Blog

  • দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড়

    দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড়

    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে চাকরি করে স্ত্রী ও নিজের নামে ঢাকা, রংপুর ও কুড়িগ্রামে গড়ে তুলেছেন একাধিক বাড়ি, ফ্ল্যাট, প্লট, গাড়িসহ ব্যবসাপ্রতিষ্ঠান। চারটি ব্যাংকে মিলেছে কোটি কোটি টাকা লেনদেন। তিনি মনিরুজ্জামান সরকার, রংপুর মিঠাপুকুর উপজেলার অষ্টম গ্রেডের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)।

    ২০১১ সালের ৭ জুলাই ঠাকুরগাঁওয়ের বোদাগঞ্জ উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে অ্যাডহক ভিত্তিতে যোগদান করেন মনিরুজ্জামান সরকার। যোগদানের ছয় মাস পর স্থায়ীভাবে পিআইও পদে নিয়োগ পেয়ে দিনাজপুরের কাহারোল উপজেলায় বদলি হন। কাহারোলে দায়িত্ব পালনের সময় থেকেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়েন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। মাত্র ১৫ বছরের চাকরি জীবনে তার বৈধ আয় প্রায় ৯০ লাখ টাকা হলেও, অনুসন্ধানে উঠে এসেছে—দুর্নীতির মাধ্যমে তিনি শতকোটি টাকার সম্পদের মালিক হয়েছেন।

    মনিরুজ্জামান সরকারের যত সম্পদ
    ২০২৫ সালে ডিসেম্বর মাসে অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন লিমিটেডের কাছ থেকে মিরপুর রুপনগর মিল্কভিটা রোডে ২৮ (এবিসি হোমস ) ৬ষ্ঠ তলার উত্তর পূর্ব দিকের ১৪৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট ও নিচতলার ১২০ বর্গফুটের একটি কারপার্কিংসহ ফ্ল্যাট কিনেছেন। যার দলিল নম্বর- ১১৬১২ ও বাজারমূল্য ২ কোটি টাকা।
    রংপুর নগরীর রাধাবল্লভ এলাকায় ৭ নাম্বার রোডে ‘জান্নাত’ নামে ৫২ নম্বর তিনতলা আলিশান বাড়ি করেছেন। যার বর্তমান বাজার মূল্য ৫ কোটি টাকা।
    রংপুর সদরের কলেজ রোডে মুনিবা ছাত্রাবাস নামে ৩তলা একটি আবাসিক হোস্টেল রয়েছে । যার বাজারমূল্য ৩ কোটি টাকা।
    রংপুর মহানগর সার্কেল বিনোদপুর মৌজায় ৪ দশমিক ৫ শতাংশ জমি রয়েছে। যার খতিয়ান নম্বর ৯০১, দলিল নং ৩৭১১, বাজারমূল্য ৬০ লাখ টাকা।
    রংপুর মহানগর সার্কেল আলমনগর মৌজায় ৬ শতাংশ একটি প্লট রয়েছে। যার খতিয়ান নম্বর- ১৬১০০, দলিল নং ৩৭১২/২০১৮। এ সম্পদের বর্তমান বাজারমূল্য ১ কোটি টাকা।
    কুড়িগ্রামের চিলমারীতে মাচাবান্দ মৌজায় ১৮ ও ৪৬ সর্বমোট ৬২ শতাংশ জমি রয়েছে। যার খতিয়ান নম্বর-২২৪৩ দলিল নং-৫৩০,৫৪৫,১১৮২ । এ জমির বাজারমূল্য ৩০ লাখ টাকা।
    কুড়িগ্রাম উলিপুর উপজেলায় উলিপুর মৌজায় ৩ শতাংশ জমি রয়েছে। যার খতিয়ান নম্বর-১২৩৮ দলিল নং-১৬০১,২৬৫৩, বাজার মূল্য ১০ লাখ টাকা।
    স্ত্রী আরফাতুন নাহারের নামে কুড়িগ্রাম উলিপুর উপজেলায় সিদ্ধান্ত মালতী বাড়ির মৌজায় ১৩ শতাংশ জমি রয়েছে। খতিয়ান নাম্বার-২০২৬-১০০০০৭ দলিল নং-৪০৮১/২৫। যার বাজারমূল্য ৩০ লাখ টাকা।
    স্ত্রী আরফাতুন নাহার এর নামে রংপুর বিনোদপুর মৌজায় ৭ শতাংশ একটি প্লট রয়েছে। যার খতিয়ান নম্বর- ১০৭১ । যার বাজারমূল্য ৫০ লাখ টাকা।
    নিজ এলাকায় আদর্শ গ্রাম ৩ নং থানাহাট ইউনিয়ন,মাচাবান্দা, চিলমারী কুড়িগ্রামে দোতলা বাড়ি করেছেন।
    এছাড়াও কুড়িগ্রাম শাপলা চত্বরে বাবর টাওয়ারের নিচ তলায় মনিরুজ্জামান কোটি টাকা ব্যয়ে একটি বিশাল ফার্মেসি প্রতিষ্ঠা করেছেন। এর বাইরেও কিনেছেন ৬টি মাইক্রোবাস যেগুলো বিভিন্ন রেন্ট-এ-কারের মাধ্যমে ভাড়ায় চলে। নিজে ব্যবহার করেন অর্ধকোটি টাকার গাড়ি।

    সূত্র মতে, সম্প্রতি তেলের পাম্প ব্যবসায় বিপুল অর্থ বিনিয়োগ করেছেন মনিরুজ্জামান। এছাড়াও স্ত্রী আরফাতুন নাহারের বড় ভাই রায়হানের নামে বাড়ি করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এর বাইরেও নামে, বেনামে ঢাকা,রংপুর ও কুড়িগ্রামে আরো বেশ কিছু সম্পদের রয়েছে তারা। এ বিষয়ে অনুসন্ধান চলমান।
    অনুসন্ধানে জানা যায়, মনিরুজ্জামান সরকার কাহারোল উপজেলায় যোগদানের পর বিভিন্ন দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পরেন। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ভাগাভাগি নিয়ে বিগত সরকারের এমপি মনোরঞ্জনশীল গোপালের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ওই এমপি নিজের সুপারিশের মাধ্যমে তাকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বদলি করেন।

    নবাবগঞ্জ উপজেলায় ২০১৪-১৬ সালে ত্রাণ মন্ত্রণালয় থেকে ১০ কোটি টাকার টিআর ও কাবিখার বিশেষ প্রকল্প নিয়ে আসেন। যার অধিকাংশ অর্থই তিনি আত্মসাৎ করেন। তবে বিষয়টি জানাজানি হলে প্রকল্পের কিছু কাজ তিনি সম্পন্ন করেন। সেই সময়ে এসব দুর্নীতির বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয় বগুড়ার দুদকের এক কর্মকর্তাকে। দুদকের সেই কর্মকর্তাকেও ম্যানেজ করে বিষয়টি ধামাচাপা দেন মনিরুজ্জামান।

    বিগত আওয়ামী লীগ সরকারের ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরি মায়ার সুপারিশে ত্রাণ মন্ত্রণালয়ে প্রবেশ করেন মনিরুজ্জামান। এরপর তৎকালীন ডিজির সঙ্গে সখ্য গড়ে ওঠে তার। ডিজির মাধ্যমে পিআইওদের বদলি বাণিজ্য সিন্ডিকেট গড়ে তোলেন এবং সারা দেশের পিআইওদের বদলি বাণিজ্য করে ওই সময়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন মনিরুজ্জামান সরকার।

    অনুসন্ধানে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে শুকুরেরহাট ডিগ্রি কলেজের উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল টিআরের ৩ লাখ টাকা। প্রকল্পের চেয়ারম্যান ছিলেন সহকারী অধ্যাপক শওকত হোসেন। তাকে দুই দফায় ৩ লাখ টাকার কাগজে স্বাক্ষর নিয়ে ১ লাখ ১০ হাজার টাকা দেওয়া হয়েছিল, বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে নিশ্চিত করেছিলেন শওকত হোসেন।

    শুকুরেরহাট ইসলামিয়া আলিম মাদরাসায়ও উন্নয়নের জন্য টিআরের ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ প্রকল্পেও দুই দফায় ১ লাখ ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। সেটিও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে নিশ্চিত করেছেন ওই প্রকল্পের চেয়ারম্যান সহকারী শিক্ষক আবদুল কাইয়ূম।

    ঠাকুরবাড়ি বাজার হতে পূর্ব জামে মসজিদের মাঠে মাটি ভরাটের জন্য ৪ লাখ ৬২ হাজার টাকা, দুর্গাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মাটি ভরাট ও উন্নয়নের জন্য কাবিখা ও কাবিটার তিন দফায় ২০ টন ১৭৪ কেজি গম এবং ২ লাখ টাকা, বড়বালা ইউনিয়নের তাজুলের বাড়ি হতে খালেকের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ৩ লাখ ৫ হাজার, রানীপুকুরের বুজরুক নূরপুর বাড়ি হতে মনজুর বাড়ি পর্যন্ত রাস্তা ভরাটের জন্য ৩ লাখ, ইমাদপুর ইউনিয়নে মসজিদপাড়া পাকা রাস্তা হতে চড়পাড়াগামী রাস্তা সংস্কারের জন্য ৫ লাখ, বড়বালা ইউনিয়নের রতনের বাড়ি হতে মাঝিপাড়া ঘাট পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ৫ লাখ, উপজেলা পরিষদ রাস্তা নির্মাণের জন্য ৪ লাখ টাকা এবং উপজেলা পরিষদ মাঠে মাটি ভরাটের জন্য ১৩ টন গম বরাদ্দসহ অন্তত আরও ৩০টি প্রকল্প বাস্তবায়নের নামে ভুয়া বিল ভাউচার করে অর্থ হরিলুট করেছিলেন।

    অনুসন্ধানে আরও জানা যায়, মনিরুজ্জামান তৎকালীন নিজ অফিস খরচের কথা বলে সাবেক এমপির কাছ থেকে টিআর ও কাবিটার ১৪ লাখ টাকা এবং কাবিখার ১৩ টন গম বরাদ্দ নেন। যার কাজ দেখানো হয়েছে উপজেলা পরিষদের সংলগ্ন রাস্তা নির্মাণ ৪ লাখ টাকা, ইমাদপুর ইউনিয়নের মসজিদপাড়া পাকা রাস্তা হতে চড়পাড়াগামী রাস্তা সংস্কার ৫ লাখ, বড়বালা ইউনিয়নের রতনের বাড়ি হতে মাঝিপাড়া ঘাট পর্যন্ত রাস্তা সংস্কার ৫ লাখ এবং উপজেলা পরিষদ মাঠে মাটি ভরাট ১৩ টন গম।

    এসব প্রকল্পের চেয়ারম্যান করা হয় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের। তবে এসব কাজ না করে চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে প্রকল্পের টাকা তুলে নিয়েছিলেন পিআইও। যদিও জনপ্রতিনিধিদের দাবি ছিল, তারা প্রকল্পের টাকা ব্যাংক থেকে তোলার বিষয়ে কিছুই জানতেন না।

    ২০২২-২৩ অর্থবছরে পিআইওর কার্যালয়ে উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল ৩ লাখ ২২ হাজার এবং গেল অর্থবছরে একই কাজের জন্য তিন দফায় বরাদ্দ বাড়িয়ে হয় ৭ লাখ ৫৬ হাজার টাকা। তৎকালীন সময়ে অফিসের একজন স্টাফ (নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছিলেন, অফিসে পিআইও তিন দফায় প্রায় ১১ লাখ টাকা বরাদ্দ নিয়েও কোনো কাজেই করেননি। ওই স্টাফ আরও জানিয়েছিল, পিআইও টিআর প্রকল্প থেকে দুই দফায় কমপিউটার সেট কেনার জন্য ১ লাখ ৯৬ হাজার ৪৯৭ টাকা বরাদ্দ নিয়ে আত্মসাৎ করেছিলেন মনিরুজ্জামান। তবে এর এক মাস আগে মন্ত্রণালয় থেকে কমপিউটার সেট কেনার জন্য ১ লাখ টাকা বরাদ্দ নিয়ে এসেছিলেন, তবে সেটাও ছিল অদৃশ্য।

    এছাড়াও অভিযোগ, ব্রিজ নির্মাণ, টিআর ও কাবিটা প্রকল্পের কাজ কাগজে-কলমে শতভাগ দেখিয়ে বিল পাস করে ট্রেজারি অফিসের মাধ্যমে পিআইও মনিরুজ্জামান সরকার নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট এন আরবিসি ব্যাংকের মিঠাপুকুর শাখায় প্রায় ৩ কোটি টাকা রেখেছিলেন। সেই ঘটনায় তৎকালীন সময়ে রংপুরসহ সারা দেশের তোলপাড় সৃষ্টি হয়, তুমুল বিতর্কের পরে ব্যাংক থেকে টাকা তুলে চেয়ারম্যানদের দেওয়া হয়েছিল। তবে সেই প্রকল্পের ১০ থেকে ২০ শতাংশ কাজ বাস্তবায়ন না করে টাকা ছাড় দিয়েছিলেন কোন এক অজানা কারণে।

    বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় জনপ্রতিনিধিদের ও জেলার ও পুনর্বাসন কর্মকর্তা মোতাহার হোসেনের সঙ্গে মিলেমিশে ভাগবাঁটোয়ারা করে খেতেন প্রকল্পের বিভিন্ন অর্থ, মনিরুজ্জামান সরকারের বিরুদ্ধে অধিকাংশ অভিযোগ সামাল দিতেন মোতাহার হোসেন।

    এছাড়াও অভিযোগ রয়েছে, পিআইও মনিরুজ্জামান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের এপিডি’র দায়িত্ব পালনকালে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়েছেন।

    আর এই সব অবৈধ সম্পদ বৈধ করার জন্য নামমাত্র লোন নিয়েছে ব্যাংক থেকে, মনিরুজ্জামান সরকার ও স্ত্রীর আরফাতুন নাহার নামে বেশ কয়েকটি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য – এনআরবি ব্যাংক, সিটি ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক।

    এছাড়াও মনিরুজ্জামান এসব বিপুল অবৈধ অর্থের বিনিময়ে ঢাকা শহরের বিভিন্ন ক্লাবের মেম্বার হয়েছেন।

    এসব বিষয়ে জানতে ফোনকল করা হলে মনিরুজ্জামান বলেন, আমার সম্পদসহ সকল বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমি অবগত করেছি, এ বিষয়ে নতুন করে কিছু বলতে চাচ্ছি না।

    খতিয়ে দেখার তাগিদ টিআইবির
    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, কারও আয়ের সাথে যদি অসঙ্গতিপূর্ণ সম্পদ থাকে, এ বিষয়গুলো দুদক বা এ ধরণের এজেন্সি খতিয়ে দেখতে পারে। যদি তদন্তে বেরিয়ে আসে তার আয়ের সঙ্গে অর্জিত সম্পদের মিল নেই, তাহলে তাকে অবশ্যই সম্পদ কিভাবে অর্জন করলেন এই ব্যাখ্যা দিতে হবে। এটাই স্বচ্ছতা।

  • বিভিন্ন ক্যাম্পাস অস্থিতিশীল করা দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ হতে পারে: ইশরাক

    বিভিন্ন ক্যাম্পাস অস্থিতিশীল করা দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ হতে পারে: ইশরাক

    মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিগত কয়েকদিন আমরা যারা জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম, বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখেছি একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমি মনে করি এটি দীর্ঘমেয়াদি একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে।

    বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

    তিনি আরো বলেন, এই ষড়যন্ত্রের মাধ্যমে পতিত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্টরা, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, সেই টাকা আবার বাংলাদেশে বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।

    প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদকে কোনোদিনই বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না। যদি তারা ফিরে আসার চেষ্টা করে, তাহলে গণহত্যার দায়ে তাদের বিরুদ্ধে হওয়া ফাঁসির রায় কার্যকরের মাধ্যমেই বাংলাদেশের রাজনীতিতে তাদের অধ্যায়ের ইতি টানা হবে। তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদদের এবং জুলাই যোদ্ধাদের কেউ ভুলে যায়নি। বাংলাদেশের সংঘটিত গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না।

  • ১৮ বছর ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: গণপূর্ত প্রতিমন্ত্রী

    ১৮ বছর ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: গণপূর্ত প্রতিমন্ত্রী

    গত ১৮ বছরে মানবসম্পদ তৈরি না করে ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন।

    মঙ্গলবার (৪ আগস্ট) রাতে পিরোজপুর জেলা সদর হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক ও স্টাফ সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বড় বড় প্রতিষ্ঠানে বিল্ডিং বানিয়ে ব্যবসা-বাণিজ্য করছে, লুটপাত করছে। কিন্তু এ বড় বড় সেবা প্রতিষ্ঠান চালাতে যে জনবল লাগবে, সেই জনবলই তৈরি করেনি। মেডিকেল কলেজ থেকে যে ছাত্র-ছাত্রী বের হয়েছে, তাদের পাবলিক সার্ভিস পরীক্ষা নিয়ে নিয়োগ দিতে চিন্তা-ভাবনা করেনি।

    প্রতিমন্ত্রী বলেন, এটা তো প্রকট সমস্যা। কারণ গত ১৮ বছর জায়গামতো ডাক্তার নিয়োগ বলেন, কোনো কিছুই ঠিকমতো হয়নি। প্রতিটি উপজেলায় আমাদের ডাক্তারের অভাব আছে, জনবলের অভাব আছে। এই সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সে পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছে, তারা এটা ওভারকাম করার চেষ্টা করছে।

    তিনি আরও বলেন, এই গ্যাপ পূরণের জন্য আমাদের একটু সময় দিন। ইনশাল্লাহ আমি যেটা আলোচনা করে জানতে পেরেছি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়েছে। শিগগিরই ২-১ মাসের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগের ব্যবস্থা হচ্ছে। তখন ইনশাল্লাহ আমাদের সদর হাসপাতালে ডাক্তার সমস্যা কিছুটা দূর হবে।

  • ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে এই স্মৃতি জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত হলো।

    আজ বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত এ জাদুঘরের স্মৃতি ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলক উন্মোচনের পর সূরা ফাতিহা পাঠ এবং দোয়া ও মোনাজাত করা হয়।

    পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি জাদুঘরের সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলো পরিদর্শনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হন।

    এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও তাঁর সঙ্গে ছিলেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাসভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

    চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে রূপান্তর করে গড়ে তোলা এই জাদুঘর এতদিন নানা জটিলতার কারণে চালু করা যায়নি। অবশেষে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে তা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। পরে এই সরকারের অধীনেই জুলাইয়ের নানা স্মৃতিচিহ্ন নিয়ে সেই গণভবনে তৈরি করা হয় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

    বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণঅভ্যুত্থান। এর গৌরবময় স্মৃতি সংরক্ষণ, সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং জুলাই শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের স্মারক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এই জাদুঘর।

    আজ উদ্বোধনের দিন জাদুঘরটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য খোলা থাকছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে তা সবার জন্য উন্মুক্ত হবে।

  • মাদক বিরোধী বিশেষ অভিযানে বিমানবন্দর থানা এলাকা হতে ৮০৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-১

    মাদক বিরোধী বিশেষ অভিযানে বিমানবন্দর থানা এলাকা হতে ৮০৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-১

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

    এরই ধারাবাহিকতায় গত ০৩ আগস্ট ২০২৬ তারিখ রাত্র অনুমান ২৩.২০ ঘটিকায় র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অজ্ঞাতনামা একজন মাদক ব্যবসায়ী ঢাকার বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেল স্টেশনের উত্তর পাশে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি সঙ্গীয় অফিসার ফোর্স এবং টহল টিমসহ ঘটনার সত্যতা যাচাইয়ের নিমিত্তে ০৩/০৮/২০২৬ তারিখ রাত্র অনুমান ২৩.৪৫ ঘটিকায় ডিএমপি ঢাকার বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেল স্টেশনের উত্তর পাশে পুরাতন এনা বাস কাউন্টারের সামনের পাকা রাস্তার উপর পৌঁছালে র‌্যাবের উপস্থিতি দেখতে পেয়ে অজ্ঞাতনামা একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে তার নাম মোঃ হাসান ওমর আব্বাস (৩৭),সাং-বৈরাতী গুয়াগ্রাম প্রধান পাড়া, পোঃ-পাঁচপীর, থানা-বোদা, জেলা-পঞ্চগড়‘ বলিয়া জানায় এবং তার নিকট অবৈধ মাদকদ্রব্য ইয়াবা আছে বলে স্বীকার করে। তখন আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে ০৫ টি নীল রংয়ের প্যাকেটে ৮০৩ পিস মাদকদ্রব্য ইয়াবা এবং মাদক ব্যবসায় যোগাযোগের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।

    উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • নরসিংদী প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

    নরসিংদী প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

    নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে এক স্কুল ছাএী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের দায়ের করা মামলায় সোমবার দুই অভিযুক্ত দিপু ও রাকিব হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
    রায়পুরায় রাতের আঁধারে প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় জরিত দুই আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।
    সোমবার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দিবাগত রাতে উপজেলার চর মরজাল কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের পুলিশে পহরার জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে রোববার রাতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রেমিকসহ পাঁচজনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেন।
    গ্রেপ্তারকৃতরা হলেন কান্দাপাড়া এলাকার দিপু (১৮) ও রাকিব হাসান রুবেল (২০)।
    জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির (১৬) এক ছাত্রীর সঙ্গে রিয়াম (১৭) নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে কয়েকজন অভিযুক্ত তাদের আটকিয়ে মারধর করে। একপর্যায়ে প্রেমিক রিয়াম পালিয়ে গেলেও কিশোরীকে জোরপূর্বক চর মরজাল দক্ষিণ কান্দাপাড়া এলাকার একটি নির্জন পতিত জমিতে নিয়ে যাওয়া হয়। এ সময় তারা সংঘবদ্ধ পালা ক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
    ভুক্তভোগী তরুণী রাত প্রায় ২টার দিকে বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। পরে স্বজনদের সঙ্গে পরামর্শ করে রোববার (২ আগস্ট) ভুক্তভোগীর মা রায়পুরা থানায় ধর্ষণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে পাচঁজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সোমবার রায়পুরা থানা পুলিশের তত্ত্বাবধানে ভুক্তভোগী ওই তরুণীকে সদর হাসপাতালে প্রেরণ করেন।
    এজাহারে অভিযোগ করা হয়, সেখানে আসামি দিপু ও রাকিব হাসান রুবেল পালাক্রমে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে আরও দুই অভিযুক্ত ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়। এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

    রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম বলেন, ‘সোমবার সকালে এ মামলার দুই আসামি দিপু ও রাকিব হাসান রুবেলকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

  • যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ

    যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ

    ‘যাদের কমিশনার-মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, তারা জুলাই বিক্রি করে উপদেষ্টা হয়েছিল’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

    বিরোধী দলের সমালোচনা করে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘উনারাদের তো জুলাই বিক্রি করতে হবে। কারণ জুলাই ছাড়া আমরা এখানে যারা বসা, আমাদের সবার পরিচয় আছে। কিন্তু জুলাই ছাড়া তো তাদের কোনো পরিচয় নেই। আমরা এখানে যারা বসা আমাদের কোনো না কোনো রাজনৈতিক পরিচয় আছে।

    কিন্তু জুলাই ছাড়া তো তাদের চেনে না বাংলাদেশে।
    তিনি বলেন, ‘ক্রিকেট খেলার একটা উদাহরণ আমি পার্লামেন্টে বলেছিলাম যে ছয় বলে হয়তো ১২ রান তারা করেছে, কিন্তু বাকি ৩০০ রান তো আমরা করেছি। সুতরাং জুলাই ব্যাপারটা তারা বিক্রি করবে। তারা বিক্রি করে এই আন্দোলনকেই ছোট করবে।

    আওয়ামী লীগের কথা মনে রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী বা অন্যদের কথা বলতে বলতে আমরা যেন আসল ভিলেনের কথা ভুলে না যাই—যারা বাংলাদেশের সিস্টেমকে করাপ্টেড করেছে, যারা ১৭ বছর আমাদের ঘুমাতে দেয়নি, যাদের অত্যাচারে এই জুলাই এসেছে।’

  • ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম

    ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম

    ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
    স্ট্যাটাসে সারজিস লেখেন, ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।
    এর আগে, আজ (মঙ্গলবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।

    অন্যদিকে, ঢাকা কলেজে জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির প্রস্তুতিকালে ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ছাত্রশিবিরের এক নেতা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত আব্দুল মালেক ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

  • মির্জাপুরে উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন এর নির্দেশে নিম্নমানের মালামাল সাইট থেকে অপসারণ

    মির্জাপুরে উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন এর নির্দেশে নিম্নমানের মালামাল সাইট থেকে অপসারণ

    মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:

    টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের পর কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। উপজেলা প্রকৌশলীর নির্দেশে সাইটে মজুদ রাখা নিম্নমানের খোয়া অপসারণ করা হয়েছে। নির্ধারিত মানের উপকরণ ব্যবহার করে পুনরায় কাজ সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে।
    ‎
    ‎স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরের গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়কের সাব-বেজ নির্মাণকাজে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কৃষ্ণা স্টুডিও এর প্রতিনিধি বেলাল রাতের অন্ধকারে নিম্নমানের খোয়া সাইটে এনে মজুদ করেন। পরে ওই খোয়া বালুর সঙ্গে মিশিয়ে কাজে ব্যবহারের প্রস্তুতি নেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
    ‎
    ‎বিষয়টি স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরার পাশাপাশি এলজিইডি কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনকে অবহিত করেন। অভিযোগের ভিত্তিতে পরদিন উপজেলা প্রকৌশলীসহ এলজিইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনে নিম্নমানের খোয়া মজুদের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ওই খোয়া ও সংশ্লিষ্ট মালামাল সাইট থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়।
    ‎
    ‎এ বিষয়ে মির্জাপুর উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন বলেন, উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। নিম্নমানের মালামাল অপসারণ করে এলজিইডির প্রতিনিধিদের উপস্থিতিতে নির্ধারিত মানের খোয়া দিয়ে সাব-বেজের মিক্সসহ বাকি কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
    ‎
    ‎উপজেলা প্রকৌশলীর স্বাক্ষরিত দাপ্তরিক চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্পেসিফিকেশন অনুযায়ী মানসম্মত খোয়া সাইটে মজুদ ও অনুমোদন না পাওয়া পর্যন্ত পরবর্তী নির্মাণকাজ বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে বিল পরিশোধসহ পরবর্তী সব প্রশাসনিক জটিলতার দায় সংশ্লিষ্ট ঠিকাদারকেই বহন করতে হবে।
    ‎
    ‎স্থানীয়দের মতে, সময়মতো প্রশাসনের হস্তক্ষেপে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার রোধ করা সম্ভব হয়েছে। তারা উন্নয়নকাজে নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং টেকসই অবকাঠামো নির্মাণ নিশ্চিত করা হয়।

  • ৪ আগস্টের গোপন সভার দুই বছর ,এখনো বিচার হয়নি ববির আওয়ামী শিক্ষকদের

    ৪ আগস্টের গোপন সভার দুই বছর ,এখনো বিচার হয়নি ববির আওয়ামী শিক্ষকদের

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের ঠিক একদিন আগে তার গদি রক্ষায় ২০২৪ সালের ৪ আগস্ট এক গোপন সভায় অংশ নেন ববির একদল শিক্ষক। দুই বছর পেরিয়ে গেলেও এখনো ধরা-ছোঁয়ার বাহিরেই রয়েছেন তারা। নেয়া হয়নি কোনো ধরনের বিচারিক ব্যবস্থা।উল্টো অভিযোগ থাকা সত্ত্বেও অনেকেই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বে বহাল রয়েছেন।
    জুলাই আন্দোলন দমনে তৎপরতা, এক দফা দাবি প্রত্যাখ্যান এবং আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযুক্ত এসব শিক্ষক এখনো ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও তাদের বিরুদ্ধে কোনো বিচারিক ব্যবস্থা নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিচারহীনতার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনের বিরোধিতাকারী কয়েকজন অধ্যাপকের অব্যাহতির ঘটনায় বিষয়টি আবারও আলোচনায় আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
    শিক্ষার্থীরা দফায় দফায় আওয়ামী লীগ-সমর্থক হিসেবে অভিযুক্ত এসব শিক্ষকের অপসারণ ও বিচারের দাবি জানালেও বিগত দুই প্রশাসন এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।ব্যবস্থা না নেয়ার ফলে আন্দোলনের মুখে সাবেক উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনকে পদ ছাড়তে হয়। পরে ২০২৫ সালের ১৪ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তৌফিক আলম বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন এবং পরবর্তীতে স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ পান।
    তবে তার আমলেও অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কোনো বিচার হয়নি। তার সময়ে এ বিষয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠনের আলোচনা থাকলেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অসহযোগিতার কারণে বিচারপ্রক্রিয়া এগোয়নি এমন অভিযোগ রয়েছে। তবে কোনো এক অদৃশ্য শক্তির চাপেই অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। বিপরীতে তাদের সঙ্গে বিভিন্ন সময়ে শলাপরামর্শ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
    বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত ১৪ মে ববির ৭ম উপাচার্য হিসেবে অধ্যাপক তৌফিক আলমের স্থলাভিষিক্ত হন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুন অর রশিদ। তিনি বিএনপিপন্থী এবং জুলাই আন্দোলনের সক্রিয় অংশীজন হিসেবে পরিচিত। ফলে দুই বছর পেরিয়ে গেলেও অভিযুক্ত শিক্ষকদের বিচার হবে—এমন প্রত্যাশা এখনো ছাড়েননি আন্দোলনের পক্ষে থাকা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৯ এপ্রিল দৈনিক আমার দেশ পত্রিকার মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে শেখ হাসিনার গদি রক্ষায় ববি শিক্ষকদের একটি গোপন সভার ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
    ফাঁস হওয়া ১ ঘন্টা ৩০ মিনিটের ভিডিওতে মোট ১৩ জন শিক্ষককে হাসিনার গদি রক্ষায় বিভিন্ন ফন্দিফিকির এটে বক্তব্য দিতে দেখা যায় ও শিক্ষার্থীদের এক দফার বিরূদ্ধে বিষোদগার করত দেখা যায়। এমনকি একদফার পক্ষে থাকা সকল শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে যেকোনোভাবে প্রতিহত করার হুমকিও দেয়া হয় সেই মিটিংয়ে।
    ভিডিও ফাঁস হওয়ার পর অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তবে সাবেক উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বহাল রাখেন এবং নানাভাবে পুনর্বাসনের অভিযোগ ওঠে। পরে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে সরকার তাকে সরিয়ে নিতে বাধ্য হয়।
    এরপর ষষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. তৌফিক আলম। তবে তিনিও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেননি। ফলে অভিযুক্ত শিক্ষকরা আগের মতোই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ জুলাইয়ের চেতনাকে বিতর্কিত করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে। এত দিনেও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
    অভিযুক্ত শিক্ষকদের অধিকাংশই ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নৌকার পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)-এর নির্বাচনী প্রচারণার জন্য ২০২৩ সালের ১০ মে ইতিহাস বিভাগের শিক্ষক ড. আব্দুল বাতেন চৌধুরীকে আহ্বায়ক করে ববি শিক্ষকদের একটি কমিটি গঠন করা হয়। গোপন সভায় অংশ নেওয়া অধিকাংশ শিক্ষকই ওই কমিটির সদস্য ছিলেন। অভিযোগ রয়েছে, তারা সে সময় ক্লাস কার্যক্রম উপেক্ষা করে অফিস চলাকালে রাস্তায় ও বাজারে নৌকা প্রতীকের পক্ষে ভোট চান। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তোলেন তারা শিক্ষক, নাকি রাজনৈতিক কর্মী।
    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি এবং ২০২৩ সালের বিসিসি নির্বাচনে নৌকার নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক ড. আব্দুল বাতেন চৌধুরী ওই গোপন সভায় শিক্ষার্থীদের এক দফা দাবিকে “ঘৃণাভরে প্রত্যাখ্যান” করেন। পাশাপাশি শেখ হাসিনার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে আন্দোলনের বিরোধিতা করেন। তিনি আরও বলেন, কারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আর কারা বিপক্ষের, তা এখনই বোঝা যাবে। বর্তমানে তিনি কলা ও মানবিক অনুষদের ডিন এবং ইতিহাস বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
    হাসিনার গদি রক্ষার ওই সভায় শেখ হাসিনার পক্ষে সবচেয়ে বেশি সরব ছিলেন তৎকালীন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নৌকার নির্বাচনী প্রচারণা কমিটির ৫ নম্বর সদস্য, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. তারেক মাহমুদ আবির। সভায় তিনি এক দফার পক্ষে কারা রয়েছেন, তাদের দেখতে চান বলে মন্তব্য করেন এবং শেখ হাসিনার জন্য কিছু করে দেখানোর এখনই সময় বলে বক্তব্য দেন। জনসাধারণের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ থাকা এই শিক্ষক বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ১০ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি এখনো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তারে তৎপর রয়েছেন।
    হাসিনার গদি রক্ষার সেই গোপন সভায় শিক্ষার্থীদের আন্দোলন যেকোনোভাবে প্রতিহত করে শেখ হাসিনার পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তৎকালীন প্রক্টর ড. মো. আব্দুল কাইউম। অভিযোগ রয়েছে, চব্বিশের গণআন্দোলনে আন্দোলনকারী এবং আন্দোলনের সমর্থক শিক্ষকদের কঠোর হস্তে দমনের হুমকিও দিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালের বিসিসি নির্বাচনে নৌকার নির্বাচনী প্রচারণা কমিটির ১২ নম্বর সদস্যও ছিলেন তিনি। এর আগে তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
    অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনের সময় রাতে শিক্ষার্থীদের মেসে মেসে পুলিশ দিয়ে তল্লাশি চালানো হয় তার প্রত্যক্ষ- পরোক্ষ ভূমিকার মাধ্যমে। এছাড়া শিক্ষার্থীদের ওপর হামলায় তার পরোক্ষ মদদের অভিযোগও রয়েছে। প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকালে তার এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই ২০২৪ সালের ২৯ জুলাই ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। ওই ঘটনার পরও তিনি কোনো ব্যবস্থা নেননি। বরং ছাত্রলীগের প্রতি তার সহযোগিতাপূর্ণ মনোভাব দেখা যায় এবং হামলাটি তার পরোক্ষ মদদেই সংঘটিত হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
    অন্যদিকে, ড. আব্দুল কাইউমের স্ত্রী ড. ইসরাত জাহানও একই সভায় শেখ হাসিনাকেই একমাত্র ভরসার স্থল হিসেবে উল্লেখ করে তার প্রতি আস্থা রাখার কথা বলেন। তিনি ২০২৩ সালের বিসিসি নির্বাচনে নৌকার নির্বাচনী প্রচারণা কমিটির ১০ নম্বর সদস্যও ছিলেন। বর্তমানে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, স্বামী-স্ত্রীর এই জুটি বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এখনো প্রভাব বিস্তার করছেন।
    এদিকে, ওই সভায় শিক্ষার্থীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ থাকা শিক্ষক জামাল উদ্দিন বর্তমানে মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
    এছাড়াও গোপন সভায় বক্তব্য দেন ইংরেজি বিভাগের শিক্ষক এবং ২০২৩ সালের বিসিসি নির্বাচনে নৌকার নির্বাচনী প্রচারণা কমিটির ২ নম্বর সদস্য মোহাম্মদ তানভীর কায়সার। তিনিও বর্তমানে ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
    সেই সভায় শেখ হাসিনার জন্য আবেগাপ্লুত হয়ে কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য দেওয়া সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষিকা দিল আফরোজ খানমও বর্তমানে বহাল রয়েছেন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
    এছাড়াও ২০২৩ সালের বিসিসি নির্বাচনে নৌকার নির্বাচনী প্রচারণা কমিটির ৭ নম্বর সদস্য ও গনিত বিভাগের শিক্ষক ড. হেনা রানী বিশ্বাস, ড. মো. শফিউল আলম , ইংরেজি বিভাগের শিক্ষক মো. আরিফ হোসেন , সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো. সাদেকুর রহমান , মার্কেটিং বিভাগের শিক্ষক ফাতেমা-তুজ-জোহরা , ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মাসুদ, আইন বিভাগের শিক্ষক সুপ্রভাত হালদার ও পদার্থ বিভাগের শিক্ষক ড. খোরশেদ আলম হাসিনার পক্ষে ও শিক্ষার্থীদের এক দফার বিপক্ষে সরাসরি অবস্থান নেন এবং শিক্ষার্থীদের বিরূদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দেন। তারাও স্ব স্ব স্থানে বহাল তবিয়তেই রয়েছেন। কেউ কেউ পেয়েছেন আবার নতুন দায়িত্ব।
    বর্তমানে এসব শিক্ষকই অধ্যাপক পদে পদোন্নতি লাভের দাবিতে সক্রিয় রয়েছেন। পদোন্নতির দাবিতে গত ২১ এপ্রিল থেকে দুই দফায় পাঠদান ও একাডেমিক কার্যক্রম বর্জন করেন তারা। এতে প্রায় ২৫ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা সম্পূর্ণভাবে বন্ধ থাকে। এ সময় ২৫ জন বিভাগের চেয়ারম্যান ও সাতজন ডিন প্রতীকী পদত্যাগ করেন। পরে ২০২৬ সালের ১৪ মে সরকার নতুন উপাচার্য নিয়োগ দিলে শিক্ষকদের চলমান আন্দোলন ও সৃষ্ট সংকটের অবসান হয়।
    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দলীয় লেজুড়বৃত্তি এবং আত্মস্বার্থে গণহত্যাকারীকে টিকিয়ে রাখতে প্রকাশ্যে এমন নগ্ন সমর্থন দেওয়া নৈতিকতাবিবর্জিত এসব শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে তারা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়েরও দৃষ্টি আকর্ষণ করেছেন।
    আন্দোলনে আহত শিক্ষার্থী ও ববি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যসচিব মো. সিরাজুল ইসলাম বলেন, “জুলাই আন্দোলনের বিপক্ষ শক্তি বিচারের পরিবর্তে এখনো নানাভাবে পুনর্বাসিত হচ্ছে, যা একজন বিপ্লবী হিসেবে আমার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা যথাযথ তদন্তের মাধ্যমে অপরাধের মাত্রা অনুযায়ী জুলাই আন্দোলনের বিপক্ষ শক্তিকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানাই।”
    এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, “আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছি, জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতাকর্মী, সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হোক। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট ,কোনো ছাড় নয়।”
    এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বছির বলেন, “কোনো অপরাধই বিচারহীন থাকে না। কিছু সময় অতিবাহিত হলেও বর্তমান প্রশাসন জুলাই আন্দোলনবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে সচেতন রয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
    এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন, “আমরা বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ করছি। আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি উপস্থাপন করা হবে। একটি জুডিশিয়ারি কমিটি গঠন করে তদন্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ বলেন, “ আমরা দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। সেখানে সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের স্বার্থে একটি জুডিশিয়ারি তদন্ত কমিটি গঠন করা হবে।”