ত অধিদপ্তরে  প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ  প্রকৌশলীর বিরুদ্ধে, গণপূর্তের সঙ্গে সাংবাদিকদের কাজ কী? প্রশ্ন তুললেন প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরী

    গণপূর্ত অধিদপ্তরে প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে, গণপূর্তের সঙ্গে সাংবাদিকদের কাজ কী? প্রশ্ন তুললেন প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরী

    গণপূর্তের   নির্বাহী প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে হেনস্তা, অপমানজনক মন্তব্য এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে গণপূর্ত অধিদপ্তরের এক নির্বাহী প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি একটি অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে ওই সাংবাদিক গণপূর্তের সংশ্লিষ্ট কার্যালয়ে যান। সেখানে প্রবেশের আগে তাকে ক্যামেরা, মাইক্রোফোন ও ক্যামেরাপারসনকে কক্ষের বাইরে রেখে একাই প্রকৌশলীর কক্ষে প্রবেশ করতে বলা হয়।সাংবাদিকের দাবি, এ ঘটনার ভিডিও তার কাছে সংরক্ষিত রয়েছে। সাংবাদিকের অভিযোগ, কক্ষে প্রবেশের পর কোনো সৌজন্যমূলক আচরণ না করে  প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরী প্রথমেই প্রশ্ন করেন, “গণপূর্তের সঙ্গে সাংবাদিকদের কী কাজ?”এরপর সাংবাদিক গণপূর্ত অধিদপ্তরে বিভিন্ন অভিযোগ, অতীতে প্রকাশিত সংবাদ এবং সরকারি প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুললে প্রকৌশলী উত্তেজিত হয়ে পড়েন । একপর্যায়ে তিনি সাংবাদিককে উদ্দেশ করে বলেন, “আপনি তো বরিশাল থেকে চুরি করে এসেছেন, আমার কাছে এমন অভিযোগ আছে।” জবাবে সাংবাদিক জানান, তার বাড়ি বরিশালে নয় এবং এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি থাকলে তা উপস্থাপনের অনুরোধ করেন। সাংবাদিকের আরও অভিযোগ করেন , ড. আবু নাসের চৌধুরী বারবার  চ্যালেঞ্জ করে  দাবি করেন যে তার বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশিত হয়নি। পরে সাংবাদিক ইন্টারনেটে তার নাম সংশ্লিষ্ট একাধিক প্রকাশিত প্রতিবেদন দেখালে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।অভিযোগে আরও বলা হয়েছে, ভিজিটিং কার্ড দেখানোর পরও সাংবাদিকের পরিচয়পত্র ও অফিস লেটার দেখতে চাওয়া হয়। পরে সাংবাদিক কোথায় পড়াশোনা করেছেন জানতে চাইলে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন বলে জানান। তখন প্রকৌশলী নিজেকে বুয়েটের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। জবাবে সাংবাদিক বলেন, বুয়েট  থেকে পড়াশোনা করলেই কেউ প্রশ্নের ঊর্ধ্বে চলে যান না। সাংবাদিকের দাবি, সাক্ষাৎকার শেষে ভবনের ভিডিও ধারণ করতে গেলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন এবং জানান, ড. আবু নাসের চৌধুরীর নির্দেশেই ভিডিও ধারণ করতে দেওয়া হবে না।গণপূর্ত অধিদপ্তরের ঢাকা গণপূর্ত সার্কেল-২-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে টেন্ডার আহ্বান করে কোটি কোটি টাকা আত্মসাৎ, স্বাস্থ্য খাতের প্রকল্প থেকে ১০ শতাংশ কমিশন বাণিজ্য এবং মোটা অঙ্কের অর্থে পছন্দসই পোস্টিং বাগিয়ে নেওয়ার গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।সুনির্দিষ্ট অভিযোগসমূহ টেন্ডার কেলেঙ্কারি: বগুড়া গণপূর্ত সার্কেলে দায়িত্ব পালনকালে (২০২৪-২৫ অর্থবছর) নিয়মবহির্ভূতভাবে এলটিএম (LTM) পদ্ধতির বদলে ওটিএম (OTM) পদ্ধতিতে দরপত্র আহ্বানের অনুমতি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। কমিশন বাণিজ্য: স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ ও বার্ষিক ক্রয় পরিকল্পনাভুক্ত (APP) কাজের বিপরীতে ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার নামে ১০ শতাংশ হারে কমিশন বা উৎকোচ নেওয়ার অভিযোগ রয়েছে।সিন্ডিকেট ও পদায়ন: অর্থ লেনদেন ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বর্তমান কর্মস্থল ঢাকা গণপূর্ত সার্কেল-২-এ পোস্টিং নিশ্চিত করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। ড.আবু নাসের চৌধুরীর অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং তার পারিবারিক ও রাজনৈতিক প্রভাবের যোগসূত্র সামনে এসেছে: রাজনৈতিক প্রভাব ও পারিবারিক পরিচয় পারিবারিক যোগসূত্র: বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ড. আবু নাসের চৌধুরী আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ভায়রা।এই প্রভাবশালী পারিবারিক ও রাজনৈতিক পরিচয় খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে গণপূর্ত অধিদপ্তরে একচ্ছত্র প্রভাব বিস্তার করেছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রভাবশালী সিন্ডিকেট: বিগত সরকারের সময় গণপূর্ত অধিদপ্তরে যে কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছিল, তার মধ্যে অন্যতম শীর্ষ কর্মকর্তা হিসেবে তার নাম যুক্ত ছিল। অবৈধ সম্পদের অভিযোগ অভিজাত এলাকায় সম্পদ: ঢাকা ও দেশের বিভিন্ন অভিজাত এলাকায় তার ও তার পরিবারের নামে একাধিক প্লট, ফ্ল্যাট এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ রয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে।বর্তমান দাপ্তরিক অবস্থা ও দুদকের নজর দুদকের অনুসন্ধান: দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গণপূর্ত অধিদপ্তরের যেসকল ‘বিতর্কিত’ ও দুর্নীতিবাজ প্রকৌশলীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে, সেই তালিকায় ড. আবু নাসের চৌধুরীর নামও অন্তর্ভুক্ত রয়েছে।পদায়নের বিতর্ক: ক্ষমতার পটপরিবর্তনের পরও তিনি অর্থ ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ঢাকা গণপূর্ত সার্কেল-২-এর মতো গুরুত্বপূর্ণ স্থানে নিজের পদায়ন বা পোস্টিং বহাল রাখতে সক্ষম হন, যা নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক সমালোচনা চলছে।এ ঘটনায় সাংবাদিক নেতারা বলেন, কোনো সাংবাদিকের শিক্ষাগত পরিচয় নিয়ে কটূক্তি করা, পেশাগত পরিচয়কে খাটো করা কিংবা সংবাদ সংগ্রহে বাধা দেওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।তাদের ভাষ্য, একজন ব্যক্তি ন্যাশনাল ইউনিভার্সিটি বা অন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেই তিনি সাংবাদিক হতে পারবেন না—এমন ধারণার কোনো ভিত্তি নেই। অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সচিবের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানিয়েছেন।সুশাসন ও জবাবদিহি নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের মতে, সরকারি কর্মকর্তাদের গণমাধ্যমের প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে পেশাদার ও দায়িত্বশীল আচরণ করা উচিত। কোনো অভিযোগ থাকলে তার জবাব তথ্য-প্রমাণের ভিত্তিতে দেওয়া উচিত, ব্যক্তিগত মন্তব্য বা অপমানজনক ভাষা ব্যবহার করা উচিত নয়। একই সঙ্গে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়াও জরুরি। এ বিষয়ে ড. আবু নাসের চৌধুরীর বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এছাড়াগণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গেও একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে সাংবাদিক সংগঠনের নেতারা ঘটনাটির নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

  • গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

    গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

    গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধা (প্রায় ৭০) নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় রাস্তার পাশ থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপীনাথপুর এলাকায় ঢাকা–খুলনা মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়।
    এতে তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান।পরে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠায়।ওসি আরও
    জানান, এখন পর্যন্ত নিহত বৃদ্ধার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পিবিআই কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন!

  • মহিপুরে আলোচিত আবুল কোম্পানির হুকুমে ব্যবসায়ী ইদ্রিস কে কুপিয়ে জখম করায় প্রধান আসামি গ্রেফতার।।  ‎

    মহিপুরে আলোচিত আবুল কোম্পানির হুকুমে ব্যবসায়ী ইদ্রিস কে কুপিয়ে জখম করায় প্রধান আসামি গ্রেফতার।। ‎

    ‎পটুয়াখালীর মহিপুরে পূর্ববিরোধের জেরে মোঃ ইদ্রিস আকন (৩৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনায় প্রধান আসামি মোঃ আল রুমান ওরফে সাব্বিরকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
    ‎​মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে আলীপুর মাছ বাজার এলাকা থেকে মহিপুর থানা পুলিশের একটি টীম মো:আল রুমান ওরফে সাব্বির কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাব্বির আলীপুর মৎস্য বন্দরের আলোচিত ব্যবসায়ী মো. আবুল হোসেন কাজী ওরফে আবুল কোম্পানির ছেলে।
    ‎
    ‎​পুলিশ ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুলাল জোমাদ্দারের বাড়ির সামনের মুদি দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। আলীপুর মৎস্য বন্দরের ব্যবসায়ী আবুল হোসেন কাজী ওরফে আবুল কোম্পানির প্রত্যক্ষ হুকুম ও অংশগ্রহণে তার ছেলে আল রুমান ওরফে সাব্বিরসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আকনের ওপর আক্রমণ করে।
    ‎
    ‎​এ সময় হামলাকারীরা চায়নিজ কুড়াল, হাতুড়ি, ধারালো দা ও লোহার রড সহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। হামলায় ইদ্রিসের বাম হাতের কনুই ও কব্জির মাঝামাঝি স্থান, গোড়ালি ও পাজড়ে গুরুতর হাড়ভাঙা জখম হয়। এ ছাড়া তার মাথায় গুরুতর কাটা রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের সৃষ্টি হয়। নৃশংস এই মারধরের ঘটনাটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
    ‎
    ‎​ঘটনার পর আহত ইদ্রিস আকনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ২৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি অভিযুক্ত আল রুমান ওরফে সাব্বিরসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে থানায় লিখিত এজাহার দায়ের করেন।
    ‎
    ‎​মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হাওলাদার জানান, মামলা রুজু হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশি তৎপরতা শুরু হয়। এরই ধারাবাহিকতায় আজ 8 আগষ্ট মঙ্গলবার দুপুর ০১:০৫ ঘটিকায় আলীপুর মাছ বাজার থেকে মামলার প্রধান আসামি মোঃ আল রুমান ওরফে সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।