Blog

  • রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের  অপরাধে, বিএনপি নেতাকে বহিষ্কার

    রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে, বিএনপি নেতাকে বহিষ্কার

    লক্ষ্মীপুরের রামগঞ্জে গাঁজা ও ইয়াবা সেবন এবং অসামাজিক কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২ নং নোয়াগাঁও ইউনিয়নের ২ নং নোয়াগাঁও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিরন হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
    রামগঞ্জ উপজেলা বিএনপি ও নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রেরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের স্বাক্ষরিত ও নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিরন হোসেনের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।উল্লেখ্য যে, গতকাল সোমবার উক্ত মিরন হোসেনের গাঁজা ও ইয়াবা খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

    বিজ্ঞপ্তির অনুলিপি অবগতির জন্য লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং সাংগঠনিক সম্পাদকদের (সকল) কাছে প্রেরণ করা হয়েছে।

  • ২২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগে তরিকুল ইসলামের ভূমিকা নিয়ে তদন্তের দাবি

    ২২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগে তরিকুল ইসলামের ভূমিকা নিয়ে তদন্তের দাবি

    মেডিকেল একলেজ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তরিকুল ইসলামের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, ঠিকাদারদের কাছ থেকে বিভিন্ন স্তরে অর্থ আদায়, নিম্নমানের কাজের বিল পরিশোধ এবং সরকারি বরাদ্দের অর্থ অপব্যবহারের একাধিক অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ঠিকাদার ও সংশ্লিষ্টদের দাবি, তিনি প্রকাশ্যে ঘুষ গ্রহণ না করলেও অধীনস্থ কর্মকর্তাদের মাধ্যমে একটি নির্দিষ্ট ব্যবস্থায় কমিশন আদায় করা হয়। অভিযোগ অনুযায়ী, কাজের কার্যাদেশ থেকে শুরু করে বিলের চেক গ্রহণ পর্যন্ত প্রতিটি ধাপেই ঠিকাদারদের নির্ধারিত হারে অর্থ দিতে বাধ্য করা হয়।
    দুই মাস ধরে পরিচালিত সরেজমিন অনুসন্ধানে সংশ্লিষ্ট বিভাগে এমন অভিযোগের পক্ষে বিভিন্ন তথ্য ও বক্তব্য পাওয়া গেছে। ঠিকাদার পরিচয়ে যোগাযোগ করা হলে বিভাগের দুই উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) কাজের বিনিময়ে নির্ধারিত হারে অর্থ দেওয়ার কথা বলেন। তাদের দাবি, হিসাব অনুযায়ী অর্থ পরিশোধ করলে বিল নির্ধারিত সময়েই পাওয়া যাবে। অভিযোগ রয়েছে, এভাবে চুক্তিমূল্যের ৫৭ থেকে ৬০ শতাংশ, কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি অর্থ আদায় করা হয়। ওই অর্থের একটি অংশ নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তরিকুল ইসলামের কাছেও পৌঁছে যায় বলে সংশ্লিষ্ট দুই এসডিই প্রতিনিধির কাছে দাবি করেন।
    ভুক্তভোগী ঠিকাদারদের অভিযোগ, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম প্রায়ই বলে থাকেন, টেন্ডার বা বিলের চেকের জন্য তাঁকে কোনো অর্থ দিতে হবে না। তবে বাস্তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, কার্যাদেশ গ্রহণ, কাজ শুরু, বিল প্রস্তুত, পরিমাপ, অনুমোদন এবং চেক গ্রহণ—প্রতিটি ধাপেই নির্ধারিত হারে কমিশন দিতে হয়। কমিশনের অর্থ পরিশোধ না করলে বিভিন্ন অজুহাতে ফাইল আটকে রাখা হয় এবং ঠিকাদারদের এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরতে হয়।
    অভিযোগ অনুযায়ী, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা এবং বার্ষিক ক্রয় পরিকল্পনা (এপিপি) খাতের বিভিন্ন প্রকল্পে কাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলীরা অনেক সময় ঠিকাদারদের জানান, নির্ধারিত কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এরপর ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে চুক্তিমূল্যের বড় একটি অংশ কমিশন হিসেবে দাবি করা হয়। অভিযোগকারীদের ভাষ্য, এই অর্থ উপসহকারী প্রকৌশলী, এসডিই এবং নির্বাহী প্রকৌশলীর মধ্যে ভাগাভাগির পরই সংশ্লিষ্ট বিলে স্বাক্ষর করা হয়।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে মেডিকেল কলেজ গণপূর্ত বিভাগে আবাসিক খাতে ১২৩টি প্রকল্পে ৬ কোটি ২০ লাখ টাকা, অনাবাসিক খাতে ১০৫টি প্রকল্পে ৬ কোটি ৫০ লাখ টাকা, স্বাস্থ্যসেবা বিভাগের ২১টি প্রকল্পে ৫ কোটি ২ লাখ ৯৭ হাজার টাকা এবং স্বাস্থ্য শিক্ষা খাতে ১৪টি প্রকল্পে ২ কোটি ১৩ লাখ টাকাসহ প্রায় ২২ কোটি টাকার বরাদ্দ ছিল। অভিযোগ রয়েছে, এসব প্রকল্পের অনেক ক্ষেত্রে কাজ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে বিল পরিশোধ করা হয়েছে। একই ধরনের অনিয়ম চলমান ২০২৫-২৬ অর্থবছরের প্রকল্পগুলোতেও অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
    ঠিকাদারদের অভিযোগ, নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনের সময় অফিসে পাওয়া যায় না। ফলে সাধারণ ঠিকাদাররা প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা থেকে বঞ্চিত হন। তবে সিন্ডিকেটভুক্ত ঠিকাদারদের সঙ্গে তিনি ঢাকা মেডিকেল কলেজ জোন ভবন ও সার্কেল অফিসে নিয়মিত বৈঠক করে তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেন বলে অভিযোগ রয়েছে। আরও অভিযোগ, সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ১০টার মধ্যে অফিসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও তিনি তা নিয়মিত অনুসরণ করেন না। অনুসন্ধানকালে টানা তিন দিন সকাল সাড়ে ৯টায় অফিসে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করলে তিনি সাইটে থাকার কথা জানান।
    অনুসন্ধানে আরও জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে এক রোগী আহত হন। সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রশ্ন, প্রতিবছর বিপুল অর্থ ব্যয়ে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হওয়ার পরও কীভাবে হাসপাতালের ছাদ ও দেয়ালের অংশ ভেঙে পড়ে। তাদের দাবি, বছরের বিভিন্ন সময়ে ভবনের বিভিন্ন অংশ থেকে পলেস্তারা খসে পড়ে রোগী, চিকিৎসক ও শিক্ষার্থীরা ঝুঁকির মুখে পড়ছেন।
    অভিযোগ অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন মেরামত ও সংস্কার প্রকল্পে ৫ কোটি ২ লাখ ৯৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দের আওতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, হাসপাতাল-২, ইন্টার্নি ছাত্র হোস্টেল, স্টাফ কোয়ার্টার, জরুরি বিভাগ, সিসিইউ, অপারেশন থিয়েটার, ওপিডি ভবন, পানি সরবরাহ ব্যবস্থা, টয়লেট, স্যুয়ারেজ লাইনসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের নামে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হয়। পাশাপাশি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ভবনের সংস্কার ও আধুনিকায়নেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়।
    ভুক্তভোগীদের অভিযোগ, এসব প্রকল্পের অনেকগুলোতেই ব্যাপক অনিয়ম, নিম্নমানের কাজ এবং জালিয়াতির মাধ্যমে বরাদ্দের বড় অংশ আত্মসাৎ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাঠ কর্মকর্তা অভিযোগ করেন, ম্যানুয়াল কোটেশনের মাধ্যমেও প্রায় দেড় কোটি টাকার সরকারি অর্থ অপচয় বা আত্মসাতের ঘটনা ঘটেছে। একইভাবে সরকারি কর্মচারী হাসপাতালের ফিনিশিং কাজেও অনিয়মের অভিযোগ করেছেন চিকিৎসক ও নার্সরা। তাদের দাবি, জুন মাসে অগ্রিম বিল পরিশোধের পরও অতিরিক্ত ৩ থেকে ৪ শতাংশ হারে কমিশন আদায় করা হয়েছে।

  • পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ

    পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ

    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, কমিশন বাণিজ্য এবং নির্দিষ্ট ঠিকাদারকে সুবিধা দেওয়ার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।

    অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের আশ্রয়ে থেকে তিনি টেন্ডার ব্যবস্থাপনায় প্রভাব বিস্তার করেছেন। যদিও এসব অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, টেন্ডার কার্যক্রম সম্পূর্ণ বিধি মেনেই পরিচালিত হয়েছে।

    অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি একটি টেন্ডারকে কেন্দ্র করে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের হয়েছে। রিটে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পাউবোর মহাপরিচালক, নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফ এবং একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে। রিটকারী প্রতিষ্ঠানের অভিযোগ, সর্বনিম্ন দরদাতা হওয়া সত্ত্বেও তাদের কাজ না দিয়ে অন্য প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে, যা সরকারি ক্রয় আইন ও নীতিমালার পরিপন্থী।

    রিট আবেদনে দাবি করা হয়েছে, বাঁশবারিয়া (সীতাকুণ্ড) ফেরিঘাট ও সংযুক্ত সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডার মূল্যায়নে অনিয়ম হয়েছে এবং নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানকে সুবিধা দিতে মূল্যায়ন প্রক্রিয়ায় বৈষম্য করা হয়েছে। এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত এখনো হয়নি।

    কমিশন বাণিজ্যের অভিযোগ
    একাধিক ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে অভিযোগ পাওয়া গেছে, কিছু প্রকল্পে কাজ পেতে কমিশন দেওয়ার চাপ সৃষ্টি করা হয়। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, কমিশন দিতে অস্বীকৃতি জানালে অনেক ক্ষেত্রে টেন্ডারে অংশ নিয়েও কার্যাদেশ পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে এই অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য নথি এই প্রতিবেদকের হাতে আসেনি।

    বড় প্রকল্প ঘিরে প্রশ্ন
    বর্তমানে চট্টগ্রাম অঞ্চলে পাউবোর অধীনে কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে বিভিন্ন এলাকায় বাস্তবায়িত কিছু বাঁধ ও নদী-সংরক্ষণ প্রকল্প নিয়েও কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছিল বলে স্থানীয় সূত্রের দাবি। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন বা আদালতের সিদ্ধান্ত পাওয়া যায়নি।

    অতীতের অভিযোগও আলোচনায়
    পাউবোর বিভিন্ন দায়িত্বে থাকার সময় তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডার ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন নিয়ে নানা অভিযোগ উঠেছে বলে একাধিক সূত্র দাবি করেছে। তবে এসব অভিযোগের বেশিরভাগই এখনো তদন্ত বা বিচারিকভাবে নিষ্পত্তি হয়নি।

    সুশাসন ও সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর টেন্ডার প্রক্রিয়া, কার্যাদেশ প্রদান এবং বাস্তবায়ন নিরপেক্ষভাবে পর্যালোচনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহলের অনেকে। তাদের মতে, অভিযোগগুলো সত্য হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত; আর অভিযোগ ভিত্তিহীন হলে সেটিও তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন।
    অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফ কোন মন্তব্য করেননি।

  • রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স

    রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স

    দেশের অন্যতম স্বায়ত্তশাসিত তেল ও গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড(বাপেক্স)। প্রতি বছর কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করত প্রতিষ্ঠানটি। কিন্তু রিগ সরবরাহ ঘিরে হঠাৎ করেই শুরু হয় নানা প্রশ্ন। প্রকল্পটির দরপত্র আহ্বানের পর কাগজে-কলমে সবকিছুই ছিল নিয়মমাফিক।

    বিজ্ঞপ্তি প্রকাশ, দরপত্র সংগ্রহ, কারিগরি মূল্যায়ন সব ধাপই সম্পন্ন হয়েছিল নিয়ম অনুযায়ী। কিন্তু আড়ালে জমতে থাকে কিছু অস্বাভাবিক তথ্য। দরপত্রের নথি সংগ্রহ করেছিল ৩৭টি প্রতিষ্ঠান। অথচ শেষ পর্যন্ত অংশ নেয় মাত্র দুইটি। এর মধ্যে প্রকল্প পরিচালক ও চেয়ারম্যানের পছন্দের একটি প্রতিষ্ঠান অস্বাভাবিক কম সময়ে কাজ শেষ করার প্রতিশ্রুতি দেয়। তাদের দাবি ছিল, মাত্র ১৩ মাসে তারা পুরো প্রকল্প বাস্তবায়ন করবে। প্রশ্ন ওঠে, একই ধরনের প্রকল্প যেখানে আন্তর্জাতিক বাজারে সাধারণত ১৮ থেকে ২৪ মাস সময় নেয়, সেখানে একটি প্রতিষ্ঠান কীভাবে অর্ধেক সময়ে কাজ শেষ করার নিশ্চয়তা দিচ্ছে?

    অনুসন্ধানে উঠে আসে, প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ সরবরাহ করবে বিদেশি একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। কিন্তু সংশ্লিষ্ট প্রস্তুতকারকের নথিতে যে সময়সীমার কথা উল্লেখ ছিল, তার সঙ্গে দরদাতার দেওয়া সময়ের বড় ধরনের পার্থক্য দেখা যায়।

    সূত্র বলছে, বাপেক্সের প্রায় হাজার কোটি টাকার ২০০০ অশ্বশক্তির এসি-এসি ভিএফডি স্থলভিত্তিক খনন রিগ ক্রয়কে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। মাত্র ১৩ মাসে পূর্ণাঙ্গ রিগ সরবরাহের প্রতিশ্রুতি, টেন্ডার মূল্যায়নের স্বচ্ছতা এবং মূল প্রস্তুতকারকের প্রকৃত সরবরাহ সক্ষমতা যাচাইয়ের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।

    এদিকে একটি প্রতিষ্ঠানের পাঠানো আইনি নোটিশে অভিযোগ করা হয়েছে, মূল প্রস্তুতকারকের সক্ষমতা স্বাধীনভাবে যাচাই না করেই দরপত্র মূল্যায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। এ অভিযোগের বিষয়ে বাপেক্স মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মো. মঞ্জুরুল হক দাবি করেছে, রিগ ক্রয় প্রকল্প একটি প্রকৌশল, সংগ্রহ ও নির্মাণভিত্তিক প্রকল্প নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ দায়িত্বভিত্তিক প্রকল্প।

    সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় দেখা যায়, এ রিগ কোনো একক কারখানায় তৈরি সাধারণ যন্ত্র নয়। রিগটির অন্যতম প্রধান উপাদান যুক্তরাষ্ট্রের ক্যাটারপিলারের জেনারেটর প্যাকেজ। শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, প্রথমে যুক্তরাষ্ট্র থেকে যন্ত্রাংশ সংগ্রহ, এরপর চীনে প্রকৌশল সমন্বয়, সংযোজন, একীভূতকরণ, পরীক্ষণ, চালুকরণ ও পরিদর্শনের কাজ সম্পন্ন করে পরে সমুদ্রপথে বাংলাদেশে পরিবহন এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে উল্লেখযোগ্য সময়ের প্রয়োজন হয়।

    এ অবস্থায় প্রশ্ন উঠেছে, এতগুলো ধাপ অতিক্রম করে মাত্র ১৩ মাসে পূর্ণাঙ্গ রিগ সরবরাহের ঘোষণা কতটা বাস্তবসম্মত। সংশ্লিষ্টদের মতে, এ প্রশ্নের উত্তর অনুমান বা দরদাতার ঘোষণার ওপর নির্ভর না করে মূল প্রস্তুতকারকের আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে যাচাই করা উচিত। গতকাল রোববার জ্বালানি বিভাগ, বাপেক্স এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো একটি আইনি নোটিশে দাবি করা হয়েছে, ১৩ মাসের সরবরাহ সময় ঘোষণা করা দরদাতাদের তথ্য যুক্তরাষ্ট্রের ক্যাটারপিলারের মাধ্যমে স্বাধীনভাবে যাচাই করতে হবে। নোটিশে আরও বলা হয়েছে, যদি ঘোষিত সময়সূচি মূল প্রস্তুতকারকের প্রকৃত উৎপাদন ও সরবরাহ সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে সরকারি ক্রয় আইন, ২০০৬ এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০০৮ অনুযায়ী বিষয়টি বিবেচনা করা উচিত।

    নোটিশে দাবি করা হয়েছে, ক্যাটারপিলারের সঙ্গে যোগাযোগ করে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পর নোটিশদাতা প্রতিষ্ঠানের কাছে প্রতীয়মান হয়েছে যে, নির্ধারিত সময়ে সরবরাহ বাস্তবসম্মত নয়। এ কারণেই তারা শেষ পর্যন্ত দরপত্রে অংশগ্রহণ থেকে বিরত থাকে।

    টেন্ডার-সংক্রান্ত পরিসংখ্যানও নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বাপেক্স সূত্রে জানা গেছে, এ দরপত্রের নথি সংগ্রহ করেছিল ৩৭টি প্রতিষ্ঠান। কিন্তু শেষ পর্যন্ত দরপত্র জমা দেয় মাত্র ৫টি প্রতিষ্ঠান। বর্তমানে কারিগরি মূল্যায়ন শেষে প্রতিযোগিতায় রয়েছে মাত্র দুটি প্রতিষ্ঠান। আইনি নোটিশে দাবি করা হয়েছে, মূল প্রস্তুতকারকের প্রকৃত সরবরাহ সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা এবং ঘোষিত সময়সীমার বাস্তবতা নিয়ে সংশয়ের কারণেই উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠান শেষ পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেয়নি।

    সংশ্লিষ্টদের মতে, সরকারি ক্রয়ে সমান প্রতিযোগিতার নীতি তখনই কার্যকর থাকে, যখন সব দরদাতা একই বাস্তবতার ভিত্তিতে মূল্যায়িত হন। কোনো দরদাতা যদি অস্বাভাবিকভাবে কম সময়সীমা ঘোষণা করে মূল্যায়নে অতিরিক্ত সুবিধা অর্জন করে, কিন্তু পরে নির্ধারিত সময়ে সরবরাহ করতে না পেরে সময় বাড়ানোর আবেদন করে, তাহলে শুরু থেকেই বাস্তবসম্মত সময় উল্লেখ করা অন্য দরদাতাদের প্রতি ন্যায্যতা প্রশ্নের মুখে পড়ে।

    সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কি মূল প্রস্তুতকারকের কাছ থেকে স্বাধীনভাবে তথ্য যাচাই করা হবে, নাকি দরদাতাদের ঘোষিত তথ্যকেই চূড়ান্ত ভিত্তি হিসেবে গ্রহণ করা হবে? কারণ এই সিদ্ধান্ত শুধু একটি রিগ ক্রয়ের ফল নির্ধারণ করবে না; ভবিষ্যতে সরকারি ক্রয়ে স্বচ্ছতা, সমান প্রতিযোগিতা ও জবাবদিহির মানদন্ড নির্ধারণেও গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে।

    একজন অবসরপ্রাপ্ত প্রকৌশল বিশেষজ্ঞ বলেন, “সরকারি প্রকল্পে কম সময়ের প্রতিশ্রুতি সবসময় দক্ষতার প্রমাণ নয়। কখনো কখনো এটি মূল্যায়নে সুবিধা পাওয়ার কৌশলও হতে পারে। তাই প্রতিশ্রুতির পেছনে বাস্তব সক্ষমতার প্রমাণ থাকা জরুরি।
    এ বিষয়ে জ্বালানি সচিব ও বাপেক্সের চেয়ারম্যান সাইফুল ইসলাম এর মুঠো ফোনে কল দিলে তিনি রিসিভ করেনি। এমনকি খুদেবার্তা পাঠিয়ে উত্তর মেলেনি।

  • বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব

    বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব

    বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য!!। টাকা না দিলে ফাইল গায়েব। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পলাশের ঘুষ এখন ওপেন সিক্রেট। ঘুষ না দিলে কোনো ফাইল লড়ে না। নির্দিষ্ট অংকের ঘুষ না পেলে ফাইল গায়েব হয়ে যায়।
    তথ্যানুসন্ধানে জানা যায়, যশোর কোতোয়ালি থানার অন্তর্গত বিশাল জনগোষ্ঠীর বিস্তৃত এলাকা হচ্ছে বসুন্দিয়া ইউনিয়ন। নাম পত্তন / জমা খারিজ করার জন্য গরিব অসহায় জমির নানান জটিলতা নিরসনের জন্য চলে আসেন ভূমি অফিসে। একদল দালাল চক্র ঘুষের দরকষাকষি করতে থাকেন ।একপর্যায়ে তাদের নির্দিষ্ট পরিমাণ ঘুষের রফাদফা হলে চলে যায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পলাশের কাছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পলাশ তার কাংখিত টাকা পাওয়ার পর কাজে হাত দেন।
    তথ্য সূত্রে আরো জানা যায়, বসুন্দিয়া মডেল দাখিল মাদ্রাসার ৭৫ শতাংশ জমি নাম পত্তন করার জন্য ৪০ হাজার টাকা ঘুষ গ্ৰহণ করেন। বসুন্দিয়া মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক শহিদুল উক্ত টাকা পলাশের হাতে তুলে দেন। যা পাওয়ার পর অল্প সময়ের মধ্যে নাম পত্তন করার আশ্বাস দেন। যদিও মাদ্রাসার সভাপতি ঐ জমি থেকে ৫৪ শতাংশ জমি বিক্রি করে দেন। উক্ত মাদ্রাসার সভাপতি লুৎফর রহমান উক্ত ভূমি থেকে ২৭ শতাংশ জমি তার স্ত্রীর জামেলা বেগমের নামে দলীল করে দিয়েছেন। তার স্ত্রী তার ছেলে সাকিবুরের নামে দান পত্র করে দেন ২০১৫ সালে। সাকিবুর তার নামে নাম পত্তন করে নেন। সে দীর্ঘ দিন যাবত প্রবাসে বসবাস করে। বাকি ২১ শতাংশ জমি ইসমাইল বিশ্বাস ওরফে বাটুল বিশ্বাসের কাছে চড়া দামে বিক্রি করে দেন। এখন মাদ্রাসার নামে মাত্র ২৪ শতাংশ জমি আছে।পলাশের একটি দালাল চক্র রয়েছে তাদের মাধ্যমে পলাশ ঘুষ গ্ৰহণ করে থাকেন। ভূমি অফিসের বড় দালান হচ্ছে লিয়াকত খান ওরফে রিয়ার ছেলে রতন। আতিয়ার হচ্ছে তার আরেক হাতিয়ার সরকারি জমি লিজ নেওয়ার জন্য পলাশের কাছে প্রতিবেদন নেওয়ার জন্য টাকার বস্তা নিয়ে বসে থাকেন । স্থানীয় আরো কিছু দালাল আছে যারা প্রতিনিয়ত পলাশের কাজে সহায়তা করে থাকেন।ভূমি অফিস থেকে ভূয়া খাজনা দাখিলা ও নামজারি করে ব্যাংকের লোন করার জন্য উঠতি বয়সী দালাল প্রতিদিন বিকাল পাঁচটার দিকে পলাশের পিছনে লাইন ধরেন। পলাশ টাকার বিনিময়ে সকল কাজ করে দেন।
    ভূমি অফিসের পিছনে অফিসের পিয়ন সুফিয়ার মাধ্যমে লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্য করার অভিযোগ উঠেছে পলাশের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে সুফিয়ার সাথে পলাশের দীর্ঘ দিন যাবত পরকিয়া চলে আসছে। কয়েক মাস পূর্বে সরকারি ছুটির দিন সুফিয়ার সাথে পলাশকে আপত্তিকর অবস্থায় এলাকার জনগণ আটক করে। মোটা অংকের টাকার বিনিময়ে নাকেখত দিয়ে পলাশ সে যাত্রায় ছাড়া পায়। সুফিয়ার মাধ্যমে পলাশ লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্য করেছেন। স্থানীয় জনগণ বলেন,এক সময় জীর্ণশীর্ণ পোশাক পরিধান করে অফিস করতেন থাকতেন ভাড়া বাসায়। এখন দামী দামী শার্ট প্যান্ট পড়ে আসেন অফিস করতে। গ্ৰামে নির্মাণাধীন হচ্ছে বহুতল ভবন।
    বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছত্র ছায়ায় থেকে দুর্নীতিকে বৈধ কাজে পরিণত করে তুলেছেন। স্থানীয় আওয়ামী লীগের সাবেক এম পি রনজিতের ছায়ায় ক্ষমতার অপব্যবহার করে মানুষকে জিম্মি করে নানা অনিয়ম ও দুর্নীতি চালিয়েছিলেন।
    এব্যাপারে অভিযুক্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পলাশকে তার ঘুষ বাণিজ্য ও নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে বলেন, আমি কোনো ঘুষ খাইনা। মাঝেমধ্যে মানুষ আমাকে কিছু হাদিয়া তোহফা দিয়ে যায়। আমার অফিসে ঘুষের কোনো কারবার চলে না। সুফিয়ার সাথে আপনার প্রেম বিনীময় চলছে তা কি ঠিক? উত্তরে বলেন, সুফিয়াকে এই অফিস থেকে বদলি করা হয়েছে। আসলে এটা কি করে সম্ভব তাকে নিয়ে আমার ব্যাপারে বাজে মন্তব্য করা।একদল কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এসকল রিওমার ছড়াচ্ছে। আমি সবসময় সঠিকভাবে আমার দায়িত্ব পালন করে আসছি। ভুক্তোভোগীরা পলাশের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলার প্রস্তুতি নিচ্ছেন। এব্যাপারে যশোর সদর ভূমি কর্মকর্তা জাকির হোসেনকে তার ব্যবহৃত মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি তো আপনার কাছ থেকে শুনলাম। আমি বিষয়টি দেখছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
    সাধারণ ভুক্তোভোগী জনগণ পলাশের অনিয়ম ও দুর্নীতির বিভাগীয় তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

  • নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

    নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামান দুলালকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ, প্রশাসনিক বিতর্ক এবং রাজনৈতিক প্রভাবের আলোচনা চলে আসছে। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে দুর্নীতি, কমিশন বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, প্রকল্পে অনিয়ম এবং রাজনৈতিক আনুগত্য বদলের অভিযোগ উঠেছে।
    ঠিকাদারদের একটি অংশের মধ্যে তিনি “৩% দুলাল” নামে পরিচিত বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, উন্নয়ন প্রকল্পের বিল ছাড় করতে ঠিকাদারদের কাছ থেকে ৩ শতাংশ কমিশন আদায় করা হতো। এ অভিযোগের ফলে তার বিরুদ্ধে ঠিকাদার ও প্রকৌশলীদের একাংশের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে।
    চাকরি জীবনের শুরুতেই রাজশাহীর দুর্গাপুর উপজেলায় কর্মরত অবস্থায় দুর্নীতির অভিযোগে বরখাস্ত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব ব্যবহার করে সেই সিদ্ধান্ত বাতিল করিয়ে পুনরায় চাকরিতে ফিরে আসেন বলে অভিযোগকারীদের দাবি।
    পরবর্তীতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) অর্থায়িত হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প (HILIP)-এ দায়িত্ব পালনকালে ব্যাপক অনিয়ম ও রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রকল্পে সিনিয়র সহকারী প্রকৌশলী থেকে ডেপুটি প্রকল্প পরিচালক (ডিপিডি) হিসেবে দায়িত্ব পালনকালে শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম ও দুর্নীতি করে সে।
    এলজিইডির অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের সময় প্রশাসনের কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে তিনি গুরুত্বপূর্ণ পদায়ন ও প্রকল্পের দায়িত্ব পান। একই সময়ে কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রকল্পে কাজ না করেই বিল উত্তোলন, ভুয়া লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (LCS) ব্যবহার এবং প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ ওঠে।
    অভিযোগ রয়েছে, এসব ঘটনাকে কেন্দ্র করে এলজিইডিতে তার বিরুদ্ধে ৩৩টি অভিযোগ উত্থাপিত হয় এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা গ্রহণ করে। তবে প্রভাবশালী মহলের কারণে অভিযোগ ও মামলার কার্যকর অগ্রগতি হয়নি। এই দাবির স্বাধীন প্রমাণ এই প্রতিবেদনের জন্য যাচাই করা সম্ভব হয়নি।
    নারায়ণগঞ্জে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদানের পরও তাকে ঘিরে বিতর্ক থামেনি। কদম রসুল সেতু নির্মাণ প্রকল্পে বুয়েটের পরীক্ষায় উত্তীর্ণ নির্মাণসামগ্রীকে অসন্তোষজনক হিসেবে দেখানোর চেষ্টা এবং পরীক্ষার ফল নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রকল্প পরিচালক প্রধান প্রকৌশলীর কাছে লিখিতভাবে তদন্তের আবেদন করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, এতে প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

    এছাড়া, স্থানীয় সরকার বিভাগের সচিবের নির্দেশে তাকে প্রকল্পের দায়িত্ব থেকে অব্যাহতি এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বলে বিভিন্ন সূত্রে দাবি করা হলেও পরবর্তীতে সেই প্রশাসনিক সিদ্ধান্ত বহাল ছিল কি না, সে বিষয়ে পরস্পরবিরোধী তথ্য রয়েছে।

    প্রশাসনিক অঙ্গনে আরেকটি আলোচিত বিষয় হলো তার বদলি নিয়ে বিতর্ক। ২০২৬ সালে এলজিইডির নতুন বদলি নীতিমালা জারির পর নিজ জেলায় পদায়নের আদেশ পাওয়ায় সমালোচনা শুরু হয়। পরে সেই আদেশ প্রত্যাহার করা হলে প্রশাসনিক স্বচ্ছতা ও নীতিমালার প্রয়োগ নিয়ে প্রশ্ন ওঠে।
    রাজনৈতিক অঙ্গনেও তাকে নিয়ে নানা আলোচনা রয়েছে। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থাকলেও ৫ আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর দ্রুত নতুন রাজনৈতিক বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেন। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে রক্ষা পেতেই তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেন। এমনকি সরকারি কর্মকর্তা হয়েও বিএনপির মহাসচিবের নির্বাচনী প্রচারণায় অংশ নেয় সে। এদিকে, ঠিকাদার ও এলজিইডির একটি অংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের আশ্রয়ে থেকে মো. আহসানুজ্জামান দুলাল প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত করেছেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর অধিকাংশই কার্যকর তদন্তের মুখ দেখেনি। ফলে সরকারি উন্নয়ন প্রকল্পে জবাবদিহি ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
    এ বিষয়ে মো. আহসানুজ্জামান দুলালের বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য নির্ধারণ করা সম্ভব। অভিযোগগুলো প্রমাণিত হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো সরকারি তদন্ত বা আদালতের চূড়ান্ত রায়ের তথ্য এখানে উপস্থাপিত নয়।

  • সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

    সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

    রাজধানীতে কর্মরত এক ট্রাফিক সার্জেন্ট আরিফের বিরুদ্ধে অটোচালকদের কাছ থেকে অর্থ আদায়, সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারী চালকরা এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
    ট্রাফিক পুলিশের মূল দায়িত্ব সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং আইন প্রয়োগ নিশ্চিত করা। তবে অভিযোগকারীদের দাবি, সার্জেন্ট আরিফ দীর্ঘদিন ধরে ঢাকা মেট্রো এলাকায় কর্মরত থাকলেও তার নিজস্ব ব্যবহৃত গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেট না থাকলেও তিনি সাধারণ মানুষের যানবাহনের কাগজপত্র কঠোরভাবে যাচাই করেন। এ নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
    অটোচালক মিনহাজ বলেন,
    লেখাপড়া করেও চাকরি পাইনি। পেটের দায়ে অটোরিকশা চালিয়ে পরিবার চালাই। বিভিন্ন সময় যাত্রী নিয়ে কিছু সড়কে গেলে ট্রাফিক পুলিশ আমাদের গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখে। পরে টাকা দাবি করা হয়। টাকা না দিলে ডাম্পিংয়ে পাঠিয়ে দেওয়ার ভয় দেখানো হয়।
    তিনি আরও বলেন,
    “আমরা চাই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন। তাই গণমাধ্যমের সামনে আমাদের অভিযোগ তুলে ধরছি।
    আরও কয়েকজন অটোচালকের অভিযোগ, তাদের হাতে ৬০০ টাকার একটি সাদা রসিদ ধরিয়ে দিয়ে বিভিন্ন অজুহাতে অর্থ আদায় করা হয়। তাদের দাবি, সারাদিন পরিশ্রম করে যেখানে ৮০০ থেকে ১,২০০ টাকা আয় হয়, সেখানে ৬০০ টাকা জরিমানা বা অন্যভাবে দিতে হলে পরিবার চালানো কঠিন হয়ে পড়ে।
    অভিযোগকারী চালকরা আরও বলেন, ট্রাফিক বিভাগের কিছু অসাধু সদস্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাসোহারা গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
    এদিকে অনুসন্ধানী গণমাধ্যমকর্মীদের দাবি, তাদের কাছে এমন কিছু তথ্য ও আলামত রয়েছে, যেখানে একই নম্বর ব্যবহার করে একাধিক সিএনজি অটোরিকশা চলাচলের অভিযোগের তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানানো হয়েছে।
    অভিযোগকারীরা বলেন, অতীতে যেসব অনিয়মের অভিযোগ ছিল, বর্তমান সময়ে সেগুলোর পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সরকার ও পুলিশ প্রশাসনের কার্যকর নজরদারি প্রয়োজন।
    তবে এই প্রতিবেদনে উল্লিখিত সব অভিযোগই অভিযোগকারী চালকদের বক্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। সার্জেন্ট আরিফ বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
    স্থানীয় অটোচালক, অন্যান্য যানবাহনের চালক এবং সাধারণ মানুষ এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন।

  • বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন

    বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন

    বরিশাল বিভাগের প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক নিলুফার ইয়াসমিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম, সরকারি সম্পদের ব্যক্তিগত ব্যবহার, ঘুষ গ্রহণ, বদলি বাণিজ্য এবং প্রশাসনিক বিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, এসব অভিযোগের পরও তিনি বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন এবং অতীতের বদলির আদেশও শেষ পর্যন্ত কার্যকর হয়নি।

    শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশের অভিযোগ, বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময়ে লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা হয়নি। ফলে বিভাগীয় কার্যালয়ে ভয়ভীতি ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে বলে তারা দাবি করছেন।

    ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলের উপজেলা চেয়ারম্যান স্বামীর ক্ষমতা দেখিয়ে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্চাচারিতা এবং ক্ষমতার অপব্যাবহার করেও পার পেয়ে যাচ্ছেন প্রাথমিক শিক্ষার বরিশালের বিভাগীয় উপ-পরিচালক। শেখ হাসিনা সরকারের আমলে থাকা উপজেলা চেয়ারম্যান স্বামীর ক্ষমতা আর পাঁচ আগস্টের গণঅভ্যুত্থানের পর এক অদৃশ্য শক্তির দাপটে একইভাবে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্চাচারিতা করে যাচ্ছেন তিনি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিংবা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাও কর্ণপাত করেন না এই কর্মকর্তা। মহা ক্ষমতাধর এই কর্মকর্তা হলেন প্রাথমিক শিক্ষার বরিশাল বিভাগের উপ-পরিচালক নিলুফার ইয়সামিন।

    জানা গেছে, স্বৈরাচার হাসিনার আমলে ২০১৯ সাল থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত মাগুরার মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা আবু আব্দুল্লাহেল কাফীর স্ত্রী নিলুফার ইয়সামিন। উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা স্বামীর প্রভাবে দুর্নীতি-অপকর্ম ও অনিয়ম করা যেন নিয়মে পরিণত করেছিলেন তিনি। স্বামীর প্রভাব কাজে লাগিয়ে ২০২২ সালের ৩১ আগস্ট বরিশাল বিভাগের বিভাগীয় উপপরিচালক পদে পদায়ন বাগিয়ে নেন।

    বদলির আদেশ জারি হলেও কার্যকর হয়নি
    ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে গেলে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ পরে তার বিরুদ্ধে। এসব অভিযোগ আমলে নিয়ে গত ২ অক্টোবর ২০২৪ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিলুফার ইয়াসমিনকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বদলি করে প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হলেও মন্ত্রণালয়ের এই আদেশ কর্ণপাত না করে প্রাথমিকের বরিশাল বিভাগীয় অফিসেই কর্মরত থাকেন তিনি। মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে কর্মস্থল থেকে অবমুক্ত না হওয়ায় গত ৯ অক্টোবর ২০২৪ তাকে বরিশাল বিভাগীয় অফিস থেকে কর্মবিমুক্ত (রিলিজ) করে অফিস আদেশ জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
    জানা গেছে, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আদেশ অমান্য করে এক অদৃশ্য শক্তির প্রভাবে বর্তমান কর্মস্থল থেকেই তিনি মন্ত্রণালয়ের ২ অক্টোবর ২০২৪ তার বদলির আদেশ বাতিল করিয়ে প্রজ্ঞাপন জারি করান। শত অভিযোগ থাকা এই কর্মকর্তার বদলিতে বরিশাল বিভাগের প্রাথমিক শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে আসলেও বদলি বাতিল হওয়ায় হতাশ হন তারা।

    যত অপকর্ম :সরকারি গেস্ট হাউজে পারিবারিক বসবাসের অভিযোগ
    নিলুফার ইয়াসমিন তিনি অফিস ভবনের ৩য় তলায় অবস্থিত গেস্ট হাউজে পরিবার নিয়ে ১ বছরের অধিক সময় ধরে বসবাস করে আসছেন। সেখানে মিটিং রুম থেকে ২টি এসি খুলে সেট করেছেন। এরজন্য প্রতি মাসে প্রচুর বিদ্যুত বিল সরকারিভাবে পরিশোধ করা হচ্ছে। তিনি গেস্ট হাউস ব্যবহারের ফলে ঢাকা থেকে আসা অতিথি এবং বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা থেকে প্রশিক্ষণে বা সভায় অংশগ্রহণের জন্য আসা কর্মকর্তাগণ নিজস্ব গেস্ট হাউজে অবস্থান করতে না পেরে বাধ্য হয়ে বাইরের হোটেলে বা অন্য কোন দপ্তরের গেস্ট হাউজে অবস্থান করতে বাধ্য হন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিনিয়র সিস্টেম এনালিস্ট অনুজ কুমার, সহকারি পরিচালক কবির উদ্দিন, এনামুল হক, ইঞ্জিনিয়ার সাইদুর রহমান সম্প্রতি ধান গবেষণার রেস্ট হাউজে এবং নিরঞ্জন রায় পাবলিক হেলথ এর রেস্ট হাউজে অধিদপ্তরের কাজে গিয়ে থাকতে বাধ্য হয়েছেন। তিনি পুরো পরিবার নিয়ে কোয়ার্টারের মতো বসবাস করলেও অদ্যাবধি কোন ভাড়া পরিশোধ করেননি।

    সরকারি অফিস সময় না মানার অভিযোগ:
    পবিত্র রমজান মাস বাদে সরকারি অফিস টাইম সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা হলেও নিলুফার ইয়সামিন রেস্ট হাউজ থেকে অফিস কক্ষে নামেন দুপুর ১২ টায় এবং আবার রেস্ট হাউজে ফিরে যান দুপুর ১ টায়। এরপর বিকেল চার টায় অফিসে এসে রাত ৭ টা থেকে ৮ টা পর্যন্ত অফিস করেন তিনি।
    অফিসে আসা কর্মকর্তা ও কর্মচারীরা জানান, ‘আমি বিভাগীয় অফিসে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তিনি যখন রেস্ট হাউজ থেকে অফিসে আসেন তখন স্বাক্ষাৎ পাওয়া যায় না নামলে সাক্ষাৎ না করেই ফিরে যেতে হয়।’ এদিকে একজন মহিলা কর্মকর্তার সঙ্গে রাত ৮ টা পর্যন্ত অফিস সময়ের পরে অফিস কক্ষে অবস্থান করা সকল কর্মকর্তা/কর্মচারীর জন্য বিব্রতকর ও বিরক্তিকর হলেও তার ভয়ে কেউ কিছু বলতে পারেন না। অনেকেই কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হন। তিনি সময় মতো অফিসে থাকেন না বিধায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারিদেরকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

    আর্থিক যত অনিয়ম:
    ২০২২-২৩ অর্থ বছরের অফিস আনুষাঙ্গিক ও অন্যান্য বরাদ্দ বাবদ অফিসের কোন মালামাল ক্রয় করা না হলেও ভুয়া বিল ভাউচার করে সব টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন তিনি। একই অর্থ বছরে অফিসের রুটিন মেইনটেনেন্সের জন্য বরাদ্দকৃত ৫০ হাজার টাকার কোন কাজ না করে ভুয়া বিল ভাউচার করে সব টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন।
    ২০২২ খ্রিষ্টাব্দে তিনি যোগদানের পর থেকে যত প্রশিক্ষণ হয়েছে তাতে যে ভেন্যু ভাড়া বাবদ বরাদ্দ ছিল তা তিনি পরিশোধ না করে সমুদয় টাকা আত্মসাৎ করেছেন । ২০২২ সাল থেকে সকল প্রশিক্ষণ পিটিআইতে অনুষ্ঠিত হয়েছে। এতে কোন ভাড়া পরিশোধ করা হয়নি। । এডুকেশন ইন ইমার্জেন্সি প্রোগ্রামে স্বয়ং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন। প্রোগ্রামটি পিটিআইয়ের একটি সাধারণ কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামটির ৩০ হাজার টাকা ভেন্যু ভাড়া ছিল। এর পুরোটাই তিনি খরচ না করে আত্মসাৎ করছেন। প্রোগ্রামটিতে প্রশাসনিক ব্যয় ৩৫০০ টাকা বরাদ্দ থাকলেও তিনি ৮০০০ টাকা ব্যয় দেখিয়ে এসওই দাখিল করেছেন । এখানে ৫০০০ টাকা আত্মসাৎ করেছেন। প্রোগ্রামটিতে ডিপিইও কে সভাপতি এবং ডিডি অফিসের শিক্ষা অফিসারকে কোর্স সমন্বয়ক করার নির্দেশনা থাকা সত্ত্বেও তিনি তা না করে নিজে সভাপতি এবং ডিপিইওকে কোর্স সমন্বয়ক করে সম্মানী বিতরণ করেছেন। তিনি শিক্ষা অফিসারকে কোন সম্মানী প্রদান করেননি।

    ঘুষ ছাড়া ফাইল নড়ে না—এমন অভিযোগ
    ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কোন অনুষ্ঠান করা না হলেও বরাদ্দের সব টাকা আত্মসাত করেছেন। শিক্ষা পদক সংক্রান্ত বিভাগীয় বাছাই সম্পন্ন করে অনুষ্ঠানের মাধ্যমে সনদ ও পুরস্কার বিতরণের নির্দেশনা থাকলেও তিনি তা না করে বরাদ্দকৃত টাকা আত্মসাত করেছেন। ২০২২ ও ২০২৩ সালে কম্পিউটার থেকে সনদপত্র প্রিন্ট করে প্রদান করেছেন। কোন অনুষ্ঠান করেননি। প্রথম স্থান অধিকারীদের কেউ কেউ অফিসে এসে অথবা সংশ্লিষ্ট জেলা বা উপজেলা অফিস থেকে সনদ সংগ্রহ করেছেন। অনুষ্ঠান না করেও বিল করে করেছেন অর্থ আত্মসাৎ।
    ২০২২ ও ২০২৩ সালে জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ঢাকায় উপস্থিত না থেকেও ঢাকা ভ্রমণের জন্য টিএ বিল উত্তোলন করেন। ২০২২ সালে ১৫ দিন শ্রান্তি বিনোদন ছুটির সাথে অবৈধভাবে আরো প্রায় ১৫ দিন অফিস করেননি। এক মাস অফিসের গাড়ীটি না চললেও ঐ মাসে জ্বালানী বাবদ সমুদয় অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

    সরকারি অফিসকে পারিবারিক সম্পত্তিরুপে ব্যবহার :
    অফিসের গাড়িটি তিনি তার ছেলে-মেয়েদের স্কুল ও কোচিং এ আনা নেয়ার কাজে ব্যবহার করেন। প্রতিদিন কমপক্ষে ৬ থেকে ৮ বার তার ছেলে-মেয়েকে স্কুলে ও কোচিং এ আনা নেওয়া করা হয় এবং সরকারি অফিসের এই গাড়ির চালককে এসব কাজে বাধ্য করেন তিনি। কোন জেলা বা উপজেলায় পরিদর্শনে গেলে পিটিআই বা ডিপিইও অফিসের গাড়ি ব্যবহার করেন। অথচ জ্বালানী তেল পুরাটাই উত্তোলন করে খরচ দেখান। গত ২০২৪ সালের ১৫ নভেম্বর নেছারাবাদ উপজেলা পরিদর্শণের জন্য ঐ শিক্ষা অফিসারকে দিয়ে গাড়ি ভাড়া করিয়েছেন।
    তিনি অফিসের ২ জন অফিস সহায়ক, নৈশ প্রহরী, পরিচ্ছন্ন কর্মী, চালক এবং অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর শাহ আলমকে তার ছেলে মেয়েদের স্কুল ও কোচিং এ আনা নেয়া এবং ব্যক্তিগত বিভিন্ন কাজে সারাক্ষণ ব্যস্ত রাখেন বিধায় অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় । তিনি তার ব্যক্তিগত হীনস্বার্থ হাসিলের জন্য দরিদ্র পরিচ্ছন্ন কর্মী আকলিমা বেগম এর বেতন আটকিয়ে রেখে তাকে মোবাইল ফোন কিনতে বাধ্য করেছেন যাতে তিনি ডাকা মাত্র তার ডাকে সাড়া দিতে পারেন। আকলিমাকে দিয়ে ব্যক্তিগত যাবতীয় গৃহস্থলির কাজ করান। সকাল ৮/৯ টা থেকে রাত ৯/১০ টা পর্যন্ত তাকে দিয়ে ব্যক্তিগত কাজ করান বিধায় আকলিমা বেগম অফিসের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করার সময় পায় না।
    বরিশাল সদরের কিশোর মজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: আল মামুনকে স্কুল চলাকালীন সময়ে অফিসের গেস্ট হাউজে এসে তার ছেলেকে প্রাইভেট পড়াতে বাধ্য করেন তিনি। ঐ বিদ্যালয়ের শিক্ষক জায়েদা সহ অন্যদের প্রবল আপত্তির জন্য বর্তমানে স্কুল সময়ে আসা বন্ধ হয়েছে। আপত্তির কারণে জায়েদা চরম রোষানলে পড়েছেন এবং তাকে দেখে নেয়ার হুমকি প্রদান করা হয়েছে।

    টাকা ছাড়া মেলেনা সেবা :
    প্রাথমিক শিক্ষক-কর্মচারীদের পাসপোর্ট তৈরি ও নবায়নে এনওসি প্রদান, শিক্ষা ছুটি মঞ্জুর, উচ্চতর স্কেল প্রদানসহ যে সকল কাজ বিভাগীয় অফিস থেকে করতে হয় তার প্রত্যেকটি কাজে অর্থ না দিলে কোনো ফাইল তিনি ছাড়েন না। টাকা ছাড়া ফাইল স্বাক্ষর হয়না বিভাগীয় এই অফিসে।
    এ বিষয়ে সম্প্রতি অর্ধগড় বেতনে এবং বিনা বিতনে ছুটি পাওয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পারিবারিক প্রয়োজনে এক মাসের ছুটির আবেদন করি। তবে ছুটি না পাওয়ায় প্রথমে উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করলে কর্মকর্তা আমাকে বিভাগীয় অফিসে কথা বলতে বলেন। অফিসে কথা বলে বুঝতে পারি টাকা ছাড়া এখানে কিছু করা সম্ভব নয়। পরে বাধ্য হয়ে পাঁচ হাজার টাকা দিয়ে আমি ছুটি মঞ্জুর করি।

    অনিয়মের বিরুদ্ধে কথা বললেই চলে শোকজ, বিভাগীয় মামলার ভয় এবং এসিআর খারাপ করে দেওয়ার হুমকি:
    নিলুফার ইয়াসমিন অতি সাধারণ বিষয়েও কর্মকর্তা/কর্মচারীদের শোকজ করার এবং বিভাগীয় মামলার ভয় দেখিয়ে ধমক দেন। ভবিষ্যতে এসিআর খারাপ দেয়ার ভয় দেখান। শোকজ এবং বিভাগীয় মামলা ও এসিআর খারাপের ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেনা।
    অফিসের যাবতীয় নথি শিক্ষা অফিসারের মাধ্যমে উপাস্থাপন করার বিধান থাকলেও তিনি তা মানেন না। তিনি খেয়াল খুশি মতো নথি ছাড়াই অনেক প্রশাসনিক ও আর্থিক কাজ করে থাকেন। কোন কোন ক্ষেত্রে শিক্ষা অফিসার বাইরে আছেন লিখিয়ে নথি উপাস্থাপন করতে বলেন। অফিস সহকারি শাহ আলমকে শিক্ষা অফিসারকে বাদ দিয়ে সরাসরি ফাইল উপাস্থাপন করতে বলেন। শাহ আলম তাই করে থাকে।

    বদলির ভয় দেখিয়ে অর্থ আদায় :
    নিলুফা ইয়সামিন তার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহ আলমের মাধ্যমে বিভিন্ন সময়ে উৎকোচ ও উপঢৌকন গ্রহণ করেন। শাহ আলম জেলা ও উপজেলা অফিসে ফোন করে জানান যে, তাকে ছাড়া ম্যাডাম অন্য কাউকে বিশ্বাস করেন না। তাই সকলকে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। কর্মচারীদের কর্মকাল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে তা শাহ আলমের নিকট দিয়েছেন। শাহ আলম ঐ তালিকা দেখে দেখে বেশিদিন কর্মকাল হয়েছে এমন কর্মচারীদের ফোন করে বদলীর ভয় দেখিয়ে টাকা আদায় করেন। শাহ আলমের কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করলে তিনি কোন কর্ণপাত করেননা। ২০২২-২৩ অর্থ বছরে অন্য কর্মকর্তা কর্মচারিদের বঞ্চিত করে শাহ আলমকে ১৪ হাজার ৫০৬ টাকার টিএ বিল দিয়েছেন। তার প্রশ্রয়ের কারণে শাহ আলম সবাইকে হুমকী দিয়ে কথা বলেন।

    কর্মচারী বদলির ক্ষেত্রে কোন নিয়ম নীতির তোয়ক্কা করেন না। প্রশাসনিক কারণে আবুল কালামকে দশমিনা থেকে রাজাপুর বদলী করে আবার ৪ মাস পর শাহ আলমের মাধ্যমে অবৈধ সুবিধা নিয়ে তাকে বাউফল উপজেলায় বদলী করা হয়। সম্প্রতি ৪ জন টেকনিক্যাল ক্যাটাগরি সহ ৬ জনকে জনস্বার্থে বদলি করা হয়। এর মধ্যে একই দপ্তরের ২ জনকে একত্রে অন্যত্র বদলি করা হয়, যদিও তাদের বিরুদ্ধে কোন লিখিত বা মৌখিক অভিযোগ ছিলনা। এতে ঐ দপ্তরে কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে। সমন্বিত বদলি নির্দেশিকা ২০২৩ এ মহাপরিচালকের অনুমোদন গ্রহণের বিধান থাকলেও তা করা হয়নি। এমনকি কোন ফাইল নোট ও দেয়া হয়নি।

    সাটলিপিকার মো: আরিফ হোসেন বিগত ৪/৫ মাস পূর্বে অবসর গ্রহণ করলেও তার কাজ অফিসের অন্য কাউকে বুঝিয়ে দেয়া হয়নি। তিনি বিভাগীয় মামলা সহ অনেক গুরুত্বপূর্ণ নথি এখনও তার দখলে রেখেছেন। তার মাধ্যমে অবৈধ সুবিধা আদায় সহজ হয় বলে এখনো তাকে দিয়ে অফিসের গুরুত্বপূর্ণ কাজ করানো হয়। শাহ আলমের মাধ্যমে আর্থিক সুবিধা আদায় নিশ্চিত হলে তাকে ফোন করে অফিসে আনা হয়। সে নথি তৈরি করে দিলে শাহ আলমের মাধ্যমে উপ¯’াপন করে তা নিষ্পন্ন করা হয়।
    একাধিক কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষকদের সাথে কথা বললে তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা প্রাথমিক শিক্ষা বিভাগীয় অফিসে জিম্মি। যখন নিলুফা ইয়াসমিনের বদলির আদেশ হলো তখন আমরা ভেবেছিলাম এই জিম্মি দশা থেকে মুক্তি পেলাম। পরবর্তী দেখলাম সেই আদেশ বাতিল হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতন হলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। এই কালো টাকার সিস্টেম বদলাবে। কিন্তু তা না আমাদের ভাগ্যের আর বদল হলো না। বিভাগীয় অফিসেই আমরা জিম্মি হয়ে থাকতে হচ্ছে।

    প্রাথমিক শিক্ষকদের কোচিং বানিজ্যে উৎসাহিত করা:
    সম্প্রীতি বিভিন্ন অনলাইল নিউজ পোর্টাল ও স্থানীয় সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কোচিং বানিজ্যের সংবাদ প্রকাশ হলে, তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নামে একটি চিঠি যাহার স্মারক নং-৩৮.০১.১০০০.০০০.২৭.০১.২০২৬.৩৮৯ প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকদের লিখিত ভাবে জানান, কোচিং করানো যাবে তবে স্কুল সময়ের পরে। অথচ শিক্ষামন্ত্রী বলছে স্কুল শিক্ষকদের বাহিরে বানিজ্যিক কোচিং চলবে না। শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা কর্ণপাত না করে তিনি অর্থ আদায়ের মাধ্যমে নিজস্ব ক্ষমতা বলে চালিয়ে যাচ্ছেন এ সকল অপকর্ম।

    ডেপুটেশন বানিজ্য:
    মোটা অংকের টাকার বিনিময়ে বরিশাল বিভাগীয় উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোস্তফা কামাল শিক্ষকদের সুবিধা মতো ডেপুটেশনের মাধ্যমে বদলী করা হয়। গত ২৪/০৬/২০২৬ ইং তারিখে ৮ জন শিক্ষকের ডেপুটেশন বদলীর চিঠি যাহার স্মারক নং-জেপ্রাশিঅ/বরি/১০৭০ প্রেরণ করা হয়েছে। তাদের এসব কাজে সহায়তা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাবের ও শিক্ষক নেতা ভাটিখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারিকুল ইসলাম পলিন্স, ১৯১ নং কিশোর মজলিস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী খান, মো: আনোয়ার হোসেন।

    এ ব্যাপারে জানতে চাইলে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে বরিশাল
    বিভাগীয় অফিসের উপ-পরিচালক নিলুফার ইয়সামিনকে কল করা হলেও তিনি রিসিভ করেন নি।

  • নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার নাজমুল হাসানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ

    নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার নাজমুল হাসানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ

    ঢাকা জেলারেজিস্ট্রারের অধিনে নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার পতিত লীগ সরকারের দোসর দুনীতি পরায়ন নাজমুল হাসানের ঘুষ দুনীতি, কমিশন বানিজ্যের কারণে অতিষ্ঠ সাধারণ দলিল লেখকগন ও দাঁতা গ্রহীতারা বলে অভিযোগ পাওয়া গেছে। ভোগান্তির আরেক নাম দুর্নীতির মাস্টারমাইন্ড নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার নাজমুল। টাকার জন্য মরিয়া হয়ে অনিয়ম দুনীতি চালিয়ে যাচ্ছেন দের্দাচ্ছে।
    সুত্রে জানা জায়, বিগত স্বৈরাচারী পতিত লীগ সরকারের আমলে ছাত্র লীগ করার সুবাদে ফ্যাসিস্ট হাসিনার দোসর বনে যাওয়া সাবরেজিস্ট্রার পদে চাকরি হাতিয়ে নেন ছাত্র লীগের নেতা নাজমুল হাসান। সাবরেজিস্ট্রার পদে চাকরি হাতিয়ে নিয়ে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি নাজমুল হাসানের। বনে যান রাতারাতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক। দেশ ছাড়িয়ে বিদেশে ও বিপুল পরিমাণ অবৈধ অঢেল সম্পদের মালিক বনে গেছেন তিনি।
    সাবরেজিস্ট্রার নাজমুল ও তার সিন্ডিকেট বাহীনিরা সেবা গ্রহণীয়তা দের দলিলের ধরন বুঝে গুনতে হয় মোটা অংকের ঘুষের টাকা। তাঁর নেতৃত্বে গড়ে তুলেছিলেন সুবিশাল সিন্ডিকেট বাহীনি। যখন যেখানে কর্মরত থাকেন সেখানেই দুর্নিতীর সিন্ডিকেট গড়ে তুলেন সেই সিন্ডিকেট বাহীনি দ্বারা নিয়ন্ত্রণ করে সাধারণ দলিল লেখক দেরকে জিম্মি করে নিরবে ঘুষ বানিজ্য চালিয়ে যাচ্ছেন নাজমুল। এক কথায় হয়রানির আরেক নাম সাবরেজিস্ট্রার নবাবগঞ্জ উপজেলা সাবরেজিস্টার অফিস। সেখানে সেবা নিতে আশা দাতা গ্রহীতারা হিমসিম খাচ্ছেন সাবরেজিস্ট্রারের বেপরোয়া ঘুষ বানিজ্যর কারনে। তার নিজ এলাকাবাসী মানিক গঞ্জের, সাটুরীয়ার এলাকার একাধিক বাসিন্দারা বলেন তাঁর কাছে আছে নাকি আলাউদ্দীন চেরাগ। তা-না হলে এত অল্প সময়ে মধ্যে এত সম্পদশালী হলেন কোন পথে সাবরেজিস্ট্রার নাজমুল।
    সুত্রে যানা জায়, নিজের আখের গুছিয়ে লাগামহীন দুনীতি মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গরে তুলেছেন মহা ঘুষখোর দুর্নীতি পরায়ন লীগের দোসর সাবরেজিস্ট্রার নাজমুল। বিগত সময়ে টাংগাইল জেলার ঘাটাইলে সাবরেজিস্ট্রার পদে কর্মরত থাকা কালিন ঘুষ বানিজ্য মহোৎসব চালিয়েছেন তিনি।
    বিগত সময়ের জেলা রেজিস্ট্রার হিসেবে বর্তমান আই আর ও মাহাফুজুর রহমান এর নাম ভঙ্গীয়ে দাপটে দাপিয়ে বেড়াচ্ছেন এখনো বহাল তরিয়াতে। নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার অফিসের ঘুষের রাজত্ব চলছে? উক্ত অফিসে তাঁর নেতৃত্বে গঠিত সিন্ডিকেট বাহীনি দ্বারা নিয়ন্ত্রণ করে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছেন তিনি। সেকেন্ড ইন কমান্ড হিসেবে আছেন সাবেক বাড্ডার কেরানি রাসেল। সাবরেজিস্ট্রার ও দুনীতিবাজ কেরানি রাসেলের নেতৃত্বেগড়ে তোলা অসাধু দলিল লেখক ও তাদের সিন্ডিকেট বাহিনীর দায়িত্ব দিয়ে চলছে রমরমা ঘুষ বানিজ্য।
    খোঁজ নিয়ে আরও যানা জায়, আইজি আর অফিসের আই আর ও মতিউর রহমানের নাম ভাঙ্গিয়ে তছনছ অনিয়ম দুনীতির চাম্পীয়ান খ্যাত সাবরেজিস্ট্রার নাজমুলের। আই আর ও মতিউরের ছত্রছায়ায় থেকে বেপরোয়া হয়ে ঘুষ বানিজ্য চালিয়ে যাচ্ছেন হরহামেশেয়।
    সুত্র মতে ফরিদপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে কর্মরত থাকা কালিন জেলা রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন আই আর ও মতিউর। সেই সুবাদে এই দুই আই আর ও সাথে গরে তুলেছিলেন সু সম্পর্ক। লীগের দোসর সাবরেজিস্ট্রার নাজমুল আই আর ও মতিউর রহমান ও আই আরও মাহাফুজুর রহমানে কাছের লোক পরিচয় দিয়ে সাধারণ কর্মকর্তাদের মাঝে আতংক ছড়িয়ে নিজেকে জাহির করছেন ক্ষমতার দাপট। লীগ সরকার পতন হলেও এখন বহাল তরিয়াতে আছেন সাবরেজিস্ট্রার নাজমুল।
    পুলিশ প্রশাসনের উদ্ধতন কর্মকর্তা ও দুদকের কর্মকর্তা দের সাথে রয়েছে নাকি ঘনিষ্ঠ সম্পর্ক বলে সাধারণ সাবরেজিস্ট্রার দের নিকট নিজেকে জাহির করেন বলে প্রচার আছে। বিগত সময়ে ঘাটাইল সাবরেজিস্ট্রা হিসেবে কর্মরত থাকা কালিন মোটা অংকের রাজস্ব ফাঁকী দিয়ে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। সেই সময়ে তাঁর দুনীতি ঘুষ বানিজ্যর অভিযোগ এনে আইন মন্ত্রণালয়ের অভিযোগ দিলেও লীগের দাপট দেখিয়ে ও তাঁর অবৈধ টাকার প্রভাবে সেই সকল অভিযোগ আলোর মুখ দেখেনি আজও পর্যন্ত। সরকারি রাজস্ব ফাঁকি ও শুভঙ্করের ফাঁকি দিয়ে এই দলিলের রশিদ নং- ৬২৯৬, দলিল নং -৬২৭৬, দলিল নং -৬৪২৯ এই দলিলে বড় ধরনের রাজস্ব ফাঁকি দিয়ে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ সাবরেজিস্ট্রার নাজমুল।
    ১৪ বছরের চাকরি জীবনে এত সম্পদশালী হলেন কোন পথে সাবরেজিস্ট্রার নাজমুল। একজন সাব-রেজিস্ট্রারের মাসিক বেতন ও অন্যান্য ভাতাসহ মোট আয় আনুমানিক ৫০ হাজার টাকার কাছাকাছি। সেই হিসাবে ২৯তম বিসিএস (নন-ক্যাডার) কর্মকর্তা হিসেবে প্রায় ১৪ বছরের চাকরি জীবনে সাব-রেজিস্ট্রার মো. নাজমুল হাসানের মোট বৈধ বেতন-ভাতা, টিএ/ডিএসহ সরকারি আয় আনুমানিক ১ কোটি ২০ লাখ থেকে দেড় কোটি টাকার বেশি হওয়ার কথা নয়। অথচ অভিযোগ রয়েছে, বর্তমানে নবাবগঞ্জ কর্মরত এই কর্মকর্তা অল্প সময়ের মধ্যেই কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ায় হলেও তিনি পরিবার নিয়ে ঢাকার ধানমন্ডির একটি নিজস্ব ফ্ল্যাটে বসবাস করেন, সন্তানদের নামী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়ান এবং একাধিক ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। তার ঘোষিত আয় ও জীবনযাত্রার মধ্যে উল্লেখযোগ্য অসামঞ্জস্য রয়েছে কি না, সেটি তদন্তের দাবি উঠেছে।
    প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, শুধু মানিকগঞ্জ জেলাতেই তার নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে, যার আনুমানিক মূল্য তার ১৪ বছরের বৈধ আয়ের তুলনায় বহু গুণ বেশি বলে অভিযোগ রয়েছে। তথ্য অনুযায়ী, তিনি শুধু নিজের নামেই নয়, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্বশুরবাড়ির অন্যান্য আত্মীয়ের নামেও জমি ও অন্যান্য সম্পদ ক্রয় করেছেন। শ্বশুরবাড়ি এলাকায় প্রায় তিন একর জমিতে একটি মাছের ঘের রয়েছে বলেও তথ্য পাওয়া গেছে। এছাড়া স্ত্রী, শ্বশুর ও শাশুড়ির নামে কয়েক একর জমি ক্রয়ের তথ্যও মিলেছে। মানিকগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন একটি ভবনের নবম তলায় একটি ফ্ল্যাট এবং একই সড়কের একটি নির্মাণাধীন ভবনে আরও একটি ফ্ল্যাটের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদের প্রকৃত মালিকানা, অর্থের উৎস এবং সেগুলো বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা সংশ্লিষ্ট দুূূদক, সরকারের গোয়েন্দা সংস্থা তদন্ত করলে থলের বিরাল বেরিয়ে আসবে বলে মনে করেন সাধারণ কর্মকর্তারা।

  • বিআইডব্লিউটিএ’র আহসান হাবিবের অবৈধ সম্পদ

    বিআইডব্লিউটিএ’র আহসান হাবিবের অবৈধ সম্পদ

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর সহকারী সমন্বয় কর্মকর্তা (বিভাগীয় মামলা সেল) আহসান হাবিবের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন, দীর্ঘদিন একই কর্মস্থলে বহাল থেকে প্রভাব বিস্তার এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগ নিয়ে বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে একাধিক সূত্র দাবি করেছে।
    অভিযোগের ভাষ্য অনুযায়ী, বিআইডব্লিউটিএ ভবনের ষষ্ঠ তলায় বিভাগীয় মামলা সেলে কর্মরত আহসান হাবিব প্রায় ১৫ বছর ধরে একই পদ ও একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। এই দীর্ঘ সময়ে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের নামে বেনামি অভিযোগপত্র তৈরি বা ব্যবহার করে বিভাগীয় মামলা দেওয়ার পর তাদের বদলি বা সাময়িক বরখাস্তের ভয় দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আদায় করেছেন বলে অভিযোগ রয়েছে।
    সূত্রগুলোর দাবি, চাকরি প্রদান, বদলি বাণিজ্য, ঘাটের টেন্ডার ও ইজারা কার্যক্রমসহ বিভিন্ন প্রশাসনিক বিষয়ে তিনি প্রভাব বিস্তার করতেন। অভিযোগে আরও বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বিআইডব্লিউটিএর সাবেক এক সচিবের জন্য প্রায় ১০ কোটি টাকা এবং নিজে প্রায় ২০ কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছেন বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
    অভিযোগ অনুযায়ী, কুমিল্লার গোমতী নদীর ওপারে তিনি কয়েক কোটি টাকা ব্যয়ে একটি বড় বাংলো বাড়ি নির্মাণ করেছেন। এছাড়া কুমিল্লা শহরের কোতোয়ালি থানার পাশের মুগলটুলিতে জামে মসজিদের পাশে সাততলা ভবন নির্মাণ করেছেন বলেও অভিযোগ রয়েছে। তার নামে দুটি ব্যক্তিগত গাড়ি, মাছের ঘের, গরুর খামার এবং ঢাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে, যেগুলোর কিছু ভাড়া দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
    অভিযোগকারীদের দাবি, তার মাসিক বেতন প্রায় ৬০ হাজার টাকা হলেও এই আয়ের সঙ্গে উল্লিখিত সম্পদের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন উঠেছে। তারা এসব সম্পদের উৎস অনুসন্ধানের দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আহসান হাবিব বলেন, “আমার সকল সম্পদ বৈধ। আমি কোনো অনিয়ম বা দুর্নীতি করি না।”
    একই কর্মস্থলে প্রায় ১৫ বছর দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, “আমার কর্তৃপক্ষ আমার কাজে সন্তুষ্ট হয়েই আমাকে একই কর্মস্থলে রেখেছেন। এটি কোনো অপরাধ নয়।”
    এদিকে, বিআইডব্লিউটিএর একাধিক কর্মকর্তা ও কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, দীর্ঘ সময় একই কর্মস্থলে দায়িত্ব পালন প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তাদের ভাষ্য, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত হওয়া প্রয়োজন। তারা
    বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে অভিযোগগুলো তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
    জনস্বার্থে উত্থাপিত এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা এখন সময়ের দাবি। নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বশীল মহল এবং বিআইডব্লিউটিএর সর্বোচ্চ কর্তৃপক্ষ অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন—এমন প্রত্যাশা