Blog

  • হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

    হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

    সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া হত্যা মামলায় জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে অপর হত্যাচেষ্টা মামলায় তার জামিন বহাল রেখেছেন আদালত।

    সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

    গত ২৯ জুলাই রুল নিষ্পত্তি করে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ ব্যারিস্টার সুমনকে জামিন দেন।

    এর মধ্যে একটি ছিল খিলগাঁও থানার হত্যা মামলা এবং অপরটি ছিল মুগদা থানার হত্যাচেষ্টা মামলা। পরে জামিনের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে।

    সোমবার শুনানি শেষে খিলগাঁও থানার মামলায় জামিন স্থগিত করেন এবং মুগদা থানার মামলায় জামিন বহাল রাখেন বলে জানান ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ।

    এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়।

  • নাগরপুরে ৪ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি রবিউল আউয়াল

    নাগরপুরে ৪ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি রবিউল আউয়াল

    মোঃ আশরাফুল হক বাবু
    নাগরপুর টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

    টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে ভবনগুলোর উদ্বোধন ঘোষণা করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা অনার্স কলেজের সভাপতি মনোয়ারা বেগম মুকুল।

    উদ্বোধনকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো— সলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সলিমাবাদ পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে নির্মিত হয়েছে। এছাড়া সহবতপুর ইউনিয়নের কাজী মো. মোকাদ্দাস আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন এবং গয়হাটা ইউনিয়নের গয়হাটা শহীদ শামসউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত হয়েছে।

    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রবিউল আউয়াল বলেন, “শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও মনোরম শিখন পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন শিক্ষা অবকাঠামো নির্মাণের মাধ্যমে এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থা আরও একধাপ এগিয়ে যাবে।”

    এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইফতেখার সারোয়ার ধ্রুব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. আতিকুজ্জামান সরকার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিন আল মামুন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, সলিমাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মনির হোসেন ভুঁইয়া, উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

    উদ্বোধন শেষে নবনির্মিত ভবনগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। নতুন ভবনগুলো শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৪

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৪

    দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৮০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ১২৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, খুলনা বিভাগে ৬৭ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ৩১ জন, বরিশাল বিভাগে ৮১ জন এবং সিলেট বিভাগে দুইজন রোগী শনাক্ত হয়েছেন।

    এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৮৪ জনে। একই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৯ জনের।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৩৪৪ জন।

    উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। আর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, যেখানে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

  • কুমিল্লার বরুড়া উপজেলায় বিশেষ অভিযানে  ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার

    কুমিল্লার বরুড়া উপজেলায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার

    কুমিল্লার বরুড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার। এনিয়ে স্থানীয়দের মাঝে প্রশ্ন উঠেছে বরুড়া সীমান্তবর্তী উপজেলা নয়, সেখানে এত ফেনসিডিল কিভাবে এলো। তবে একটি সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংলগ্ন নিরাপদ রুট হিসেবে মাদক ব্যবসায়ীরা এই সড়কটি ব্যবহার করেছে। বিপদ বুঝতে পেরে ফেনসিডিল ফেলে পালিয়ে গেছে।

    পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, রবিবার রাতে উপ-পরিদর্শক তাজুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি স্থান থেকে ১৭ বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ফেনসিডিলের মোট বোতলের সংখ্যা এখনো গণনা করা হয়নি। গণনা শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িত মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান

    প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু।

    সোমবার দুপুর আড়াইটার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    বৈঠকের শুরুতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (CEPA) বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এ চুক্তি কার্যকর হলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

    দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে অনেক কোরিয়ান কোম্পানি বাংলাদেশে সফলভাবে ব্যবসা করছে এবং ভবিষ্যতে আরও অনেক কোরিয়ান কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।

    প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে খেলনা, ইলেকট্রনিকস, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর এবং জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানান।

    তিনি বলেন, দক্ষিণ কোরিয়া জাহাজ নির্মাণ শিল্পে অত্যন্ত দক্ষ এবং বাংলাদেশের রয়েছে সম্ভাবনাময় জনশক্তি। দক্ষিণ কোরিয়া চাইলে বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা দিয়ে সে দেশের জাহাজ নির্মাণ শিল্পে কাজে লাগাতে পারে। এছাড়া কোরিয়ান কোম্পানিগুলো যদি বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ করে, তবে বাংলাদেশ সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

    বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কোরিয়ান কোম্পানিগুলোকে নিয়ে বাংলাদেশে একটি সেমিনার আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়।

    বাংলাদেশের পক্ষ থেকে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীকে অবহিত করা হয়।

    দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের এইসব প্রস্তাব দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ককে আরও দৃঢ় করবে।

    বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

    এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ প্রমুখ।

  • কমলনগরে ৫০ শয্যার হাসপাতালে ২০০ রোগী: চিকিৎসাসেবা দিতে হিমশিম,

    কমলনগরে ৫০ শয্যার হাসপাতালে ২০০ রোগী: চিকিৎসাসেবা দিতে হিমশিম,

    লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (জনস্বাস্থ্য হাসপাতাল) প্রতিদিন ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগী সামাল দিতে গিয়ে চরম হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। ৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ২০০ জনেরও বেশি রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার রোগীরাও এখানে সেবা নিতে আসায় রোগীর চাপ বেড়েই চলেছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালটিকে জরুরি ভিত্তিতে ১০০ শয্যায় উন্নীত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
    ​হাসপাতাল সূত্রে জানা গেছে, নদীবেষ্টিত ও প্রত্যন্ত এলাকা হওয়ায় এই অঞ্চলের সাধারণ মানুষের প্রাথমিক ও একমাত্র ভরসাস্থল এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। প্রতিদিন সকাল থেকেই বহির্বিভাগে সেবা নিতে আসা রোগীদের দীর্ঘ সারি দেখা যায়। এ ছাড়া দূর-দূরান্ত থেকে আসা মুমূর্ষু ও জরুরি রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বহির্বিভাগের পাশাপাশি ইনডোরেও নিয়মিত শয্যার তুলনায় চারগুণ বেশি রোগী ভর্তি থাকায় মেঝেতেও ঠাঁই নিয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকে।
    ​রোগীর এই বিশাল চাপ সামলাতে দিন-রাত নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন হাসপাতালের ডাক্তার ও নার্সরা। সীমিত জনবল ও সাধ্যের সবটুকু দিয়ে চিকিৎসাসেবা স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তবে অতিরিক্ত চাপের কারণে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর মারাত্মক শারীরিক ও মানসিক চাপ তৈরি হচ্ছে।
    ​এলাকাবাসীর আকুল আবেদন:
    স্থানীয় বাসিন্দারা জানান, জনসংখ্যার তুলনায় ৫০ শয্যা অত্যন্ত অপ্রতুল। আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও প্রতিদিন অসংখ্য রোগী এখানে ভালো চিকিৎসার আশায় আসেন। বর্তমান অবস্থা বিবেচনায় হাসপাতালটিকে অবিলম্বে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা এবং প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও চিকিৎসাসামগ্রী বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ প্রয়োজন।

  • কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

    কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

    পিরোজপুরের কাউখালী উপজেলা মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে প্রায় ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ বাজারে হাটের দিন এ অভিযান পরিচালনা করা হয়।
    উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে এক মাছ বিক্রেতার কাছ থেকে প্রায় ৩০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। অভিযান টের পেয়ে মাছ বিক্রেতা আফ্রিকান মাগুর মাছ রেখে পালিয়ে যেতে সক্ষম হয়।বাংলাদেশে পরিবেশ ও দেশীয় মৎস্যসম্পদের ওপর বিরূপ প্রভাবের কারণে আফ্রিকান মাগুর মাছের আমদানি, প্রজনন, চাষ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।
    অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। এ সময় কাউখালী থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।
    পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের নির্দেশে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
    উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন,
    “আফ্রিকান মাগুর একটি নিষিদ্ধ বিদেশি প্রজাতির মাছ। এটি দেশীয় মাছের জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। তাই সরকার এর আমদানি, চাষ, প্রজনন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে। কাউখালীতে এ ধরনের মাছ বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ নিষিদ্ধ মাছের ব্যবসা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আমরা ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।
    তিনি আরও বলেন, “জব্দ করা মাছ নষ্ট না করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে, যাতে তা জনকল্যাণে ব্যবহার করা যায়।

  • বিআরটিএ-তে গোপন ফাইল গায়েব ও পাচারের মহাউৎসব: অভিযোগ জমা হতেই এডি ইমরানের ‘হুমকি-ধামকি’, নেপথ্যে পিএ-২ রেজাউল!​

    বিআরটিএ-তে গোপন ফাইল গায়েব ও পাচারের মহাউৎসব: অভিযোগ জমা হতেই এডি ইমরানের ‘হুমকি-ধামকি’, নেপথ্যে পিএ-২ রেজাউল!​

    প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা যেখানে কাঙ্ক্ষিত, সেখানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয় নিজেই যেন দুর্নীতিবাজদের রক্ষাকবচ! ঢাকা মেট্রো সার্কেল-১ (মিরপুর)-এর বিতর্কিত সহকারী পরিচালক (এডি) শেখ ইমরানের বিরুদ্ধে লিখিত নালিশ জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই তথ্যের পাচার ঘটছে।​অভিযোগকারীর হাতের নথির কালি শুকানোর আগেই সেই তথ্য খোদ অপরাধীর টেবিলে পৌঁছে যাওয়ায় বিআরটিএ-র অভ্যন্তরীণ তথ্যের নিরাপত্তা এবং প্রশাসনিক গোপনীয়তা চরম প্রশ্নের মুখে পড়েছে।​​বিআরটিএ চেয়ারম্যানের দপ্তরের অসাধু কর্মকর্তাদের মাধ্যমে গোপনীয় চিঠি ফাঁসের তথ্য নিশ্চিত হয়েই বেপরোয়া রূপ ধারণ করেছেন এডি শেখ ইমরান। তিনি পেশাগত দায়িত্ব পালনরত দুই সাংবাদিক—মাহমুদুল হাসান ও রাহিমা আক্তার মুক্তাকে সরাসরি হুমকি প্রদান করেছেন।​সরকারি পদে থেকে কোনো প্রকার তোয়াক্কা না করে তিনি দাপটের সাথে বলেন—“আমার বিরুদ্ধে অডিট কিংবা চেয়ারম্যানের কাছে নালিশ পাঠিয়ে কোনো কাজ হবে না, কেউ আমার বালছালও ছিঁড়তে পারবে না!” চাকরির মেয়াদ শেষে অবসরে যাওয়ার মুখে দাঁড়িয়ে একজন কর্মকর্তার এমন ভাষা ও উদ্ধত্য প্রশাসনিক শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।​বিআরটিএ প্রধান কার্যালয় থেকে চাঞ্চল্যকরভাবে এই তথ্য কীভাবে লিক হলো, তার অনুসন্ধানে উঠে এসেছে চেয়ারম্যান দপ্তরের কর্মী পিএ-২ রেজাউলের নাম।​গত ০২ আগস্ট, ২০২৬ তারিখে ভুক্তভোগী নাগরিক আবদুল্লাহ আল মামুন বিআরটিএ চেয়ারম্যান এবং অডিট ও প্রশাসন শাখা বরাবর লিখিত অভিযোগ জমা দেন। নথি দুটি চেয়ারম্যানের দপ্তরে গ্রহণ করেছিলেন পিএ-২ রেজাউল।​অভিযোগপত্র জমা হওয়ার পর পরই এডি শেখ ইমরানের কাছে তা পৌঁছে যায়। জানা গেছে, পিএ-২ রেজাউল দীর্ঘ দিন ধরে এই দপ্তরে অবস্থান করে অসাধু কর্মকর্তাদের সঙ্গে আড়ালে সখ্য গড়ে তুলেছেন এবং উৎকোচের বিনিময়ে গোপন অভিযোগপত্র পাচার করে আসছেন। তার এই অপকর্মের বেশ কিছু সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ এখন সাংবাদিকদের হাতে রয়েছে।​অভিযোগকারী আবদুল্লাহ আল মামুন তার নালিশে স্পষ্ট উল্লেখ করেছেন, এডি শেখ ইমরানের কক্ষে দৈনিক বহিরাগত দালাল ও অসাধু চক্রের প্রবেশের সত্যতা বিআরটিএ-র সিসিটিভি (CCTV) ফুটেজ পরীক্ষা ও সংরক্ষণ করলেই উন্মোচিত হবে।​অনুসন্ধানে জানা যায়, এডি ইমরানের দুর্নীতির নেটওয়ার্ক সচল রাখার মূল চালিকাশক্তি হলেন BIC মিস্ত্রি মিরাজ ফিটনেস শাখা ও অন্যান্য খাত থেকে প্রতিদিন সংগৃহীত ঘুষের টাকা বন্টন ও হিসাব নিকাশের মাস্টারমাইন্ড এই মিরাজ। তাছাড়া ভুয়া দাপ্তরিক খরচ দেখিয়ে জুনিয়র কর্মকর্তাদের ফান্ড থেকে এডি শেখ ইমরানের ব্যক্তিগত বিকাশ, নাস্তা ও ক্যাফেটেরিয়ার বিল পরিশোধ করতে বাধ্য করেন তিনি।​নথি পাচারের মাধ্যমে তদন্ত ভেস্তে দেওয়া এবং সাংবাদিকদের হুমকির ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন সংবাদকর্মীরা।​তারা জানিয়েছেন, তথ্য পাচারকারী চক্রের মূল হোতা পিএ-২ রেজাউলসহ জড়িতদের শাস্তির দাবিতে এবং এই ধরনের গোপনীয়তা ভঙ্গের সুনির্দিষ্ট জবাব চাইতে বিআরটিএ চেয়ারম্যানের কাছে সরাসরি স্মারকলিপি প্রদান ও লিখিত ব্যাখ্যা চাওয়া হবে।​সচেতন মহলের দাবি—অবসরে যাওয়ার সুযোগ নিয়ে এডি শেখ ইমরান ও তার চক্র যেন পার না পেয়ে যায়, সে জন্য অনতিবিলম্বে সিসিটিভি ফুটেজ জব্দ করে অডিট ও প্রশাসন শাখার মাধ্যমে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।

  • বরুড়া পৌরসভা যুবদলের নতুন কমিটি ঘোষণা

    বরুড়া পৌরসভা যুবদলের নতুন কমিটি ঘোষণা

    কুমিল্লার বরুড়া পৌরসভা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মনিরুজ্জামান পাটোয়ারীকে সভাপতি, মিজানুর রহমান সীমান্তকে সাধারণ সম্পাদক এবং ইমরান হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

    গতকাল শনিবার (১ আগস্ট) বরুড়া উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন নতুন কমিটির নাম ঘোষণা করেন।

    এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন নেতৃত্ব ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

    নবগঠিত কমিটির নেতারা দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে  ‘হাইব্রিড’ নেতা অহিদুর!‎‎”ত্যাগী ও তৃণমূলের তীব্র অসন্তোষ, ভাঙনের আশঙ্কা

    বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর!‎‎”ত্যাগী ও তৃণমূলের তীব্র অসন্তোষ, ভাঙনের আশঙ্কা

    লীগ সরকারের পতনের পর বান্দরবান জেলা বিএনপিতে অনুপ্রবেশ ও পদবাণিজ্যের অভিযোগে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। চব্বিশের গণঅভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ডে প্রত্যক্ষ অর্থায়ন ও নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ নেতার আপন ছোট ভাই মেহেদী হাসান রাতারাতি জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক পদ বাগিয়ে নেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চলছে তুমুল সমালোচনা। দ্রুত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া হলে জেলা বিএনপিতেও বড় ধরনের ভাঙন ধরতে পারে বলে আশঙ্কা করছেন মাঠপর্যায়ের ত্যাগী নেতারা।‎‎অনুসন্ধানে জানা যায়, সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও প্রভাবশালী সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিংয়ের মালিকানাধীন ‘বীর বাহাদুর ফাউন্ডেশন’-এর উপদেষ্টা ছিলেন আনিসুর রহমান ওরফে সুজন। তিনি জেলা আওয়ামী লীগের নীতি-নির্ধারণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের অন্যতম কারিগর হিসেবে পরিচিত ছিলেন।‎‎চব্বিশের গণঅভ্যুত্থানের সময় বান্দরবান জেলা আওয়ামী লীগ ছাত্র-জনতার আন্দোলন দমনে যে প্রত্যক্ষ অবস্থান নিয়েছিল, তার মূল অর্থ যোগানদাতা ও নেপথ্য কারিগর ছিলেন এই আনিসুর রহমান সুজন। আর সে সময় সুজনের সব ধরনের অপকর্ম ও আন্দোলনের বিরুদ্ধে মাঠপর্যায়ে সরাসরি সহযোগিতা করেন তার আপন ছোট ভাই ওহিদুর রহমান চৌধুরী ওরফে মেহেদী।‎‎তবে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘটে এক চমকপ্রদ ঘটনা। ক্ষমতার পটপরিবর্তনের সুযোগ নিয়ে অহিদুর রহমান চৌধুরী ওরফে (মেহেদী) বিএনপির একটি অসাধু চক্রকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ম্যানেজ করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে চব্বিশের গণঅভ্যুত্থান বিরোধী সেই সহযোগী রাতারাতি বান্দরবান জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেন।‎‎বর্তমানে বান্দরবান জেলা বিএনপির রাজনীতিতে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এই ‘হাইব্রিড’ নেতা অহিদুর রহমান চৌধুরী (মেহেদী)। দীর্ঘদিন ধরে রাজপথে থাকা ত্যাগী নেতাকর্মীদের পদ বঞ্চিত করে বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতাকারীকে দলে পদ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।‎‎নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির একাধিক ত্যাগী তৃণমূল ও জ্যেষ্ঠ নেতারা ডেইলি ভয়েস অফ এশিয়াকে জানান, চব্বিশের আন্দোলনের সময় যারা ছাত্র-জনতার ওপর নির্যাতন ও অর্থ যোগান দিয়েছে, তাদেরই একজন আজ বিএনপির অঙ্গসংগঠনের শীর্ষ পদে। এটি শহীদদের রক্তের সাথে চরম বিশ্বাসঘাতকতা। দ্রুত এই বিতর্কিত নেতাকে বহিষ্কার ও পদ বঞ্চিত না করলে পুরো বান্দরবান জেলা বিএনপিতে বড় ধরনের বিশৃঙ্খলা ও ভাঙন সৃষ্টি হওয়া স্রেফ সময়ের ব্যাপার।‎‎এই ব্যাপারে জানতে বান্দরবান সাবেক ছাত্রদল নেতা, কৃষক দলের সভাপতি সঙ্গে যোগাযোগ করে ডেইলি ভয়েস অফ এশিয়া। মুঠোফোনে তিনি বলেন, আমাদের কাছে সাংগঠনিক সম্পাদক মেহেদী’র সেরকম কোনো তথ্য প্রমাণ নাই। আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে আমাদের কৃষক দলের কাছে পাঠান। সেগুলো যাচ্ছাই বাচ্ছাই করে দেখব। ‎‎অন্যদিকে অহিদুর রহমান চৌধুরী ওরফে (মেহেদী) ব্যাপারে জানতে বান্দরবান কৃষক দলের সাধারণ সম্পাদক, যুব উন্নয়নের সাবেক বাবুর্চি মনির হোসেন ভুঁইয়াকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর আর্শিবাদপুষ্ট হারুন রকি ঠিকাদার সিন্ডিকেট সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বিএনপির বর্তমান বান্দরবান কৃষক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন ভুঁইয়া ওরফে (বার্বুচি ভুঁইয়া)। বিএনপির রাজনীতিতে আগে পরে তার কোনো সরাসরি ভূমিকা না থাকলেও চব্বিশের গণঅভ্যুত্থান পর মনির হোসেন ভুঁইয়া কৃষক দলের সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নেন।‎‎এ নিয়ে বান্দরবান জেলা বিএনপিতে ত্যাগি ও তৃণমূলের নেতা-কর্মীদের আলোচনা সমালোচনা যেন থামছেই না। ত্যাগী ও তৃণমূলদের দাবি, যোগ্যরা শীর্ষ নেতৃত্বে আসুক। তবুও হাইব্রিড নেতাদের বিএনপিতে স্থান না হোক। ‎‎এ বিষয়ে নাম প্রকাশের অনিচ্ছুক বান্দরবান জেলা বিএনপির নেতা ভয়েস অফ এশিয়াকে বলেন, অবিলম্বে কেন্দ্রীয় কৃষক দল ও বিএনপি হাইকমান্ডের হস্তক্ষেপ প্রয়োজন। তা না হলে বিএনপির রাজনীতির মিশন ভিশন বাস্তব রূপ দেখবে না।